আলোচনা ভালোভাবেই চলছে দাবি ট্রাম্পের, নতুন যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান

ছবি: এআই
এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি জোর দিয়ে বলেছেন, কূটনীতির পথ খোলা রাখতে হলে ইরান কর্তৃক নির্ধারিত সাতটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হলে সশস্ত্র বাহিনীর প্রতি সর্বোচ্চ নেতার দেওয়া নির্দেশনা অনুযায়ী নতুন সব অস্ত্র ব্যবহার করে আগ্রাসীদের ওপর ধ্বংসাত্মক আঘাত হানা হবে।
ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগিয়ে চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের আলোচনার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখলেও আপাতত মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না দেশটি।
শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো চিঠিটি ইরান পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতে সরাসরি নাকি পরোক্ষ আলোচনা হবে, তা পুরোপুরি নির্ভর করছে তেহরানের দেওয়া শর্তগুলো ওয়াশিংটন মেনে নেবে কি না, তার ওপর।
যুক্তরাষ্ট্রকে সতর্ক করে এই শীর্ষ কূটনীতিক বলেন, এই চিঠির উদ্দেশ্য যদি হয় বিভেদ সৃষ্টি করা, তবে ওয়াশিংটন তাদের অতীতের ভুলগুলোর তালিকায় আরও একটি নতুন ভুল যোগ করবে। ইরানের শর্তগুলো স্পষ্টভাবে উল্লেখ করে তিনি জানান, মধ্যস্থতাকারীরা সেগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
তেহরানের শর্তাবলির মধ্যে রয়েছে—নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবরুদ্ধ সম্পদ মুক্ত করা, অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি হ্রাস এবং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের অবসান। এসব বিষয়ে কাতার ও পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টা ও উদ্যোগের প্রশংসা করেন আরাকচি।
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনার টেবিলে বর্তমানে ইরানের প্রস্তাবটিই একমাত্র পরিকল্পনা হিসেবে রয়েছে। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, হরমুজ প্রণালির ভেতর ওমানের সহযোগিতায় একটি নতুন নৌপথ প্রতিষ্ঠার স্বীকৃতি চায় ইরান এবং একই সঙ্গে অন্যান্য পথ বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
সাক্ষাৎকারে নতুন যুদ্ধ শুরুর সম্ভাবনাকে উড়িয়ে না দিয়ে আরাকচি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। দেশটি ইতিমধ্যে নিজস্ব অস্ত্রভাণ্ডার উন্নত করেছে, নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ যুদ্ধপ্রস্তুতির পর্যায়ে রেখেছে।
ইরানের শর্ত পূরণ হলেই কূটনীতির পথ খোলা থাকবে: রেজায়ি
এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি জোর দিয়ে বলেছেন, কূটনীতির পথ খোলা রাখতে হলে ইরান কর্তৃক নির্ধারিত সাতটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে।
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হলে সশস্ত্র বাহিনীর প্রতি সর্বোচ্চ নেতার দেওয়া নির্দেশনা অনুযায়ী নতুন সব অস্ত্র ব্যবহার করে আগ্রাসীদের ওপর ধ্বংসাত্মক আঘাত হানা হবে। জেনারেল রেজায়ি কঠোর ভাষায় আরও বলেন, ট্রাম্পকে শাস্তি না দিয়ে যুদ্ধ শেষ করা যাবে না; তা না হলে ইরান আবারও আক্রান্ত হতে পারে। যুদ্ধ এমনভাবে শেষ করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ ইরানে হামলার সাহস না পায়।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



