ভারতের চাল ভিয়েতনাম হয়ে আসছে, গচ্চা যাবে ৬০ কোটি টাকা

আরিফুজ্জামান তুহিন
আরিফুজ্জামান তুহিন
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭পরিবর্তন করতে ক্লিক করুন
ভারতের চাল ভিয়েতনাম হয়ে আসছে, গচ্চা যাবে ৬০ কোটি টাকা
শেয়ার করুন:

ভারতের ওপর নির্ভরতা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভিয়েতনামের সঙ্গে করা চুক্তিতে বলা হয়েছে, তারা চাইলে ভারত অথবা থাইল্যান্ড থেকে চাল সংগ্রহ করে বাংলাদেশে সরবরাহ করতে পারবে। ফলে ভারতের ওপর নির্ভরতা কমাতে ভিয়েতনামের কাছ থেকে ভারতীয় চাল আমদানি নিয়ে প্রশ্ন উঠেছে।

ভারতের ওপর নির্ভরতা কমাতে ভিয়েতনাম থেকে টনপ্রতি প্রায় ৬০ ডলার বাড়তি দামে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে এক লাখ টন সেদ্ধ চাল কিনছে বাংলাদেশ। এ পরিমাণ চাল কিনতে ভিয়েতনামকে বাড়তি দিতে হবে প্রায় ৬০ কোটি টাকা। ভারতের ওপর নির্ভরতা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভিয়েতনামের সঙ্গে করা চুক্তিতে বলা হয়েছে, তারা চাইলে ভারত অথবা থাইল্যান্ড থেকে চাল সংগ্রহ করে বাংলাদেশে সরবরাহ করতে পারবে। ফলে ভারতের ওপর নির্ভরতা কমাতে ভিয়েতনামের কাছ থেকে ভারতীয় চাল আমদানি নিয়ে প্রশ্ন উঠেছে।

গত ১৭ আগস্ট খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর এবং ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশন’ (ভিনাফুড-২)-এর মধ্যে এক লাখ টন সেদ্ধ চাল কেনার চুক্তি সই হয়। প্রতি টন চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪১৬ ডলার। এক লাখ টন চালের জন্য সরকারের ব্যয় হবে প্রায় ৫১৫ কোটি ৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কেজি চালের দাম পড়বে ৫১ টাকা ৫০ পয়সা।

চুক্তিটি পর্যালোচনা করে দেখা যায়, ভিনাফুড-২ চাইলে সুবিধাজনক যেকোনো দেশ, বিশেষ করে ভারত বা থাইল্যান্ড থেকে চাল সংগ্রহ করে বাংলাদেশে সরবরাহ করতে পারবে।

আন্তর্জাতিক বাজারে বর্তমানে ভারতের ৫ শতাংশ ভাঙা সাধারণ মানের সেদ্ধ চালের দাম টনপ্রতি ৩৬০ থেকে ৩৭৫ ডলার। সরাসরি ভারত থেকে কিনলে প্রতি টনে সরকারের অন্তত ৫০ ডলার সাশ্রয় হতো। চুক্তিতে ভারত থেকে চাল কেনার অনুমতি থাকায় ভিনাফুড-২ বাড়তি মুনাফার জন্য ভারতের কম দামের চাল কিনে বাংলাদেশে রপ্তানি করতে পারে। এ ছাড়া ভারত থেকে ভিয়েতনাম হয়ে বাংলাদেশে চাল পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত জাহাজভাড়া দেওয়ারও প্রয়োজন হবে না।

ভিনাফুড-২-এর বাংলাদেশের অভিজ্ঞতা

ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত চাল রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘ভিনাফুড-২’ আন্তর্জাতিক খাদ্যবাণিজ্যে একটি বিতর্কিত নাম। বিভিন্ন দেশে চাল রপ্তানিতে অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের খাদ্যশস্য সরবরাহের একাধিক অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

আন্তর্জাতিক অঙ্গনে ভিনাফুড-২ সবচেয়ে বড় কেলেঙ্কারিতে জড়ায় ফিলিপাইনে। ফিলিপাইনের ন্যাশনাল ফুড অথরিটির (এনএফএ) সঙ্গে চাল ক্রয়ের চুক্তিতে বড় অঙ্কের ঘুষ লেনদেন, দরপত্র জালিয়াতি এবং চালের কৃত্রিম সংকট তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এই দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভিয়েতনাম সরকার প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করেছিল।

বাংলাদেশেও ভিনাফুড-২-এর অতীত অভিজ্ঞতা তিক্ত। ২০১৭ সালে জরুরি ভিত্তিতে জিটুজি চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি থেকে চাল ও গম আমদানি করে সরকার। চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর একাধিক চালানে নিম্নমানের, পচা ও অতিরিক্ত আর্দ্রতাযুক্ত চাল ও গম পাওয়া যায়। খাদ্য অধিদপ্তরের মান পরীক্ষায় এসব চালানের আর্দ্রতার মাত্রা গ্রহণযোগ্য সীমার চেয়ে বেশি পাওয়ায় খাদ্যশস্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়।

আন্তর্জাতিক নৌ-নথিতে জালিয়াতি করে মানহীন ও অতিরিক্ত আর্দ্রতাযুক্ত খাদ্যশস্য সরবরাহের অভিযোগও ওঠে।

নেপথ্যে পুরোনো সিন্ডিকেট

খাদ্য ও জ্বালানি খাতের একাধিক নথি পর্যালোচনায় দেখা যায়, ভিনাফুড-২-এর বাংলাদেশি এজেন্ট হলো মিয়া সাত্তার ও তাঁর ভাই মো. সোহেলের প্রতিষ্ঠান ‘ন্যাশনাল বিডি ইলেকট্রিক’। তবে গত ১৭ আগস্ট চুক্তি সইয়ের সময় ভিনাফুড-২-এর স্থানীয় প্রতিনিধি হিসেবে ন্যাশনাল বিডি ইলেকট্রিক ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

চুক্তিতে স্থানীয় এজেন্টের কথা উল্লেখ থাকলেও কোনো কোম্পানি বা ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।

এর আগে রাশিয়া থেকে বেশি দামে গম কেনার ক্ষেত্রেও মিয়া সাত্তার ও তাঁর ভাই মো. সোহেলের প্রতিষ্ঠান যুক্ত ছিল। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘প্রডিনটর্গ’-এর কাছ থেকে বেশি দামে গম কেনে খাদ্য অধিদপ্তর। প্রডিনটর্গের স্থানীয় এজেন্ট ছিল ন্যাশনাল বিডি ইলেকট্রিক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয়বহুল ‘ভিভিইআর-১২০০’ মডেল চাপিয়ে দেওয়ার ক্ষেত্রেও এই চক্রটির বিরুদ্ধে তদবির ও চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে।

শুধু খাদ্যপণ্য নয়, দেশের গ্যাস খাতেও এই চক্রটির বড় প্রভাব রয়েছে বলে অভিযোগ রয়েছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘গাজপ্রম’-এর দেশীয় প্রতিনিধি এই সাত্তার-সোহেল চক্র। দেশীয় প্রতিষ্ঠান বাপেক্স যেখানে প্রতিটি কূপ খননে ৬০ থেকে ৮০ কোটি টাকা ব্যয় করত, সেখানে উন্মুক্ত দরপত্র ছাড়াই গাজপ্রমকে প্রতিটি কূপ খননের কাজ দেওয়া হয় ১৬০ থেকে ১৮০ কোটি টাকায়।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: