আবুল কাসেম ফজলুল হক স্যার স্মরণে: দরদ হারানো যাবে না

আসিফ বিন আলী
আসিফ বিন আলী
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ১২:১৫পরিবর্তন করতে ক্লিক করুন
আবুল কাসেম ফজলুল হক স্যার স্মরণে: দরদ হারানো যাবে না

ফাইল ফটো

শেয়ার করুন:

তিনি দ্বিমতকে ব্যক্তিগত অসম্মান হিসেবে নিতেন না। অন্তত আমার সঙ্গে আলাপে নেননি। তিনি শুনতেন, ভাবতেন এবং উত্তর দিতেন। তিনি হয়তো আমার কথার সঙ্গে একমত হতেন না, কিন্তু আমাকে কথা বলার জায়গাটি দিতেন।

 

আবুল কাসেম ফজলুল হক স্যারের মৃত্যুর খবর জানার পর থেকে ছোট ছোট কিছু স্মৃতি বারবার মনে পড়ছে। বড় কোনো ঘটনা নয়। একটি সভা, কয়েক ঘণ্টার আলাপ, চিড়া-দইয়ের একটি বাটি, কয়েকটি কথা। কিন্তু মানুষের স্মৃতি সম্ভবত এভাবেই কাজ করে। দীর্ঘ সময়ের পরিচয় অনেক সময় ঝাপসা হয়ে যায়, অথচ কোনো মানুষের বলা ছোট একটি কথা বছরের পর বছর মনের মধ্যে থেকে যায়। কখনো কখনো সেই কথাই আমাদের চিন্তা, লেখা কিংবা জীবন দেখার ধরনকে নীরবে প্রভাবিত করে।

স্যারের সঙ্গে আমার প্রথম পরিচয় ২০১৬ সালের শেষের দিকে। তখন আমি দিল্লি থেকে মাস্টার্স শেষ করে দেশে ফিরেছি। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হয়েছে মাত্র। কোনো চাকরি পাইনি। সামনে কী করব, কোথায় যাব, সেটিও খুব পরিষ্কার নয়। বয়সের ওই সময়ে নিজের চিন্তা ও সামর্থ্য নিয়ে একধরনের আত্মবিশ্বাস থাকে, আবার একই সঙ্গে গভীর অনিশ্চয়তাও থাকে। মনে হয় অনেক কথা বলার আছে, কিন্তু সেই কথা কে শুনবে, কোথায় বলা যাবে, তার কোনো নিশ্চয়তা নেই।

ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রে একটি লেকচারের আয়োজন হয়েছিল। সেখানে আমার একটি প্রবন্ধ উপস্থাপনের কথা ছিল। যতদূর মনে পড়ে, প্রবন্ধের বিষয় ছিল বাংলাদেশে পাবলিক ইন্টেলেকচুয়ালের ভূমিকা। একজন বুদ্ধিজীবীর কাজ কী, রাষ্ট্র ও সমাজের সঙ্গে তার সম্পর্ক কেমন হওয়া উচিত, ক্ষমতার সামনে তিনি কীভাবে কথা বলবেন, এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে লেখাটি ছিল।

সেই সভার সভাপতি ছিলেন আবুল কাসেম ফজলুল হক স্যার। সেখানে মোহাম্মদ আজম স্যারও ছিলেন, যিনি এখন বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। সেদিনই আসলে তাঁদের দুজনের সঙ্গে আমার প্রথম পরিচয়।

আমি অনুষ্ঠানের আগে প্রবন্ধটি আয়োজকদের দিয়েছিলাম, যাতে সেটি আবুল কাসেম ফজলুল হক স্যারের কাছে পৌঁছে দেওয়া যায়। তবে তিনি সত্যিই লেখাটি পড়েছেন কি না, তা নিয়ে আমার কোনো ধারণা ছিল না। এ ধরনের অনুষ্ঠানে সভাপতির কাছে লেখা দেওয়া হয়, কিন্তু ব্যস্ততার কারণে সব লেখা পড়া সম্ভব হয় না। ফলে আমি ধরে নিয়েছিলাম, তিনি হয়তো লেখাটি দেখার সময় পাননি।

আমার বক্তৃতা শেষ হওয়ার পর স্যার বললেন, তিনি লেখাটি পড়েছেন। এরপর খুব আন্তরিকভাবে লেখাটির প্রশংসা করলেন। আমার জন্য তখন এই প্রশংসা অনেক বড় ব্যাপার ছিল। মনে হয়েছিল, আমি যে প্রশ্নগুলো নিয়ে ভাবছি, সেগুলো হয়তো একেবারে অর্থহীন নয়। আমি যে ভাষায় লিখছি, সেই ভাষাটিও হয়তো কারও কাছে পৌঁছাচ্ছে।

সেদিন স্যার আমাকে একটি কথা বলেছিলেন। কথাটি এখনো আমার কানে বাজে। তিনি বলেছিলেন, “তুমি খুব ভালো বাংলা লেখো। ইংরেজি লিখতে লিখতে বাংলা লেখাটা ভুলে যেয়ো না।”

স্যারের এই কথাটি সম্ভবত আমি তখনই মনে মনে ধারণ করেছিলাম। এরপর আমার পড়াশোনা ও গবেষণার ভাষা ক্রমেই ইংরেজি হয়েছে। উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছি। একাডেমিক প্রবন্ধ, অ্যাসাইনমেন্ট, গবেষণাপত্র, শ্রেণিকক্ষের আলোচনা, সবকিছুর বড় অংশই ইংরেজিতে করতে হয়েছে। ইংরেজির প্রয়োজন আছে, তার একটি বৈশ্বিক পরিসরও আছে। কিন্তু এই পুরো যাত্রায় আমি চেষ্টা করেছি বাংলায় লেখা যেন বন্ধ হয়ে না যায়।

বাংলা যেন শুধু আমার মাতৃভাষা না হয়, আমার চিন্তার ভাষাও হয়ে থাকে। মানুষের সঙ্গে কথা বলার ভাষা হয়ে থাকে। বাংলাদেশের রাজনীতি, সমাজ, মানুষের আনন্দ, ক্ষোভ, ভয় ও আকাঙ্ক্ষা বোঝার ভাষা হয়ে থাকে। একাডেমিক জগতের বাইরে সাধারণ পাঠকের সঙ্গে সম্পর্ক রাখার ভাষা হয়ে থাকে।

আজ পেছনে ফিরে তাকালে মনে হয়, বাংলায় নিয়মিত লেখার পেছনে স্যারের ওই একটি বাক্যের গভীর প্রভাব ছিল। তিনি হয়তো কথাটি বলে ভুলে গিয়েছিলেন। কিন্তু আমি ভুলিনি। শিক্ষকদের অনেক কথাই শিক্ষার্থীরা ভুলে যায়। আবার কোনো কোনো কথা শিক্ষক নিজে ভুলে গেলেও শিক্ষার্থীর ভেতরে রয়ে যায়। স্যারের ওই কথাটি আমার ক্ষেত্রে তেমনই ছিল। সেদিন বক্তৃতা শেষে তিনি বললেন, “তুমি একদিন আসো, দেখা করতে।”

কিছুদিন পর আমি তাঁর সঙ্গে দেখা করতে গেলাম। স্যার আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকদের লাউঞ্জে সময় দিয়েছিলেন। আমি ভেবেছিলাম, আধা ঘণ্টা বা বড়জোর এক ঘণ্টা কথা হবে। কিন্তু স্যার আমার সঙ্গে প্রায় তিন ঘণ্টা বসেছিলেন।

আলাপের শুরুতে তিনি খুব আগ্রহ নিয়ে আমাকে চিড়া আর দই খাওয়ালেন। সম্ভবত ওই লাউঞ্জের একটি বিশেষ খাবার ছিল সেটি। সত্যি বলতে, চিড়া-দই আমার খুব পছন্দের খাবার নয়। এখনো নয়। কিন্তু কেন জানি না, সেদিন আমি বেশ আগ্রহ নিয়েই চিড়া-দই খেয়েছিলাম।

আজ মনে হয়, খাবারের স্বাদের কারণে নয়, মানুষটির স্নেহের কারণে খাবারটি ভালো লেগেছিল। একজন প্রবীণ শিক্ষক, যাঁর সঙ্গে আমার পরিচয় হয়েছে মাত্র কয়েক দিন আগে, তিনি আমার জন্য খাবার আনাচ্ছেন, খেতে বলছেন, তারপর ঘণ্টার পর ঘণ্টা আমার কথা শুনছেন। বয়স ও অবস্থানের এত পার্থক্যের পরও তাঁর আচরণে কোনো দূরত্ব ছিল না। তিনি আমাকে এমনভাবে সময় দিয়েছিলেন, যেন আমার ভাবনাগুলো তাঁর কাছে সত্যিই শোনার মতো।

সেদিন আমরা কী কী বিষয়ে কথা বলেছিলাম, তার সবকিছু এখন আর মনে নেই। তবে এটুকু স্পষ্ট মনে আছে যে তাঁর অনেক কথার সঙ্গে আমার দ্বিমত ছিল। বয়স কম ছিল, নিজের মত প্রকাশের আগ্রহও সম্ভবত বেশি ছিল। আমি আমার দ্বিমতগুলো তাঁকে বলেছিলাম। তিনি খুব মন দিয়ে শুনছিলেন। মাঝে মাঝে প্রশ্ন করছিলেন। আবার নিজের জায়গা থেকে যুক্তি দিচ্ছিলেন।

পুরো আলাপের মধ্যে আমার মনে হয়েছিল, তিনি এমন একজন মানুষ, যার সঙ্গে তর্ক করা যায়। শুধু তর্ক করা নয়, আগ্রহ নিয়ে তর্ক করা যায়।

আমাদের সমাজে জ্ঞানী ও প্রবীণ অনেক মানুষ আছেন, যাঁদের সামনে তরুণেরা সহজে দ্বিমত প্রকাশ করতে পারেন না। বয়স, পদ, খ্যাতি কিংবা সামাজিক মর্যাদা এমন এক দেয়াল তৈরি করে, যার সামনে আলাপ একমুখী হয়ে যায়। প্রবীণ ব্যক্তি বলেন, তরুণেরা শোনেন। প্রশ্ন করা বা দ্বিমত করাকে অনেক সময় অসম্মান হিসেবে দেখা হয়।

আবুল কাসেম ফজলুল হক স্যারের মধ্যে এই প্রবণতা আমি দেখিনি। তিনি দ্বিমতকে ব্যক্তিগত অসম্মান হিসেবে নিতেন না। অন্তত আমার সঙ্গে আলাপে নেননি। তিনি শুনতেন, ভাবতেন এবং উত্তর দিতেন। তিনি হয়তো আমার কথার সঙ্গে একমত হতেন না, কিন্তু আমাকে কথা বলার জায়গাটি দিতেন।

এই গুণটি আমাদের বুদ্ধিবৃত্তিক পরিসরে খুব জরুরি, অথচ খুব দুর্লভ। আমরা প্রায়ই মুক্তচিন্তার কথা বলি, কিন্তু নিজের বিপরীত চিন্তা শুনতে প্রস্তুত থাকি না। আমরা সংলাপ চাই, তবে শর্ত থাকে যে অন্য ব্যক্তি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই একমত হবেন। স্যার সম্ভবত এই অর্থে সংলাপে বিশ্বাস করতেন না। তাঁর কাছে আলাপ মানে ছিল মতের পার্থক্যসহ একজন মানুষকে শোনা।

আমি কখনোই স্যারের সব চিন্তার অনুসারী ছিলাম না। তাঁর রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণের অনেক কিছুর সঙ্গে আমার দ্বিমত ছিল। কিন্তু কোনো মানুষকে সম্মান করতে হলে তাঁর সব কথায় একমত হতে হবে, এমন ধারণায় আমি বিশ্বাস করি না। বরং যাঁর সঙ্গে দ্বিমত করা যায় এবং সেই দ্বিমতের পরও সম্পর্ক ও শ্রদ্ধা অটুট থাকে, তিনিই প্রকৃত অর্থে আলাপের মানুষ।

সেদিনের আলোচনার একপর্যায়ে আমি তাঁর পুত্রশোকের কথা জিজ্ঞেস করেছিলাম। এখন মনে হয়, প্রশ্নটি হয়তো আমার করা উচিত হয়নি। সন্তান হারানো কোনো সাধারণ শোক নয়। এটি গভীর, ব্যক্তিগত এবং প্রায় ভাষার অতীত এক বেদনাময় অভিজ্ঞতা। বাইরে থেকে সেই অভিজ্ঞতা বোঝা সম্ভব নয়। স্যার সেই শোকের মধ্য দিয়ে গিয়েছেন।

তিনি আমার প্রশ্নের উত্তরে বিস্তারিত কিছু বলেননি। খুব ছোট করে একটি কথা বলেছিলেন। কিন্তু সেই কথাটিও আমার মনে থেকে গেছে।

স্যার বলেছিলেন, “দেখো, আমাদের সমাজে দয়া, করুণা, মায়া খুব অভাব। যদি পারো, এইটা নিজের মধ্যে ধারণ কইরো।”

তখন কথাটির পুরো অর্থ কতটা বুঝেছিলাম, জানি না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো কথাটির অর্থ একটু একটু করে বুঝতে পেরেছি।

দয়া, করুণা ও মায়া শব্দগুলো আমাদের সামাজিক ও রাজনৈতিক আলোচনায় খুব শক্তিশালী শব্দ বলে বিবেচিত হয় না। সেখানে শক্তি, বিজয়, প্রতিরোধ, সাহস, বিপ্লব কিংবা ক্ষমতার কথা বেশি বলা হয়। মায়া কিংবা করুণাকে অনেক সময় দুর্বলতা হিসেবে দেখা হয়। কিন্তু মানুষের জীবনকে মূল্যবান মনে করার ভিত্তি সম্ভবত এই কথিত দুর্বল অনুভূতিগুলোর মধ্যেই থাকে।

মানুষের প্রতি মায়া না থাকলে ন্যায়বিচারের কথাও একসময় নিষ্ঠুরতায় পরিণত হতে পারে। করুণা না থাকলে রাজনীতি শুধু শত্রু শনাক্ত করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। দয়া না থাকলে জ্ঞানও অহংকার তৈরি করে। স্যার সম্ভবত নিজের জীবনের গভীরতম শোক থেকে এই কথাটি উপলব্ধি করেছিলেন।

তাঁর কাছে দয়া, করুণা ও মায়া চিন্তার অলংকার ছিল না। এগুলো তাঁর চরিত্রের অংশ ছিল। তিনি এগুলো নিয়ে শুধু লিখতেন না, যতটুকু তাঁকে দেখেছি, বাঁচার মধ্যেও ধারণ করতেন। একজন প্রায় অপরিচিত তরুণের লেখা পড়ে তাকে উৎসাহ দেওয়া, কয়েক ঘণ্টা সময় নিয়ে তার কথা শোনা, নিজের সঙ্গে দ্বিমত করার জায়গা দেওয়া, এগুলোও সেই মমতারই ছোট ছোট প্রকাশ।

এরপর স্যারের সঙ্গে আরও কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে। প্রতিবারই প্রায় একই ঘটনা ঘটত। স্যার আমার নাম ভুলে যেতেন। আমি মনে করিয়ে দিতাম, “স্যার, আপনি আমার ওই অমুক লেখাটা পড়েছিলেন। উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের অনুষ্ঠানে দেখা হয়েছিল।”

তখন তিনি বলতেন, “ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তোমার কী অবস্থা?”

আমি এতে কখনো মন খারাপ করিনি। বরং ঘটনাটি এখন মনে পড়লে একধরনের মায়া লাগে। তাঁর সঙ্গে প্রতিবারই যেন নতুন করে পরিচয় হতো। নামটি ভুলে গেলেও পরিচয়ের সূত্রটি মনে করিয়ে দিলে তিনি আবার আগ্রহ নিয়ে কথা বলতেন। আমার পড়াশোনা কোথায় চলছে, কী নিয়ে লিখছি, কী ভাবছি, জানতে চাইতেন।

আমার জীবনে কয়েকজন প্রবীণ মানুষের গভীর প্রভাব আছে। তাঁদের একজন রেহমান সোবহান। আরেকজন আকবর আলি খান। আর একজন আবুল কাসেম ফজলুল হক। তাঁরা একে অন্যের চেয়ে অনেক আলাদা মানুষ। তাঁদের রাজনৈতিক চিন্তা, বুদ্ধিবৃত্তিক মেজাজ, লেখার ধরন ও সমাজ দেখার পদ্ধতিও আলাদা।

কিন্তু তাঁদের মধ্যে আমি একটি মিল দেখি। তাঁরা চিন্তাকে শুধু জ্ঞান হিসেবে দেখেননি, দায়িত্ব হিসেবেও দেখেছেন। সমাজের সংকট থেকে নিরাপদ দূরত্বে বসে শুধু ব্যাখ্যা দেওয়াই তাঁদের কাজ ছিল না। তাঁরা মনে করতেন, চিন্তার সঙ্গে সমাজের একটি সম্পর্ক আছে। জ্ঞানী মানুষের কাজ শুধু সঠিক কথা জানা নয়, প্রয়োজনের সময়ে সেই কথা বলা এবং নতুন প্রজন্মকে চিন্তা করার জায়গা করে দেওয়াও।

আবুল কাসেম ফজলুল হক স্যারের চিন্তার কেন্দ্রেও মানুষ ছিল। সেই মানুষ কোনো বিমূর্ত জনগোষ্ঠী নয়। রক্তমাংসের মানুষ, যে কষ্ট পায়, অপমানিত হয়, ভালোবাসে, ভুল করে, আবার ঘুরে দাঁড়ায়। তাঁর রাষ্ট্রচিন্তা, ভাষাচিন্তা কিংবা সমাজভাবনার সঙ্গে কেউ একমত বা দ্বিমত হতে পারেন। কিন্তু তাঁর চিন্তার ভেতরের দরদটি অস্বীকার করা কঠিন।

স্যারের সঙ্গে আমার শেষ যোগাযোগ হয়েছিল সম্ভবত ২০২৪ সালের অক্টোবর বা নভেম্বরের দিকে। সময়টি আমার নিজের জন্য খুব অস্থির ছিল। ব্যক্তিগত ও সামাজিক নানা বিষয় নিয়ে ভেতরে একধরনের ক্লান্তি কাজ করছিল। দেশের পরিস্থিতিও তখন দ্রুত বদলাচ্ছিল। চারদিকে ক্ষোভ, প্রতিশোধ এবং একে অন্যকে নিশ্চিহ্ন করে দেওয়ার ভাষা ছড়িয়ে পড়ছিল।

সেই অস্থিরতার কিছুটা আমি স্যারের কাছে প্রকাশ করেছিলাম। তাঁকে বলেছিলাম, “স্যার, আমাদের সমাজে ঘৃণার যাত্রা তো শেষ হলো না।”

স্যার খুব শান্তভাবে উত্তর দিয়েছিলেন, “ঘৃণার যাত্রা তো কখনো শেষ হয় না। কিন্তু ঘৃণার পাশাপাশি যারা ধৈর্য ধরে ঘৃণার বিরুদ্ধে দাঁড়ায়, মানুষের জীবনের মূল্যের পক্ষে দাঁড়ায়, তাদের যাত্রাটাও শেষ হয় না। এই দুই যাত্রাই পাশাপাশি চলে।”

তাঁর মৃত্যুর খবর শোনার পর এই কথাটি বারবার মনে পড়ছে।

আমরা প্রায়ই ভাবি, কোনো একটি বড় রাজনৈতিক পরিবর্তন ঘটলে ঘৃণা শেষ হয়ে যাবে। কোনো স্বৈরশাসকের পতন হলে, কোনো নির্বাচন হলে, কোনো নতুন সরকার এলে কিংবা কোনো বিপ্লব সফল হলে সমাজের নিষ্ঠুরতা হঠাৎ মিলিয়ে যাবে। বাস্তবে তা হয় না। ক্ষমতার হাতবদল ঘটে, কিন্তু ঘৃণা নতুন ভাষা ও নতুন পোশাক পরে আবার ফিরে আসে। কখনো পুরোনো নিপীড়িতরাই নতুন নিপীড়কের ভাষায় কথা বলতে শুরু করে।

স্যার সম্ভবত এই বাস্তবতার কথাই বলেছিলেন। ঘৃণার যাত্রা শেষ হয় না। কিন্তু তাই বলে মানুষের পক্ষে দাঁড়ানোর কাজটিও অর্থহীন হয়ে যায় না। ঘৃণার বিরুদ্ধে দাঁড়ানো মানুষেরা হয়তো সব সময় বিজয়ী হন না। তাঁদের কণ্ঠ অনেক সময় দুর্বল শোনায়। তাঁরা জনপ্রিয় স্রোতের বিপরীতে থাকেন। কিন্তু তাঁদের উপস্থিতির কারণেই সমাজ পুরোপুরি নিষ্ঠুর হয়ে যায় না।

এই দুই যাত্রা পাশাপাশি চলে। একদিকে ঘৃণা, প্রতিশোধ ও মানুষের জীবনকে তুচ্ছ করার যাত্রা। অন্যদিকে ধৈর্য, মায়া এবং মানুষের জীবনের মূল্য রক্ষার যাত্রা। আমরা কোন যাত্রার অংশ হব, সেটিই শেষ পর্যন্ত আমাদের নৈতিক ও রাজনৈতিক পরিচয় নির্ধারণ করে।

আবুল কাসেম ফজলুল হক স্যার আমাকে সম্ভবত সবচেয়ে বেশি এই কথাটিই শিখিয়েছেন: কঠিন সময়েও দরদ হারানো যাবে না।

আমাদের সমাজে ঘৃণা খুব সহজ। কাউকে শত্রু ঘোষণা করা সহজ। কোনো মানুষের পরিচয়ের একটি অংশ ধরে তাকে পুরোপুরি বাতিল করে দেওয়া সহজ। সামাজিক যোগাযোগমাধ্যম এই সহজ কাজটিকে আরও সহজ করে দিয়েছে। কয়েকটি শব্দে কাউকে দেশদ্রোহী, ধর্মদ্রোহী, দালাল কিংবা শত্রু হিসেবে চিহ্নিত করা যায়। তারপর তার প্রতি যেকোনো নিষ্ঠুরতাকে ন্যায্য মনে হতে শুরু করে।

কিন্তু মানুষের প্রতি মায়া ধরে রাখা কঠিন। যে মানুষের সঙ্গে আমাদের দ্বিমত আছে, তার জীবনের মূল্যও যে সমান, এই কথা মনে রাখা কঠিন। নিজের ক্ষোভ ও কষ্টের মধ্যেও নিষ্ঠুর না হওয়া কঠিন। স্যার তাঁর লেখা, আলাপ এবং আচরণের মধ্য দিয়ে এই কঠিন কাজটির কথাই মনে করিয়ে দিতেন।

এবার দেশে আসার পর ভেবেছিলাম, একদিন স্যারের সঙ্গে দেখা করতে যাব। আবার হয়তো তিনি আমার নাম ভুলে যাবেন। আমি পুরোনো লেখাটির কথা মনে করিয়ে দেব। তিনি বলবেন, “ও আচ্ছা আচ্ছা। তোমার কী অবস্থা?” তারপর হয়তো দেশের রাজনীতি, বাংলা ভাষা, বিশ্ববিদ্যালয় কিংবা আমাদের সমাজে বাড়তে থাকা ঘৃণা নিয়ে কথা হবে।

সেই সুযোগ আর হলো না।

এই আফসোসটি থেকে যাবে। আমরা প্রায়ই ভাবি, দেখা করার আরও সময় আছে। ফোনটি পরে দেওয়া যাবে। ব্যস্ততা একটু কমলে যাওয়া যাবে। কিন্তু কোনো কোনো মানুষের ক্ষেত্রে সেই ‘পরে’ আর আসে না।

আমরা একজন গভীর দরদসম্পন্ন মানুষকে হারালাম। একজন চিন্তককে হারালাম, যিনি শুধু যুক্তির মানুষ ছিলেন না, মমতার মানুষও ছিলেন। তাঁর সঙ্গে সবাই একমত ছিলেন না। সেটি প্রয়োজনও নেই। একজন চিন্তকের প্রতি প্রকৃত সম্মান তাঁর সব কথাকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা নয়। বরং তাঁর সঙ্গে তর্ক করা, তাঁর চিন্তাকে পরীক্ষা করা এবং একই সঙ্গে তাঁর মানবিক উপস্থিতির মূল্য বুঝতে পারা।

তিনি যে স্নেহ, ধৈর্য ও ভালোবাসা দিয়ে তাঁর আশপাশের বহু মানুষকে স্পর্শ করেছেন, তাঁরা সবাই তাঁকে মিস করবেন। আমিও করব।

স্যারকে মনে পড়লে আমার প্রথমেই মনে পড়ে তাঁর শেষ কথাটি: ঘৃণার যাত্রার পাশাপাশি মানুষের জীবনের পক্ষে দাঁড়ানো মানুষের যাত্রাও শেষ হয় না।

স্যার চলে গেছেন। কিন্তু সেই যাত্রা চলবে।

আল্লাহ তাঁকে পরম যত্নে আগলে রাখুন।

আবার দেখা হবে, স্যার।

--

লেখক :  শিক্ষক ও গবেষক

ইমেইল: [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: