৭৫ কোটি ছাড়াল জেমিনাই ব্যবহারকারী: গুগলের নতুন রেকর্ড

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের লড়াইয়ে বড় ধরনের মাইলফলক স্পর্শ করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটির এআই চ্যাটবট ‘জেমিনাই’র মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন ৭৫ কোটিতে পৌঁছেছে। ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, গত প্রান্তিকে জেমিনাই ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬৫ কোটি। অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে এই সংখ্যা ১০ কোটি বেড়েছে, যা এআই খাতে গুগলের শক্তিশালী অবস্থানের প্রমাণ।
বর্তমানে মেটা এআইয়ের মাসিক ব্যবহারকারী ৫০ কোটির কাছাকাছি। তবে জনপ্রিয়তায় এগিয়ে গেলেও প্রধান প্রতিদ্বন্দ্বী চ্যাটজিপিটির চেয়ে এখনো কিছুটা পিছিয়ে রয়েছে জেমিনাই। গত বছরের শেষ নাগাদ চ্যাটজিপিটির মাসিক ব্যবহারকারী ছিল প্রায় ৮১ কোটি।
গুগলের সবচেয়ে উন্নত এআই মডেল ‘জেমিনাই ৩’ বাজারে আসার পরপরই ব্যবহারকারীর এই উল্লম্ফন দেখা গেল। গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাই এক বিবৃতিতে বলেন, ‘জেমিনাই ৩-এর অন্তর্ভুক্তি কোম্পানির প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে। বর্তমানে আমাদের এআই মডেলগুলো প্রতি মিনিটে প্রায় এক হাজার কোটি টোকেন প্রসেস করছে।’
প্রবৃদ্ধি আরও বাড়াতে গুগল সম্প্রতি ‘গুগল এআই প্লাস’ নামে একটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে, যার মাসিক খরচ ৭ দশমিক ৯৯ ডলার। যদিও এই আয় গত প্রান্তিকের হিসাবে যোগ হয়নি, তবে ভবিষ্যতে এটি সাধারণ গ্রাহকদের আরও বেশি আকৃষ্ট করবে বলে আশা করছেন গুগলের চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার।
এআই বিভাগের এই অভাবনীয় সাফল্যের ওপর ভর করে প্রথমবারের মতো গুগলের বার্ষিক আয় ৪০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার নতুন রেকর্ড গড়েছে। এআই চিপের বাজারে আধিপত্য বাড়াতে সম্প্রতি নিজস্ব চিপ ‘আয়রনউড’ বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। সুন্দার পিচাইয়ের মতে, সার্চ ইঞ্জিনে এআই প্রযুক্তির ব্যবহার গুগলের প্রবৃদ্ধিকে অন্য মাত্রায় নিয়ে গেছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



