গোদী মিডিয়া বিশ্বব্যাপী আছে: করপোরেটের টাকায় ক্ষমতার পাহারাদারি


যে গোদী মিডিয়া স্বৈরাচারের ক্ষমতাকে আরও শক্তিশালী করে, তাকে শুধু কয়েকটি চ্যানেলের সমালোচনা করে থামানো যাবে না। ভাঙতে হবে সেই করপোরেট আধিপত্য, যে আধিপত্য রাজনৈতিক দলকে অর্থ দেয়, সংবাদমাধ্যমের মালিকানা নিয়ন্ত্রণ করে এবং জনগণের সম্পদকে মুনাফার পণ্যে পরিণত করে।
ভারতের চলমান আন্দোলনে যে শব্দটি সামনে আসছে, তা হলো গোদী মিডিয়া। কিন্তু গোদী মিডিয়া মানে কি শুধু ভারতের কিছু টেলিভিশন চ্যানেল? গোদী সাংবাদিকতার কগনিটিভ অর্থ গিয়ে দাঁড়িয়েছে ক্ষমতার পক্ষে থাকা সাংবাদিকতায়। প্রবীণ ভারতীয় সাংবাদিক ও সাবেক এনডিটিভি উপস্থাপক রবীশ কুমার এই ধারণাকে সামনে এনেছেন। অ্যাকাডেমিয়ায় সাংবাদিকতার কাজ হিসেবে সামনে আসে ক্ষমতাকে প্রশ্ন করার দায়িত্ব। কিন্তু গোদী মিডিয়ার অর্থ দাঁড়িয়েছে, ক্ষমতাকে প্রশ্ন না করে জনগণকে বিভ্রান্ত করা। গোদী শব্দের অর্থ কোল। আক্ষরিক অর্থ ধরেই বলা যায়, ক্ষমতাসীনদের কোলের দিকে ক্যামেরা তাক করে রাখে এই সংবাদমাধ্যমগুলো। মালিককে দেখলে কুকুরের লেজ যেমন দুলে ওঠে, ক্ষমতাসীনদের দেখলে তেমনি কলম চলে গোদী সাংবাদিকদের। তারা ক্ষমতাবানদের অপরাধ আড়াল করে, ক্ষমতার বিরোধীদের কাঠগড়ায় দাঁড় করায়, আর জনগণের ক্ষোভকে শাসকের সুবিধামতো ব্যাখ্যা করে। বিশ্বব্যাপী গোদী মিডিয়া জনগণের ওপর রাষ্ট্রীয় নিপীড়নের ভিত্তিকে শক্তিশালী করে চলেছে।
বিশ্বজুড়েই আমরা গোদী মিডিয়ার উপস্থিতি দেখতে পাই। কয়েকটি উদাহরণে তা স্পষ্ট হয়ে ওঠে। বাংলাদেশে সরকার বদলের সঙ্গে সঙ্গে যেসব সংবাদমাধ্যমের সুর বদলে যায়, তাদের চরিত্রও আলাদা কিছু নয়। আমেরিকার বড় বড় করপোরেট সংবাদমাধ্যমের ইতিহাস ঘাঁটলেও দেখা যায়, সাম্রাজ্যবাদী যুদ্ধের বয়ান প্রতিষ্ঠা করতে সংবাদমাধ্যম কীভাবে ভূমিকা রেখেছে। ইরাক যুদ্ধের আগে নিউইয়র্ক টাইমসের সংবাদ পরিবেশনা তার একটি উদাহরণ। ব্রিটিশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিবিসির ইরাক যুদ্ধসংক্রান্ত সংবাদ পরিবেশনা ও তার ভূমিকা নিয়েও একই ধরনের প্রশ্ন উঠেছে। শুধু প্রতিষ্ঠানের নাম আলাদা।
২০০৩ সালের মে মাসে বিবিসির ‘টুডে’ রেডিও অনুষ্ঠানের প্রতিরক্ষা সংবাদদাতা অ্যান্ড্রু গিলিগান একটি প্রতিবেদন প্রকাশ করেন। তাতে অভিযোগ করা হয়, ইরাকে আক্রমণের যৌক্তিকতা প্রতিষ্ঠা করতে টনি ব্লেয়ারের সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোয়েন্দা তথ্যের উপস্থাপন বদলে দিয়েছিল। এর মধ্যে ছিল ইরাক মাত্র ৪৫ মিনিটের মধ্যে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারে সক্ষম—এমন দাবি। এই তথ্য ও তার উপস্থাপন ইরাক আক্রমণের পক্ষে জনমত তৈরির ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। সেই যুদ্ধে প্রাণ হারান বিপুলসংখ্যক বেসামরিক মানুষ। ২০১৬ সালের ঐতিহাসিক চিলকট রিপোর্টে দেখা যায়, ইরাকে আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গোয়েন্দা তথ্য উদ্দেশ্যপ্রনোদিত ছিল এবং শান্তিপূর্ণ বিকল্পগুলো পুরোপুরি শেষ হওয়ার আগেই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার দাবিও শেষ পর্যন্ত প্রমাণিত হয়নি। রাষ্ট্রীয় বয়ানকে প্রশ্ন না করে প্রচার করার মাধ্যমে সংবাদমাধ্যমযুদ্ধের পক্ষে জনমত তৈরি করেছিল।
দ্য নিউইয়র্ক টাইমসের মতো প্রভাবশালী সংবাদমাধ্যমের ক্ষেত্রেও রাষ্ট্রীয় ক্ষমতা ও সংবাদ পরিবেশনার সম্পর্ক নিয়ে প্রশ্ন রয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা কিংবা তাঁকে আটক করার অভিযানের মতো স্পর্শকাতর বিষয়ে সংবাদমাধ্যমের তথ্যপ্রাপ্তি, তা প্রকাশের সময় এবং রাষ্ট্রীয় স্বার্থের সঙ্গে তার সম্পর্ক গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। কোনো অভিযান সম্পর্কে আগে থেকে জানা সত্ত্বেও সংবাদ প্রকাশ না করার সিদ্ধান্তের পেছনে কী যুক্তি কাজ করে, কোন তত্ত্ব আমাদের মনসত্ত্ব নিয়ন্ত্রণ করবে তা ঠিক করে দেয় ক্ষমতাসীনরা।
গোদী মিডিয়াগুলো কীভাবে কাজ করে, তা বুঝতে তাদের অর্থায়ন, বড় করপোরেটের স্বার্থ এবং নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোকে এসব করপোরেট প্রতিষ্ঠানের অর্থায়নের সংযোগ খতিয়ে দেখা জরুরি। এই সংযোগ বিশ্লেষণ করলেই সংবাদমাধ্যমের ক্ষমতাসীনদের পক্ষে কাজ করার পেছনের প্রণোদনা স্পষ্ট হয়। সেজন্য ভারতের নির্বাচন ও নির্বাচনী বন্ডের দিকে নজর দেওয়া প্রয়োজন।
ভারতের নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশের পর দেখা যায়, ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে বিজেপি এই ব্যবস্থার মাধ্যমে প্রায় ছয় হাজার কোটি রুপি পেয়েছে। বড় অনুদানদাতাদের মধ্যে ছিল মেঘা ইঞ্জিনিয়ারিং, বেদান্ত ও কুইক সাপ্লাই চেইনের মতো প্রতিষ্ঠান।
২০২৪ সালে ভারতের সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দেয়। এরপর নির্বাচনী ট্রাস্টের হিসাবেও বিজেপির আর্থিক আধিপত্য স্পষ্ট হয়েছে। ২০২৪–২৫ অর্থবছরে নির্বাচনী ট্রাস্টগুলো রাজনৈতিক দলগুলোকে মোট ৩ হাজার ৮২৬ কোটি রুপির বেশি দিয়েছে। এর মধ্যে বিজেপি পেয়েছে ৩ হাজার ১৫৭ কোটি রুপির বেশি—মোট অর্থের ৮২ শতাংশেরও বেশি। টাটা গোষ্ঠী পরিচালিত প্রগ্রেসিভ ইলেক্টোরাল ট্রাস্টের দেওয়া ৯১৫ কোটি রুপির মধ্যে বিজেপি পেয়েছে প্রায় ৭৫৮ কোটি। প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্টের ২ হাজার ৬৬৮ কোটি রুপির মধ্যে বিজেপির ভাগ প্রায় ২ হাজার ১৮১ কোটি। মেঘা ইঞ্জিনিয়ারিং দিয়েছে ১৭৫ কোটি, আর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পি ভি কৃষ্ণ রেড্ডি দিয়েছেন আরও প্রায় ১৪৫ কোটি রুপি।
যে প্রতিষ্ঠানগুলো হাজার হাজার কোটি রুপি রাজনৈতিক দলগুলোকে দিচ্ছে, তারা এর বিনিময়ে রাষ্ট্রের কাছ থেকে কী ধরনের অনুমোদন, ভর্তুকি, প্রকল্প ও ব্যবসায়িক সুবিধা পাচ্ছে?
অনুদানের পর টাটা গোষ্ঠীর দুটি সেমিকন্ডাক্টর প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের ৪৪ হাজার কোটি রুপির বেশি ভর্তুকি অনুমোদন পাওয়ার বিষয়টিও এই আলোচনায় গুরুত্বপূর্ণ। বিজনেস স্ট্যান্ডার্ড-এর ২০২৬ সালের ৩১ মে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বেদান্ত গোষ্ঠীর সিজিমালি প্রকল্পের জন্য ৩.৪ কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণে ৪.৯১১ হেক্টর বনভূমি ব্যবহারের চূড়ান্ত দ্বিতীয় পর্যায়ের বন ছাড়পত্র অনুমোদিত হয়েছিল। প্রকল্পটি ঘিরে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর বিরোধিতা, বনভূমির ব্যবহার ও অধিকারসংক্রান্ত প্রশ্ন রয়েছে। আন্দোলনকারীদের দমন করতে রাষ্ট্র বলপ্রয়োগ করে, আর মূলধারার সংবাদমাধ্যমের একাংশ সরকার ও করপোরেট প্রতিষ্ঠানের পক্ষে সম্মতি উৎপাদন করে চলে। নির্বাচনী অনুদানের হিসাব আর সরকারি সুবিধার হিসাব পাশাপাশি রাখলেই বোঝা যায়, রাষ্ট্রের অর্থনীতি ও রাজনৈতিক অর্থায়নের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। করপোরেটের টাকায় ক্ষমতায় আসা সরকার জনগণের প্রতিনিধিত্ব না করে পুঁজিপতিদের স্বার্থরক্ষাকারী সরকার হয়ে উঠে।
করপোরেট প্রতিষ্ঠানগুলো শুধু রাজনৈতিক দলকে টাকা দিয়েই ক্ষান্ত হয় না; সংবাদমাধ্যমের মালিকানা ও নিয়ন্ত্রণেও তাদের উপস্থিতি রয়েছে। মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে টিভি৯ নেটওয়ার্কের মালিকানাগত সম্পর্ক রয়েছে। রিলায়েন্স গোষ্ঠীর সঙ্গে নেটওয়ার্ক১৮, নিউজ১৮ ও সিএনবিসি-টিভি১৮-এর মতো সংবাদমাধ্যমের সম্পর্ক রয়েছে। অর্থাৎ, যেসব করপোরেট গোষ্ঠীর ব্যবসায়িক স্বার্থ সরকারের নীতি, প্রকল্প ও অনুমোদনের সঙ্গে জড়িয়ে আছে, তারাইসংবাদমাধ্যমের মালিকানায়ও রয়েছে।
গোদী মিডিয়ার জন্মও এই ধারাবাহিকতায়। যে পুঁজিপতি রাজনৈতিক ক্ষমতার পেছনে হাজার হাজার কোটি রুপি ঢালে, সেই পুঁজির মালিকানাধীন সংবাদমাধ্যম যখন ক্ষমতার কাজকর্মের পাহারাদার হয়ে ওঠে, তখন জনগণ প্রশ্ন করবে কাকে? যে প্রতিষ্ঠানকে প্রশ্ন করার কথা, সেই প্রতিষ্ঠানই যদি প্রশ্নের মুখে থাকা ক্ষমতার সঙ্গে একই স্বার্থের জালে আটকে থাকে, তাহলে স্বাধীন সাংবাদিকতা কাগজে-কলমে থেকে যায়, বাস্তবে নয়। ভারতের চলমান আন্দোলনে দেখা যাচ্ছে, বাংলাদেশের ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় বিটিভির যে চরিত্র দেখা গিয়েছিল, ভারতের মূলধারার সংবাদমাধ্যমের একাংশও যেন সেই চরিত্রেই আবির্ভূত হয়েছে। আন্দোলনকারীদের বিচ্ছিন্নতাবাদী, মুসলমানদের ষড়যন্ত্রের অংশ কিংবা বিদেশি ষড়যন্ত্রের অংশ—এমন নানা পরিচয়ে আখ্যায়িত করার চেষ্টা চলছে। আর এভাবেই তারা মোদির গদিকে রক্ষা করে চলেছে।
ভারতের অভ্যন্তরীণ অঞ্চলগুলো—যেগুলো ঘন অরণ্যে আবৃত ও খনিজসম্পদে সমৃদ্ধ, অথচ যেখানে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠী চরম দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটায়—সেখানে উন্নয়নের নামে প্রতিশ্রুতি ভঙ্গ, বাস্তুচ্যুতি, বঞ্চনা ও ক্ষমতাহীনতার এক দীর্ঘ কাহিনি রচিত হচ্ছে। ওড়িশার নিয়ামগিরি হোক কিংবা ভারতের অন্য কোনো অঞ্চল, আদিবাসীরা এমন নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন, যে নীতি তাঁদের ঘরবাড়ি ও জমি থেকে উচ্ছেদ করতে চায়। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলও সেই তালিকায় যুক্ত হয়েছে।
ওড়িশা ও ছত্তিশগড়ের খনিজসম্পদ, বনভূমি ও আদিবাসীদের উচ্ছেদের প্রশ্নে করপোরেটের স্বার্থ রক্ষা করে চলেছে বিজেপি সরকার। করপোরেটের কাছে পাহাড় মানে খনিজ, জঙ্গল মানে প্রকল্পের জমি; আর আদিবাসীদের কাছে সেগুলো জীবন ও জীবিকার ভিত্তি। উন্নয়নের নামে কার জমি কেড়ে নেওয়া হচ্ছে, কারা মুনাফা করছে, কারা বাস্তুচ্যুত হচ্ছে—এই প্রশ্নগুলো সামনে আনার বদলে সংবাদমাধ্যম যদি করপোরেটের উন্নয়নের গল্পই প্রচার করে, তবে সেই সাংবাদিকতা জনগণের নয়, মালিকের।
এই প্রেক্ষাপটে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ নির্মূলের ঘোষণা দিয়েছিলেন। উন্নয়ন ও শিল্পায়নের প্রতিশ্রুতির আড়ালে আদিবাসীদের জমি অধিগ্রহণ এবং তাঁদের প্রতিবাদ দমনের অভিযোগ উঠে এসেছে। রাষ্ট্র ও কোম্পানি প্রকল্পগুলোকে অর্থনৈতিক অগ্রগতির উপায় হিসেবে তুলে ধরলেও স্থানীয় জনগোষ্ঠীর কাছে এগুলো ভূমি, জীবিকা, বন ও নিজস্ব জীবনব্যবস্থা রক্ষার লড়াই। উন্নয়নের সুফল কারা ভোগ করবে এবং তার মূল্য কাদের দিতে হবে—সেটিই বস্তারের মানুষের কেন্দ্রীয় প্রশ্ন।
২০০৫ সালে ছত্তিশগড় সরকার টাটা স্টিলের সঙ্গে বছরে ৫৫ লাখ টন ইস্পাত উৎপাদনক্ষম কারখানা নির্মাণের জন্য ১৯ হাজার ৫০০ কোটি রুপির বিনিয়োগ পরিকল্পনায় সমঝোতা স্মারক স্বাক্ষর করে। প্রকল্পটির জন্য দুই হাজার হেক্টরের বেশি জমি প্রয়োজন ছিল। এতে ১০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
আদানি গোষ্ঠী ছত্তিশগড়ের হাসদেও আরান্দ অঞ্চলের বিশাল কয়লা খনি প্রকল্পের সঙ্গে যুক্ত। অন্যদিকে, টাটা স্টিল ও জেএসডব্লিউ ওড়িশায় লৌহ আকরিক ও কয়লা খনির বড় প্রকল্প নিয়েছে। বেদান্ত রিসোর্সেস ওড়িশার নিয়ামগিরি ও লাঞ্জিগড় অঞ্চলে বক্সাইট ও অ্যালুমিনিয়াম উত্তোলনের সঙ্গে যুক্ত। জল, জমি ও জীবিকা ধ্বংস করে করপোরেটগুলো যাতে নির্বিঘ্নে সেখানকার আদিবাসীদের ওপর নিপীড়ন চালাতে পারে, সেই ব্যবস্থাকেই শক্তিশালী করে চলেছে বিজেপি সরকার।
মোদির দাপট শুধু প্রশ্নবিদ্ধ নির্বাচনে জেতার দাপট নয়। এই দাপটের পেছনে আছে বিপুল রাজনৈতিক অর্থ, করপোরেট স্বার্থ এবং জনমত তৈরির শক্তি। যে গোদী মিডিয়া স্বৈরাচারের ক্ষমতাকে আরও শক্তিশালী করে, তাকে শুধু কয়েকটি চ্যানেলের সমালোচনা করে থামানো যাবে না। ভাঙতে হবে সেই করপোরেট আধিপত্য, যে আধিপত্য রাজনৈতিক দলকে অর্থ দেয়, সংবাদমাধ্যমের মালিকানা নিয়ন্ত্রণ করে এবং জনগণের সম্পদকে মুনাফার পণ্যে পরিণত করে।
মোদির গদিকে নাড়াতে হলে সেই গদিকে শক্তিশালী করে রাখা করপোরেটের দানবীয় শক্তিকেও ভেঙে চুরমার করতে হবে। জনগণের এই লড়াই করপোরেট পুঁজির বিরুদ্ধেও। যে পুঁজি রাজনৈতিক দলকে অর্থ জোগায়, রাষ্ট্রীয় নীতিকে নিজের স্বার্থে প্রভাবিত করে, সংবাদমাধ্যমের মালিকানা দখল করে এবং জনগণের জমি, বন, জল ও জীবিকাকে মুনাফার উৎসে পরিণত করে, তাকে প্রশ্নের বাইরে রেখে গণতন্ত্রের লড়াই পূর্ণ হতে পারে না। এই বাস্তবতায় ঢাকা পেপার্সের মতো স্বাধীন সংবাদমাধ্যমের গুরুত্ব তৈরি করে। ক্ষমতার ভাষ্য পুনরুৎপাদন না করে, করপোরেট স্বার্থের আড়ালে থাকা তথ্য উন্মোচন করে এবং প্রান্তিক মানুষের অভিজ্ঞতা ও আন্দোলনের কণ্ঠকে বৃহত্তর জনগণের কাছে পৌঁছে দিয়ে স্বাধীন সংবাদমাধ্যম জনতার লড়াইকে শক্তি জোগাতে পারে। তবে কোনো সংবাদমাধ্যমের স্বাধীনতা শুধু তার পরিচয়ে নিশ্চিত হয় না; মালিকানা, অর্থায়ন, সম্পাদকীয় স্বাধীনতা, তথ্যের নির্ভুলতা ও জবাবদিহির মধ্য দিয়েই তা প্রমাণিত হয়। জনগণের কণ্ঠকে আরও জোরালো করে তোলার মতো সংবাদমাধ্যম গড়ে তোলা গণতন্ত্র ও মুক্তির সংগ্রামেরও অংশ।
____
*লেখক: নূজিয়া হাসিন রাশা
গবেষক ও সাংবাদিক
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



