অতিবৃষ্টি ও পাহাড়ধসে পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা, বিপর্যস্ত লাখো মানুষ

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৫০পরিবর্তন করতে ক্লিক করুন
অতিবৃষ্টি ও পাহাড়ধসে পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা, বিপর্যস্ত লাখো মানুষ

রাঙামাটির কাপ্তাইলেকের পানি উপচে তলিয়ে গেছে নিম্নাঞ্চল, ছবি: ভিডিও থেকে নেওয়া

শেয়ার করুন:

বন্যা পূর্বাভাস অনুযায়ী, এই ভারী বৃষ্টিপাত আগামী ১৪ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে চট্টগ্রাম, সিলেট, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে আরও বিপুল পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করবে, যা ১০ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে অতি ভারী বর্ষণ ঘটাতে পারে।

ভয়াবহ রূপ নিয়েছে দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি। রেকর্ডভাঙা অতিবৃষ্টি, আকস্মিক ঢল ও পাহাড়ধসে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, ফেনী ও নোয়াখালী জেলার লাখ লাখ মানুষ। সড়ক ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় বিচ্ছিন্ন জনপদগুলোতে পানিবন্দি মানুষগুলোর মাঝে এখন চরম খাদ্য ও বিশুদ্ধ পানির হাহাকার চলছে।  পরিস্থিতির বিশেষ অবনতি ঘটেছে বান্দরবনে। সেখানে কয়েক হাজার পানিবন্দি মানুষ চরম খাদ্য সংকটে পড়েছেন, সেখানে ত্রাণ এখনো পৌছায়নি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টির প্রভাবে আগামী ১৪ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার শঙ্কা রয়েছে—যা বর্তমান এই নাজুক পরিস্থিতির চূড়ান্ত অবনতি ও বড় ধরণের সংকট তৈরি করতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

 

আগামী ১৪ জুলাই পর্যন্ত আরও বৃষ্টির শঙ্কা

 

বন্যা পূর্বাভাস অনুযায়ী, এই ভারী বৃষ্টিপাত আগামী ১৪ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে চট্টগ্রাম, সিলেট, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে আরও বিপুল পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করবে, যা ১০ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে অতি ভারী বর্ষণ ঘটাতে পারে। এই পূর্বাভাস সত্যি হলে পাহাড়ি ঢল ও নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে উত্তর-পূর্বাঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

 

বৃষ্টিপাতের বিরল রেকর্ড ও বন্যার কারণ

 

আবহাওয়াবিদ ও বন্যা বিশেষজ্ঞদের মতে, এবারের বন্যার মূল কারণ বঙ্গোপসাগরের ধীরগতির একটি নিম্নচাপ এবং পর্বতমালায় বাধাপ্রাপ্ত মেঘমালার ‘ওরোগ্রাফিক’ বৃষ্টিপাত। এফএফডব্লিউসি-এর তথ্য অনুযায়ী, গত রোববার থেকে শুক্রবার সকাল পর্যন্ত মাত্র পাঁচ দিনে চট্টগ্রামে ১১৩২ মিলিমিটার এবং বান্দরবানে ৭০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাধারণ হিসাবে পুরো জুলাই মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের প্রায় ১৫০ শতাংশ ঝরেছে মাত্র এই পাঁচ দিনে। বিশেষ করে চট্টগ্রাম শহরে টানা চার দিন দৈনিক ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। পাহাড়ি ঢল ও নদীর পানি একই সাথে বৃদ্ধি পাওয়ায় প্লাবন ভূমির ব্যাপ্তি ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গেছে অস্বাভাবিকভাবে।

 

বিপৎসীমার ওপরে প্রধান নদ-নদী

 

বর্তমানে পূর্বাঞ্চলের প্রায় সবকটি প্রধান নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। বান্দরবানের মাতামুহুরী ও সাঙ্গু নদ, নোয়াখালীর ডাকাতিয়া নদী, হবিগঞ্জের খোয়াই, মৌলভীবাজারের মনু এবং সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের কুশিয়ারা, সুরমা ও মেঘনা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে নেত্রকোনার সোমেশ্বরী এবং উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানিও বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। নদীগুলোর এই যুগপৎ পানি বৃদ্ধি বর্ষা মৌসুমের জন্য একটি উচ্চঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে, যার ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

 

পাহাড়ধসে অন্তত ২২ জনের মৃত্যু ও যোগাযোগ বিচ্ছিন্ন

 

টানা অতিবৃষ্টির ফলে পাহাড় কাটার ক্ষতবিক্ষত স্থানগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত কয়েক দিনে কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এরমধ্যে ৮ জুলাই কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে মাদ্রাসা ধসের ঘটনায় পাঁচ ছাত্রীর নিহত হয়। পাহাড়ের দেয়াল ও মাটি ধসে পড়ার পর এদিন সন্ধ্যায় উদ্ধারকাজ শেষ হয়। নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করেছে এপিবিএন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও তিন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

বান্দরবান–কেরানীহাট সড়কের আমতলী এলাকায় পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ায় এবং বিভিন্ন আঞ্চলিক সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় পার্বত্য জেলাগুলোর সাথে সারা দেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারী হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন।

 

রাঙামাটিতে বন্যা ও পাহাড়ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি, উদ্ধার ২ মরদেহ

 

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দুর্গতদের জন্য খোলা জেলার ৪০টি আশ্রয় কেন্দ্রে ৩ হাজার ৫২৪ জন মানুষ আশ্রয় নিয়েছেন, যার মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ৩৭০টি পরিবার রয়েছে। এদিকে পাহাড়ি ঢলে নিখোঁজ হওয়া রাঙামাটি সদর ও বিলাইছড়ির দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

টানা বৃষ্টিতে জেলার ১২৫টি স্থানে ছোট-বড় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সড়ক ধস ও প্লাবনের কারণে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে।

 

পাহাড়ি ঢলের পানিতে সাজেক-বাঘাইহাট সড়ক তলিয়ে যাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্রে শত শত পর্যটক গত দুই দিন ধরে অবরুদ্ধ ছিলেন। আজ সড়ক থেকে পানি কিছুটা নেমে গেলে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ সহায়তায় ও নিরাপত্তায় আটকে পড়া পর্যটকেরা নিরাপদভাবে সাজেক ত্যাগ করতে সক্ষম হয়েছেন। তবে দুর্গম পাহাড়ি এলাকায় এখনো যোগাযোগ ও পানীয় জলের সংকট রয়েছে।

 

পার্বত্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম

 

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধস পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জরুরি প্রয়োজনে মোঙ্গল চন্দ্র পাল, উপসচিব (মোবাইল: ০১৭১২-৮৪০৮৩৭) এবং মো. আজিজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা (মোবাইল: ০১৭২৬-০০৭৬৯৩) এর যোগাযোগ করতে বলা হয়েছে।

 

 

জরুরি উদ্ধার ও সমন্বিত জরুরি ত্রাণ তৎপরতা

 

বন্যাদুর্গত দুর্গম এলাকাগুলোতে এখন খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় স্থলপথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ায় নৌ ও বিমান সহায়তায় ত্রাণ পৌঁছানো জরুরি হয়ে পড়েছে। পার্বত্য চট্টগ্রামের খরস্রোতা নদীগুলোতে সাধারণ নৌকা দিয়ে উদ্ধার অভিযান চালানো বিপজ্জনক হওয়ায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ প্রশিক্ষিত উদ্ধারকারী সংস্থাকে উচ্চক্ষমতাসম্পন্ন নৌযানসহ সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারি-বেসরকারি সকল শক্তির সমন্বিত ও পরিকল্পিত উদ্ধার অভিযান এবং দ্রুত ত্রাণ বণ্টনই এখন লাখো মানুষের প্রাণ বাঁচানোর একমাত্র উপায় বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: