জ্বালানি সংকট: নীতির ভুল নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২:০৩পরিবর্তন করতে ক্লিক করুন
জ্বালানি সংকট: নীতির ভুল নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?
শেয়ার করুন:

'জ্বালানি তেল নিয়ে মানুষ যখন চরম দুর্ভোগে তখন এর দাম বৃদ্ধি অপরিহার্য ছিল না। ভর্তুকি কমানোর কথা বলে বিদ্যুতের দামও বাড়ানোর কথাবার্তা হচ্ছে।'

জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ সময় পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকা, সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং শেষ পর্যন্ত দাম বাড়ানোর সিদ্ধান্ত—সব মিলিয়ে এই সংকট শুধু তাৎক্ষণিক ভোগান্তির নয়, বরং বৃহত্তর নীতিগত ও ব্যবস্থাপনাগত দুর্বলতার দিকেও ইঙ্গিত করছে।


বিশ্লেষকরা বলছেন, সংকটের শুরুতেই সরকার ও সংশ্লিষ্ট মহল প্যানিক বায়িং বা আতঙ্কে অতিরিক্ত কেনাকাটাকে একটি বড় কারণ হিসেবে তুলে ধরে। বাস্তবে কিছু মানুষ অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করেছেন—এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে প্রশ্ন হচ্ছে, এটি কি সংকটের মূল কারণ, নাকি ব্যবস্থাপনার ঘাটতিই পরিস্থিতিকে জটিল করেছে? বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহার করে জ্বালানি সরবরাহ ও মজুদ পর্যবেক্ষণ করা কঠিন নয়। ডিলার থেকে ভোক্তা—সব স্তরের তথ্য বিশ্লেষণ করে সহজেই অনিয়ম চিহ্নিত করা সম্ভব। সেই জায়গায় কার্যকর পদক্ষেপ না নিয়ে 'পরীক্ষামূলক' উদ্যোগের কথা বলা হয়েছে, যা বাস্তব সমাধানের চেয়ে বেশি সময়ক্ষেপণ হিসেবেই প্রতীয়মান হয়েছে। ফলে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে—প্রকৃত মজুদদার কারা এবং তারা কতটা নিয়ন্ত্রণের বাইরে।


অর্থনীতিবিদ ও লেখক আনু মুহাম্মদ বলেন, 'জ্বালানি তেল নিয়ে মানুষ যখন চরম দুর্ভোগে তখন এর দাম বৃদ্ধি অপরিহার্য ছিল না। ভর্তুকি কমানোর কথা বলে বিদ্যুতের দামও বাড়ানোর কথাবার্তা হচ্ছে।'


তিনি বলেন, 'প্রথমত, সব ভর্তুকি বোঝা নয়, যদি অর্থনীতি ও জনজীবন তাতে অধিকতর গতি পায় তাহলে সেই ভর্তুকি বরং প্রয়োজনীয়। আর দ্বিতীয়ত ভর্তুকি যদি কমাতেই হয় তাহলে তার পথ শুধু দাম বাড়িয়ে মানুষের উপর বোঝা সৃষ্টি নয়।'


'অন্য পথ হলো উৎপাদন বা সরবরাহ খরচ কমানো।  এছাড়া তেলে ভর্তুকি কমানোর আরও পথ হলো এর চাহিদা কমানো, ব্যবহারের যৌক্তিক পুনর্বিন্যাস,  অপচয় কমানো। এসব কোনো পথে না গিয়ে, অর্থনীতিতে জনজীবনে সর্বব্যাপী প্রতিক্রিয়া হিসাবে না নিয়ে, দাম বাড়ানো জনস্বার্থ পরিপন্থী, অযৌক্তিক,' যোগ করেন আনু মুহাম্মদ। 


বিশ্লেষকদের মতে, জ্বালানির দাম বৃদ্ধির অর্থনৈতিক প্রভাব আরও গভীর। জ্বালানি শুধু ভোগ্যপণ্য নয়, এটি উৎপাদনের অন্যতম প্রধান উপাদান। ফলে এর মূল্যবৃদ্ধি সরাসরি কৃষি, পরিবহন ও শিল্প খাতে প্রভাব ফেলে। বিশেষ করে ডিজেলের দাম বাড়ানো মানে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, যা শেষ পর্যন্ত খাদ্যসহ নিত্যপণ্যের দামে প্রতিফলিত হয়। বাংলাদেশ এখনো পুরোপুরি অর্থনৈতিক চাপমুক্ত নয়; বিনিয়োগ ও বাণিজ্যে ধীরগতি রয়েছে। এই অবস্থায় জ্বালানির দাম বাড়ানো মূল্যস্ফীতিকে দীর্ঘমেয়াদে আরও উসকে দিতে পারে। নীতিগতভাবে এখানে পার্থক্য করা জরুরি ছিল—উৎপাদনমুখী জ্বালানিতে চাপ কম রাখা এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ খাতে কর সমন্বয় করা। কিন্তু সেই ভারসাম্য দৃশ্যমান নয়।


এই সংকট সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে। একটি কার্যকর ব্যবস্থাপনা মানে শুধু সিদ্ধান্ত নেওয়া নয়, বরং তথ্যনির্ভর পরিকল্পনা, বিশেষজ্ঞ মতামত গ্রহণ এবং দ্রুত বাস্তবায়ন। কিন্তু জ্বালানি ইস্যুতে বিস্তৃত পরামর্শ বা সমন্বিত উদ্যোগের তেমন প্রমাণ দেখা যায়নি। বরং দীর্ঘ ভোগান্তির পর মূল্যবৃদ্ধিকেই প্রধান সমাধান হিসেবে নেওয়া হয়েছে। এতে করে জনগণের একটি অংশ মনে করছে, সমস্যার মূল কারণ নিরসনের বদলে সহজ পথই বেছে নেওয়া হয়েছে।


সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—এই সংকট থেকে কোনো শিক্ষা নেওয়া হচ্ছে কি না। ইতিহাস বলছে, বড় সংকটগুলোই পরিবর্তনের সুযোগ তৈরি করে। জ্বালানি খাতেও সেই সুযোগ ছিল। উদাহরণ হিসেবে, সেচব্যবস্থায় ডিজেলের পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার, জ্বালানি ব্যবস্থাপনায় প্রযুক্তির বিস্তৃত প্রয়োগ, কিংবা সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনা—এসব পদক্ষেপ ভবিষ্যতের ঝুঁকি কমাতে পারতো। একইভাবে কৃষি খাতে জ্বালানিনির্ভরতা কমানো এবং বিকল্প শক্তির দিকে অগ্রসর হওয়া দীর্ঘমেয়াদে অর্থনীতিকে স্থিতিশীল করতে সহায়ক হতে পারে।


অঅর্থাৎ,  জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি একটি তাৎক্ষণিক সংকটের প্রতিক্রিয়া হলেও এর প্রভাব বহুদূর বিস্তৃত। এটি শুধু বাজারদরের পরিবর্তন নয়, বরং নীতিনির্ধারণের মান, ব্যবস্থাপনার দক্ষতা এবং রাষ্ট্রের জবাবদিহির একটি প্রতিফলন। এখন দেখার বিষয়—এই সংকটকে সরকার একটি সতর্কবার্তা হিসেবে গ্রহণ করে কাঠামোগত পরিবর্তনের পথে হাঁটে, নাকি আগের মতোই সমস্যার দায় এড়িয়ে জনগণের ওপরই বোঝা চাপানো রীতি অনুসরণ করে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: