ওহাবি সালাফি উত্থানে ঘি ঢেলে এখন মিলাদের পক্ষ নিয়ে ফারুকীর কান্নাকাটি বড়ই তামাশার


ফারুকী সাহেবরা আমাদেরকে ভূগোল বোঝান। আর তাদের সেই ভূগোলের নিচে চাপা পড়ে যায় এদেশের সুন্নী মুসলমানেরা। তাদের অস্তিত্বই অস্বীকৃত থেকে যায় আর তাদের রিচুয়াল তুলে দেন তাদের উপরেই আক্রমণকারী ওহাবিদের হাতে। ফারুকীর এই আলাপে কণ্ঠস্বরহীন সাব-অল্টার্ন হচ্ছেন এই সুন্নি-সুফিরা। আর ইউনূস আমলে হঠাৎ ভাইরাল হয়ে ওঠা মিলাদের এই ভিডিও ছিল আক্রমণকারী কওমি গোষ্ঠীকে সাব-অল্টার্ন বলার বুদ্ধিবৃত্তিক শয়তানির বিরুদ্ধেও এক দৃঢ় উচ্চারণ। ফারুকীর আলাপও যে শয়তানিরই তাত্ত্বিক-ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে।
ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে একটা গল্প মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল, মানে সেকালের “ভাইরাল” হয়েছিল। গল্পটা ছিল ফ্রান্সের শেষ রানি মেরি অ্যান্টোয়ানেটকে নিয়ে। কেউ একজন রানিকে প্রজাদের বিষয়ে বলেছিল, “মহারানি ওরা রুটি খেতে পায় না।”
একথা শুনে রানি বলেছিলেন, “তাহলে তারা ব্রিয়োশ (এক ধরণের দামি কেক) খাক।”
রানি কি প্রজাদের অবস্থা না জেনে এ কথা বলেছিলেন, নাকি জেনেই পরিহাস করেছিলেন তাদের দারিদ্র্যকে—ইতিহাসে সে প্রশ্নের উত্তর লেখা নেই। ইতিহাস এটা নিশ্চিত করে যে, রানির বক্তব্য ফরাসি বিপ্লবের আগুনে ব্যাপক পরিমাণে তুষ ছিটিয়েছিল। রানি যে কারণেই বলুন, কথাটা ফরাসি রাজপরিবারের জনবিচ্ছিন্নতার প্রতীকে পরিণত হয়েছিল। কথাটা যে জনবিচ্ছিন্নতাকে প্রকাশ করেছিল সেটা সত্য হলেও, আদতে রানি একথা বলেছিলেন—এমন কোনো প্রমাণ ইতিহাসেই নেই। বরং আধুনিক ইতিহাসবিদদের গবেষণায় এটা সুনিশ্চিত যে, রানি আসলে এমন কথা কখনো বলেনই নাই।
তবে ফ্রান্সের রানি একথা না বললেও, বাংলাদেশে সম্প্রতি সাবেক হওয়া সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জহির রায়হানের সিনেমার ভাইরাল হওয়া মিলাদের ক্লিপ নিয়ে কিছু কথা বলেছেন। কথাগুলো নিশ্চিতভাবেই ফারুকী সাহেব বলেছেন এবং তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে কথাগুলো লিখেছেন।
ফারুকী তাঁর স্ট্যাটাসের শুরুতেই বলেছেন, “জহির রায়হানের আনোয়ারা ছবির একটা ক্লিপ ভাইরাল হইছে। সেখানে মিলাদ শরীফ দেখানো হচ্ছে।
খুব স্বাভাবিক একটা জিনিস হওয়ার কথা ছিলো এটা। ইন্ডিয়ান ফিল্মে মন্দির থাকে, ইওরোপের বহু ফিল্মে চার্চ থাকে। কিন্তু দেখেন আমাদের মিলাদ থাকার মতো নরমাল জিনিসকেও অবিশ্বাস্য মনে হচ্ছে। কারন ধীরে ধীরে আমাদের ভিজুয়াল ডিটেইল থেকে এগুলা কমে গেছে।”
ভিডিওটা যে ফারুকী সাহেবের এখনই চোখে পড়বে এটা নেহাতই কাকতাল নয়। ক্ষমতার প্রাসাদে যারা থাকে, নিচতলার মানুষের দুঃখ ও কান্না তাদের চোখে পড়ে না। নাহলে তিনি জানতেন আনোয়ারা সিনেমার এই ভিডিও ক্লিপটা তারা ক্ষমতায় থাকতেই ২০২৪ এবং ২৫ এর ঈদে মিলাদুন্নবীর দিনে ভাইরাল হয়েছিল।
নাকি ফারুকী জানেন, এবং জেনে শুনেই এরকম একটা অসৎ ব্যাখ্যার শাক দিয়ে ঢাকতে চাচ্ছেন ইউনূস সরকারে থাকার সোনালী মৎস্যের পাপ?
মৎস্যকন্যা সত্যবতীর লোভ যেমন প্রাচীনকালে ধ্বংস করে দিয়েছিল শান্তনু রাজার বংশ; তেমনই ফারুকী সাহেবও ক্ষমতার সোনালী মৎস্যের সুস্বাদু মাংসের আহ্লাদে এমন এক সরকারের অংশ হয়েছেন যে সরকারের প্রত্যক্ষ মদদ, সহযোগিতা ও অংশগ্রহণে এদেশের মিলাদ, কিয়াম, ওরশ, মাজার সবকিছুই পরিণত হয়েছে আক্রমণ ও সহিংসতার শিকারে।
ঈদে মিলাদুন্নবী এমন এক পবিত্র দিন যেদিন সুন্নি মুসলমানেরা মিলাদকেই পরিণত করে সকল ধর্মীয় আয়োজনের সারে। ফারুকী সাহেবদের আমলে সেই মিলাদুন্নবীর অনুষ্ঠানেও হামলা করেছে কথিত তৌহিদি জনতা। সেই হামলায় কেউ গ্রেফতার হয়নি, কারো বিচার হয়নি। বরং সেই তৌহিদি জনতার মবকে “প্রেশার গ্রুপ” বলে বৈধতা দিয়েছিলেন ফারুকীদের সরকারপ্রধানের প্রেস সচিব। আর সংস্কৃতি উপদেষ্টা হিসেবে সেই অপরাধের দায় এড়াতে পারেন না মোস্তফা সরয়ার ফারুকী।
এবং শাকের নিচে যে মাছটি ঢাকতে চাচ্ছেন ফারুকী, ফারুকীদের ক্ষমতার সেই পাপ; তার বিরুদ্ধেই সাংস্কৃতিক প্রতিবাদ হিসেবে অকাল মৃত্যুর ৫ দশক পরে বাঙ্ময় হয়ে ওঠেন জহির রায়হান। তাঁর আনোয়ারা সিনেমার মিলাদের ওই দৃশ্যটি, এটি যখন সারাদেশের আক্রান্ত মানুষ ফেসবুকে শেয়ার করেছিল এটি নিছক সিনেমার একটি দৃশ্য কিংবা ফারুকী যেভাবে ফ্রেম করেছেন সেই ইসলামিক ডিটেইলস ছিল না।
এটি ছিল আক্রান্ত জনগণের প্রতিবাদের ভাষা। যখন ষাটের দশকের এই ভিডিওটি ভাইরাল হচ্ছিল, শেয়ারকারী মানুষেরা জানান দিচ্ছিলেন, যে যারা আজকে বেদাত বিরোধিতার নামে আল্লাহর রসূলের মিলাদের শানে আক্রমণ করছে, তারা আমাদের ইতিহাসের অংশ নয়। আর এই দেখো আমাদের পূর্বপুরুষেরা কীভাবে সারওয়ারে কায়েনাতের নামে মিলাদ ও দরুদ পড়ছে সম্মিলিত কণ্ঠে। তারা জানান দিচ্ছিলেন, এটিই আমাদের পবিত্র উত্তরাধিকার।
যারা শেয়ার করেছেন; তারা মিলাদ, কিয়াম, নবী-রসূল, অলি-আউলিয়ার শানে হওয়া গানের উপরে আক্রমণকারীর মুখের উপরে গ্রেনেডের মতো ছুঁড়ে দিয়েছিল আল্লাহর হাবীব (সা.)-এর শানে গাওয়া সম্মিলিত এই মিলাদ সঙ্গীত। ইউনূস আমলে ভাইরাল হওয়া ভিডিওটির হাজার হাজার শেয়ারকারীর ক্যাপশন দেখলেই যেকারো কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে কেন মানুষ এটা গণহারে শেয়ার দিচ্ছিল তখন।
অথচ ফারুকী পরের প্যারায় লিখছেন,
“আমরা অলমোস্ট এরকম একটা অটো সিস্টেমে পড়ে গেছিলাম যাতে অবচেতনেই ইসলামিক ডিটেইল এড়াইয়া যাইতাম। যেনো ঐ ডিটেলগুলা থাকলে আমার আর্টটা ক্ষ্যাত হইয়া যাইতে পারে। নিজের কাজের কথা যদি বলি- টেলিভিশন ছবিতেই বোধ হয় আমি প্রথম এই ডিটেলগুলাকে স্বাভাবিক বিষয় হিসেবে ডিল করতে শুরু করি। এর আগেও সিরিজে হয়তো এক-আধটু ব্যবহার করছিলাম।”
ফারুকী 'আমরা' বলতে কাদেরকে বুঝিয়েছেন, ফারুকীরা আসলে কারা? কারা এড়িয়ে যেত ইসলামি ডিটেইলস? আর যাই হোক, বাংলা সিনেমার পরিচালকেরা নয়। কারণ আমরা ফারুকীর সমসাময়িক বাংলা সিনেমার দিকে তাকালে দেখব, কাজী হায়াতের সিনেমাগুলোয় কীভাবে গল্পের নায়ক বারবার মাজারে গিয়ে হাজির হচ্ছে নিজের বিভিন্ন তীব্র মানসিক যন্ত্রণার সময়ে। আমরা দেখতে পাই মান্নার সুপারহিট আম্মাজান সিনেমার আম্মাজান গানটি সম্পূর্ণটাই শুট হচ্ছে একটা মাজারের দৃশ্যে।
তাই ফারুকীর আমরা বাংলা সিনেমার পরিচালকেরা নন। ফারুকী তাঁর টেলিভিশন সিনেমায় উপজীব্য করেছেন যে ধর্মীয় বিষয়কে, সেই বিতর্ক এদেশে তুলেছে ব্রিটিশ আমলে প্রচারিত ওহাবি মতাদর্শে বিশ্বাসীরা। মজার ব্যাপার ফারুকী নিজের “ইসলামে ফেরা” হিসেবে যে সিনেমাটিকে উদাহরণ করলেন সেই সিনেমাটিতে স্পষ্টতই তিনি দেখিয়েছেন কট্টরপন্থী ওহাবিবাদের ভেতরের সংকট।
ওহাবিবাদকে ইসলাম বলে চাপিয়ে দেয়ার যে প্রকল্প, ফারুকীর পোস্ট সেই প্রকল্পেরই বয়ান। যে সরকারের আমলে এদেশের মুসলিমদের উপরে গায়ের জোরে ওহাবিবাদ চাপানো হচ্ছিল, ফারুকী যে সেই সরকারের মন্ত্রী এটা নিশ্চয়ই অকারণ নয়।
জহির রায়হানের সিনেমার মিলাদের দৃশ্যের প্রসঙ্গে আলাপ করতে গিয়ে নিজের যে সিনেমার প্রসঙ্গ ফারুকী আনলেন, তাঁর সেই “টেলিভিশন” সিনেমায় তিনি যে নোয়াখালী অঞ্চলের বাংলা ভাষার ব্যবহার করেছেন; গত তিন দশকে সেই অঞ্চলের কত কত মসজিদে গায়ের জোরে মিলাদ বন্ধ করে দেয়া হয়েছে তার খবর ফারুকীদের লেখায় পাওয়া যাবে না। কারণ ফারুকীদের আমলেই ওই জবরদস্তি তার সবচেয়ে উদগ্র ও নৃশংস রূপ নিয়ে এদেশের মানুষের উপরে হামলে পড়েছিল।
ফারুকী তারপর নিরপেক্ষ ভঙ্গি নিয়ে বলেন, “এখন এটা না থাকাটা এক পক্ষীয় জিনিস? কালচারাল হেজেমনির ফাঁদ?
এটার উত্তর আমি অন্য ভাবে বলি।
ইন্ডিয়ায় শুট করতে গিয়ে দেখেছি, প্রতিদিন কাজ শুরুর আগে ক্যামেরা-লাইটিং ক্রুরা ঈশ্বরের ছবি সামনে রেখে পূজা করছেন। তখন ফেসবুকে লিখেছিলাম—আমি যদি বাংলাদেশে একটা ছবির মহরত মিলাদ শরিফ দিয়ে করি, প্রতিক্রিয়া কী হবে?
সম্ভবত দুই দিক থেকেই আক্রমণ আসবে। সো-কল্ড লিবারেলরা বলবে, “ফারুকী জামাতে যোগ দিছে।’ আর উল্টো দিক বলবে, “লিটনের ফ্লাটের স্রষ্টা সিনেমার মধ্যে ধর্মকে টানছে কেন?”
এইটাই আমাদের সংকট। এবং এই সংকট দুই পক্ষেরই তৈরি।”
মিলাদ করার সাথে জামায়াতে যোগ দেয়ার কী সম্পর্ক? মিলাদ কারা করে? ফারুকী যখন মন্ত্রী তখন এদেশে মিলাদের উপরে হামলা হচ্ছিল, ঠিক তখনই জামায়াতের দায়িত্বশীল থেকে শুরু করে তৃণমূল কর্মী পর্যন্ত সবাই ওই সরকারকে ৫ বছর ক্ষমতায় রাখার পক্ষে তারস্বরে চেঁচাচ্ছিল। অথচ ফারুকীর এই আলাপে তিনি দুইটা পক্ষ বানালেন একটা লিবারেল আর আরেকটা লিবারেলের উলটো। এই লিবারেলের উলটো কারা? ফারুকী লিবারেলের মুখ দিয়ে বলিয়ে নিচ্ছেন তারা জামায়াত।
ফারুকী তার জামায়াত বা অ্যান্টি-লিবারেল মেরুকে দিচ্ছেন মিলাদের মালিকানা। অথচ মিলাদ ও দরুদে বিশ্বাসী এদেশের সুন্নি-সুফি জনগণ; জামায়াত, হেফাজত তথা ফারুকীর অ্যান্টি-লিবারেল বর্গের দ্বারা নির্যাতিত। ফারুকীর আমলে তারা প্রায়শই মিলাদ পড়ার অপরাধে নির্যাতিত।
আর ফারুকী যে লিবারেলদেরকে মিলাদের বিরুদ্ধে দাঁড় করালেন সেই লিবারেলদেরকে, অ্যান্টি-লিবারেলরা বর্তমানে সবচেয়ে বেশি ঘৃণামূলক শব্দে ডাকে তা হলো, “শাহবাগী”; এমনকি লিবারেল মেয়েদেরকে “শাহামাগী” বলে বেশ্যাকরণ করেছে। অথচ বাংলাদেশের যে একটিমাত্র ছাত্র সংগঠন আল্লাহর হাবীব মুহাম্মদ মুস্তফা (সা.)-এর নামে মিলাদ শরীফকে নিজেদের নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডের অংশ হিসেবে পালন করে সেই সুন্নিপন্থী ইসলামী ছাত্রসেনা ছিল শাহবাগ আন্দোলনের অন্যতম অংশীদার।
ফারুকী সাহেবরা আমাদেরকে ভূগোল বোঝান। আর তাদের সেই ভূগোলের নিচে চাপা পড়ে যায় এদেশের সুন্নী মুসলমানেরা। তাদের অস্তিত্বই অস্বীকৃত থেকে যায় আর তাদের রিচুয়াল তুলে দেন তাদের উপরেই আক্রমণকারী ওহাবিদের হাতে। ফারুকীর এই আলাপে কণ্ঠস্বরহীন সাব-অল্টার্ন হচ্ছেন এই সুন্নিরা।
আর ইউনূস আমলে হঠাৎ ভাইরাল হয়ে ওঠা মিলাদের এই ভিডিও ছিল আক্রমণকারী কওমি গোষ্ঠীকে সাব-অল্টার্ন বলার বুদ্ধিবৃত্তিক শয়তানির বিরুদ্ধেও এক দৃঢ় উচ্চারণ। ফারুকীর আলাপও যে শয়তানিরই তাত্ত্বিক-ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে।
এই ভিডিওর মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছিল যে, দেখো কারা বহিরাগত সংস্কৃতিতে বলীয়ান হয়ে মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট সরকারের সহায়তায় হামলে পড়েছে ভূমিপুত্রদের উপরে। সেই নির্যাতিত ভূমিপুত্রদেরকে গল্পের পৃষ্ঠায় নাই করে দিয়ে, তাদেরকে তাদের নির্যাতকের উপ-বিভাগে পর্যালোচনা করার এই বুদ্ধিবৃত্তিক শয়তানির বিরুদ্ধেই আনোয়ারা সিনেমার এই দৃশ্যটি শেয়ার করেছে সাধারণ মানুষ। আর সেদিন জহির রায়হান হয়ে উঠেছিলেন, বাকহীনের কণ্ঠস্বর।
ফারুকী তাঁর আলাপে যে ইন্ডিয়ার সিনেমার ক্রুদের ঈশ্বরের ছবির সামনে পূজা দেয়ার কথা বলেছেন, প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ার মুসলিম আর্টিস্টরাও কি পূজা করে? নাকি তারা আল্লাহকে স্মরণ করে? ইন্ডিয়াতে তো মুসলিম চলচ্চিত্র আর্টিস্টও কম নয়।
ফারুকী তাঁর আলাপের শেষে জাতিকে উপদেশ দিয়ে বলেন,
“সো, বোন-ভাইয়েরা, স্পাইক লি যদি “Jesus Christ, help me” বলেও লিবারেল ও আধুনিক থাকতে পারেন, আপনি আল্লাহ, ঈশ্বর বা God-এ বিশ্বাস রেখেও আধুনিক ও লিবারেল থাকতে পারেন। আবার বিশ্বাস না রেখেও পারেন।
আর বিপরীত দিকের ভাই-বোনেরা, কালচারাল হেজেমনি নিয়া প্রতিবাদ করবেন কিন্তু কালচারাল অ্যাকোমোডেশনে বিশ্বাস করবেন না, তাহলে ফায়দা হবে না।”
বাংলাদেশে যখন যখন কালচারাল হেজিমনির নাম করে সমস্ত কালচারাল কর্মকাণ্ডের গলা টিপে ধরা হয়েছে, তখন যারা গলা টিপে ধরেছে তাদেরকে আদর করে অ্যাকোমোডেশনের পরামর্শ দিয়ে ফারুকী কতটা মহৎ কাজ করেছেন তা ফারুকী আর ফারুকীর সেই আদরের ভাই-বোনেরাই বলতে পারবেন। কিন্তু ইসলামবিদ্বেষের নাম করে দেশে যখন ছায়ানট, উদীচীর মতো সাংস্কৃতিক সংগঠনের অফিসে আগুন দেয়া হয়েছে; ডেইলিস্টারের সাংবাদিকদেরকে অফিসের ভেতরে রেখে মেরে ফেলার উদ্দেশ্যে আগুন দেয়া হয়েছে তখন স্পাইক লি যেমন খ্রিস্টান তেমন মুসলমান হবার পরামর্শ দেন তখন সেটা সেই আক্রান্ত মানুষের ক্ষতের প্রতি পরিহাস বই আর কিছু নয়।
তবে সেরকমের ওহাবি মুসলমান হয়ে ফারুকী অনেক কিছু পেয়েছেন, মন্ত্রীও হয়েছেন; ক্ষমতার সেই মধু খেয়ে এসে এখন জাতিকে জ্ঞানও দিচ্ছেন। এদেশে যুগে যুগে ফারুকীর মতো বাতাস বুঝে অবস্থান নেয়া মানুষেরাই এই মধু খেয়ে এসেছেন, আজ আর ব্যতিক্রম হবে কেন?
ওহাবি সালাফিদের উত্থানে টনকে টন ঘি ঢালার পর ফারুকীর মিলাদ নিয়ে কান্নাকাটি করাটা রীতিমতো শরমের। অবশ্য যদি শরম বিষয়টি তাঁর থাকে।
এর আগে দিনের পর দিন বাংলা সিনেমা ও নাটকের চৌদ্দটা বাজিয়েছেন ফারুকী। যে ভাষায় মানুষ কথা বলে না, যে ভাষা বাংলার কোনো অঞ্চলের মানুষেরও না; সেরকম একটি সিনথেটিক এবং মিসোজিনি ভাষা সে বানিয়েছে। এবং সেই ভাষায় নাটক সিনেমা করেছে।
এসব নাটক সিনেমার দর্শন, চিন্তা, মানুষের লড়াই, জীবনবোধ এতো লঘু যে, এটা কখনো কোনো নির্মাণ হতে পারে না। মোদ্দাকথা, এসব দেখার রুচিও কোনো পড়াশোনা করা কিংবা বোধসম্পন্ন মানুষের থাকার কথা না। এতোদিন সংস্কৃতির চৌদ্দটা বাজিয়ে, একটা ভাসা ভাসা মূর্খ অর্ধশিক্ষিত ও ভুলভাল জিনিসপত্র দিয়ে সিনেমা নাটক বানিয়ে উনি মনে করেছেন দেশটার বিশাল উদ্ধার করলাম!
আদতে উনি যা করেছেন সেটা হলো, বাঙালি এবং এই ভূমির মানুষকে ভূতের পায়ে পেছনে হাঁটার চিন্তা ও পদ্ধতির গাছে পানি, ওষুধ সার ঢালা। এখন উনার কাছ থেকে আমাদের শিখতে হবে সিনেমায় কেন মিলাদ নেই! ওনাকে যদি কেউ প্রশ্ন করে, ভাই আপনি যে সিনেমা বানান, নাটক বানান ওখানে আদৌ কিছু থাকে? এসব আদৌ কিছু হয়? ওনার কোনো জবাব আছে? থাকলে শুনতে চাই।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



