গ্যাসের সংকট: ভাড়া বেড়েছে উবার ও সিএনজিতে


স্কেচ: এআই
রাস্তায় যানজট কিংবা গাড়ির শব্দ কমে যাওয়ার এই আপাতদৃশ্য কোনো স্বস্তির বার্তা বহন করছে না; বরং এর আড়ালে লুকিয়ে আছে এক নিষ্ঠুর অর্থনৈতিক অচলাবস্থা।
রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর থেকে নিকেতন—সাধারণত অটোরিকশার ভাড়া ২০০ টাকার আশপাশে থাকলেও, এখন তা ৩০০ টাকার নিচে মিলছে না। বাড়তি ভাড়ার কারণ জানতে চাইলে চালকেরা জানাচ্ছেন তাঁদের দীর্ঘ ভোগান্তির কথা। গ্যাস নিতে পাম্পগুলোতে দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে, তা–ও আবার গ্যাসের চাপ বা প্রেসার কম। সারারাত নির্ঘুম দাঁড়িয়ে থেকে বড়জোর ১৫০ থেকে ২০০ টাকার গ্যাস মিলছে। অথচ মালিকের দৈনিক জমা বা ভাড়ার ১৫০০ টাকার কোনো হেরফের হয়নি। জমার টাকা জোগাতেই সারা দিন কেটে যায় তাঁদের, পরিবারের খরচ চালানোর আর কোনো অর্থ থাকে না।
শুধু সিএনজিচালিত অটোরিকশা নয়, একই দূরত্বে অ্যাপভিত্তিক পরিবহন উবারের ভাড়াও হঠাৎ করে ৪০ থেকে ৫০ শতাংশ বেড়ে গেছে। যদিও এই বাড়তি ভাড়ার কোনো সুনির্দিষ্ট কারণ তারা জানায়নি।
শুধু পরিবহন খাত নয়, ঢাকাসহ সারা দেশে তীব্র গ্যাস–সংকট তৈরি হয়েছে। রাজধানীর ধানমন্ডি ও এর আশপাশের এলাকায় গ্যাসের অভাবে অনেক বাড়ির রান্নাঘর স্থবির হয়ে পড়েছে। মোহাম্মদপুরে খোদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর বাসভবনের আশপাশের এলাকায়ও গ্যাসের হাহাকার। রান্নার স্বাভাবিক সময়সূচি পুরোপুরি ভেঙে পড়েছে।
চুলায় পর্যাপ্ত গ্যাসের জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বাধ্য হয়ে কর্মজীবী নারীদের পরদিন আধো ঘুম চোখে নিয়েই অফিসের উদ্দেশে ছুটতে হচ্ছে।
গত কয়েক দিনে ঢাকার রাস্তায় যানবাহনের চাপ বেশ কম। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহন ও অটোরিকশার সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে। এই সুযোগে দুই দিনের ব্যবধানে লাফিয়ে লাফিয়ে ভাড়া বাড়াচ্ছেন চালকেরা। এর মূল কারণ ওই একটাই—গ্যাসের অভাব। ২০০ টাকার গ্যাস দিয়ে সারা দিন গাড়ি চালানো তাঁদের পক্ষে অসম্ভব, অথচ সংসারের বাজার খরচ বেড়েই চলেছে।
রাস্তায় যানজট কিংবা গাড়ির শব্দ কমে যাওয়ার এই আপাতদৃশ্য কোনো স্বস্তির বার্তা বহন করছে না; বরং এর আড়ালে লুকিয়ে আছে এক নিষ্ঠুর অর্থনৈতিক অচলাবস্থা। শহরের ফুসফুস যেন গ্যাসের অভাবে বুজে আসছে, আর জ্বালানির অভাবে রক্ত চলাচল থমকে গেছে। সবচেয়ে বড় বিপদে পড়েছেন অটোরিকশাচালকেরা, যাঁদের এই শহরের যোগাযোগের ‘অনানুষ্ঠানিক প্রাণরেখা’ বলা যায়। তাঁদের কাছে শুনলে বোঝা যায়, দুঃসময় কতটা প্রকট রূপ নিয়েছে।
বাধ্য হয়ে চালকেরা যাত্রীর কাছে বাড়তি ভাড়া চাইছেন, আর প্রশ্নের মুখে অসহায়ত্বের কথা তুলে ধরছেন। অথচ শহরের একটা বড় অংশের মধ্যবিত্ত নাগরিক এখন এই বাস্তবতা থেকে বহু দূরে, অন্তর্জালের মায়াজালে তাঁরা বুঁদ। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপ্রাসঙ্গিক, অমূলক কিংবা ব্যক্তিগত সম্পর্ক ও নীতি-নৈতিকতার ফতোয়া নিয়ে তুমুল তর্কবিতর্ক চলছে। কে কাকে বিয়ে করল, বৈধ-অবৈধ সম্পর্কের চুলচেরা বিশ্লেষণ—এসব নিয়েই তাদের যেন যাবতীয় গবেষণা।
এসব তাত্ত্বিক বিতর্কে হারিয়ে যাচ্ছে পেট্রলপাম্প বা গ্যাসের লাইনে সারা রাত নির্ঘুম কাটানো ওই প্রান্তিক মানুষগুলোর নীরব হাহাকার। চালকের কাছে তবু বাড়তি ভাড়ার কারণ জানতে চাওয়া যায়, কিন্তু উবার, পাঠাও, সহজ বা ওভাইয়ের মতো অ্যাপভিত্তিক সেবার ক্ষেত্রে যাত্রীদের চুপচাপ নির্ধারিত টাকা দিয়ে নেমে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।
নিম্ন আয়ের মানুষদের রোজগার কমে যাওয়ার নেতিবাচক প্রভাব সার্বিক অর্থনীতিতে কতটা নির্মমভাবে পড়ে, তা ভাবলে শিউরে উঠতে হয়। এর একটি নিষ্ঠুর ‘ডমিনো ইফেক্ট’ বা ধারাবাহিক প্রভাব রয়েছে।
সকালবেলা রাস্তার মোড়ে যিনি গরম ভাত বা খাবার নিয়ে বসেন, তাঁর মূল ক্রেতা এই রিকশা বা অটোরিকশাচালকেরাই। সিগন্যালে দাঁড়িয়ে থাকা ফুল বা কলা বিক্রেতা কিশোরটির রোজগারও নির্ভর করে এই চালকদের ওপর। একজন চালকের পকেট খালি থাকার অর্থ হলো ফুটপাতের ওই ছোট দোকানি বা ফেরিওয়ালারও খালি হাতে ঘরে ফেরা।
শহরের অর্থনীতির এক বিশাল ও অদৃশ্য পিরামিড দাঁড়িয়ে আছে একেবারেই তলানির এই মানুষগুলোর আয়ের ওপর। সেই ভিত্তিটিই যখন ধসে পড়তে থাকে, তখন পুরো কাঠামোই টালমাটাল হতে বাধ্য। কিন্তু তা নিয়ে মাথাব্যথা কার?
এই সংকট এক দিনের নয়। ব্যবসা-বাণিজ্যের যে মন্দা পরিস্থিতি শুরু হয়েছিল, তা এখন যেন অর্থনীতির একটি স্থায়ী রূপে পরিণত হয়েছে। নতুন নির্বাচিত সরকার আসার পর ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও জ্বালানির এই হাহাকার মেটেনি। তেলের অভাব, গ্যাসের তীব্র সংকট—সব মিলিয়ে মনে হচ্ছে, সংকট সমাধান নয়; বরং সংকট জিইয়ে রাখাই যেন স্থায়ী রীতি হয়ে দাঁড়িয়েছে।
জ্বালানি খাত–সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকেরা সাধারণ মানুষের দুর্দশা দেখেও যেন ঘুমিয়ে আছেন। অন্যদিকে নতুন মোড়কে ক্ষুদ্রঋণ বা হালাল ব্যবসার নামে প্রান্তিক মানুষগুলোর কাঁধে ঋণের নতুন বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, যা প্রকারান্তরে তাদের আর্থিক দাসত্বের দিকেই ঠেলে দেয়।
শহরের দুই চিত্র এখন অত্যন্ত রূঢ়। একদিকে একটা বড় শ্রেণি গ্যাসের লাইনে দাঁড়িয়ে টিকে থাকার কঠিন লড়াই করছে, অন্যদিকে আরেক শ্রেণি এসব বাস্তবতাকে আড়ালে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মতৃপ্তির বড়াই করছে। জ্বালানি সংকট কেবল গাড়ির ইঞ্জিনই বন্ধ করে না, এটি অসংখ্য মানুষের বেঁচে থাকার সম্ভাবনাকেও রুদ্ধ করে দেয়।
জুলাইয়ের গণ-অভ্যুত্থান কিংবা যেকোনো রাজনৈতিক পরিবর্তনের আসল উদ্দেশ্য তখনই সার্থক হবে, যখন নীতিনির্ধারকদের দৃষ্টি ফুটপাতের ডাল-ভাত বিক্রেতা, গ্যাসস্টেশনে নির্ঘুম অটোরিকশাচালক ও দিনমজুরের থালার দিকে পড়বে। অন্তর্জালের আলাপ-প্রলাপ ও ফতোয়ার বৃত্ত থেকে বেরিয়ে এবার সবার বাস্তবতার মাটিতে নামা প্রয়োজন। নিয়ন আলোর আড়ালে শহরে প্রতিদিন যে নিঃশব্দ কান্না ঝরে পড়ছে, তা থামানোর দিকেই এখন সবার দৃষ্টি ফেরানো উচিত। নাহলে সব অর্জনই ফাঁপা বুলিতে পরিণত হবে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



