ভারতবর্ষে সাম্প্রদায়িকতার বিস্তার একটি ঔপনিবেশিক জ্ঞানতাত্ত্বিক প্রকল্প

আনিস রায়হান
আনিস রায়হান
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ৯:২৪পরিবর্তন করতে ক্লিক করুন
ভারতবর্ষে সাম্প্রদায়িকতার বিস্তার একটি ঔপনিবেশিক জ্ঞানতাত্ত্বিক প্রকল্প

স্কেচ: এআই

শেয়ার করুন:

ব্রিটিশ আসার আগে, ১৮৮০ সাল পর্যন্ত হিন্দু-মুসলমানের মধ্যে কোনো দাঙ্গা হয়নি। কিন্তু ব্রিটিশরা ভারতের ইতিহাসকে খাড়া করে দেয় হিন্দু-মুসলমান দ্বন্দ্বের ওপর। ভারতকে তারা চিহ্নিত করে হিন্দু-মুসলমানের এলাকা হিসেবে।

 

‘ঈশ্বর আমাদের উপর এমন-একটি সুমহৎ কর্মের ভার দিয়াছেন,... ঐতিহাসিক স্মৃতির অতীতকালে... আর্যজাতি... বিশ্বপথে বাহির হইয়া পড়িলেন এবং তাঁহাদেরই একটি শাখা বেদমন্ত্র উচ্চারণ করিয়া ভারতবর্ষের অরণ্যচ্ছায়ায় যজ্ঞের অগ্নি প্রজ্বলিত করিলেন...। তাহার পরে এই ভারতবর্ষ হইতে বৌদ্ধধর্মের মিলনমন্ত্র... সমস্ত মঙ্গোলীয় জাতিদিগকে জাগ্রত করিয়া দিল...। তাহার পরে এশিয়ার পশ্চিমতম প্রান্তে দৈববলের প্রেরণায় মানবের আর-এক মহাশক্তি... পৃথিবী প্লাবিত করিতে বাহির হইল; সেই শক্তিস্রোতকে বিধাতা যে কেবল ভারতবর্ষে আহ্বান করিয়াছেন তাহা নহে, এইখানেই তিনি তাহাকে চিরদিনের জন্য আশ্রয় দিয়াছেন।... তাহার পরে য়ুরোপের... একটি বৃহৎ প্রবল ধারা এই ভারতবর্ষে আসিয়াই বিধাতার আহ্বান বহন করিয়া আমাদিগকে আঘাতের দ্বারা জাগ্রত করিয়া তুলিয়াছে।’

- রবীন্দ্রনাথ ঠাকুর (পথ ও পাথেয়, ১৯০৮)

 

ভারতবর্ষের ইতিহাস বললেই চিন্তায় ঘুরপাক খেতে থাকে সনাতন ধর্মাবলম্বী রাজা-রাজড়া বা মুসলমান-মোঘল সম্রাটদের রাজ্য পরিচালনার ইতিহাস। শুরুতেই উদ্ধৃত মন্তব্য থেকে পরিষ্কার যে, এই ধারণা বহন করেছেন বুদ্ধিজীবীশ্রেণি তথা বিখ্যাত মনীষীরাও। এখনও চলছে এই ধারণারই আধিপত্য। এই ধারণার স্পষ্ট দু’টি দিক রয়েছে, ১) মহাভারতবর্ষ ও ২) ধর্মীয় চরিত্র। প্রথমটির মধ্যে রয়েছে ‘মহাভারত’ বা ‘ভারতবর্ষ’ নামক এমন অঞ্চলবিশেষ বিষয়ক ভাবনা, যা বিরাট এলাকাজুড়ে প্রতিষ্ঠিত, যেখানে বহু জাতির আবাস, কিন্তু একক শাসক বা শাসকশ্রেণির অধীন। দ্বিতীয়টির মধ্যে রয়েছে ধর্মের ভিত্তিতে ভারতের ইতিহাসকে বিচার করার দৃষ্টিভঙ্গি। কিন্তু এই ধারণাগুলো কি সত্য?

 

ভারতবর্ষ বা একক ভারতের ধারণা খুব বেশি পুরনো নয়। ব্রিটিশরা ভারত দখলের আগে ইউরোপে খুব মৃদু প্রকারে প্রাচ্যবিদ্যা চর্চা চালু ছিল। কিন্তু ভারত দখলের পর থেকে, আঠারো-উনিশ শতকের সন্ধিক্ষণে এই প্রাচ্যবিদ্যার একটি শাখা হয়ে ওঠে ভারতবিদ্যা এবং ব্রিটিশ পণ্ডিতদের মধ্যে এর চর্চা বেশ গতিলাভ করে। ভারতে ব্রিটিশদের ভিত কিছুটা শক্ত হওয়ার পর তাদের স্বার্থ মজবুত করতে এ অঞ্চলের ইতিহাস রচনায় হাত লাগায় ভারতবিদ্যা চর্চাকারী পণ্ডিতরা। শুরুতেই ব্রিটিশ এই পণ্ডিতরা জানিয়ে দেয়, ‘ভারতবর্ষের কিছু উপাখ্যান আছে, কিন্তু কোনো ইতিহাস নেই।’ তারা নিজস্ব চিন্তাকাঠামো ও স্বার্থের আদলে ভারতের ইতিহাসকে ব্যাখ্যা করে। ব্রিটিশের সমগ্র ভারত দখলের উদ্দেশ্যকে সফল করতে এর মহৎ চরিত্র গড়ে তোলে এবং ভারতবর্ষ, মহাভারতবর্ষের ধারণা গড়ে তোলে। দেশ, জাতি, রাষ্ট্র ও সার্বভৌমত্বের ইউরোপীয় ধারণাগুলো ভারতের ওপর প্রয়োগ করে। প্রাচীন ভারতের এক ‘গৌরবময়’ চিত্তাকর্ষক রূপ অঙ্কন করে তারা। এভাবে তাদের প্রচারিত ইতিহাসেই প্রথম ধরা পড়ে সার্বভৌম ভারতের ধারণা।

 

প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থসমূহকে ভিত্তি করে তারা এ অঞ্চলের ইতিহাস অন্বেষণ করে এবং ভারতের ইতিহাসের ‘নতুন দিগন্ত’ উন্মোচিত করে। বিখ্যাত ভারতীয় ঐতিহাসিক দামোদর ধর্মানন্দ কোসাম্বি তার ভারত-ইতিহাস চর্চার ভূমিকা গ্রন্থে বলেন, ‘ধর্ম, সংস্কার বা আচার পালন বিধিগুলোর প্রতি অতিরিক্ত আগ্রহ অবশ্য ইতিহাস থেকে আমাদের দূরে সরিয়ে নিয়ে যেতে পারে’। কিন্তু ব্রিটিশ পণ্ডিতরা এসবের ওপর ভিত্তি করেই ইতিহাস রচনার পথে এগিয়ে যায়। এহেন ইতিহাসচর্চার স্বরূপ বোঝা যাবে একটি উদাহরণের সাহায্যে।

 

রামায়ণের একটি অনুলিপি তৈরি হয় ১০৬৭ সালে বিহারে গাঙ্গেয়দেব নামক এক রাজার আমলে। ব্রিটিশ পণ্ডিত ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক সেসিল বেন্ডাল এ বিষয়ক ইতিহাস বর্ণনা করতে গিয়ে রাজা গাঙ্গেয়দেব-এর উপাধি উল্লেখ করেন ‘গৌড়ধ্বজ’ অর্থাৎ ‘বঙ্গ বিজেতা’। পদবির অর্থ অনুযায়ী তার অবস্থান ঠিক করতে গিয়ে আলবিরুনির ১০৩০ সালে রচিত কিতাব-উল-হিন্দ-এ বর্ণিত দাক্ষিণাত্যের কলচুরী বংশীয় রাজা গাঙ্গেয়দেবকেই পূর্বেল্লিখিত গাঙ্গেয়দেব হিসেবে চিহ্নিত করা হয়। পরবর্তীতে ধরা পড়ে যে, সংস্কৃতের ওই ব্রিটিশ অধ্যাপক ‘গৌড়ধ্বজ’ বলে যে শব্দটি পড়েছিলেন, সেখানে আসলে লেখা ছিল ‘গরুড় ধ্বজ’। যা দ্বারা বোঝা যায়, ওই গাঙ্গেয়দেব হয়তো গরুড়বাহন বিষ্ণুর উপাসক ছিলেন। দাক্ষিণাত্যের কলচুরী রাজার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। আর দুই গাঙ্গেয়দেবের কারোরই বিজয় তো দূরে থাক, বঙ্গ দেখার সৌভাগ্যও হয়নি। এভাবেই লেখা হয়েছে ভারতের ইতিহাস।

 

ব্রিটিশ আসার আগে, ১৮৮০ সাল পর্যন্ত হিন্দু-মুসলমানের মধ্যে কোনো দাঙ্গা হয়নি। কিন্তু ব্রিটিশরা ভারতের ইতিহাসকে খাড়া করে দেয় হিন্দু-মুসলমান দ্বন্দ্বের ওপর। ভারতকে তারা চিহ্নিত করে হিন্দু-মুসলমানের এলাকা হিসেবে। হিন্দু ও মুসলমান, এই দুই বৈরী সত্তায় ভারতবর্ষ বিভাজিত, এটা প্রতিষ্ঠা করতে তারা বিরাট এক তাত্ত্বিক যজ্ঞ পরিচালনা করে। শুরুতে এই তত্ত্বের কাণ্ডারি ছিলেন, চার্লস উইলকিনস, উইলিয়াম জোন্স প্রমুখ। তারা প্রচার করেন, ভারতীয় সমাজের ভিত্তিই হলো ধর্ম। ইংরেজ পণ্ডিত জেমস মিল ১৮১৭ সালে লেখেন ‘দ্যা হিস্টরি অব ব্রিটিশ ইন্ডিয়া’। এতে ভারতের ইতিহাসকে তিন যুগে ভাগ করা হয়, হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। এরপর এতে যোগ দেন ‘ভারত-বিশেষজ্ঞ’ খ্যাত ম্যাক্সমুলার। তিনি বলেন, ‘ভারতীয় সভ্যতা গড়ে উঠেছে সম্পূর্ণভাবে হিন্দু ধর্ম এবং সংস্কৃত ভাষার ওপর ভিত্তি করে। বৌদ্ধ ও জৈন ধর্মের ভূমিকা এখানে গৌণ। আর ইসলাম বিদেশি ধর্ম।’

 

ইতিহাস রচনার এই পর্বটি ছিল মুসলমানদের ‘অপদার্থতা’ প্রমাণের চেষ্টায় ব্যস্ত। এর মাধ্যমে তারা মোঘলদের কাছ থেকে ব্রিটিশের ক্ষমতা দখলের নৈতিক ভিত্তি তৈরি করে। একইসঙ্গে মুসলমানবিরোধী সাম্প্রদায়িকতার বিষবাষ্প উসকে দিয়ে হিন্দুদের সমর্থন আদায়ের চেষ্টা চালায়। এজন্য আসমুদ্র হিমাচল সনাতন ধর্মাবলম্বীদের এক স্বর্গরাজ্যের ছবি আঁকা হয়। আর্য আগমনের পর সুসভ্য-আলোকময় এক হিন্দুযুগের মাহাত্ম্য প্রচার করা হয়। যা কিনা বর্বর মুসলমানদের আগ্রাসন, লুটতরাজ ও বারংবার আক্রমণের মধ্য দিয়ে ভেঙে পড়ে। এটা সুস্পষ্ট করতে মুসলমানদের ভিন্ন এক জাতি হিসেবে চিহ্নিত করা হয়। মুসলমানদের সঙ্গে হিন্দু রাজাদের যুদ্ধের বর্ণনাগুলো বিনির্মাণ করা হয় নতুন কাঠামোতে।

 

সনাতন স্বর্গরাজ্যের প্রচারের মধ্য দিয়ে ‘ভারতীয় গৌরব’ সৃষ্টির পর, যুদ্ধের বর্ণনার মধ্য দিয়ে তৈরি করা হয় ‘হিন্দু গৌরব’। হিন্দু রাজাদের সাহস, আত্মাহুতি ও ত্যাগের বিপরীতে যুদ্ধোন্মাদ, লিপ্সু, খুনি, বর্বর, যাযাবর, লুটেরা মুসলমান যোদ্ধাদের চিত্র অঙ্কিত হয়। হিন্দু রাজপরিবারের মেয়েদের মুসলমান দাস যোদ্ধাদের সঙ্গে বিয়ের মতো এমন অনেক বিষয় আসে, যার মধ্য দিয়ে মুসলমানবিরোধী প্রতিশোধস্পৃহা ও ঘৃণার এক স্থায়ী বীজ রোপণ করা হয়। পরবর্তীকালে ইতিহাসবিদ রোমিলা থাপার ব্রিটিশের এই ইতিহাসকে ভুল প্রমাণ করে লিখেছেন। তিনি দেখিয়েছেন, ব্রিটিশ আসার আগ পর্যন্ত দীর্ঘ সময় রাজধর্ম থাকা সত্ত্বেও ধর্মান্তরিতকরণে বড় কোনো চাপ প্রয়োগ করা হয়নি। প্রজা নিপীড়নে হিন্দু অভিজাত ও মুসলমান অভিজাতদের মধ্যে ঐক্য ছিল।

 

মুসলমানবিরোধী ইতিহাস রচনা করে সে সময় ব্রিটিশ কর্তৃক ভারত দখল হিন্দুদের কাছে বৈধ করে তোলা হয়। ব্রিটিশের ভারত দখলটাকে চিত্রিত করা হয় বর্বর মুসলমান যুগের অবসান ঘটিয়ে ভারতবর্ষে আধুনিকতা ও সভ্যতার নতুন উন্মেষ ঘটানোর পর্ব হিসেবে। এর ফলাফল হাতেনাতেই পাওয়া যায়। হিন্দু ধর্মাবলম্বী অভিজাতশ্রেণি ইংরেজের শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠে। ইংরেজি শিক্ষায় অগ্রসর ও ইংরেজের চেতনায় বলীয়ান হয়ে তারা প্রাচীন হিন্দুরাজ্যের গৌরবময় অতীতের স্মৃতি হাতড়ায় ও তার সুখমন্থনে মেতে ওঠে। রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমরা সামাজিক সমস্যার সমাধান খুঁজতে শুরু করে ধর্মের অভ্যন্তরে। তাদের ব্রিটিশমুখী জ্ঞানচর্চা ও কর্মকাণ্ডকে আখ্যা দেয়া হয় রেনেসাঁ বলে। এই উঠতি শিক্ষিতশ্রেণির সহায়তায় ও অংশগ্রহণে ধর্মীয় সাম্প্রদায়িকতাকে ব্রিটিশরা ইতিহাসের ভিত্তিমূলে প্রোথিত করে।

 

১৮৫৭ সালের মহাবিদ্রোহের পর সমীকরণ কিছুটা বদলে যায়। ব্রিটিশরা মুসলমান অভিজাতদের দলে টানার গুরুত্ব অনুধাবন করে। তাই এই পর্যায়ে ব্রিটিশ তত্ত্বে যোগ হয় নতুন অধ্যায়। ভারতের মুসলমান ও হিন্দু দুই পৃথক জাতি, এই তত্ত্বকে সামনে নিয়ে আসেন ডাব্লিউ ডাব্লিউ হান্টার। ‘দি ইন্ডিয়ান মুসলমান’ (১৮৭১) গ্রন্থে তিনি ভারতীয় মুসলমানদের দুর্দশার চিত্র উল্লেখ করেন। এরপর মুসলমানদের জন্য আসতে থাকে একের পর এক শুভেচ্ছার দূত। ১৮৮৮ সালে ভাইসরয় লর্ড ডাফরিন দ্বিধাহীন স্পষ্টতায় জানান দেন, ‘মুসলমানরা ভারতে পাঁচ কোটি মানুষের এক জাতি। যারা ধর্ম ও সামাজিক প্রথার দিক থেকে সমরূপ। তারা একদিন দিল্লির সিংহাসনে আসীন হয়ে হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত একচ্ছত্রভাবে আধিপত্য চালাত। এই স্মৃতিই তাদের তাড়িয়ে বেড়ায়।’

 

মুসলমান অভিজাতরা এ সময় ব্রিটিশের নিকটবর্তী হতে শুরু করে এবং ব্রিটিশ শিক্ষাপদ্ধতিতে ব্যাপক হারে যুক্ত হতে থাকে। স্যার সৈয়দ আহমদ, নবাব আবদুল লতিফ, আমীর আলী, নবাব সলিমুল্লাহরা ব্রিটিশের চেতনার ধারক বাহকে পরিণত হন। তারা হিন্দুদের সমৃদ্ধিকে মুসলমানদের বাধা হিসেবে গণ্য করেন এবং ব্রিটিশের ধর্ম খ্রিষ্টীয় চেতনার সঙ্গে ঐক্যও খুঁজে পান। এই পর্বে ব্রিটিশের কাজ শেষ হয়। হিন্দু ও মুসলমান উভয় অভিজাততন্ত্রই ভারতের ইতিহাসের মধ্যে নিজেদের পৃথক সত্তা, ঐতিহ্য ও গৌরবের উপাদান আবিষ্কারে তৎপর হয়ে ওঠে। এভাবে হিন্দু-মুসলমান বিভেদ টেকসই রূপ পায় এবং ইতিহাসের ধর্মীয়করণ সম্পন্ন হয়। এরপর প্রভুদের কর্মপদ্ধতি অনুসরণ করে অভিজাত ও শিক্ষিতশ্রেণি তাদের সাম্প্রদায়িক মনোভাব জনগণের মধ্যে প্রবিষ্ট করার সব ধরনের চেষ্টা চালায়। ব্রিটিশ প্রভুরা সেখানেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ফলে কিছুকালের মধ্যেই, ১৮৮০ সালের পর থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে দেখা দিতে থাকে হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা। ভারত হয়ে ওঠে হিন্দু-মুসলিমে বিভাজিত এক বিশাল জনপদ।

 

ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য টমাস বেবিংটন মেকলে ভারতীয়দের সম্বন্ধে পোষণ করতেন তীব্র তাচ্ছিল্য। তার লক্ষ্য ছিল এমন এক শিক্ষাব্যবস্থা প্রণয়ন করা, যা বাদামি গাত্রের ভারতীয়দের চিন্তা করতে শেখাবে ঠিক তার সাদা ইংরেজ প্রভুদের মতো করেই। এই দৃষ্টিভঙ্গিকে চিন্তার ঔপনিবেশিকায়ন হিসেবে আখ্যায়িত করা হয়। মেকলের এই কর্মসূচি ব্যাপকভাবে বাস্তবায়ন হয়েছে। ব্রিটিশ তার শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে এটা মোটামুটি সফলভাবেই প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে যে, আকবর, অশোক বা চন্দ্রগুপ্তের মতো কয়েকজন রাজা বাদে ভারতের ইতিহাস হলো অত্যাচারী, সাম্প্রদায়িক, ভোগবাদী, প্রজাকল্যাণে উদাসীন রাজাদের ইতিহাস। যার বিপরীতে ব্রিটিশ শাসন অতি উঁচু দরের, যা জ্ঞান-বিজ্ঞানে, শিল্প-বাণিজ্যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছে এবং আধুনিক ভারত তাদেরই হাতে গড়া। এটা হলো ব্রিটিশ সৃষ্ট ভারত ইতিহাসের সুস্পষ্ট বিকৃতি ও ডাহা মিথ্যাচার। শুরুতেই উদ্ধৃতিতে দেখা যায়, রবীন্দ্রনাথও একই ঔপনিবেশিক জ্ঞানতত্ত্বের প্রতিনিধিত্ব করছেন।

 

তাহলে ইতিহাসকে আমরা কিভাবে দেখব? কোনো একটি অঞ্চলের সঠিক ইতিহাস আসলে কী? সেই অঞ্চলের জনসাধারণ কী উৎপাদন করতেন, তা কীভাবে উৎপাদিত হতো, সেই উৎপাদিত জিনিসগুলো কীভাবে বণ্টন হতো, এটাই মূল বিষয়। উৎপাদনের উপায় ও সম্পর্কগুলো কীভাবে পাল্টে যাচ্ছে, তা ধরা গেলেই ধরা যায় একটি অঞ্চলের সত্যিকারের ইতিহাস। ঔপনিবেশিক-দখলদার শক্তি উৎপাদন প্রক্রিয়ার ওপরই আঘাত করে। তারা উৎপাদিত সম্পদই লুট করে। শাসকশ্রেণিও দাঁড়িয়ে থাকে উৎপাদিত সম্পদের ওপর দখল বজায় রাখার শর্তেই। জনগণও উৎপাদিত সম্পদ দখলে রাখতে গিয়ে শাসকদের সঙ্গে সংঘাতে জড়ায়। দুই শ্রেণি একে অপরের সঙ্গে লড়াই করতে গিয়ে, নিজেরা টিকে থাকতে গিয়ে বিকাশ ঘটায় সমস্ত সামাজিক জ্ঞানের। এর মধ্য দিয়েই সৃষ্টি হয় সংস্কৃতি। আর ইতিহাস হলো এসবেরই সুষ্ঠু চিত্রায়ণ।

 

ভারতে ব্রিটিশের প্রভাবে ও অভিজাতদের মদদে কিছু সাম্প্রদায়িক দাঙ্গা হলেও আদতে হিন্দু বা মুসলমান নয়, বিপুল জনগণের প্রকৃত পরিচয় হলো তারা সবাই নিপীড়িত কৃষক। এই উৎপাদক চরিত্র ও নিপীড়নের সূত্রেই তারা ঐক্যবদ্ধ ছিলেন। অভিজাত ও শিক্ষিতশ্রেণির মতো ব্রিটিশের আনুগত্য বা দাসত্ব এ অঞ্চলের জনগণ একদিনও করেনি। ব্রিটিশের ভুয়া ভারততত্ত্বে যখন ওরা মশগুল, যখন ওরা রেনেসাঁ ঘটাচ্ছে, মুসলমান ও হিন্দু পুনর্জাগরণের পরিকল্পনা সাজাচ্ছে, কৃষকরা তখন ব্রিটিশের বিরুদ্ধে লাগাতার সংগ্রামে ব্যস্ত। ব্রিটিশ আসার শুরুতেই তারা ফকির-সন্ন্যাস বিদ্রোহে জড়িয়ে পড়ে। এরপর ১৭৬৬ সালে মেদিনীপুরের বিদ্রোহ; ১৭৬৯ সালে সন্দ্বীপের বিদ্রোহ; ১৭৭৬ সালে চাকমা বিদ্রোহ; ১৭৮০ সালে রেশম চাষি, লবণ চাষি, আফিম চাষি ও মালঙ্গীদের সংগ্রাম, ১৭৮৩ সালে রংপুর বিদ্রোহ; ১৭৮৪ সালে যশোর-খুলনার বিদ্রোহ, এভাবে সংগ্রাম চলেছে প্রতিটি বছর। গারো বিদ্রোহ, নীলচাষিদের বিদ্রোহ, ফরায়েজি বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, টঙ্ক বিদ্রোহ, হাজং বিদ্রোহ, নানকার বিদ্রোহের মতো একের পর এক বিদ্রোহ জানান দেয়, এ অঞ্চলের জনমানুষের ইতিহাস হলো জমিদার, তালুকদার, মহাজনশ্রেণি ও তাদের প্রভু ব্রিটিশ শাসকদের সঙ্গে নিরবচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস। তারা সেই প্রাচীন কাল থেকে সব ধরনের দখলদারদের বিরুদ্ধে লড়াই করে আসছেন বিরামহীনভাবে। জনগণ পরাজয় বরণ করেছে, কিন্তু এক দিনের জন্যও আপস করেনি। সুতরাং উৎপাদন শক্তির ক্রমবিকাশের ধারায় ইতিহাসকে পর্যালোচনা করলে দেখা যায়, ভারতের ইতিহাস মোটেও হিন্দু-মুসলমানের ইতিহাস নয়। এটা হচ্ছে নিপীড়িত কৃষক জনগণের বৈপ্লবিক সংগ্রামের ইতিহাস। তেমনি ব্রিটিশ কোনো ত্রাণকর্তা নয়, বরং সে হচ্ছে দখলদার শক্তি, যে কিনা চালিয়েছে ভয়ঙ্কর নিপীড়ন ও লুটতরাজ।

 

ক্ষীণ ধারায় হলেও ভারতের সত্য ইতিহাস তুলে আনার চেষ্টা জারি রয়েছে। নতুন করে ইতিহাস বিনির্মাণের এই চেষ্টা দামোদর ধর্মানন্দ কোসাম্বির হাত ধরে সূচিত হয়। জনগণের লড়াইয়ের মতো এ লড়াইও চলমান। ব্রিটিশ-প্রণীত শিক্ষাব্যবস্থা এখনো বহাল থাকায় ভারতের সত্য ইতিহাস সর্বস্তরে প্রতিষ্ঠা পাচ্ছে না। এর মূল কারণ ব্রিটিশ লালিত অভিজাততন্ত্রের হাতে গড়া রাজনৈতিক দলগুলোই এখনো এ অঞ্চলের দেশগুলোতে কর্তৃত্ব করে চলেছে। ফলে ব্রিটিশের শিক্ষাব্যবস্থা ও তার ইতিহাসের বয়ান এবং এই ঔপনিবেশিক জ্ঞানতত্ত্ব ধারাবাহিকভাবে গণবিরোধী মেকলের শিষ্যদের গড়ে তুলছে। এই মিথ্যাচার অব্যাহতভাবে ছড়িয়ে যাচ্ছে সাম্প্রদায়িকতা, জনগণকে করে রাখছে বিভক্ত। এই ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা ও জ্ঞানতত্ত্বের উচ্ছেদ জরুরি।

--

[তথ্যসূত্র ও এ বিষয়ে বিস্তারিত পাঠের জন্য অনুসরণ করুন সুপ্রকাশ রায় রচিত ‘ভারতের কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম’, দামোদর ধর্মানন্দ কোসাম্বি রচিত ‘ভারত ইতিহাস চর্চার ভূমিকা’, রোমিলা থাপার রচিত ‘ভারতবর্ষের ইতিহাস’, ইরফান হাবিব রচিত ‘ভারতের মধ্যযুগের কৃষি অর্থনীতি’, অমিত ভট্টাচার্য রচিত ‘আধুনিক ভারতের অর্থনৈতিক ইতিহাসের রূপরেখা’ ও সুমিত সরকার রচিত ‘আধুনিক ভারত’, রোমিলা থাপার, বিপানচন্দ্র ও হরবংশ মুখিয়ার ‘সাম্প্রদায়িকতা ও ভারত-ইতিহাস রচনা’ এবং সৈয়দ আবুল কালাম রচিত ‘রাজনীতির রবীন্দ্রনাথ’ শীর্ষক গ্রন্থাবলি।]

--

লেখক: সাংবাদিক ও গবেষক

ইমেইল: [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: