ফেলানী, একাত্তর ও টিফোর রাজনীতি: গ্যালারির বিদ্রোহ


বাংলাদেশ আর পাকিস্তানের ফুটবল ম্যাচে বাংলাদেশি ফ্যানদের প্রদর্শিত টিফো
বাংলাদেশে ২০২৫ সালে ফেলানীর টিফো এবং ২০২৬ সালে মুক্তিযুদ্ধের টিফো আমাদের এই ভরসাই দেয় যে, দেশের স্টেডিয়ামগুলো এখনো পুরোপুরি নির্জীব ভোক্তাদের দখলে চলে যায়নি। ফুটবল না বোঝা নীতিনৈতিকতার ফেরিওয়ালা আর হাতে বিয়ার নিয়ে বসা অলস দর্শকদের এই যে অস্বস্তি, এটাই প্রমাণ করে টিফো তার কাজটা ঠিকঠাক করছে।
বাংলাদেশের ফুটবল গ্যালারিতে যখনই কোনো বড় ব্যানার বা টিফো ওঠে, ঠিক তখনই একদল চিরচেনা নীতিনৈতিকতার ফেরিওয়ালা সামাজিক যোগাযোগমাধ্যমে আর চায়ের আড্ডায় জ্ঞান দিতে বসে পড়েন। মজার ব্যাপার হলো, এঁদের বেশিরভাগই সারা বছর ঘরোয়া লিগ তো দূরের কথা, আন্তর্জাতিক ফুটবলেরও নিয়মিত খোঁজ রাখেন না। অফসাইড কাকে বলে, কিংবা একটা দলের সমর্থকগোষ্ঠী কীভাবে বছরভর গড়ে ওঠে, সেসব নিয়ে তাঁদের কোনো মাথাব্যথা নেই। টিফো জিনিসটা কী, এর জন্ম কোথায়, গ্যালারিতে একটা বিশাল কাপড় তুলে ধরার পেছনে কত রাতের ঘুম আর ঘাম মিশে থাকে, তাও তাঁরা জানেন না। অথচ ২০২৫ সালে বাংলাদেশ ও ভারতের ম্যাচে যখন গ্যালারিতে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর টিফো উঠল, কিংবা ২০২৬ সালে সাফ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে যখন মুক্তিযুদ্ধের প্রতিরোধের টিফো টানানো হলো, অমনি এই ফুটবলবিমুখ মানুষগুলো গেলেন খেপে। তাঁদের একটাই প্রশ্ন, খেলার মাঠে রাজনীতি কেন? এসব নাকি বিব্রতকর! মাঠে মানুষ শুধু খেলা দেখতে যাবে, সেখানে ইতিহাস বা প্রতিবাদ টেনে আনার কী দরকার!
এই যে খেলার মাঠে রাজনীতি না আনার সবক, এটা কোনো নিরীহ ক্রীড়াপ্রেম থেকে আসে না। বরং এর ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় রাজনৈতিক ভণ্ডামি। কারণ খেলাকে অরাজনৈতিক রাখার আবদারটাই পৃথিবীর অন্যতম প্রতিক্রিয়াশীল রাজনীতি। ক্ষমতাবানেরা সবসময় চায় সাধারণ মানুষ কেবল নব্বই মিনিটের বিনোদনে বুঁদ হয়ে থাকুক, হাততালি দিক আর প্রশ্ন না তুলে বাড়ি ফিরে যাক। ফুটবল কখনোই শূন্যে ভাসমান কোনো বিনোদন ছিল না, আজও নেই। গ্যালারির টিফো যখন সীমান্তে ফেলানী হত্যার বিচার চায়, কিংবা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে একাত্তরের গণহত্যা আর মুক্তিযুদ্ধের রক্তাক্ত স্মৃতি মনে করিয়ে দেয়, তখন তা কূটনীতির মেকি ভদ্রতা ভেঙে সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভকে সামনে আনে। যাঁরা এতে আঁতকে ওঠেন, তাঁরা আসলে ফুটবল খেলাটাকেই চেনেন না। কারণ টিফোর জন্মই হয়েছে প্রথাবিরোধী রাজনীতি আর ক্ষমতার চোখে চোখ রেখে সত্য বলার তাগিদ থেকে।
জ্ঞানদাতাদের এই ভ্রান্তি ভাঙাতে হলে আগে জানতে হবে টিফো শব্দটা এলো কোথা থেকে। ম্যাচের আগে বা চলাকালীন গ্যালারিতে সমর্থকদের তুলে ধরা বিশাল ব্যানার, পতাকা বা রঙিন কার্ডের মোজাইককেই সাধারণত টিফো বলে। কিন্তু শব্দটার গোড়ায় গেলে বোঝা যায়, এর পেছনে কোনো শীতল হিসাবনিকাশ নেই। ইতালীয় শব্দ ‘তিফোসি’ থেকে এসেছে টিফো, যার অর্থ সমর্থকগোষ্ঠী। মজার বিষয় হলো, ইতালীয় ভাষায় শব্দটির শিকড় গিয়ে ঠেকেছে ‘টাইফাস’ নামের এক সংক্রামক জ্বরের সঙ্গে। উনিশশো তিরিশের দশকে ইতালির সংবাদপত্রগুলো টাইফাস জ্বরে আক্রান্ত রোগীর প্রলাপ আর ঘোরলাগা উন্মাদনার সঙ্গে স্টেডিয়ামের ফুটবল সমর্থকদের আবেগের তুলনা করতে শুরু করে। সেখান থেকেই গ্যালারির ওই বাঁধভাঙা উন্মাদনাকে বোঝাতে ‘তিফোসি’ আর পরে ‘টিফো’ শব্দের জন্ম।
উরুগুয়ের লেখক এদোয়ার্দো গালিয়ানো তাঁর ‘সকার ইন সান অ্যান্ড শ্যাডো’ বইয়ে লিখেছিলেন, দর্শকহীন শূন্য মাঠের চেয়ে বিষণ্ন আর কিছুই নেই। ওয়েম্বলি, সেন্তেনারিও কিংবা মারাকানার গ্যালারিতে কান পাতলে যেমন পঞ্চাশ বা ছেষট্টি সালের হাসিকান্নার প্রতিধ্বনি পাওয়া যায়, তেমনি দর্শকেরাই ফুটবলকে নিছক খেলা থেকে মানুষের আবেগের মহাকাব্যে বদলে দেন। ২০০৮ সালের এক গবেষণায় দেখা গিয়েছিল, ম্যাচে গোল হওয়ার মুহূর্তের চেয়েও দর্শকদের হৃদস্পন্দন বেশি থাকে যখন তাঁরা মাঠে ঢুকে আসনে বসেন, অর্থাৎ ম্যাচ শুরুর ঠিক আগে।
‘দ্য আর্ট অব টিফো’ বইয়ের সহলেখক জেফ্রি ক্যাসিং টিফোকে বলেছেন দলের প্রতি সমর্থকদের লেখা এক প্রেমপত্র। আজকাল অনেক ক্লাব স্পনসরদের টাকায় ফ্লেক্স প্রিন্ট করে গ্যালারিতে টাঙিয়ে দেয়, কিন্তু ওটা আসল টিফো নয়। আসল টিফো গড়ে ওঠে সমর্থকদের নিজেদের চাঁদায়, নিজের হাতে আর কঠোর গোপনীয়তায়। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের ‘আমেরিকান আউটলজ’ সমর্থকগোষ্ঠী যখন বিশ বাই পঁয়ত্রিশ ফুটের একটা টিফো বানাল, তখন তাঁরা পঞ্চাশ গজ মসলিন কাপড় কিনে, স্কুলের জিমনেসিয়ামে প্রজেক্টর বসিয়ে রাত জেগে এঁকেছেন, সেলাই করেছেন এবং খালি পায়ে বসে বিশ ঘণ্টার বেশি সময় ধরে রং করেছেন। এ কোনো বিজ্ঞাপন সংস্থার ঠিকা কাজ নয়, এ এক নিখাদ ভালোবাসার শ্রম।
টিফোর আসল দাপট শুরু হয় গত শতকের ষাট ও সত্তরের দশকে, ইতালি আর দক্ষিণ ইউরোপের গ্যালারিতে। তখন ইউরোপের শ্রমিকপাড়াগুলোতে ‘আল্ট্রাস’ আন্দোলনের জন্ম হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শ্রমিক আন্দোলন, ছাত্র বিক্ষোভ আর আঞ্চলিক অধিকারের লড়াইয়ের সেই উত্তাল সময়ে শহরের শ্রমজীবী তরুণেরা কেবল টিকিট কেটে সুবোধ বালকের মতো খেলা দেখতে রাজি ছিলেন না। তাঁরা গ্যালারির পেছনের অংশ, ইতালিতে যাকে বলে ‘কার্ভা’, সেটা দখল করে নিজেদের আলাদা জগৎ বানিয়ে নিলেন। বড় পতাকা, ফ্লেয়ারের ধোঁয়া, ড্রামের তালে গর্জন আর হাতে আঁকা বিশাল টিফো দিয়ে তাঁরা বুঝিয়ে দিলেন, স্টেডিয়ামটা তাঁদেরও।
সমর্থকেরা নিজেদের মাঠের ‘দ্বাদশ খেলোয়াড়’ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। গ্যালারিকে উত্তপ্ত করে নিজ দলকে সাহস জোগানো আর প্রতিপক্ষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া ছিল লক্ষ্য। এসি মিলানের সমর্থকেরা সান সিরোকে লাল আর কালো রঙে সাজিয়ে তাদের মাসকট ‘ইল দিয়াভোলো’ বা শয়তানের প্রতিকৃতি তুলে ধরেন, বরুসিয়া ডর্টমুন্ডের ‘ইয়েলো ওয়াল’ পুরো গ্যালারিকে ক্যানভাস বানিয়ে মার্কো রয়েসকে বিদায় জানায়, আবার লিভারপুলের ‘দ্য কপ’ অ্যানফিল্ডে স্মরণ করে হিলসবরো ট্র্যাজেডির নিহত মানুষদের। পোল্যান্ডের লেগিয়া ওয়ারশর আল্ট্রাসরা উয়েফা কনফারেন্স লিগে অ্যাস্টন ভিলার মতো শক্তিশালী ইংলিশ ক্লাবের সামনে বিশাল গরিলার ছবিসহ ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ টিফো তুলে ধরেছিল। সেই ম্যাচে সাতাশ হাজার ঘরের দর্শকের গর্জনে ডেভিড আর গোলিয়াথের লড়াইয়ের মতোই অখ্যাত লেগিয়া হারিয়ে দিয়েছিল ভিলাকে।
পাশাপাশি টিফোর শিকড়ে ছিল শ্রেণিগত ও আঞ্চলিক আত্মপরিচয় রক্ষার তাগিদ। ইতালির মিলান বা ইন্টার থেকে শুরু করে সেরি সি কিংবা ডি স্তরের ছোট ক্লাবের গ্যালারিতেও টিফো ছিল সাধারণ মানুষের কথা বলার জায়গা। ইউরোপ পেরিয়ে এই চল দ্রুতই পৌঁছে গেছে আর্জেন্টিনায়, উত্তর আফ্রিকায়, আমেরিকার মেজর লিগ সকারে, এমনকি ইন্দোনেশিয়া হয়ে দক্ষিণ এশিয়ায়। যেখানেই ফুটবল সাধারণ মানুষের খেলা হয়েছে, সেখানেই দর্শকেরা নীরব শ্রোতা থাকতে চাননি।
ভদ্রসমাজের সবচেয়ে বড় আপত্তিটা এখানেই যে টিফো কেন সবসময় এত রাজনৈতিক, এত অ্যানার্কিস্ট আর প্রতিষ্ঠাবিরোধী হয়? উত্তরটা খুঁজতে রাষ্ট্র আর ক্ষমতার চরিত্রের দিকে তাকালেই চলবে। যখন রাজপথের মিছিলে পুলিশের লাঠি পড়ে, যখন গণমাধ্যম শাসকের বা কর্পোরেটের ইশারায় কথা বলে, আর যখন প্রথাগত রাজনৈতিক দলগুলো তরুণদের কাছে বিশ্বাসযোগ্যতা হারায়, তখন মানুষ কথা বলবে কোথায়? স্টেডিয়ামের গ্যালারিই তখন হয়ে ওঠে সমাজের হাতে থাকা শেষ কয়েকটি মুক্ত জায়গার একটি। হাজার হাজার মানুষের ভিড়ে একটা অদৃশ্য নিরাপত্তা থাকে। গ্যালারি থেকে একসঙ্গে উঠে আসা প্রতিবাদের স্বরকে চট করে গ্রেপ্তার বা দমন করা রাষ্ট্রের পক্ষেও সহজ হয় না।
মরক্কোর আল্ট্রাসদের গল্পটা এ ক্ষেত্রে দারুণ উদাহরণ। রাজতন্ত্র আর ‘আল মাখজেন’ নামে পরিচিত প্রাসাদঘনিষ্ঠ অভিজাতদের জুলুমের মুখে মরক্কোর বেকার ও প্রান্তিক তরুণেরা গ্যালারিকেই প্রতিবাদের দুর্গ বানিয়ে ফেলেছেন। রাজা কাসাব্লাঙ্কার ‘গ্রিন বয়েজ’ আর উইদাদের ‘উইনার্স’ শুধু মাঠের হারজিত নিয়ে পড়ে থাকেনি। ২০১১ সালে তারা রাস্তায় নেমেছে বিশে ফেব্রুয়ারি আন্দোলনে, দুর্নীতিবাজ নেতাদের চোর বলে গালি দিয়েছে। ২০১৭ সালে তারা গাইতে শুরু করে ‘ফব্লাদি দালমুনি’ অর্থাৎ ‘নিজ দেশেই আমি অন্যায়ের শিকার’, যেখানে উঠে এসেছে তরুণদের হতাশা আর দেশ ছাড়ার হাহাকার। কেনিত্রা এসি ক্লাবের ‘হেলালা বয়েজ’ সরাসরি পুলিশ আর সরকারকে শুনিয়ে স্লোগান দেয়, ‘আমরা তোমাদের সবাইকে ঘৃণা করি’। ২০১৬ সালে সরকার আল্ট্রাসদের নিষিদ্ধ করলে তারা উল্টো গ্যালারিতে চে গুয়েভারার ছবি আর ‘ফিলোতিমো’ বা সম্মানের প্রতি ভালোবাসা লেখা টিফো তুলে নিজেদের বিদ্রোহী ঘোষণা করে।
রাজপরিবারের ক্লাব ‘আসফার’ বা কথিত ‘রাজার দলের’ বিরুদ্ধে গ্রিন বয়েজদের লড়াই ছিল আসলে অভিজাততন্ত্রের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির লড়াই। ইতিহাসবিদ শাওকি এল জাতমাহ বলেছেন, আল্ট্রাসরা স্বভাবগতভাবেই কর্তৃপক্ষবিরোধী এবং স্বাধীনতাপন্থী। রাজা কাসাব্লাঙ্কার এক তরুণ সমর্থকের কথায় এর সারমর্ম মেলে: ‘আনুষ্ঠানিক রাজনীতি থেকে আমাদের দূরে রাখা হয়েছে, কিন্তু স্টেডিয়ামে আমরা বুঝি ক্ষমতা আমাদের হাতে, এখানে আমরা স্বাধীন।’
এই বিদ্রোহী মেজাজ দুনিয়ার সব গ্যালারিতেই দেখা যায়। বার্সেলোনার ক্যাম্প ন্যুতে টিফো উঠেছে কাতালান স্বাধীনতার দাবিতে। স্কটল্যান্ডের সেল্টিক সমর্থকেরা উয়েফার জরিমানা আর শাস্তিকে পাত্তা না দিয়েই প্রকাশ্যে সাম্রাজ্যবাদবিরোধী স্লোগান তুলে ধরেছেন, আর সেই সমর্থকেরাই ২০১৭ সালে জিতেছেন ফিফার সেরা সমর্থকের পুরস্কার। আমেরিকার গথাম এফসির ‘ক্লাউড নাইন’ টিফো তুলে ধরেছে নারী ফুটবলারদের ন্যায্য অধিকার আর প্রান্তিক মানুষের নিরাপত্তার দাবিতে। এমনকি ফিফার মেধাস্বত্ব আইনের কড়াকড়িতে আমেরিকান আউটলজরা যখন টিফোতে বিশ্বকাপ ট্রফির ছবি আঁকতে পারলেন না, তখনো তাঁরা বিকল্প প্রতীকে নিজেদের স্বপ্ন এঁকেছেন। মানে টিফোর স্বভাবই হলো আইনকানুন আর আমলাতান্ত্রিক দেয়াল ভেঙে কথা বলা।

বাংলাদেশের ঘটনা দুটোকেও এই বিশ্বজনীন পাটাতনে রেখেই পড়তে হবে। ২০২৫ সালে ভারতের বিরুদ্ধে ম্যাচে গ্যালারিতে ফেলানীর টিফো ওঠা কোনো তুচ্ছ উসকানি ছিল না। কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানী আমাদের নতজানু কূটনীতি, সীমান্ত হত্যা আর আঞ্চলিক দাদাগিরির বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্রোধের প্রতিচ্ছবি। রাষ্ট্র যখন পরাশক্তির সামনে মাথা নুইয়ে চুপ থাকে, তখন গ্যালারির টিফো আঙুল তুলে বলে, আমরা কিছুই ভুলিনি। একইভাবে ২০২৬ সালের সাফ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মুক্তিযুদ্ধের টিফো ছিল ইতিহাস মুছে ফেলার চেষ্টা আর গণহত্যার দায় এড়িয়ে যাওয়ার রাজনীতির মুখে এক সপাট জবাব। একটা টিফো এত বড় হয় যে মোবাইল স্ক্রিনের মতো আঙুল দিয়ে সরিয়ে একে এড়িয়ে যাওয়া যায় না। কূটনীতির শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে যে সত্য উচ্চারণ করতে ভদ্রলোকেরা কুণ্ঠা বোধ করেন, গ্যালারির অ্যানার্কিস্ট তারুণ্য সেটাই বিশাল কাপড়ে এঁকে দুনিয়ার চোখের সামনে মেলে ধরে।
আরেক দল মানুষের মেজাজটাও একটু বুঝে নেওয়া যাক, যাঁদের কাছে ফুটবল স্রেফ নব্বই মিনিটের ঝামেলামুক্ত বিনোদন। লুক টেলর তাঁর ‘দ্য আর্ট অব দ্য টিফো’ লেখায় আধুনিক ফুটবলের এই কর্পোরেট অসুখটা খুব চমৎকারভাবে ধরেছেন। তিনি দেখিয়েছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বড় লিগগুলো কীভাবে স্টেডিয়ামকে সাধারণ মানুষের আবেগের জায়গা থেকে বদলে একটা বিলাসবহুল ‘হসপিটালিটি এক্সপেরিয়েন্স’ বা পর্যটকদের বিনোদনকেন্দ্রে পরিণত করেছে। এই কর্পোরেট গ্যালারির প্রিয় গ্রাহক হলো সেই অলস দর্শক, যিনি মোটা অঙ্কের টিকিট কেটে এক হাতে বিয়ারের গ্লাস বা পপকর্ন নিয়ে চুপচাপ বসে খেলা দেখতে চান।
তাঁদের কাছে স্টেডিয়ামে খেলা দেখা আর ঘরে বসে নেটফ্লিক্স দেখা একই ব্যাপার। গ্যালারিতে ফ্লেয়ার জ্বললে, পাশের মানুষটা গলা ফাটিয়ে স্লোগান দিলে কিংবা ম্যাচ শুরুর আগে এক মিনিটের জন্য বিশাল একটা টিফো মাথার ওপর উঠে দৃশ্য আড়াল করলে এই দর্শকদের বিরক্তি লাগে! তাঁদের নিরাপদ বিনোদনে চিড় ধরে। যে মানুষ জীবনে কোনো দিন একটা ব্যানার সেলাই করেননি, রঙের কৌটা খোলেননি বা দলের জন্য রাত জাগেননি, তাঁর কাছে এসব মনে হয় পাগলামি আর সময় নষ্ট। লুক টেলর ঠিকই ধরেছেন, ইংল্যান্ডে তাই সক্রিয় সমর্থক বা টিফো দেখলেই এই আরামপ্রিয় দর্শকেরা নাক সিঁটকে বলেন, ‘জীবনে কিছু করো’ কিংবা ‘পাবে গিয়ে বসে থাকো’। আমাদের দেশেও যে ‘খেলা দেখতে এসে এসব কী শুরু করেছে’ বলে টিপ্পনী কাটা হয়, তার গোড়ায় আছে ঠিক এই মধ্যবিত্তীয় আরামপ্রিয়তা আর শ্রেণিগত অবজ্ঞা।
আর ক্লাবগুলো যখন দেখে সমর্থকদের টিফোকে বাগে আনা যাচ্ছে না, তখন তারা নিজেরাই টিফো বানিয়ে এর প্রাণটা মেরে ফেলতে চায়। লুক টেলর উদাহরণ দিয়েছেন আর্সেনালের, যেখানে ক্লাব নিজেই টাকা ঢেলে ‘হিস্ট্রি ইন আওয়ার সাইটস’ নামের একটা ব্যানার বানিয়েছে, যা দেখতে অনেকটা ফিফা ভিডিও গেমের প্লাস্টিক গ্রাফিক্সের মতো। ক্লাব যখন টিফো দখল করে নেয়, তখন আর সেখানে প্রতিবাদ থাকে না, থাকে শুধু টিভি ক্যামেরা আর পর্যটকদের মনোরঞ্জনের মেকি আয়োজন। অলস দর্শকেরা ঠিক এমন প্লাস্টিকের পরিবেশই চায়, যেখানে কোনো ফেলানী নেই, কোনো একাত্তর নেই, আছে শুধু নিরুদ্বেগ বিনোদন।
করোনা মহামারির সময় প্রায় দেড় বছর স্টেডিয়ামগুলো খাঁ খাঁ করেছে। জেফ্রি ক্যাসিংয়ের মতো গবেষক ভেবেছিলেন, এত লম্বা বিরতির পর টিফো সংস্কৃতি হয়তো আর আগের রূপে ফিরবে না। কিন্তু মহামারির পর গ্যালারিতে টিফো ফিরে এসেছে আগের চেয়েও বেশি তেজ নিয়ে। কারণ পৃথিবীজুড়েই প্রান্তিক তরুণেরা টের পেয়েছেন, রাষ্ট্রের নজরদারি আর পুঁজির দখলদারির মুখে তাঁদের হাতে থাকা শেষ গণতান্ত্রিক মঞ্চ এই গ্যালারিই।
বাংলাদেশে ২০২৫ সালে ফেলানীর টিফো এবং ২০২৬ সালে মুক্তিযুদ্ধের টিফো আমাদের এই ভরসাই দেয় যে, দেশের স্টেডিয়ামগুলো এখনো পুরোপুরি নির্জীব ভোক্তাদের দখলে চলে যায়নি। ফুটবল না বোঝা নীতিনৈতিকতার ফেরিওয়ালা আর হাতে বিয়ার নিয়ে বসা অলস দর্শকদের এই যে অস্বস্তি, এটাই প্রমাণ করে টিফো তার কাজটা ঠিকঠাক করছে। ফুটবলের গ্যালারি কোনো শীতল সিনেমা হল নয় যে সেখানে চুপচাপ বসে পপকর্ন চিবোতে হবে। লুক টেলর যেমন ইতালীয় ফুটবলকে সতর্ক করে বলেছিলেন প্রিমিয়ার লিগের মতো প্রাণহীন হয়ে না যেতে, আমাদেরও আজ গ্যালারির এই বিশুদ্ধ বিদ্রোহকে আগলে রাখতে হবে। ফুটবলের গায়ের ওপর টিফো কোনো আলগা সাজসজ্জা নয়, ওটা খেলাটার হৃৎস্পন্দন।
যেদিন সমর্থকেরা তুলি নামিয়ে রাখবেন, ইতিহাসের দায় আর প্রতিবাদের ব্যানার তুলতে ভয় পাবেন, সেদিন ফুটবল আর মানুষের খেলা থাকবে না। সেদিন তা হয়ে উঠবে কেবলই মুনাফালোভী কর্পোরেট আর ক্ষমতাবানদের পোষা এক নিষ্প্রাণ বাজার।
-- --
লেখকঃ কবি
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



