শ্রমিকের দক্ষতা কেন কম আর মালিকের দক্ষতা কতখানি?

ঢাকা পেপার্স গ্রাফিক্স
কার্যত পরিস্থিতি এমন যে গার্মেন্টস মালিকের মুনাফা কেবল শ্রমিকের উদ্বৃত্ত মূল্য থেকে আসছে না, সেটির একটা উল্লেখযোগ্য অংশ আসছে সরাসরি শ্রমিকের মজুরি চুরি থেকে। এই মজুরি চুরি ঘটছে প্রধানত দুইভাবে। প্রথমত, গ্রেড ম্যানিপুলেশন করে। অর্থাৎ, যার যে গ্রেডে পদোন্নতি পাওয়ার কথা, তাঁকে সেই গ্রেডে পদ না দিয়ে নিচের গ্রেডে পদ দিয়ে রাখা। দ্বিতীয়ত, শ্রমিককে তাঁর লিভিং ওয়েজ বা প্রাণধারণের জন্য ন্যূনতম মজুরিটুকু না দিয়ে।
গার্মেন্টস শিল্পে যখনই শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবি তোলেন, তখনই গার্মেন্টস মালিকদের কাছ থেকে যুগ যুগান্তরের একই ঘ্যানর ঘ্যানর শোনা যায়—আমাদের দেশের শ্রমিকের দক্ষতা কম, উৎপাদনশীলতা কম। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস পণ্য রপ্তানিকারক দেশ হওয়ার পরেও এই কথা বলতে মালিকদের লজ্জা লাগে না। তাঁদের কথা শুনে মনে হয়, আমাদের দেশের শ্রমিকের উৎপাদনশীলতা কম—সেটার দায় বুঝি শ্রমিকের। অথচ ঘটনা ঠিক তার উল্টো।
কয়েক দিন আগেও দেখা গেল, একজন শীর্ষস্থানীয় গার্মেন্টস ব্যবসায়ী ফুটানি মারার জন্য বলে বসলেন যে বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে কোনো কাজ না জানলেও একজনকে হেলপার শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পৃথিবীর আর কোনো দেশে এই রকম হেলপার পদ নেই। এঁদের কথা শুনে মনে হয়, হেলপাররা মালিককে বেঁধে রেখে জিম্মি করে বুঝি হেলপারের চাকরি নিয়েছে। অথচ বাস্তবতা তো তা নয়। ‘কোনো কাজ না জানা’ হেলপাররা বসে বসে টাকা নেয় না। খেটেই নেয়। তার খাটুনির যদি কোনো কার্যকর মূল্যই না থাকত, তাহলেও তাকে কাজে রাখবে—মালিকরা কবে থেকে এত বড় দাতা হাতেমতাই হয়ে গেলেন?
মালিকদের বরং প্রশ্ন করা দরকার যে কেন এতগুলো দশক এই শিল্প পার করার পরেও, এই দেশে মালিকদের উদ্যোগে, ব্যবস্থাপনায় বিনামূল্যে বা অতি স্বল্প মূল্যে মালিকের ভাষায় ‘কোনো কাজ না জানা’ যেসব মানুষ গার্মেন্টস শ্রমিক হতে চান, তাঁদের জন্য পর্যাপ্ত কার্যকর ট্রেনিং ইনস্টিটিউট তৈরি হলো না? এই ট্রেনিং ইনস্টিটিউটগুলো তো মালিকদের নিজেদের স্বার্থেই আরও বহু আগে হয়ে যাওয়া উচিত ছিল। মালিকদেরই তো এমন ব্যবস্থা করার দরকার ছিল, তাঁদের নিজেদের স্বার্থে, যাতে প্রতিটি সম্ভাব্য শ্রমিকই ট্রেনিং শেষে সরাসরি অপারেটর হিসেবেই তাঁর কর্মজীবন শুরু করতে পারেন। তাতে মালিকেরাই তো আরও দক্ষ শ্রমিক পেতেন একদম নিম্নতম পর্যায় থেকেই। মালিকেরা এই জরুরি কাজটা করেন না কেন? এটা করতে কয় টাকা লাগে?
শ্রমিকের বেতন বাড়ানোর কথা শুনলেই মালিকরা শুনিয়ে দেন, বায়ারদের কাছ থেকে তাঁরা যথাযথ মূল্য পান না। কিন্তু প্রশ্ন হলো, সেই মূল্য আদায়ের কাজটা কার? সেটা মালিকের কাজ। এ দেশের মালিকদের সেই দক্ষতা ও মেরুদণ্ড এখনো তৈরি হলো না কেন, যাতে তাঁরা বায়ারদের কাছ থেকে আরও ভালো দরকষাকষি করতে পারেন? কেন এখনো অজস্র গার্মেন্টস কারখানা সাবকন্ট্রাক্টিং করে চলে? এই যে সাবকন্ট্রাক্টিং করে তাঁরা চলেন, এটাও আরেকটা পরিষ্কার ইঙ্গিত যে বিপুলসংখ্যক গার্মেন্টস মালিকের আসলে সেই দক্ষতাটুকুও নেই যে তাঁরা সরাসরি বায়ার ধরতে পারেন।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারকের অবস্থান অর্জন করার পরেও গার্মেন্টস শিল্পে প্রযুক্তিগত উন্নয়ন, অটোমেশন ইত্যাদির অভাবের কথা আমাদের শুনতে হচ্ছে। বলা হয়, এটা একটা অন্যতম বড় কারণ, যেজন্য আমাদের শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়ানো যাচ্ছে না। প্রশ্ন হলো, এই প্রযুক্তিগত উন্নয়নটুকুও কি তাহলে শ্রমিকরা করে দেবেন? মালিকের কাজ কী তাহলে? তাঁদের মুনাফা দিয়ে তাঁরা তাহলে কোন গোপন পুঁজির পুঞ্জীভবন করেন?
মালিকদের মুনাফার কথা উঠলেই অবশ্য মালিকরা আমাদের শোনান, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের নিট মুনাফা কত কম। শ্রমিকের বেতন বাড়ানোর কথা উঠলেও মালিকদের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে সামনে যে ন্যারেটিভটা ‘যৌক্তিকতা’ নিয়ে হাজির হয়, সেটি হলো—তাঁদের নিট মুনাফা কম। তাঁদের ‘গরিবি’ হালত। যদিও তাঁরা আসলে ব্যবসাটা করেন বিশাল ভলিউমে উৎপাদন করার কারণে। কাগজে-কলমে নিট মুনাফা গড়ে ৫ থেকে ৯ শতাংশ বলে পত্রিকায় সংবাদ আছে। ইদানীংকালে সেটা কেউ কেউ ২–২.৫ শতাংশে নেমেছে বলেও বলছেন। সেই হিসাবে বলা যায়, প্রায় ৩৮.৭০ বিলিয়ন ডলারের বার্ষিক রপ্তানি করা শিল্পটিতে বার্ষিক নিট মুনাফা আসলে ১.৯ বিলিয়ন থেকে সর্বোচ্চ ৩.৪ বিলিয়ন ডলারের মতো। বাংলাদেশি টাকায় সেটা ২৩ হাজার কোটি থেকে ৪৩ হাজার কোটি টাকার মধ্যে। কিন্তু এদিকে গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে বছরে গড়ে ৬৪ হাজার কোটি করে টাকা পাচারের অভিযোগ উঠেছিল কয়েক বছর আগে। সেই অভিযোগ ওঠার পরেও নিয়মিতই বিভিন্ন গার্মেন্টস মালিক কীভাবে শত শত কোটি টাকা পাচার করছেন, সেই মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে। ফলে নিট মুনাফার যে হিসাব গার্মেন্টস মালিকেরা দেখান, তার সঙ্গে বাস্তবের মিল আসলে কতটুকু, সেই বিষয়েও যথাযথ গবেষণা হওয়া এখন সময়ের দাবি।
এদিকে সম্প্রতি শ্রমিকরা যখন ৩০ হাজার টাকা মজুরি চাইছেন, তখন একজন মালিক সরকারের সমালোচনা করে এটাও বললেন যে প্রতিটি ধাপে বিদ্যমান সিস্টেমকে চাঁদা দিতে না হলে তাঁদের পক্ষে ৩০ হাজার কেন, ৪০ হাজার টাকাও দেওয়া সম্ভব। যদিও তাঁদের ঘোষিত প্রফিট মার্জিন হিসেবে নিলে এই দাবি অসম্ভব বলেই মনে হবে। কিন্তু এই দাবি যদি সত্যি হয়, তার মানে হলো, ‘কারখানা বন্ধ হয়ে যাবে’ বলে সারাক্ষণ ভয় দেখানো এই মালিকদের আসলে শ্রমিককে দেওয়ার জন্য বাড়তি টাকা আছে। কিন্তু আরও গুরুতর প্রশ্ন হলো, সরকার কারা চালায় অলিখিতভাবে? এই মালিকরাই তো? ফলে সরকারের দুর্নীতি-চাঁদাবাজি থামাতে না পারার দায় মালিকশ্রেণিকেও তো নিতে হবে!
মালিকদের নিট মুনাফা কম হওয়ার একটা অন্যতম কারণ হলো গ্যাস ও বিদ্যুতের সংকট, কাঁচামালের আমদানিনির্ভরতা। এই একই জিনিসগুলো শ্রমিকের উৎপাদনশীলতাও কমায়। ফলে গার্মেন্টস মালিকদেরই তো সবার আগে সরকারকে বলার কথা ছিল যে অপ্রয়োজনীয় উচ্চ ব্যয়ের হাসিনা স্টাইলের মেগা প্রকল্প আমাদের দরকার নেই। সবার আগে স্বল্প ব্যয়ে জাতীয় সক্ষমতার বিকাশ ঘটাও। তাঁদেরই তো সবার আগে বলার কথা ছিল যে এত উচ্চ ব্যয়ের অনিশ্চিত এলএনজি আমাদের দরকার নেই। আমাদের দেশীয় প্রতিষ্ঠান দিয়ে আমাদের সুনিশ্চিত গ্যাসসম্পদ তোলার ব্যবস্থা করো। তাঁদেরই তো সবার আগে বলার কথা ছিল যে উচ্চ ব্যয়ের কয়লাবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ আমাদের দরকার নেই; নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনব্যবস্থার দ্রুত বিকাশ ঘটাও। তাঁদেরই সবার আগে মার্কিন বাণিজ্য চুক্তির অসম, অন্যায্য, বাণিজ্যিক সার্বভৌমত্ব ক্ষুণ্নকারী ধারাগুলো নিয়ে সোচ্চার হওয়ার কথা ছিল। কিন্তু কখনোই গার্মেন্টস মালিকদের তাঁদের শিল্প বাঁচাতে এসব জরুরি বিষয় নিয়ে কার্যকরভাবে সোচ্চার হতে দেখা যায়নি। বরং এসব তৎপরতায় প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দিতেই দেখা গেছে। মালিকদের কখনো দেখা যায়নি এই আলাপটাও জোরালোভাবে তুলতে যে শ্রমিকের গড়পড়তা শিক্ষা ও দক্ষতার মান বাড়াতে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বিজ্ঞানমুখী ও ব্যবহারিক শিক্ষা কার্যকরভাবে বাড়াতে হবে। ফলে এই প্রশ্ন ওঠা তো খুবই স্বাভাবিক যে শ্রম শোষণ করে বিলাসী জীবনযাপন আর বিদেশে টাকা পাচার এবং গার্মেন্টস সেক্টর থেকে পাওয়া মুনাফা অন্য সেক্টরে খাটানো ছাড়া এই শিল্পের প্রকৃত বিকাশের জন্য, শিল্পের শক্তিশালী ভিত্তি গঠনের জন্য তাঁরা এ যাবৎ এতগুলো দশক ধরে করেছেনটা কী? তাঁদের কি আদৌ কোনো দরদ আছে এই শিল্পের প্রতি?
গার্মেন্টস মালিকেরা কি আদৌ খবর রাখেন কিংবা গুরুত্ব দেন সেসব গবেষণার, যেগুলো দেখায় যে কর্মক্ষেত্রে গার্মেন্টস শ্রমিকের স্ট্রেস বা মানসিক চাপ কীভাবে তাঁর উৎপাদনশীলতায় নেতিবাচক প্রভাব ফেলে? যে সামন্তীয় পরিবেশ তাঁরা গার্মেন্টসগুলোতে তৈরি করে রেখেছেন ফ্যাক্টরি ম্যানেজমেন্টের নামে, সেটা কি আদৌ মালিকের দক্ষতার পরিচায়ক? উৎপাদনশীলতা কমার আরেকটা বড় কারণ গার্মেন্টস শিল্পে শ্রমিক অসন্তোষের কারণে কাজ বন্ধ থাকা। এই অসন্তোষ সবচেয়ে বেশি নিয়মিত দেখা যায় বকেয়া মজুরি না পেয়ে। গার্মেন্টস মালিকদের এতটুকু দক্ষতা আজ পর্যন্ত হলো না যে তাঁরা তাঁদের মালিকদের সংগঠনের পক্ষ থেকে ব্যবসার অনুপাতে একটা রিভলভিং ফান্ড গঠন করবেন, যেখান থেকে জরুরি প্রয়োজনের সময় দুর্বল মালিকেরা সুদে অর্থ ধার নিয়ে শ্রমিকের মজুরিটুকু পরিশোধ করে শিল্প পরিবেশ ঠান্ডা রাখবেন।
কার্যত পরিস্থিতি এমন যে গার্মেন্টস মালিকের মুনাফা কেবল শ্রমিকের উদ্বৃত্ত মূল্য থেকে আসছে না, সেটির একটা উল্লেখযোগ্য অংশ আসছে সরাসরি শ্রমিকের মজুরি চুরি থেকে। এই মজুরি চুরি ঘটছে প্রধানত দুইভাবে। প্রথমত, গ্রেড ম্যানিপুলেশন করে। অর্থাৎ, যার যে গ্রেডে পদোন্নতি পাওয়ার কথা, তাঁকে সেই গ্রেডে পদ না দিয়ে নিচের গ্রেডে পদ দিয়ে রাখা। দ্বিতীয়ত, শ্রমিককে তাঁর লিভিং ওয়েজ বা প্রাণধারণের জন্য ন্যূনতম মজুরিটুকু না দিয়ে। উদ্বৃত্ত মূল্যের আলাপ তো অনেক পরের আলাপ। সেটা হিসাব করার জন্য তো আগে শ্রমিকের শ্রম উৎপাদনের মূল্য অর্থাৎ লিভিং ওয়েজ বা প্রাণধারণের মূল্যটুকু তো চুকাতে হবে। মালিকরা তার ধারে-কাছেও কখনো যাননি।
জীবনধারণের জন্য ন্যূনতম মজুরিটুকু না পেলে শ্রমিকরা কীভাবে উৎপাদনশীলতা বাড়াবেন? যে বেতন বেশিরভাগ শ্রমিক পান, তাতে ৮ ফুটের একটা রুমের মধ্যে গাদাগাদি করে ৪–৮ জন থেকে, ভোরবেলা রান্নার জন্য, টয়লেটের জন্য লাইন দিয়ে, ঝগড়া করে, বাড়িওয়ালার কাছ থেকে ভাড়া নিয়ে নিত্য গঞ্জনা শুনে, এক বেলা পানি পেয়ে, পরিবারের জন্য সময় বের করতে না পেরে, ওভারটাইমে জর্জরিত হয়ে, অসুস্থতায় ছুটি না পেয়ে, চিকিৎসা, সন্তানের শিক্ষার জন্য নিয়মিত ঋণ করতে করতে ঋণের বোঝা মাথায় নিয়ে, দোকানদারের কাছ থেকে বাকি নিয়ে নিয়মিত খোঁটা শুনে আসার পর, ফ্যাক্টরিতে উঠতে-বসতে গালিগালাজ শোনার পর, গভীর রাতে ফিরে এসে আবার ক্লান্ত শরীরে রান্না করে, কোনোমতে খেয়ে ঘুমিয়ে পড়ে আবার ভোরে ওঠা শ্রমিকদের কাছ থেকে মালিকেরা কীভাবে আরও উৎপাদনশীলতা আশা করেন?
ফলে শ্রমিকেরা যে অবস্থায় দিন কাটান, সেটা বিবেচনায় তাঁরা আসলে সামর্থ্যের অতিরিক্ত দক্ষতা, স্বাভাবিকের চেয়ে বেশি উৎপাদনশীলতাই দেখাচ্ছেন। এখানে দক্ষতার যদি সত্যিই কোনো ঘাটতি থাকে, তাহলে সেই ঘাটতি আসলে মালিকদের। ফলে নিজেদের অদক্ষতার পিণ্ডি শ্রমিকের ঘাড়ে চাপানো মালিকদের বন্ধ করতে হবে। শ্রমিকদের আন্দোলনের সঙ্গে সংহতি।
_________________________
লেখকঃ গবেষক ও লেখক,
সদস্য, সর্বজনকথা পরিষদ এবং গণতান্ত্রিক অধিকার কমিটি
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



