যে কারণে গভর্নরের নিরপেক্ষতা নিয়ে টিআইবির চরম সংশয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮পরিবর্তন করতে ক্লিক করুন
যে কারণে গভর্নরের নিরপেক্ষতা নিয়ে টিআইবির চরম সংশয়

স্কেচ: এআই

শেয়ার করুন:

টিআইবি মনে করছে, এই নিয়োগের ফলে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং কর্পোরেট স্বার্থের প্রভাবমুক্ত হয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মতো বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা কঠিন হয়ে পড়তে পারে।  

 

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে একজন ব্যবসায়ীকে নিয়োগ দেওয়ার পর তার নিরপেক্ষতা ও স্বার্থের সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

 

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ বিষয়ে নানা প্রশ্ন তুলে ধরেন। তিনি জানতে চেয়েছেন, যিনি নিজের প্রতিষ্ঠানের জন্য বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিল করেছেন, তিনি কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে বসে কতটা স্বাধীন ও নির্মোহভাবে দায়িত্ব পালন করতে পারবেন।

 

টিআইবি মনে করছে, এই নিয়োগের ফলে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং কর্পোরেট স্বার্থের প্রভাবমুক্ত হয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মতো বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা কঠিন হয়ে পড়তে পারে।

 

ড. ইফতেখারুজ্জামান বিবৃতিতে উল্লেখ করেন, নবনিযুক্ত গভর্নরের ব্যাংকিং খাতের অভিজ্ঞতা মূলত ঋণগ্রস্ত থেকে ঋণখেলাপি হওয়া এবং পরবর্তীতে বিশেষ সুবিধায় ঋণ পুনঃতফসিল করার মধ্যেই সীমাবদ্ধ।

 

এছাড়া তিনি তৈরি পোশাক শিল্প, আবাসন খাত, অ্যাটাব এবং ঢাকা চেম্বারের মতো অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী লবির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অভিজ্ঞতা রাখেন। এই ধরনের একজন ব্যক্তিকে এমন পদে বসালে তিনি ব্যবসায়ী মহলের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে তার অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

 

বিশেষ করে যখন বর্তমান সংসদের প্রায় ৬০ শতাংশ সদস্য এবং মন্ত্রিপরিষদের ৬২ শতাংশের মূল পেশা ব্যবসা। সংসদে প্রায় ৫০ শতাংশ সদস্য রয়েছেন যারা নিজেরাই মাত্রাতিরিক্ত ঋণগ্রস্ত এবং তাদের মোট আদায়যোগ্য ঋণের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

 

এই পরিস্থিতিতে একজন ঋণগ্রস্ত ব্যবসায়ী এবং নীতি দখলের সুবিধাভোগীকে গভর্নর বানালে ব্যাংক খাতের ঝুঁকি আরও বহুগুণ বেড়ে যায়। এটি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কী নেতিবাচক বার্তা দিচ্ছে, তা সরকারকে গভীরভাবে ভেবে দেখার অনুরোধ করেছে সংস্থাটি।

 

টিআইবির মতে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া একটি অভূতপূর্ব ঘটনা। এর ফলে বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলের মতোই ব্যাংক খাতটি আবারও খেলাপি ও প্রভাবশালী ব্যবসায়ীদের হাতিয়ারে পরিণত হওয়ার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে।

 

সদ্য ক্ষমতাসীন দলের নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্যকে নিরপেক্ষ ও পেশাদারিত্বের পদে বসানো কতটা যৌক্তিক, সেটিও সরকারকে ভেবে দেখতে বলেছে টিআইবি। ক্ষমতাসীন দল তাদের নির্বাচনী ইশতেহারে আর্থিক খাতে সুশাসন ও শৃঙ্খলা ফেরানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল, স্বার্থের দ্বন্দ্বে থাকা ব্যক্তিকে এই পদে নিয়োগ দেওয়ায় সেই প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে।

 

বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ব্যাংক খাতকে ব্যবহার করার ফলে অর্থপাচার ও খেলাপি ঋণের কারণে দেশের অর্থনীতি আজ এক নাজুক অবস্থায় এসে দাঁড়িয়েছে। বর্তমান অর্থনৈতিক সংকটের এই সময়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরানো অত্যন্ত জরুরি। কিন্তু এমন একজন ব্যক্তির নেতৃত্বে ব্যাংকগুলো কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়ে সন্দিহান টিআইবি।

 

ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দুর্বল ব্যাংকগুলোর বিরুদ্ধে তিনি আদৌ কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন কি না, সেই প্রশ্নও উঠেছে। চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ একটি স্বাধীন কেন্দ্রীয় ব্যাংকসহ যেসব পরিবর্তনের আকাঙ্ক্ষা করেছিল, বর্তমান বাংলাদেশ ব্যাংক সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে, তা নিয়ে সংশয় জানিয়েছে টিআইবি।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: