ভারত সরকারের প্রথম উইকেট পতন, এরপর ই-২০, তারপর ফোর-টোয়েন্টি

লন্ডনের ট্রাফলগার স্কোয়্যারে ভারতীয় ছাত্রছাত্রীদের বিক্ষোভে সংহতি জানাচ্ছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। স্কেচ: এআই
অন্তিম লক্ষ্য ফোর-টোয়েন্টি উইকেটের পতন। বলা বাহুল্য, এই ‘ফোর টোয়েন্টি’ হিসাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোঝাচ্ছে ছাত্রজনতা।
ভারতীয় যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের ইস্তফার পর ককরোচ জনতা পার্টি, বামপন্থী ছাত্র সংগঠনসমূহ-সহ ভারতের তামাম ছাত্রজনতার মুখে মুখে একটাই কথা ভাসছে। কী সেই কথা? সেটা হল, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পরিচালিত ভারতের কেন্দ্রীয় সরকারের প্রথম উইকেটের পতন হল।
এরপরেই ছাত্রজনতার মুখে যার নাম উঠেছে, তিনি হলেন ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি জ্বালানি পেট্রোলের পরিবর্তে ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা কায়েম করেছেন। যাতে তাঁর ছেলে সারং গড়কড়ির ইথানল প্রস্তুতকারী সংস্থা একচেটিয়া মুনাফা লুঠতে পারে। এ কারণেই আন্দোলনকারী ছাত্রজনতার এবার লক্ষ্য ‘দ্বিতীয় উইকেট’ ই-২০ বা নীতিন গড়করির পতন।
আর অন্তিম লক্ষ্য ‘ফোর টোয়েন্টি’ হিসাবে চিহ্নিত উইকেটের পতন। বলা বাহুল্য, এই ‘ফোর টোয়েন্টি’ হিসাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোঝাচ্ছে ছাত্রজনতা।
দিল্লির যন্তরমন্তরে আপাতত অবস্থান উঠে গেলেও ককরোচ জনতা পার্টির বড় একটা অংশ ও বামপন্থী ছাত্র সংগঠনসমূহ জানিয়েছে, নয়া শিক্ষা নীতি বাতিলের দাবিতে আন্দোলন চলবে। এ ব্যাপারে বিশেষত ছাত্র সংগঠন এসএফআই ও আইসা (এআইএসএ) জোর আন্দোলন চালিয়ে যেতে তৎপর।
পাশাপাশি দুর্নীতি ও গণতান্ত্রিক পরিসর রুদ্ধ করার মতো অভিযোগকে সামনে রেখে বিক্ষুব্ধ ছাত্রজনতা আন্দোলন জারি রাখতে তৎপর। যদিও ছাত্রজনতার সঙ্গে আলোচনা না করেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে ককরোচদের কেন্দ্রীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আন্দোলনকারীদের একাংশ।
এক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে, যৌথ আন্দোলনের কোনো কমিটি না তৈরি করে এককভাবে তাঁরা কেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে আলোচনায় বসলেন! কথা ছিল, সরকারের প্রতিনিধিদের যন্তরমন্তরে এসে আলোচনা করতে হবে, সেই শর্ত লঙ্ঘন করলেন কেন সৌরভ ও আশুতোষ? এক্ষেত্রে বামপন্থী দুই ছাত্র সংগঠনকে এড়িয়ে গিয়ে ককরোচদের তরফে একক সিদ্ধান্ত কেন নেওয়া হল তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।
আন্দোলনকারীদের প্রাথমিক তিন দাবি অর্থাৎ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ায় আত্মঘাতী হওয়া শিক্ষার্থীদের পরিবার পিছু এক কোটি টাকা করে ক্ষতিপূরণ ও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি সরকার মেনে নিলেও, তৃতীয় দাবিটির ব্যাপারে কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ বিজেপি শাসিত অনেক রাজ্যেই আন্দোলনকারীদের গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে ভয়ংকর সব আইনে মামলা দেওয়া হচ্ছে।
গত শুক্রবার কলকাতায় লাখো ছাত্রজনতার মিছিল ও বিক্ষোভের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ১৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ব্রিটিশ ভারতের রাওলাট আইনের অনুকরণে পশ্চিমবঙ্গে তৈরি হওয়া গুণ্ডা দমন আইনে দায়ের হয়েছে মামলা।
ধৃতদের বিরুদ্ধে, পুলিশকে আক্রমণ ও সাংবাদিক নিগ্রহের অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গ সরকার। আবার এই ধৃত ১৪ জনের মধ্যে ১৩জনই মাইনোরিটি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বয়ং রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে একটি সম্প্রদায়কে নিশানা করে হিংসা ছড়ানোর যে অভিযোগ করেছেন তা দৃষ্টান্তমূলক। কারণ সাংবিধানিকভাবে অসাম্প্রদায়িক একটি রাষ্ট্রের অন্তর্গত একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী একটি সম্প্রদায়কে এভাবে নিশানা করতে পারেন না।
এক্ষেত্রে খোদ শুভেন্দুই ফের সংবিধানের অমর্যাদা করছেন।পশ্চিমবঙ্গ সরকারের এহেন আচরণে স্পষ্ট হচ্ছে ভারতব্যাপী ছাত্রজনতার আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে দমনপীড়নে জোরালো করবে ভারত রাষ্ট্র। যন্তরমন্তরে অবস্থান উঠে যাওয়ার ফায়দা তুলবে ফ্যাসিস্ট বিজেপি সরকার।
যদিও আশার কথা, ছাত্রজনতার এই আন্দোলনে ইতিমধ্যেই ভারতের বিজেপি সরকারের জনভিত্তি দুর্বল হয়ে গিয়েছে। নিট দুর্নীতির পর এবার ইথানল মিশ্রিত জ্বালানি দুর্নীতি ও কৃষিপণ্য বিষয়ক ইন্দো-মার্কিন চুক্তির বিরুদ্ধে যুব-কৃষক-শ্রমিক আন্দোলন দানা বাঁধছে। সর্বভারতীয় স্তরে কংগ্রেস, পশ্চিমবঙ্গে বাম ও তৃণমূল, পঞ্জাবে আম আদমি পার্টি, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, বিহারে আরজেডি ও সিপিআইএমএল, রাজস্থান, কেরল ও কর্ণাটকে কংগ্রেস-সিপিএম এবং তামিলনাডুতে থালাপতির দল ও ডিএমকে বিজেপি বিরোধী ব্যাপক আন্দোলন গড়ে তোলার অক্সিজেন পেয়ে গিয়েছে।
আর এই সকল রাজনৈতিক বর্গের প্রাণশক্তি হয়ে উঠেছে ছাত্রজনতা। তাদের অন্তিম লক্ষ্য বিজেপি-আরএসএসমুক্ত ভারত গঠন।
--
লেখক: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক, কলকাতা, ভারত।
ইমেইল- [email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



