রমজানে রেকর্ড ফল আমদানি, তবুও কেন বাজারে চড়া দাম

ছবি: উইকি
চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলমের মতে, রমজানে আন্তর্জাতিক বাজারে ফলের দাম বৃদ্ধি এবং দেশে ডলারের উচ্চমূল্য ও অতিরিক্ত শুল্কই দাম বাড়ার মূল কারণ।
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশে রেকর্ড পরিমাণ বিদেশি ফল আমদানি করা হলেও বাজারে ক্রেতাদের জন্য কোনো সুখবর নেই। চাহিদার চেয়ে বেশি ফল আমদানি হওয়ার পরও বাজারে কমছে না দাম।
সংশ্লিষ্টরা বলছেন, মূলত মিশর, চীন, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মালদোভা ও ভারত থেকে এসব ফল আনা হয়েছে। চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলমের মতে, রমজানে আন্তর্জাতিক বাজারে ফলের দাম বৃদ্ধি এবং দেশে ডলারের উচ্চমূল্য ও অতিরিক্ত শুল্কই দাম বাড়ার মূল কারণ।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ৮০ টাকার একটি ফলে ১১০ টাকা পর্যন্ত শুল্ক দিতে হচ্ছে, যার কারণে খুচরা পর্যায়ে দাম অস্বাভাবিক হারে বাড়ছে এবং আমদানিকারকরাও প্রতি কনটেইনারে ৫ থেকে ১২ লাখ টাকা লোকসান গুণছেন।
অতিরিক্ত শুল্ক ও অন্যান্য খরচের কারণে বর্তমানে পাইকারি বাজারে ২০ কেজির আপেলের কার্টন ৩ হাজার ৭০০ থেকে ৬ হাজার টাকায়, ১৪ কেজির মাল্টা ৩ হাজার থেকে ৪ হাজার টাকায়, ১০ কেজির আঙুর ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায় এবং সাড়ে ৮ কেজির কমলা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিদেশি ফলের এই বিপুল সরবরাহে দেশীয় ফলের বাজার কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও, সাশ্রয়ী দাম ও পুষ্টিগুণের বিবেচনায় সংশ্লিষ্টরা দেশীয় ফলকেই বেশি উপকারী বলে মনে করছেন।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় আড়াই লাখ মেট্রিক টন আপেল, আঙুর, মাল্টা ও কমলা খালাস করা হয়েছে।
এর মধ্যে রয়েছে ৮৬ হাজার ৯৯১ মেট্রিক টন আপেল, ৫৬ হাজার ৯৯৫ মেট্রিক টন কমলা, ৫০ হাজার ৩১৬ মেট্রিক টন মাল্টা এবং ৪৪ হাজার ৪৫৬ মেট্রিক টন আঙুর। এসব ফলের মোট আমদানি মূল্য প্রায় ২ হাজার ২২ কোটি টাকা। বিপুল পরিমাণ এই আমদানি থেকে চট্টগ্রাম কাস্টম হাউজ প্রায় আড়াই হাজার কোটি টাকার রেকর্ড রাজস্ব আদায় করেছে।
চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারী কমিশনার শরীফ মো. আল আমিন জানিয়েছেন, সাধারণ মানুষের কাছে দ্রুত ফল পৌঁছে দিতে শুল্কায়ন বিভাগকে দ্রুততার সাথে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে চট্টগ্রাম বন্দরে ৬২৫টি বিশেষায়িত রেফার কনটেইনারে থাকা ফল দ্রুত খালাসের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম।
সাধারণ ফলের পাশাপাশি ইফতারের অপরিহার্য অনুষঙ্গ হিসেবে ১ হাজার ৭৬ কোটি টাকা মূল্যের ৪৭ হাজার মেট্রিক টন খেজুরও আমদানি করা হয়েছে, যা থেকে সরকার ৪৮১ কোটি টাকা রাজস্ব পেয়েছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



