হিন্দুত্ববাদের পিছু হটা ও ফ্যাসিবাদের মুখপত্র গোদি মিডিয়ার ভূমিকা
স্কেচ: এআই
ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনে ব্যাপকভাবে ভীত ভারতের ফ্যাসিবাদী বিজেপি সরকার। এখন তাদের একমাত্র ভরসা গোদি মিডিয়া।
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর দিল্লির যন্তরমন্তর থেকে ছাত্রজনতার অবস্থান উঠে যাওয়ায় প্রথমে বিজেপি ভেবেছিল আবার বুঝি রাষ্ট্রযন্ত্রকে নিয়ে তারা আগের জায়গায় ফিরবে। ভেবেছিল, জেন-জির তরুণদের বোকা বানাতে সক্ষম হয়েছে তারা। সেইমতো একদিকে ভারতের সংসদে ধর্মেন্দ্র প্রধানকে বিজেপির তরফে পাগড়ি পরিয়ে সংবর্ধনাও দেওয়া হয়, অন্যদিকে পশ্চিমবঙ্গ, বিহার ও অসমে আন্দোলনকারী ছাত্রজনতার উপর নেমে আসতে থাকে দমনপীড়ন।
গত শনি, রবি ও সোমবার মিলিয়ে পশ্চিমবঙ্গেই গ্রেপ্তার করা হয় মোট ১৬ জনকে। ধৃত ১৬ জনের মধ্যে ১৫ জনই সংখ্যালঘু। অসম ও বিহারেও চলে গ্রেপ্তার। কিন্তু শেষমেশ ককরোচ পার্টির থেকে দিল্লিতে সাফ জানানো হয়, অবস্থান প্রত্যাহারের শর্ত ছিল, দিল্লি ও বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি দমনপীড়ন বন্ধ করা এবং দিল্লির আন্দোলনে যেভাবে পুলিশ লাঠি, রাবার বুলেট ও পেলেট গান চালিয়েছে, তার জন্য দোষী পুলিশ কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। এমনকি যেসব আন্দোলনকারীর বিরুদ্ধে পুলিশ মামলা করেছে সেইসব মামলা প্রত্যাহারের বিষয়টিও শর্তের মধ্যে ছিল। এইসব শর্তসাপেক্ষেই দিল্লির যন্তরমন্তর থেকে অবস্থান উঠলেও পুলিশ ফের নতুন করে বিহার-অসম ও পশ্চিমবঙ্গে আন্দোলনকারীদের গ্রেপ্তার করছে। নামানো হচ্ছে পুলিশি সন্ত্রাস।
ককরোচ নেতৃত্বের তরফে সাফ জানানো হয়, অবিলম্বে ধৃতদের মুক্তি না দিলে এবং মামলা প্রত্যাহার না হলে ফের বড়সড় আন্দোলনে তাঁরা নামবেন। একই হুঁশিয়ারি দেন আইসা নেত্রী নেহা বোরাও। আদালতও ছাত্রদের এই দাবির পক্ষে দাঁড়ায়। যার জেরে অবশেষে মাথা নোয়াতে বাধ্য হয়েছে ভারত সরকার ও বিজেপি। যদিও পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিজেপির এজেন্ডা বাস্তবায়নে আরএসএসের তরফে সরাসরি মাঠে নামানো হয়েছে গৈরিক গোদি মিডিয়াকে।
গত ২৪ জুলাই কলকাতায় লাখো ছাত্রজনতার মিছিলে নাকি সাংবাদিকরা নিগৃহীত হন, এমন অভিযোগ উঠতে শুরু করে। যদিও মিছিলের আয়োজক চার গুরুত্বপূর্ণ বামপন্থী ছাত্রসংগঠন আইসা, এসএফআই, ডিএসও এবং পিডিএসএফ সাফ জানিয়ে দেয়, মিছিলে আরএসএসের গুন্ডারা ঢুকে সাংবাদিক ও পুলিশের ওপর হামলার চেষ্টা চালিয়েছিল যাতে মিছিল ভন্ডুল হয়, কিন্তু তা রুখে দেয় আন্দোলনকারী ছাত্রজনতাই। যদিও এরপরেই মাঠে নামেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি অনুগত বড় অংশের গোদি মিডিয়া। রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে একটি সম্প্রদায়কে টার্গেট করে মুখ্যমন্ত্রী বলেন, “শুক্রবারের লোকেরা মিছিলে ঢুকে হামলা চালিয়েছে। সাংবাদিকদের মারা হয়েছে।” তিনি জানান, এই ঘটনায় ৭০ জনকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। গুন্ডা দমন আইনে পুলিশ পদক্ষেপ করবেন বলেও জানান শুভেন্দু।
এরপর সাংবাদিকদের দায়ের করা ৬টি এফআইআর ও কলকাতা পুলিশের দায়ের করা আরও একটি এফআইআরের ভিত্তিতে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে তিন দফায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। মাঝরাতে, ভোরে হানা দিয়ে আন্দোলনকারীদের গ্রেপ্তার করার অভিযোগ ওঠে শুভেন্দুর পুলিশের বিরুদ্ধে। বিহার ও অসমেও প্রায় একই ধরনের ঘটনা ঘটতে থাকে। এই পর্যায়ে আন্দোলনকারীদের অনেকেই ককরোচ জনতা পার্টির দুই মুখপাত্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। প্রশ্ন ওঠে, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও দোষী পুলিশদের শাস্তি সুনিশ্চিত না করেই তাঁরা অবস্থান প্রত্যাহার করলেন কেন? অবস্থান তুলে নেওয়ার ফলেই ফ্যাসিস্ট শক্তি ফের স্বমহিমায় দমনপীড়ন চালাচ্ছে।
এর দায় নিতে হবে ককরোচদের মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে। এই ধরনের সমালোচনার পরেই ককরোচ জনতা পার্টির তরফে জানানো হয়, পুলিশি দমনপীড়ন অব্যাহত থাকলে, ধৃতদের মুক্তি না দেওয়া হলে এবং সব মামলা প্রত্যাহার না হলে ফের বিক্ষোভ অবস্থান শুরু হবে। আইসা নেত্রী নেহা বোরা রওনা দেন বিহারে। বিহার সরকারের সঙ্গে দেখা করে তিনিও এই হুঁশিয়ারি দেন। তাঁদের সম্মিলিত এই ঘোষণায় নড়েচড়ে বসে ভারতের কেন্দ্রীয় সরকার। এরপর সোমবার রাতে ফের ককরোচ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে কেন্দ্রীয় সরকার। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপির প্রবীণ নেতা জেপি নাড্ডা মঙ্গলবার ভোরে জানান, বিহার ও অসম সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করেছে। ধৃতদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও এই পথে হাঁটবে বলে আশ্বাস দেওয়া হয়।
গোটা বিষয়টিতে স্পষ্ট হয়, ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনে ব্যাপকভাবে ভীত ভারতের ফ্যাসিবাদী বিজেপি সরকার। এখন তাদের একমাত্র ভরসা গোদি মিডিয়া। এ কারণেই পশ্চিমবঙ্গে তারা গোদি মিডিয়ার সাংবাদিকদের দিয়ে অভিযোগ দায়ের করিয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। সেখানেই থেমে থাকেনি তারা। গোদি মিডিয়ার সাংবাদিকরা সোমবার কলকাতা ধর্মতলায় ছাত্রজনতার বিরুদ্ধে মিছিলও করেন। ওই একই দিনে বিজেপির নেতাকর্মীরাও কলকাতার শিয়ালদহ থেকে ধর্মতলা অবধি মিছিল করেন। ওই মিছিলে ইসলামবিদ্বেষী ও কমিউনিস্টবিদ্বেষী স্লোগানও ওঠে। আন্দোলনকারীদের ‘দেশদ্রোহী’, ‘জঙ্গি’, ‘ডিপস্টেটের এজেন্ট’ ইত্যাদি ট্যাগ দেওয়া হয়। কিন্তু তারপরেই কেন্দ্রীয় সরকার ছাত্রজনতার চাপে ফের পিছু হটায় যারপরনাই হতাশ পশ্চিমবঙ্গের বিজেপির অন্ধভক্তরা, হতাশ গোদি মিডিয়াও।
আমরা এই পর্বে প্রত্যক্ষ করলাম, গোদি মিডিয়ার ফ্যাসিবাদী আচরণ। তৌহিদি জনতা নামের একটি সংগঠনের নেতা সালমানকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাওয়ার সময় দেখা যায়, প্রিজন ভ্যানের সামনে গিয়ে কুৎসিতভাবে তাঁকে কটূক্তি করছেন সাংবাদিকরা। সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে আরএসএস-বিজেপি কর্মীদের কায়দাতেই বিষোদ্গার করছেন কলকাতার গোদি মিডিয়ার বিকিয়ে যাওয়া সাংবাদিকরা। গোটা ভারতের ছাত্রজনতা যখন শিক্ষা, কর্মসংস্থান-সহ বুনিয়াদি দাবিদাওয়া ও গণতন্ত্র পুনঃস্থাপনের লক্ষ্যে লড়াই করছেন, তখন আরএসএস-বিজেপির ন্যারেটিভকে ফের চাঙ্গা করতে হিন্দু-মুসলিম বাইনারির অপরাজনীতির হাল ধরেছেন এইসব সাংবাদিকরা।
গোটা বিশ্বের ১৮০টি দেশের নিরিখে ভারতের ‘প্রেস ফ্রিডম ইন্ডেক্স’ এই মুহূর্তে ১৫৭। যা উদ্বেগজনক। গণতন্ত্র প্রসারে ও রাষ্ট্রের প্রগতিতে সংবাদমাধ্যমের ভূমিকা বিরাট। কিন্তু ভারতের বেশিরভাগ প্রাতিষ্ঠানিক মিডিয়া ও ডিজিটাল মিডিয়ার একাংশ যেভাবে গোয়েবেলসীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে তা সামগ্রিকভাবে তাদের গণবিরোধী চরিত্রকেই উন্মোচিত করছে। আর গোটা ভারতের তুলনায় পশ্চিমবঙ্গে গণমাধ্যমের ভূমিকা সার্বিকভাবে যে কদর্য, তা বিগত ছাত্রজনতার এই অভ্যুত্থান পরিস্থিতি তৈরি হওয়ার মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো।
ভারতের হিন্দি-হিন্দু-হিন্দুস্তানি ফ্যাসিবাদের শেষ ভরসাই এখন এই গোদি মিডিয়া। কিন্তু আশার কথা এটাই যে, বহু স্বাধীন-গণতান্ত্রিক ডিজিটাল গণমাধ্যম গোটা বিশ্বের মতোই ভারতেও অবতীর্ণ হয়েছে। তারা এখন আর বিকল্প নয়, তারাই এখন গোদি মিডিয়াকে ছাপিয়ে হয়ে উঠছে ‘মেইনস্ট্রিম’। আর এই প্রবণতা যত বাড়ছে, ততই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছে মোদি-শাহ নেতৃত্বাধীন ভারতের বিজেপি সরকার।
--
লেখক: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক, কলকাতা, ভারত।
ইমেইল: [email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



