গান্ধী জয়ন্তীতে নয়াদিল্লিতে আন্দোলনকারীদের ওপর চড়াও গডসেপন্থী রাষ্ট্রীয় বাহিনী

ভারতীয় যুক্তরাষ্ট্রের কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করার পাশাপাশি ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বাতিল করার দাবিতে শুক্রবার গান্ধীর জন্মদিন থেকে ভারতব্যাপী আন্দোলন কর্মসূচি শুরু করেছে ভারতের বিজেপি-বিরোধী গণসংগঠন ও রাজনৈতিক দল।
২ অক্টোবর মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মজয়ন্তীতে ফ্যাসিবাদের আস্ফালন ও তার বিপরীতে ছাত্রজনতার ব্যাপক আন্দোলনের সাক্ষী থাকল নয়াদিল্লি, মুম্বই-সহ ভারতীয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহানগর।
ভারতীয় যুক্তরাষ্ট্রের কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করার পাশাপাশি ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বাতিল করার দাবিতে শুক্রবার গান্ধীর জন্মদিন থেকে ভারতব্যাপী আন্দোলন কর্মসূচি শুরু করেছে ককরোচ জনতা পার্টি, সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন আইসা, সিপিএমের ছাত্র ও যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই, কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউ, আম আদমি পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, শিবসেনা (উদ্ধব), মমতা-তৃণমূল কংগ্রেস প্রভৃতি গণসংগঠন ও রাজনৈতিক দল।
সেই মতো শুক্রবার দিল্লির যন্তরমন্তর অভিমুখে আইসা, এসএফআই, ডিওয়াইএফআই ও আম আদমি পার্টির নেতা-কর্মীরা রওনা দিলে তাদের ওপর ব্যাপক পুলিশি নিপীড়ন নামিয়ে আনা হয় বলে অভিযোগ। আন্দোলনকারীদের অভিযোগ, গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের অনুগামী শাসক দল বিজেপি ও তাদের অনুগত দিল্লি পুলিশ-সহ তামাম রাষ্ট্রীয় বাহিনী হামলা নামিয়ে এনেছে।
যন্তরমন্তরে এই অবস্থান বিক্ষোভের আবেদন আগেই নাকচ করেছিল দিল্লি পুলিশ। কিন্তু পুলিশি অনুমতি উপেক্ষা করেই এদিন হাজার হাজার ছাত্র-যুব যন্তরমন্তরের বিক্ষোভে শামিল হওয়ার চেষ্টা শুরু করে। বাম ছাত্র-যুব সংগঠনগুলির পাশাপাশি যন্তরমন্তরে এই বিক্ষোভের মূল উদ্যোক্তা ছিল আম আদমি পার্টি, রাজ্যসভার আরজেডি সাংসদ মনোজকুমার ঝা ও আইনজীবী প্রশান্ত ভূষণ।
বিক্ষোভে অংশ নিয়ে আটক হন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী, আইসা নেত্রী নেহা বোরা, এসএফআই নেত্রী শারন্যা বর্মা, ডিওয়াইএফআই নেতা সৃজন ভট্টাচার্য, সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি, পলিটব্যুরো নেত্রী বৃন্দা কারাত, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং ও সৌরভ ভরদ্বাজ এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদব-সহ মোট ১১০০ জনেরও বেশি আন্দোলনকারী। তাঁদের রীতিমতো মারতে মারতে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ। কিন্তু এত ধড়পাকড়ের পরেও যন্তরমন্তরে বিক্ষোভ থামাতে পারেনি দিল্লি পুলিশ।
এদিন পুলিশের প্রিজন ভ্যান থেকে এম এ বেবি বলেন, “জ্ঞানেশ কুমার গণতন্ত্রের হত্যাকারী। বেআইনি কাজ করা কর্মকর্তাদের গ্রেফতার না করে আমাদের গ্রেফতার করা হচ্ছে।” আন্দোলনকারীদের সমর্থনে মমতা-তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে লেখেন, “নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের অনুমতির প্রয়োজন নেই। পুলিশ যা ইচ্ছা করুক। আমরাও দেখছি।” এই বিক্ষোভ ঠেকাতে দিল্লির ১১টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল বলে খবর। অন্যদিকে একই দিনে মুম্বইতেও ককরোচ জনতা পার্টির নেতৃত্বে ব্যাপক আন্দোলন ও অবস্থান বিক্ষোভ শুরু করেছে ছাত্রজনতা। পাশাপাশি ভারতের বেশিরভাগ শহরেই চলছে বিক্ষোভ ও আন্দোলন।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



