ফেসবুকে আসছে নির্বাচনের তথ্য: বিভ্রান্তি এড়াতে যা করবেন

অনেক ফেসবুক ব্যবহারকারী সম্প্রতি নিউজফিড ও নোটিফিকেশনে ভোট এবং নির্বাচনসংক্রান্ত নানা বার্তা দেখা যাচ্ছে। হঠাৎ এমন নোটিফিকেশনে অনেকের মনে বিভ্রান্তি তৈরি হলেও মেটা (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) জানিয়েছে, এটি তাদের একটি নিয়মিত বৈশ্বিক ফিচারের অংশ। মূলত ভোটারদের সচেতন করতেই এই উদ্যোগ।
ফেসবুকের হেল্প সেন্টারের তথ্যমতে, বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের ভোট দেওয়ার পদ্ধতি, ভোটার নিবন্ধন এবং ভোটের তারিখ সম্পর্কে তথ্য ও স্মরণ করিয়ে দিতে এই নোটিফিকেশন পাঠানো হয়। তবে ব্যবহারকারীরা চাইলে খুব সহজেই এই ফিচারটি নিয়ন্ত্রণ করতে পারবেন।
ফেসবুকের নোটিফিকেশন সেটিংসে থাকা ‘ভোটিং রিমাইন্ডার’ অপশন থেকে এই সুবিধা চালু বা বন্ধ করা সম্ভব। এটি বন্ধ করলে নির্বাচনসংক্রান্ত কোনো নোটিফিকেশন আর আসবে না। প্রক্রিয়াটি নিচে দেওয়া হলো:
১. ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটের ডানে উপরের কোণে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
২. এরপর ‘Settings & Privacy’ থেকে ‘Settings’-এ যান।
৩. বাঁ পাশের মেনু থেকে ‘Notifications’ অপশনে ক্লিক করুন।
৪. নিচে স্ক্রল করে ‘Voting Reminders’ নির্বাচন করুন।
৫. এখানে থাকা অপশন থেকে নিজের পছন্দমতো ‘On’ বা ‘Off’ বেছে নিন।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব অঞ্চলে এই সুবিধা প্রযোজ্য, সেখানে ‘Local Voting Alerts’ অপশনটিও আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়।
এছাড়া ব্যবহারকারীরা চাইলে এই সেটিংসে নিজের ঠিকানা যুক্ত করতে পারেন, যার ফলে স্থানীয় পর্যায়ের নির্বাচনের আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। তবে এই ঠিকানা প্রদান সম্পূর্ণ ঐচ্ছিক এবং এটি অন্য কোনো ব্যবহারকারীর কাছে দৃশ্যমান হবে না।
নির্বাচনসংক্রান্ত তথ্য দেখানোর ক্ষেত্রে ব্যবহারকারীর অবস্থান (Location) কীভাবে ব্যবহার করা হয়, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তাদের সহায়তা কেন্দ্রে (Help Center) দেওয়া রয়েছে বলেও জানিয়েছে ফেসবুক।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



