হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি: দুই বছরে দেশে প্রথম গুমের অভিযোগ, স্বাধীন তদন্তের দাবি

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১১:১৯পরিবর্তন করতে ক্লিক করুন
হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি: দুই বছরে দেশে প্রথম গুমের অভিযোগ, স্বাধীন তদন্তের দাবি

ছবি: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন, স্ক্রিন শট

শেয়ার করুন:

পরিবারের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন এইচআরডব্লিউকে বলেন, কোস্টগার্ডের সদস্যরা কখন, কীভাবে এবং কোন পরিস্থিতিতে মিরাজকে তুলে নিয়ে গেছেন—প্রত্যক্ষদর্শীরা তার সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন।

ঢাকা: বাংলাদেশে গত দুই বছরের মধ্যে প্রথমবারের মতো গুমের অভিযোগ পাওয়া গেছে। কোস্টগার্ডের হেফাজত থেকে মিরাজ শেখ (৩০) নামের এক জেলের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে এর স্বাধীন ও দ্রুত তদন্ত চেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

 

সংস্থাটি বলছে, গত ১২ জুলাই হাইকোর্টের দেওয়া আদেশ মেনে ওই জেলেকে অবিলম্বে আদালতে হাজির করতে হবে।

 

সোমবার যুক্তরাজ্যের লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এইচআরডব্লিউ এ উদ্বেগ জানায়। বিবৃতিতে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গুম প্রতিরোধ ও জবাবদিহি নিশ্চিতে বিগত অন্তর্বর্তী সরকারের নেওয়া আইনি সংস্কার বাতিল করায় বর্তমান সরকারের কঠোর সমালোচনা করা হয়েছে।

 

মিরাজের নিখোঁজ হওয়া

 

এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ এপ্রিল রাতে খুলনার মোংলার সুন্দরবনসংলগ্ন জয়মণির ঘোল থেকে কোস্টগার্ডের কর্মকর্তারা মিরাজ শেখ নামের ওই জেলেকে আটক করেন বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। এরপর তাঁকে একটি স্পিডবোটে করে নিয়ে যাওয়া হয়। পরদিন ১১ এপ্রিল মিরাজের পরিবার মোংলার দিগরাজে কোস্টগার্ডের কার্যালয়ে গেলে তাঁদের জানানো হয়, মিরাজ একটি ‘অপারেশনে’ আছেন। তাঁদের বিকেলে আসতে বলা হয়। কিন্তু বিকেলে পুনরায় গেলে কোস্টগার্ড জানায়, মিরাজ নামের কেউ সেখানে ছিলেন না।

 

পরিবারের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন এইচআরডব্লিউকে বলেন, কোস্টগার্ডের সদস্যরা কখন, কীভাবে এবং কোন পরিস্থিতিতে মিরাজকে তুলে নিয়ে গেছেন—প্রত্যক্ষদর্শীরা তার সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। ২১ এপ্রিল মিরাজের মোটরসাইকেল যে চায়ের দোকানে রাখা ছিল, সেখানকার মালিক জানান—নিজেকে কোস্টগার্ডের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি ওই দোকান থেকে বাইকটি নিয়ে যান এবং পরদিন তা ফেরত দেন।

আইনি পদক্ষেপ ও কোস্টগার্ডের ভাষ্য

 

বিবৃতিতে বলা হয়, নিখোঁজ হওয়ার পর মিরাজের পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে এবং সংবাদ সম্মেলন করে। একাধিক সরকারি দপ্তরে ঘুরেও কোনো সুফল না পেয়ে নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে হাইকোর্টে একটি ‘হেবিয়াস করপাস’ (বন্দীকে সশরীরে হাজির করা) রিট করেন মিরাজের বাবা। গত ১২ জুলাই হাইকোর্ট ওই জেলেকে খুঁজে বের করে ১৫ দিনের মধ্যে আদালতে হাজির করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন।

 

তবে কোস্টগার্ডের পশ্চিমাঞ্চলের গণমাধ্যম কর্মকর্তা লে. কমান্ডার মাহবুব হোসেন মিরাজকে আটকের কথা ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, মিরাজ সম্পর্কে তাঁদের কাছে কোনো তথ্য নেই।

 

আইন সংস্কার ও এইচআরডব্লিউর উদ্বেগ

 

এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে গুম সংস্কৃতি বন্ধে একটি জোরালো উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে। গুমের স্বাধীন তদন্তের পথ সুগম করতে গত বছরের (২০২৫) নভেম্বরে ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ এবং ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ-২০২৫’ জারি করা হয়। এর অধীনে মানবাধিকার কমিশনকে আদালতের অনুমতি বা পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো বন্দিশালা পরিদর্শন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হস্তান্তরের ক্ষমতা দেওয়া হয়।

 

কিন্তু গত ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার এই অধ্যাদেশগুলোর মেয়াদ শেষ হওয়ার আগে তা আইনে পরিণত করেনি; ফলে সেগুলো বাতিল হয়ে যায়। এইচআরডব্লিউ জানায়, নতুন সরকার এমন একটি আইন প্রস্তাব করেছে, যেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করার ক্ষমতা থেকে মানবাধিকার কমিশনকে বঞ্চিত করা হয়েছে। প্রস্তাবিত আইন অনুযায়ী, গুমের অভিযোগগুলোর তদন্ত করবে সেই পুলিশই এবং মানবাধিকার কমিশন শুধু বাহিনী প্রধান বা সরকারের কাছ থেকে প্রতিবেদন চাইতে পারবে।

 

এ বিষয়ে এইচআরডব্লিউর এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, ‘শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে হাজার হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। সাম্প্রতিক ঘটনাটি প্রমাণ করে, কার্যকর প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া এসবের পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। এটা স্পষ্ট যে নিরাপত্তা সংস্থাগুলোর রন্ধ্রে রন্ধ্রে এ ধরনের অপরাধমূলক চর্চা ঢুকে গেছে।’ তিনি বলেন, নতুন সরকার যেহেতু সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, তাই তাদের উচিত বাহিনীর জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করা।

 

পুরোনো ঘটনার পুনরাবৃত্তির শঙ্কা

 

বিগত সরকারের সময় গঠিত গুম কমিশনের তথ্যের উদ্ধৃতি দিয়ে এইচআরডব্লিউ বলছে, মিরাজ শেখের ঘটনাটি পুরোনো অপকর্মেরই পুনরাবৃত্তি। গুম কমিশন ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১ হাজার ৫৬৯টি গুমের ঘটনা শনাক্ত করেছিল। ওই সময়ে গুমের সঙ্গে ডিবির দুটি ইউনিট, পুলিশের সিটিটিসি, র‍্যাব এবং সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সরাসরি জড়িত ছিল বলে কমিশন তাদের প্রতিবেদনে জানিয়েছিল। ওই সময় বন্দিশালাগুলোতে ভয়াবহ নির্যাতন চালানো হতো।

 

সংস্থাটি তাদের বিবৃতিতে ২০১৬ সালে র‍্যাবের হাতে আটকের পর জামায়াত নেতার ছেলে আইনজীবী মীর আহমেদ বিন কাসেমের আট বছর 'আয়নাঘরে' বন্দী থাকার লোমহর্ষক অভিজ্ঞতা তুলে ধরে। পাশাপাশি ২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপির ২২ নেতার গুম হওয়ার বিষয়টিও স্মরণ করিয়ে দেয় তারা।

 

মানবাধিকার কমিশনের ওপর থেকে সরকারি হস্তক্ষেপ সরিয়ে স্বাধীন তদন্তের পূর্ণ অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মীনাক্ষী গাঙ্গুলী। তাঁর মতে, ‘কমিশনের বদলে পুলিশের হাতে গুম তদন্তের দায়িত্ব দিলে ন্যায়বিচার যেমন নিশ্চিত হবে না, তেমনি এ গুম সংস্কৃতিও চিরতরে বন্ধ হবে না।’

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: