নতুন সরকারের প্রথম পরীক্ষা রমজান: মজুত পর্যাপ্ত হলেও নজরদারিই মূল চাবিকাঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩৫পরিবর্তন করতে ক্লিক করুন
নতুন সরকারের প্রথম পরীক্ষা রমজান: মজুত পর্যাপ্ত হলেও নজরদারিই মূল চাবিকাঠি

ছবি: উইকি

শেয়ার করুন:

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বড় অন্তরায় মূল্যস্ফীতি ও বেকারত্ব।

 নবনির্বাচিত সরকারের যাত্রার শুরুতেই বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। তবে স্বস্তির খবর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, রমজানকে সামনে রেখে এবার ভোগ্যপণ্যের আমদানি গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পর্যাপ্ত মজুত থাকায় বাজারে কোনো সংকটের আশঙ্কা নেই বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বড় অন্তরায় মূল্যস্ফীতি ও বেকারত্ব। বিশেষ করে রমজান মাসে ভোজ্যতেল, চিনি ও ডালের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। এই বাড়তি চাহিদাকে পুঁজি করে অসাধু চক্র যেন বাজার অস্থির করতে না পারে, সেদিকেই এখন নজর সরকারের।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র  আরিফ হোসেন খান জানান, নির্বাচনের আগেই প্রয়োজনীয় এলসি (ঋণপত্র) খোলার মাধ্যমে রেকর্ড পরিমাণ পণ্য আমদানির সুযোগ দেওয়া হয়েছে। 


তিনি বলেন, 'বাজারে কোনো পণ্যেরই ঘাটতি নেই। অর্থনীতির সাধারণ নিয়ম অনুযায়ী, চাহিদার বিপরীতে সরবরাহ ঠিক থাকলে মূল্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার কথা নয়।

আমদানিকারকরা যদি সঠিকভাবে বাজারে পণ্য সরবরাহ করেন, তবে দেশবাসী একটি স্বস্তিদায়ক রমজান পার করতে পারবেন।'


এদিকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নাগালে রাখতে বড় প্রস্তুতি নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি জানিয়েছে, রমজানে ট্রাকসেলের মাধ্যমে দেশের প্রায় ৩০ থেকে ৩৫ লাখ কার্ডধারী ভোক্তার কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়া হবে।

নিয়মিত তালিকায় থাকা সয়াবিন তেল, মসুর ডাল ও চিনির পাশাপাশি এবার ছোলা ও খেজুরও যুক্ত করা হয়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, বন্দর কার্যক্রম বর্তমানে স্বাভাবিক থাকায় পণ্য খালাস ও পরিবহনে কোনো বাধা নেই।

তবে পর্যাপ্ত আমদানির সুফল সাধারণ মানুষ কতটা পাবে, তা নির্ভর করছে বাজার তদারকি ও সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেইন) বজায় রাখার ওপর। সরকারের কঠোর নজরদারি থাকলে এবার রমজানে মূল্যস্ফীতির চাপ মোকাবিলা করা সম্ভব হবে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: