জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: জনদুর্ভোগে নতুন সংযোজন


সরকারের এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে স্থবিরতা ও মন্দার ঝুঁকিতে ঠেলে দিলো।
পেট্রোল পাম্পগুলোতে দেড় মাস ধরে চলছে চরম জনদুর্ভোগ। ছয় থেকে আট ঘণ্টা লাইনে দাঁড়িয়েও নিরাশ হচ্ছেন অনেকে; পাম্পে তেল শেষ। যারা তেল পাচ্ছেন, তাদের সেচ পাম্পের চাহিদা মেটে না, গাড়ির ট্যাংক পুরো ভরে না; চলছে রেশনিং। সেচের অভাবে ফসলের মাঠ ফেটে চৌচির হচ্ছে। অনেক কৃষক সেচ পাম্পের ট্যাংক কাঁধে নিয়ে পেট্রোল পাম্পে আসছেন। তারাও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। টানা লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎচালিত পাম্পগুলোও সেচ দিতে পারছে না। ফলে দিশেহারা কৃষক। ডিজেলের অভাবে পণ্যবাহী ট্রাকগুলোর ট্রিপ প্রায় অর্ধেকে নেমে এসেছে।
জ্বালানি তেলের সরবরাহে দেড় মাসের এই অরাজকতায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। পণ্য পরিবহন ব্যয় ক্ষেত্রবিশেষে দ্বিগুণ বেড়েছে। তার সরাসরি প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে। বেশি দামে পণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন দেশের অধিকাংশ মানুষ।
এরই মধ্যে সরকার গত ১৯ এপ্রিল এক ধাক্কায় জ্বালানি তেলের দাম ১৫ থেকে ১৬ শতাংশ বৃদ্ধি করেছে। অথচ সাধারণের প্রত্যাশা ছিল, চলমান দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। উল্টো সরকার যেন ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের আগুনে 'পেট্রোল' ঢেলে দিলো।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রথম তিন দিনেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বড় ধরনের প্রভাব পড়েছে। দ্রুতই বাসভাড়া থেকে বাড়িভাড়া—সবকিছুতেই এর প্রভাব পড়বে। বাড়বে জীবনযাত্রার ব্যয়, কমবে জীবনমান।
বাংলাদেশ এমন এক সময় পার করছে যখন অর্থনৈতিক (জিডিপি) প্রবৃদ্ধি ৩.৫ শতাংশের আশপাশে, বেকারত্বের হার বাড়ছে, বিনিয়োগে স্থবিরতা রয়েছে এবং প্রায় ৯ শতাংশ মূল্যস্ফীতির চাপে সীমিত আয়ের মানুষ দিশেহারা।
অর্থনীতিবিদদের মতে, এ ধরনের পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি উসকে দেয়—এমন কোনো কাজ করা অনুচিত। কারণ এর পরিণতি হয় ভয়াবহ। দারিদ্র্যের হার দ্রুত বাড়তে থাকে; এমনকি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচেও চলে যেতে পারেন। দীর্ঘমেয়াদে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
২০২৪ সাল থেকে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে ২০২৫ সালে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ কমে দাঁড়ায় ২২.৪৮ শতাংশে, যা পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। আগস্ট ২০২৪ থেকে জুলাই ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪৫টি কারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমশক্তি জরিপ অনুযায়ী, এই সময়ে মোট কর্মসংস্থান কমেছে প্রায় ১৭ লাখ। চাকরিহারানো এই মানুষের সিংহভাগই নারী।
দারিদ্র্যের সূচকের অবস্থাও খারাপের দিকে।
বিশ্বব্যাংকের তথ্য (২০২২) অনুযায়ী, আন্তর্জাতিক দারিদ্র্যসীমায় (দিনে ৩ মার্কিন ডলারের কম আয়) বাংলাদেশে মানুষের হার ছিল মাত্র ৫ শতাংশ। কিন্তু পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)-এর এক গবেষণায় (আগস্ট ২০২৫) দেখা যায়, উচ্চ দারিদ্র্যসীমার (Upper Poverty Line) নিচে বসবাসকারীর হার দাঁড়িয়েছে ৩৭.২৮ শতাংশ, যার মধ্যে চরম দারিদ্র্যসীমার (Lower Poverty Line) নিচে আছেন ৯.৩৫ শতাংশ মানুষ। গবেষণাটি আরও দেখিয়েছে, মানুষের ব্যয়বৈষম্য উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিকেই অর্থনীতিবিদরা এর জন্য দায়ী করছেন।
এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের ক্রয়ক্ষমতা আরও কমাবে এবং আয়ের সিংহভাগ জরুরি পণ্য কিনেই খরচ করতে হবে। ফলে সঞ্চয়ের হার উল্লেখযোগ্য মাত্রায় কমে যাবে, ব্যাংক ঋণের সুদের হার বাড়বে এবং বেসরকারি বিনিয়োগ আরও কমে যাবে। সে বিবেচনায়, সরকারের এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে স্থবিরতা ও মন্দার ঝুঁকিতে ঠেলে দিলো।
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সরকার কার স্বার্থে এত গুরুত্বপূর্ণ পণ্যের মূল্য বৃদ্ধি করলো? দেশের এমন সংকটকালীন সময়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কতটা যুক্তিযুক্ত ছিল?
সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় এই ‘সমন্বয়’আনা হয়েছে। কিন্তু সেই ‘সমন্বয়’কেন জরুরি ছিল, তার সন্তোষজনক উত্তর সরকারের কাছে নেই। সরকারি তরফ থেকে এটাও জানা যাচ্ছে না যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে প্রত্যাশিত ঋণের কিস্তি পেতে শর্ত পূরণের জন্যই জ্বালানি তেলের দাম বাড়ানো হলো কিনা।
দেশের আর্থিক খাত বিপর্যস্ত করে আওয়ামী লীগ সরকার ২০২৩ সালে আইএমএফ এর শর্ত মেনে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ নেয়। সেই ঋণ প্যাকেজের শর্ত হিসেবে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করা হয়। জনস্বার্থ উপেক্ষা করে রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম কর্পোরেশনের জন্য উচ্চ মুনাফা ধরে এই সূত্র তৈরি করা হয়। অথচ দীর্ঘদিন ধরে কর্পোরেশনের আর্থিক লেনদেনের অস্বচ্ছতা নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয় না। এমনকি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আইনি এখতিয়ার উপেক্ষা করেই পূর্ববর্তী অস্বচ্ছ প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা কার্যকর করা হয়।
লক্ষ্য করা যাচ্ছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এই বিতর্কিত সিদ্ধান্ত পরবর্তী অন্তর্বর্তীকালীন ও নির্বাচিত সরকার কার্যকর রেখেছে।
আইএমএফ এর শর্ত পর্যালোচনা করলেও সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে সমর্থন করা কঠিন। প্রতিষ্ঠানটির শর্ত ছিল জ্বালানি খাতের ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনা। অথচ চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (মার্চ পর্যন্ত) পেট্রোলিয়াম কর্পোরেশন ভ্যাট, কাস্টমস ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি ও অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বাবদ সরকারকে দিয়েছে প্রায় ১,৮০০ কোটি টাকা। এর পরেও তাদের মুনাফা হয়েছে প্রায় ৪,৩০০ কোটি টাকা। এমন বাস্তবতায় ২০২৫-২৬ অর্থবছরের বাকি তিন মাসে পেট্রোলিয়াম কর্পোরেশন লোকসানি হবে—এমনটি ভাবার কোনো কারণ নেই।
শুধু তাই নয়, গত ১২ বছরে পেট্রোলিয়াম কর্পোরেশন বিভিন্ন কর ও শুল্ক বাবদ সরকারকে ২০,১৯১ কোটি টাকা দেয়ার পরেও মুনাফা করেছে প্রায় ৫৬,৬৭৯ কোটি টাকা।
সামগ্রিক বিবেচনায়, নবনির্বাচিত সরকার জ্বালানি খাতে যে অসতর্ক সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য জনগণকে অনাকাঙ্ক্ষিত মূল্য দিতে হচ্ছে এবং দিতে হবে। সরবরাহে ঘাটতি না থাকার পরও পেট্রোল পাম্পে রেশনিং জারি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং জনদুর্ভোগ সৃষ্টি করা, কৃষি (সেচ) ও পরিবহন খাতকে চরম অরাজকতার মধ্যে ফেলে দেওয়া— এরপর জ্বালানি তেলের দাম বাড়ানো— এটি স্পষ্ট করে দেয় যে, সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন, তাঁদের কাছে সাধারণ মানুষের জীবনসংগ্রাম বিবেচ্য নয়।
___
লেখক: যুগ্ম সম্পাদক, ঢাকা পেপার্স।
যোগাযোগ: [email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



