তেলের দামে প্যানিক: প্রকৃত বাজারচিত্র কী?

জ্বালানি তেলের মজুত প্রতিরোধ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: বিজিবি
ফেব্রুয়ারি মাস পর্যন্ত কেনা তেলের সিংহভাগই ব্যারেল প্রতি ৬০ থেকে ৬৭ ডলার দরের ছিল। অথচ মাত্র দুই সপ্তাহ আগে থেকে বাড়া দামকে পুঁজি করে এখনই বিশাল লোকসানের হিসাব দেখানো হচ্ছে।
জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সম্প্রতি দাবি করেছেন, সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। তবে খোদ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) গত তিন বছরের মুনাফার হিসাব এবং আন্তর্জাতিক বাজারের তেলের দরের দিকে তাকালে এই তথ্যের কোনো বাস্তব ভিত্তি খুঁজে পাওয়া যায় না।
বিশ্লেষণ বলছে, প্রতিমন্ত্রীর এমন মন্তব্য কেবল জনমনে বিভ্রান্তিই ছড়ায় না, বরং নীতি নির্ধারণী পর্যায়ে স্বচ্ছতার অভাবকেও প্রকট করে তোলে।
বিপিসির নিজস্ব তথ্য বলছে, সংস্থাটি গত কয়েক বছর ধরেই জ্বালানি তেল বিক্রি করে বড় অঙ্কের মুনাফা করছে। ২০২৪-২৫ অর্থবছরে বিপিসি তেল বিক্রি করে ৪ হাজার ৩১৬ কোটি টাকা লাভ করেছে। এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও তাদের লাভের পরিমাণ ছিল যথাক্রমে ২ হাজার ৭৫৬ কোটি এবং ৩ হাজার ৯৪৩ কোটি টাকা। টানা তিন বছর লাভের এই ধারাবাহিকতা বজায় থাকার পর হঠাৎ করে দৈনিক ১৬৭ কোটি টাকা লোকসান বা ভর্তুকির দাবি গাণিতিকভাবে অসম্ভব। যদি প্রতিমন্ত্রীর দাবি সত্য হতো, তবে বছরে লোকসানের পরিমাণ দাঁড়াত প্রায় ৬১ হাজার কোটি টাকা, যা বিপিসির বর্তমান আর্থিক অবস্থার সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি ব্যারেল ক্রুড অয়েলের গড় দাম ছিল যথাক্রমে ৭৭.৭০, ৭৫.৮২ এবং ৬৪.৬৭ ডলার। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যখন দাম নিম্নমুখী ছিল, তখনও দেশের বাজারে উচ্চমূল্যে তেল বিক্রি করে বিপিসি মুনাফা লুটেছে। বর্তমানে যুদ্ধের প্রভাবে তেলের দাম বাড়লেও সেই চড়া দরের তেল এখনো বাংলাদেশে এসে পৌঁছায়নি।
সাধারণত বাংলাদেশে ব্যবহৃত তেল আগের কেনা থাকে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত কেনা তেলের সিংহভাগই ব্যারেল প্রতি ৬০ থেকে ৬৭ ডলার দরের ছিল। অথচ মাত্র দুই সপ্তাহ আগে থেকে বাড়া দামকে পুঁজি করে এখনই বিশাল লোকসানের হিসাব দেখানো হচ্ছে।
তেলের দাম নির্ধারণের আন্তর্জাতিক পদ্ধতি ‘প্লেটস রেট’ অনুযায়ী, একদিনের দাম বাড়া মানেই আমদানিকারক দেশের লোকসান শুরু হওয়া নয়। তেলের দাম নির্ধারিত হয় জাহাজে পণ্য তোলার আগের ও পরের কয়েক দিনের গড় মূল্যের ভিত্তিতে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব দেশের বাজারে পড়তে বেশ সময় লাগে। এই কারিগরি দিকটি উপেক্ষা করে প্যানিক বা আতঙ্ক তৈরি করা কোনোভাবেই কাম্য নয়।
সরকারের উচ্চপর্যায় থেকে এমন তথ্য দেওয়ার আগে প্রকৃত অডিট ও বাজার পরিস্থিতি যাচাই করা জরুরি। তথ্যগত এই বিভ্রাট নিরসন না হলে সাধারণ মানুষের মধ্যে সরকারের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে আস্থার সংকট তৈরি হবে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



