গাদিরে খুম এবং ইসলামের বাতেন সুরত

জাভানিজ চিত্র শিল্পী, ১৬ শতক
নবীজি তাঁর পাশে ডেকে নিলেন আলীকে আর ঘোষণা করলেন, “আমি যার মাওলা, আলী তার মাওলা।” ইসলামে নবীর যে স্থান মাওলা হিসেবে, সেখান থেকে এর অর্থ দাঁড়ায়, ‘আমি জমিনের মাওলা, আলী জমিনের মাওলা। আমি আসমানের মাওলা, আলী আসমানের মাওলা। ...
ইসলামের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটি হচ্ছে এরকম— “আমি যার মাওলা, আলী তার মাওলা।” সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই সম্ভবত সবচেয়ে বিতর্কিত।
বিদায় হজের শেষে নবী মুহাম্মদ (সা.) মক্কা থেকে ফিরছিলেন মদিনায়। সঙ্গে তাঁর লক্ষাধিক সহযাত্রী। হঠাৎ কাফেলা থামিয়ে তিনি তাঁর সমস্ত সঙ্গীদের ডাকলেন। আর এসে দাঁড়ালেন উটের পিঠে। তারপর পাশে ডেকে নিলেন তাঁর পরম শিষ্য আলী (রা.)-কে।
ওপরের ছবিতে সেই দৃশ্যটিই জাভানিজ এক শিল্পীর ১৬ শতকের অনন্য এই চিত্রকর্মটিতে ফুটে উঠেছে। ছবিতে দুইজনের মাথার পেছনেই যে জ্যোতির আভা দেখা যাচ্ছে, তার কারণ কী? আর নবীজির হাতেই বা কেন পদ্মফুল? সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজব। কিন্তু তার আগে বলা দরকার, কেন এই লাইনটি সবচেয়ে বিতর্কিত? সেদিন নবীজি তাঁর পাশে ডেকে নিলেন আলীকে আর ঘোষণা করলেন, “আমি যার মাওলা, আলী তার মাওলা।” ইসলামে নবীর যে স্থান মাওলা হিসেবে, সেখান থেকে এর অর্থ দাঁড়ায়, ‘আমি জমিনের মাওলা, আলী জমিনের মাওলা। আমি আসমানের মাওলা, আলী আসমানের মাওলা। আমি আবু বকর, ওমর, ওসমানের মাওলা—সুতরাং আলী আবু বকর, ওমর, ওসমানের মাওলা। আমি কায়েনাতের (অনন্ত মহাবিশ্বের) মাওলা, আমার আলী কায়েনাতের মাওলা।’ অর্থাৎ নবী মুহাম্মদ (সা.) যা কিছুর মাওলা, আলী তার সবকিছুর মাওলা।
যেভাবে ‘কর’ শব্দের অর্থ খাজনা হয়, আবার কোনো কিছু করার নির্দেশও হয়; সেভাবে মাওলা শব্দের অর্থও বন্ধু হয়, আবার অভিভাবকও হয়, আবার পথপ্রদর্শক বা গুরুও হয়, আবার মালিক বা অধিপতি বা নেতাও হয়। এখানেই শিয়ারা মনে করে আলীকে নবীজি তাঁর পরবর্তী নেতা ঘোষণা করেছেন। অর্থাৎ তাঁকে আরবের শাসক বা খলিফা ঘোষণা করেছেন। খারেজিরা বলে, নবীজি আলীকে নিজের বন্ধু বলে ঘোষণা করেছেন। আর সুফি ও ফকিররা বলে, নবীজি আলীকে ইসলাম ধর্মের মাওলা অর্থাৎ গুরু বা পথপ্রদর্শক ঘোষণা করেছেন। কে সঠিক? আসলে সবাই সঠিক তার নিজ নিজ ধর্মে। মানে আমরা নিশ্চয়ই তর্ক করতে পারি না যে, দুনিয়া কি আল্লাহয় চালায় না বিষ্ণু চালায়? বৈষ্ণব বলবে বিষ্ণু চালায় আর মুসলিম বলবে আল্লাহ চালায়। দুইজনই সঠিক তার নিজ ধর্মবিশ্বাস মতে।
খারেজিদের ধর্মবিশ্বাস যদি সংক্ষেপে বলি, খারেজিরা বিশ্বাস করে আরব পৌত্তলিকরা ভুল ছিল। কারণ, আরব পৌত্তলিকরা যে কাবায় আল্লাহ দেবতার মূর্তি বানিয়েছিল আর সাথে তার ছেলেমেয়েদেরও মূর্তি ছিল—যাদের নাম লাত-মানাত—সেটা খুবই ভুল ছিল। কারণ আল্লাহ দেবতার কোনো মূর্তি নাই। আর তাঁর কোনো ছেলেমেয়েও নাই, পিতামাতাও নাই। আর আল্লাহ দেবতা বসে আছেন সাত আসমানের উপরে আরশে। আরবে সেই যুগে ছিল দাস-মালিক প্রথা, আর খারেজিদের বিশ্বাস আল্লাহ দেবতা হলেন সবকিছুর মালিক। তিনি একমাত্র দেবতা, যাঁকে দেবতা বলে মেনে নেওয়া উচিত অর্থাৎ তাঁর উপাসনা করা উচিত। তিনি ছাড়া আর কাউকে দেবতা মানা যাবে না অর্থাৎ উপাসনা করা যাবে না; কারণ সেটা করলে আল্লাহ দেবতা ভয়ানক শাস্তি দিবেন।
খারেজিদের ধর্ম মতে, আল্লাহ দেবতা যুগে যুগে পৃথিবীতে নবী-রাসূল পাঠান। এখানে নবী বলতে তারা বোঝায় সেইসব ব্যক্তি, যাদের কাছে আল্লাহ নির্দেশ বা খবর পাঠান। আর রাসূল হলো তারা, যাদের কাছে শুধু নির্দেশ নয়, কিতাব বা বই পাঠান। যেহেতু আল্লাহ আসমানে থাকেন আর কিতাবটা আসমান থেকে এসেছে, তাই এ ধরনের কিতাবকে আসমানী কিতাব বলা হয় খারেজি ধর্মে। তবে এই কিতাব বহনকারী যিনি নবী, তাঁর কাজটা ডাকপিয়নের মতো। তিনি আসমানী চিঠি পৌঁছে দেন। কিংবা সাংবাদিকদের মতো—যে সংবাদ পৌঁছে দেয়। কুষ্টিয়ার জামায়াতের সাংসদ আমির হামজা নবীজিকে ডাকপিয়ন বলার পর সারাদেশের সুফিদের ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মুখে আমির হামজা ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তিনি তাঁর ধর্মের কথাই বলেছেন। তাঁর ধর্মের মুহাম্মদ ডাকপিয়নই!
এখন খারেজিদের চোখে তাকালে নবী নিজেই যেখানে গুরু নন, বরং সাংবাদিক—তাই সাংবাদিকের কাজ খবর দেওয়া মাত্র; খবরের কৃতিত্বের অধিকারী সাংবাদিক নয়। তাই মাওলা শব্দের অর্থ যদি গুরু বা অভিভাবক হয়, তাহলে নবী নিজেই মাওলা নন খারেজি ধর্মে। এখন মুহাম্মদ যেহেতু এভাবে বলেছেন, “আমি যার মাওলা, আলী তার মাওলা”—যেহেতু তিনি আলীকে আরবের শাসক ঘোষণা করেননি কখনোই স্পষ্টভাবে, তাই শব্দটির একটা অর্থই বাকি থাকে, সেটা হলো বন্ধু। সুতরাং মুহাম্মদ আলীকে বন্ধুই বলেছেন। এই হলো ওহাবি-দেওবন্দী-সালাফি-মওদুদীবাদী তথা খারেজিদের সকল অংশের বিশ্বাস। কিন্তু নিজের মেয়ের জামাই প্লাস ৩০ বছরের ছোট শিষ্যকে এক লক্ষ মানুষের সামনে ডেকে নিজের বন্ধু ঘোষণা করার কোনো সার্থকতা আছে কিনা, সেটা যুক্তিতে বোঝা যায় না। খারেজিরা কোনো যুক্তি মানেও না!
খারেজি শব্দটা নিয়ে অনেকে আপত্তি করতে পারেন, তাই পরিষ্কার করে রাখি, খারেজি বলতে কাকে বোঝাচ্ছি। মুয়াবিয়ার সাথে যুদ্ধের সময় আলীর নিজের বাহিনীর একদল লোক আলীর একটা সিদ্ধান্তকে কোরআনের সাথে সাংঘর্ষিক ধরে নিয়ে আলীর বিরোধিতা করেন এবং তারা বলেন, “হে আলী, আল্লাহর কোরআনের বিরোধিতার ক্ষমতা তোমারও নেই।” ইতিহাসে এরাই খারেজি নামে পরিচিত। অন্যদিকে, যারা আলীর পক্ষে ছিলেন তারা ইমান আনেন নবী (সা.)-এর সেই কথার ওপরে যে, “আলী যেইদিকে যায়, আল্লাহর কোরআনও ওইদিকে যায়।” নবীজির এই কথাটারই ভিন্ন শব্দ পাওয়া যায় মাওলা আলীর কণ্ঠে মুয়াবিয়াকে উদ্দেশ্য করে, “হে আবু সুফিয়ানের পুত্র, আমাকে কাগজের কোরআন দেখিও না। আমি আলী জীবন্ত কোরআন।”
কাগজের কোরআনের সাথে জীবন্ত কোরআনের পার্থক্য যারা করতে পারে না, যারা জীবন্ত কোরআন চেনার-বোঝার কোনো পথ জানে না কিংবা মানে না, অথচ নিজেকে মুসলমান দাবি করে, তারাই খারেজি। ইতিহাসে খারেজি হলো তারা, যারা সিফফিনের যুদ্ধে আলীর সেনাবাহিনী থেকে বেরিয়ে গিয়ে আলী এবং মুয়াবিয়া উভয়েরই বিরুদ্ধে অবস্থান নেয় এবং শেষমেশ আলীকে হত্যা করেছে।
কিন্তু প্রশ্ন হলো, কেন তারা আলীর বিরুদ্ধে গেল? কারণ তারা মনে করেছিল আলী শরিয়তের নিয়মকে লঙ্ঘন করছেন। এখন আলী ছিলেন বেলায়েতে প্রাপ্ত মুক্তপুরুষ। খারেজিয়তকে যদি আমরা কেবল ইতিহাসের একটা ঘটনা হিসেবেই না নিই এবং খারেজিয়তের যে ধর্মতত্ত্ব সেটাকে বিচার করি, তাহলে দেখব—খারেজি ধর্ম হলো সেই ধর্ম, যা শরিয়তের নিয়মকে জীবন্ত কোরআন বা বেলায়েত প্রাপ্ত মহাপুরুষ, যিনি ফানাফিল্লাহ ও বাকাবিল্লাহর আধ্যাত্মিক স্তর পার করা কোনো মহাপুরুষের সিদ্ধান্তের উপরে স্থান দেয়। যেমন, খাজা মঈনুদ্দিন চিশতির মতো একজন মহাপুরুষ, যিনি ফানা ও বাকা লাভ করেছেন এবং বেলায়েতের অনেক উচ্চস্তরে তাঁর অবস্থান। এখন খাজা মঈনুদ্দিন চিশতি শামা কাওয়ালি গাওয়ার অনুমতি দিয়েছেন তাঁর দরবারে। এখন যারা চিশতিয়া তরিকার কোনো সুফির কাওয়ালির আসরে বাধা দিবে আর বলবে গান গাওয়া হারাম—তারা নিশ্চয়ই খারেজি।
কারণ সিফফিনে খারেজিরা যেমন বেলায়েত প্রাপ্ত মহাপুরুষ মাওলা আলীর ঊর্ধ্বে স্থান দিয়েছে শরিয়তের নিয়মকে, তেমনই যারা আজকে শামা কাওয়ালিকে বা সংগীতকে শরিয়তের দোহাই দিয়ে নিষিদ্ধ করে খাজা মঈনুদ্দিন চিশতির মতো একজন ফানা-বাকা প্রাপ্ত বেলায়েতের উচ্চস্তরে অবস্থানরত মহামানবের নির্দেশকে শরিয়ত-বিরোধী আখ্যা দেয়, তারাও আজকে ধর্মবিশ্বাস বা ধর্মীয় মতবাদের দিক থেকে খারেজি। খারেজিরা নিয়মের ব্যাপারে অনেক কট্টর হয়, অনেক আমল করে এবং সে আমল নিয়ে অহংকারে ভোগে। খারেজিদের আল্লাহ মূলত আরব পৌত্তলিকদের আল্লাহ দেবতাই, শুধু তার নিজের কোনো মূর্তি নাই।
বলে রাখা ভালো, পৌত্তলিক শব্দটা যখন আমি বলছি এবং যে অর্থে—বেশিরভাগ হিন্দুই সেই অর্থে পৌত্তলিক নয়। কারণ মুসলমানরা যেমন কাবার দিকে ফিরে সিজদা করলেও কাবাকে সিজদা করে না, বরং সিজদা করে পরমেশ্বরকে—হিন্দুরাও সব মূর্তিকেই এক নিরাকার পরমের প্রতীক বলে বিশ্বাস করে। কিন্তু আরব পৌত্তলিকরা আল্লাহ দেবতার সাকার মূর্তি কোনো নিরাকারের প্রতীক রূপে পূজা করত না। তারা ওই সাকারেরই উপাসক ছিল। আজকের নব্য খারেজিরা আরব পৌত্তলিকদের ওই সাকার মূর্তিটিকে গ্রহণ না করলেও আল্লাহ বলতে তারা যে সত্তা বোঝায়, তা ওই আরব পৌত্তলিক প্রভু আল্লাহ দেবতারই প্রতিরূপ।
এবার প্রশ্ন আসে শিয়া কারা? শিয়াদের মধ্যে যদিও অনেক মত-পথ, ধারা-উপধারা আছে—তবুও সাধারণভাবে বললে শিয়া শব্দের মধ্যে তারাই পড়বে, যারা এটা বিশ্বাস করে যে মাওলা শব্দের দ্বারা নবীজি গাদিরে খুমে আলীকে শাসক ও নেতা নির্বাচন করে গেছেন। শিয়া হলো তারা—যারা আবু বকর, ওমর বা ওমরের খলিফা হওয়াকে নবীজির ঘোষণার সাথে বিশ্বাসঘাতকতা বলে মনে করে। শিয়ারা গাদিরে খুমের মাওলা শব্দটির অর্থ করেছে নবীজির অনুপস্থিতিতে নেতা, গুরু ও অভিভাবক।
এবার আসি সুফি ও ফকিরের মাওলায়। ফকিরের মাওলাকে বুঝতে হলে আগে বুঝতে হবে ফকিরের আল্লাহ ও ফকিরের নবী-রাসূলকে। ফকিরের কাছে আল্লাহ হচ্ছে নির্গুণ, নিরাকার, নিরঞ্জন সেই পরম সত্তা, যা এই কায়ানাতের (মহাবিশ্বের) কোণে কোণে অবস্থান করে, আর সমগ্র কায়ানাত (মহাবিশ্ব) যার মধ্যে অবস্থান করে। ফকিরের কাছে ফকির নিজে সত্য নয়, একটা ভ্রম মাত্র। ফকিরের চোখে সত্য এক—এবং তিনিই আল্লাহ। ফকিরের আল্লাহ ফকিরের ঘাড়ের রগের থেকেও বেশি কাছে অবস্থান করে আর সুফি-ফকির নিজের ভেতরেই অনুসন্ধান করে আল্লাহর। ওই যে সুফি কবি নজরুল বলেন, “আমি ভাই খ্যাপা বাউল, আমার দেউল—এই আমার আপন দেহ!”
আর আল্লাহ স্বয়ং নূর। সুফি এটা বিশ্বাস করে শুরুতে শুধু আল্লাহই ছিলেন। তিনি শূন্যে এ জগৎ সৃষ্টি করেছেন। আর শূন্যে যিনি জগৎ সৃষ্টি করেন, যেহেতু আর কিছুই ছিল না, তিনিই ছিলেন—সুতরাং তিনি শুধু সৃষ্টির কর্তাই নন, উপাদানও। অর্থাৎ যা কিছু এসেছে, তা শুধু তাঁর ইচ্ছাতেই আসেনি, তাঁর থেকেও এসেছে। সুতরাং সর্বত্র তিনি আছেন আর মানুষের মধ্যেও তিনি আছেন।
তাহলে নবী-রাসূল কে? নবী হচ্ছেন তিনি, যিনি নিজের ভেতরে সেই সত্যকে আবিষ্কার করেছেন, আর আবিষ্কারের পর অসীমের মহানুভূতি তাঁর ঘটেছে। সেই মহা অনুভব তাঁর ভেতরে এমন শক্তি জাগ্রত করেছে যে, তিনি সর্ববস্তুর অন্তর্গত বাস্তবতা যে নূর, তাকে তিনি নিজের মধ্যে দর্শন করেছেন এবং সেই নূরে লীন হয়ে গেছেন। আর তিনি তাঁর সেই অস্তিত্বের নূরানী স্তর থেকে যা বলেন, সে বাণীই ঐশী বাণী আর সে বাণীর সংকলনই ঐশী কিতাব। খোদার তরফ থেকে তাঁর উপরে আরবি ভাষার বাক্য নাজিল হয় নাই—বরং তাঁর যে খোদায়ী অনুভব, সেটারই আরবি ভাষায় প্রকাশ হচ্ছে কোরআন।
তাহলে প্রশ্ন হচ্ছে, নূর কি মুহাম্মদ (সা.)-এর সাথেই বিলুপ্ত হয়ে গেছে? খোদায়ী অনুভবের দরজা কি বন্ধ? মোটেই তা নয়। আদতে ইতোপূর্বের নবীগণ—সকল অঞ্চলেই, বিশেষত আরবে—নিজের আশেকদের নিয়ে গোত্র বা কাল্ট নির্মাণ করেছেন। করাটা অনিবার্যই ছিল, কারণ আরব সমাজে কাল্ট নির্মাণ ছাড়া অস্তিত্ব রক্ষা কঠিন। নবী মুহাম্মদ (সা.) দেখেছেন এবং অনুভব করেছেন এই উম্মত বা সম্প্রদায়ের সৃষ্টি কতটা ভয়াবহ রক্তপাত বয়ে আনতে পারে! এবং এটা মানুষের আত্মাকে মুক্তি দেয়নি, বন্দী করেছে। তাই তিনি নবুয়তের ও রিসালাতের সমাপ্তি ঘোষণা করেন। আর কোনো কাল্ট বা সম্প্রদায়ের প্রয়োজন নাই। সত্য সকলের জন্য উন্মুক্ত। কিন্তু তিনি নিজে নবুয়ত ও রিসালাতের ভূমিকা নেন; সেটা তাঁর নিতে হয় ওটাকে বিলুপ্ত করতেই, আর আরবে নতুন সভ্যতার উদ্বোধন ঘটাতে। সংস্কৃত ভাষায় একে বলে লীলা, তিনি বলেছেন হিকমত।
তবুও মহাভারতে ধর্মপ্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের সব লীলার পরে মহাভারতের শেষে যেমন দেখা যায়, পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা হয়নি, বরং কলি নামক রাক্ষসের আবির্ভাবে ভয়াবহ কলিযুগের সূচনা হয়েছে—তেমনিই ইলমে গায়েবের মালিক, ইসমে আজমের অধিপতি, ত্রিকালদর্শী মহাপুরুষ মুহাম্মদ (সা.) জানতেন যে তাঁর নাম নিয়েও, তাঁর বাণী ঘিরেও সম্প্রদায় সৃষ্টি হবে। তাঁকে নিয়েও সৃষ্টি হবে ভয়াবহ কাল্ট! কিন্তু তিনি তো কাল্ট সৃষ্টির জন্য পৃথিবীতে আসেন নাই, তিনি মানুষকে সকল কাল্ট থেকে মুক্তি দিতে এসেছেন। তাই তিনি কালপ্রবাহের শরীরে এমন চিহ্ন রেখেছেন, যেন কোনো প্রকৃত সত্যানুসন্ধানী যখনই তাঁকে খুঁজবে, তখন যেন সে সকল আরব বর্বরদের কাল্টের জাল হাদিস আর ইতিহাস বিকৃতির ভেতরেও তাঁকে খুঁজে পায়।
প্রথমত তিনি চিহ্নিত করে গেছেন পাক পাঞ্জাতনকে, কারণ তিনি জানতেন তাঁর শিক্ষাকে বিকৃত করা হবে। তিনি তাই রেখে গেছেন হোসেনকে। আর বলেছেন, “যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন।” (জামে' আত-তিরমিযী: ৩৭৭৫) অদ্ভুত ব্যাপার, কারবালার প্রান্তরে মুসলমানরা যখন ইমাম হোসেনের ঘরের নারীদের অসম্মান করছিল, তখন কয়েকজন খ্রিস্টান মাওলা হোসেনের পরিবারের নারীদের সম্মান বাঁচাতে জীবন দিয়েছিল। যখন আমলওয়ালা নামাজি ফরহেজগাররা ইমাম হোসেনের শির ছিন্ন করেছে, তখন কতিপয় হিন্দু মহিয়াল ব্রাহ্মণরা নিজেদের জীবন থাকতে হোসেনের কিছু হতে দেয়নি। হোসেনের গলা কাটার আগে তাদের গলা কেটে তারপর হোসেনের দিকে এগুতে হয়েছিল।
নবী মুহাম্মদ (সা.) বিখ্যাত তাঁর সত্যবাদিতার জন্য। তাঁর আরেক নাম আল-আমিন। তিনি বলে গেছেন, যে হোসেনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। হোসেনের কারবালা নবী মোহাম্মদের হয়ে সাক্ষ্য দেয়—মুহাম্মদ কোনো কাল্টের নবী নন, তিনি কায়ানাতের নবী। আর মুহাম্মদের আল্লাহ কোনো ব্রাহ্মণ বা খ্রিস্টানকে ভালোবাসতে পারেন কোনো কথিত মুসলমানকে ঘৃণা করে।
উল্লেখ্য, হোসেনকে হত্যার পরে হোসেনের হত্যাকারীরা শতাব্দীকাল আরবের শাসক হিসেবে ক্ষমতায় থাকায় হোসেনের ঘটনাগুলো সেই সময় হোসেনের পক্ষের মানুষের দ্বারা লিখিত হতে পারেনি। এই ইতিহাস টিকে আছে সিরিয়া, ইরাক কিংবা ভারত উপমহাদেশের শিয়া ও সুফি কিংবদন্তিতে—সাবঅল্টার্নের গল্প যেভাবে টিকে থাকে পরাজিত ও পলাতক মানুষের মুখে মুখে।
যখন হাসান মারা গেছেন বিষের প্রভাবে আর মা ফাতিমাকে হত্যা করা হয়েছে, অথচ তাঁর শাহাদাতের স্বীকৃতিটাও ইতিহাসে স্থান দেওয়া হয়নি—ফাতেমার মৃত্যুর পরেও, হাজার অপমানের পরেও বারে বারে দেখা যাচ্ছে আলী ক্ষমা করছেন। ওহাবিরা বলে উম্মাহর (পড়ুন কাল্টের) ঐক্যের স্বার্থে। কিন্তু না, কোনো কাল্টের দাসত্ব আলী করেননি। তাই তিনি তাঁর আগের তিন খলিফার কারো সময়েই কোনো অঞ্চল দখলমূলক যুদ্ধেও অংশ নেননি। আল্লাহর রাসূল মুহাম্মদ (সা.) যেমন গোষ্ঠী বা শাসক হিসেবে আক্রান্ত না হলে যুদ্ধ করেননি, মাওলা আলীও শাসক হিসেবে নিজে আক্রান্ত না হলে কোনো যুদ্ধ করেননি। আল্লাহর রাসূল যেমন কখনো ব্যক্তিগতভাবে আক্রান্ত হওয়ার প্রতিশোধ নেননি, মাওলা আলীও নিজের বা নিজের পরিবারের উপরে আক্রান্ত হবার প্রেক্ষিতে কোনো প্রতিশোধ নেননি।
ব্যাপার এমন নয় যে আলী কোনো দর্শন বা ধর্ম বা শরিয়ত মেনে এমনটা করেছিলেন। মোটেও তা নয়। এমনও নয় যে তিনি নবীজির অন্ধ অনুকরণ করছিলেন, নিজেকে নবীজির ফটোকপি বানানোর চেষ্টা করছিলেন—না, মোটেও তা নয়। ব্যাপার হচ্ছে, আলীর ভেতর থেকেই ক্ষমা এসেছিল—আলীর হৃদয় থেকেই প্রেম উঠে এসেছিল যারা তাঁর ক্ষতি করেছিল তাদের প্রতিও! এমন হৃদয়ও কি মানুষের হয়? নিশ্চয়ই হয়। যখন কারো সত্তা নূরে বিলীন হয়, তখন তার মধ্যে সর্বজীবের প্রতি প্রেম দেখা দেয়। কারণ সর্ববস্তুতে সে নিজেকে দেখতে পায়; কারণ সর্ববস্তুর সারে বিদ্যমান যে নূর, সেই নূরকে নিজের ভেতরের "আমি" বলে সে চিনতে পারে। তাই পরম শত্রুকেও সে নিজের শরীরের অংশ জেনে ভালোবাসে।
জাভার মানুষ আগে বৌদ্ধ ছিল, পরবর্তীতে ধীরে ধীরে শত শত বছরে সুফি মুসলমান হয়েছে। ১৬ শতকে জাভায় আঁকা গাদিরে খুমের এই ছবিটায় নবীজি এবং আলী দুইজনের মাথার পিছনেই জ্যোতিশ্চক্র দেখা যাচ্ছে। এই জ্যোতিশ্চক্র সেই মানুষের ছবিতেই মাথার পেছনে দেওয়া হয়, যিনি মহাজগতের সর্ববস্তুতে বিদ্যমান জ্যোতি বা নূর নিজের ভেতরে আবিষ্কার করেছেন। এই ছবিটি বলছে, যিনি হাত ধরে আছেন অর্থাৎ মুহাম্মদ (সা.) আর যার হাত ধরে আছেন সেই আলী—দুজনের মাথার পেছনেই জ্যোতিশ্চক্র।
তাহলে নবীজির হাতের পদ্মফুলটি কী বোঝাচ্ছে?
মহামদগল্যায়ন নামে এক শিষ্য ছিল গৌতম বুদ্ধের। একদিন সকালে বুদ্ধ একটি প্রস্ফুটিত ফোটা পদ্মফুল নিয়ে এসে তাঁর সব শিষ্যদের মাঝখানে বসলেন। সেদিন বুদ্ধ কোনো কথা বললেন না। শুধু তাঁর মুখে একটা রহস্যময় স্মিত হাসি ফুটে উঠল! সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, শুধু মহামদগল্যায়ন একটা স্মিত হাসি দিলেন। বাকি শিষ্যরা কেউই বুঝল না এর মানে। বুদ্ধের নির্বাণপ্রাপ্ত শিষ্য মহামদগল্যায়ন—আর সেই সকালে পদ্মফুল নিয়ে এসে মহামদগল্যায়নের নির্বাণ লাভের নীরব ঘোষণাই দিয়েছিলেন বুদ্ধ। একটি ফুল প্রস্ফুটিত হয়েছে তাঁর আশ্রমে!
এই ছবিটিতে নবীজির হাতের পদ্মফুল আমাদের মনে করিয়ে দেয় বুদ্ধের হাতের সেই পদ্মফুলের কথা। এমন অপূর্ব ছবি শুধু জাভাতেই আঁকা সম্ভব, এবং বর্তমান যুগে নয়—৪০০ বছর আগেই সম্ভব। ছবিটিতে নবীজির হাতের পদ্মফুলটা আমাদেরকে বলছে—এই ঘোষণায় না তো তিনি আলীকে বন্ধু বলেছেন, না অভিভাবক বা এমনকি শাসক! এই ছবির পদ্মফুলটি জানাচ্ছে, তিনি ঘোষণা করছেন তাঁর সাহাবিদের মধ্যে একটি পদ্ম ফুটেছে, অন্তত একজন সেই মহাসত্য সাগরে অবগাহন করেছে। অন্তত একজন খোদাকে পেয়েছে। মাওলা আলীর একটা বিখ্যাত কথা আছে, "যেই খোদাকে আমি দেখি না, সেই খোদার ইবাদত আমি করি না!" মাওলা আলীর এই কথাটাকে পৃথিবীতে মোহাম্মদী সুফিবাদের সূচনা বলেও ধরা যেতে পারে।
অর্থাৎ খোদাকে দেখা যায়, খোদাকে জানা যায়। মাওলা আলী তার প্রমাণ। আল্লাহর রাসূল মুহাম্মদ (সা.) কোরআন রেখে গেছেন, আর কোরআন বোঝানোর জন্য কামেল ব্যক্তি রেখে গেছেন মাওলা আলীকে। মাওলা বলতে তিনি আলীকে বুঝিয়েছিলেন অভিভাবক, শাসক, বন্ধু—তিনটিই। অর্থাৎ গুরু। গাদিরে খুমের ঘটনার ব্যাখ্যায় তাই সুফি মাওলা শব্দের অর্থ করে গুরু। বাংলায় প্রবাদ আছে, “যদ্যপি আমার গুরু শুঁড়িখানায় যায়, তথাপি তাহার নাম নিত্যানন্দ রায়।”
সুতরাং গুরু আরবের শাসক (খলিফা) হলো কি হলো না, তাতে কিছু যায় আসে না। গুরু, গুরুই।
এবং নবীজি তাঁর বিদায়ের আগে যেহেতু মাওলা আলী (আ.)-কে গুরু নির্ধারণ করে দিয়ে গেছেন, তাই জীবন্ত মানুষ গুরুর প্রয়োজন রয়েছে ইসলামে। এখান থেকে এসেছে আশেক-মাশুক বা পীর-মুরিদ প্রথার প্রচলন। মাওলা আলীর পর এসেছেন maula হাসান, তারপর মাওলা হোসেন। মাওলাইয়াতের সিলসিলা চলমান। মাওলা আলীর সিলসিলায় বা মাওলা আলীর পরম্পরায় যে সুফিরা এসেছেন, তারা কেউ কাল্ট নির্মাণের চেষ্টা করেননি। এজন্য দেখা যায়, অলি-আউলিয়াদের মাজারে, আশ্রমে, দরগায়—সব ধর্মের মানুষের জন্যই দরজা খোলা আছে। যারা নবী মুহাম্মদের সিলসিলায় সত্য লাভ করেছেন, তারা উনার খতমে নবুয়তের ঘোষণাকে সকলেই স্বীকার করেছেন। তাই তারা কেউই কাল্ট বানাননি। তবে আশ্রমের কাঠের দুয়ার নয় শুধু—বেলায়েতের দুয়ারও তাই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, গাঞ্জাখোর সবার জন্যই খোলা! পৃথিবীতে এরকম ধর্মস্থান খুব কম, যেখানে কারো প্রবেশের ব্যাপারে কোনো নিষেধ নাই, নিয়ম নাই, কোনো কাল্টের মেম্বারশিপের ব্যাপার নাই।
যদি খারেজিদের লেন্স ফেলে দিয়ে কোনো নাস্তিক মানবতাবাদী নবী মোহাম্মদের দিকে তাকায় মাওলা আলী ও তাঁর বেলায়েতের সিলসিলায়—তাহলে সে দেখতে পাবে বেলায়েতের বাদশা নবীর মতো মানবতাবাদী আর হয় না! যদি ভগবান গৌতম বুদ্ধের কোনো শিষ্য মাওলা আলীর লেন্সে নবী মোহাম্মদের দিকে তাকায়, তাহলে সে দেখতে পাবে মুহাম্মদও ছিলেন এক মহান বুদ্ধ। আলীর লেন্স দিয়ে তাকালে খ্রিস্টান দেখতে পাবে যীশুর যে মহাপ্রেম, মুহাম্মদও সেই মহাপ্রেমেরই প্রফেট! আর কোনো বৈষ্ণব যদি তাঁর দিকে তাকায় আলীর লেন্সে, তাহলে তাঁকে অবতার বলে স্বীকার করে নেবে অনায়াসে। ত্রিকালদর্শী মহাপুরুষ মুহাম্মদ (সা.) জানতেন ভবিষ্যতে কী হবে, তাই তিনি সত্যান্বেষীদের জন্য বলে গেছেন, “আমি জ্ঞানের শহর হলে আলী তার দরজা।” একমাত্র আলীর দরজা দিয়েই প্রবেশ করা যাবে মোহাম্মদী আধ্যাত্মের অদ্ভুত শহরে!
আর ঈদ-ই-গাদিরে খুমের দিন মানে আজকের দিন হলো সেই ঘোষণার দিন, যখন এটা নবীজি ভবিষ্যতের জন্য চিহ্ন রেখে দিচ্ছেন—যাতে যেকোনো কষ্টিপাথর এলে সময়ের পথ ধরে, যেন সে চিনে নিতে পারে। আজকের দিন হলো ইসলামের ইতিহাসে সত্য আর মিথ্যার আলাদা হবার দিন। রমেশ শীলের যেমন নাম-ধাম, সংস্কৃতি, আচার—কিছুই পালটানো লাগেনি ভাণ্ডারীকে পেতে; তেমনই, পৃথিবীর মানুষ নিজ নিজ সংস্কৃতি-সভ্যতা নির্বিশেষে যে মহাপুরুষকে ভালোবাসার কথা, যিনি ছিলেন প্রেমের অবতার—আজ তিন-চতুর্থাংশ মানুষই তাঁকে ভয় পায় কিংবা ঘৃণা করে! এটা সত্যিই ট্র্যাজেডি। তাঁর নামের উপরে যে মানুষের আত্মাকে অবদমন করা হয়, আধ্যাত্মের দুয়ার বন্ধ করে দেওয়া হয়—এর মতো এটাই সম্ভবত মানব ইতিহাসের করুণতম অন্ধকারাচ্ছন্ন ট্র্যাজেডি।
তবু সেই অন্ধকারে আলো হয়ে জ্বলেন তাঁর মহান শিষ্য আলী। সেই আলো আমাদেরকে চিনিয়ে দেয় মহাপুরুষ মুহাম্মদের পরিচয়। তবুও কতজন মানুষই বা সেই পরিচয় পায়!? মানুষ তো প্রায় সবসময়ই নিজের হিংস্রতা, জিঘাংসাকে বৈধতা দিতে ব্যবহার করে তাঁর নাম!
এই লেখাটাকে আমি দীর্ঘ এবং আরও বিস্তারিত এবং সম্ভাব্য আরও সকল প্রশ্ন ও দ্বিমতের উত্তর দিয়ে বই আকারেই লিখতে পারতাম। কিন্তু কী লাভ? যারা নবী মুহাম্মদ (সা.)-কে বিষ দিয়েছে, যারা গৌতম বুদ্ধকে বিষ দিয়েছে, যারা শ্রীচৈতন্যকে হত্যা করে সাগরে ভাসিয়ে দিয়েছে, যারা সক্রেটিসকে বিষ দিয়েছে, যারা মনসুর হাল্লাজকে পাথর মেরে হত্যা করেছে—আমি আরেকটা বই লিখে তাদেরকে পথ দেখাব, এটা ভাবার মতো কম বয়সও আমার নয়! কবিগুরু রবীন্দ্রনাথকে মনে পড়ছে, তিনি লিখেছেন—
“ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে
দয়াহীন সংসারে...
বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির-দ্বারে
আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে।”
কিন্তু তবুও গাদিরে খুম নিয়ে লিখতে যখন বসেই পড়েছি! যে মহাপুরুষকে এবং যাঁর কন্যা, নাতি এবং নাতির ছেলে এবং তাঁর ছেলে—এভাবে ১১তম উত্তরপুরুষ পর্যন্ত হত্যা করা হয়েছে এবং যিনি আগে থেকে সবকিছু বুঝতে পেরেও বিনা প্রতিক্রিয়ায় পুরোটা গ্রহণ করে নিয়েছেন সেই নবী মুহাম্মদকে; এবং তাঁর মহত্তম শিষ্য মাওলা আলী, যে নিজেও এক মহাপুরুষ এবং যাঁর ১০ম উত্তরপুরুষ পর্যন্ত প্রত্যেকে হত্যার শিকার হবে এটা জেনেও যিনি হত্যাকারীদের ক্ষমা করে গেছেন—তাঁদেরকে নিয়ে লিখতে যখন বসেই পড়েছি—এবং যেহেতু তাঁদেরকে নিয়েই লিখেছি—তাই লেখাটি যেভাবে লিখেছি, সেভাবেই লিখতে হলো। এর অন্যথা করে ঘাতকের সাথে আপোষ করা সম্ভব হলো না।
সকল আশেকে রাসূল ও আহলে বায়াতপন্থী মানুষকে ঈদ-ই-গাদিরে খুমের শুভেচ্ছা।
--
মাহাথির মুহাম্মদ, কবি ও লেখক
ইমেইল: [email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



