আওয়ামী লীগের নেতা-কর্মীদের জামিন না হওয়ায় হিউম্যান রাইটস ওয়াচের সমালোচনা

প্রমাণ ও আইনি প্রক্রিয়া ছাড়া আ.লীগ নেতাকর্মীদের দীর্ঘমেয়াদি আটক ও জামিন না দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ
আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের দীর্ঘ সময় আটক রাখা এবং তাঁদের জামিন না দেওয়ার সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। গত ২৩ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জড়িত ব্যক্তিদের বিচার অবশ্যই হতে হবে। তবে প্রমাণ ও যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া রাজনৈতিক প্রতিপক্ষদের দীর্ঘমেয়াদি আটক রাখা বন্ধ করা উচিত। কারাগারে আটক অবস্থায় কয়েকজনের মৃত্যুর ঘটনাও স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর পুলিশ হাজার হাজার দলীয় কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। তাদের মধ্যে শতাধিক এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই কারাগারে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যদিও কিছু কর্মকর্তা হাসিনা সরকারের গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকতে পারেন, অনেকে বিক্ষোভকারী হত্যার অভিযোগে প্রমাণ ছাড়াই গ্রেপ্তার হয়েছেন। আটককৃতদের মধ্যে অনেকেই বয়স্ক এবং কারও কারও গুরুতর স্বাস্থ্য সমস্যা রয়েছে। তাদের পরিবার ও আইনজীবীরা বলছেন, জামিন ও চিকিৎসাসহ মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী এই মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে কমপক্ষে ১০ জন আওয়ামী লীগের পদধারী, যাদের অধিকাংশের বিরুদ্ধেই কোনো অভিযোগ গঠন করা হয়নি, কারাগারে মারা গেছেন।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক এলেইন পিয়ারসন বলেছেন, "একের পর এক সরকারের অধীনে, শত শত বিরোধী সদস্যকে প্রমাণ বা যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই আটক করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সংস্কারের অঙ্গীকার করেছে। প্রথম পদক্ষেপ হিসেবে তাঁকে রাজনৈতিক প্রতিপক্ষের দীর্ঘমেয়াদি নির্বিচার আটক বন্ধ করতে হবে।"
প্রতিবেদনে বলা হয়, অভিযোগ ছাড়া আটকদের মধ্যে রয়েছেন সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য, হাসিনার প্রশাসনকে সমর্থনকারী অন্যান্য সাবেক আইনপ্রণেতা, এবং আওয়ামী লীগ সরকারের সমর্থক কর্মী, কর্মকর্তা ও সাংবাদিকরা। অন্যদের, যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও নিখোঁজ করার মতো গুরুতর আন্তর্জাতিক অপরাধের অভিযোগ রয়েছে। কাউকে কাউকে দুর্নীতিরও অভিযোগ করা হয়েছে।
প্রতিবেদেন আরও বলা হয়, যেসব মামলায় কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি, সেসব মামলায় প্রসিকিউটররা বারবার জামিনের বিরোধিতা করেছেন। নিম্ন আদালত ও জেলা আদালত জামিন দিতে ধারাবাহিকভাবে অস্বীকার করেছে। অন্যদিকে, হাইকোর্টের জামিনের আদেশ এড়াতে সরকারি কর্তৃপক্ষ নতুন নতুন মামলা দায়ের করছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



