পুরুষশাসিত জ্বালানি খাত: সংকটের বোঝা নারীর কাঁধে

আনিস রায়হান
আনিস রায়হান
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৩:৪৬পরিবর্তন করতে ক্লিক করুন
পুরুষশাসিত জ্বালানি খাত: সংকটের বোঝা নারীর কাঁধে
শেয়ার করুন:

রান্নার জ্বালানি সংগ্রহ থেকে বায়ুদূষণের স্বাস্থ্যঝুঁকি—জ্বালানি সংকটের সবচেয়ে বড় শিকার নারীরা। পুরুষশাসিত জ্বালানি নীতি ও টেকসই সমাধান প্রসঙ্গে বিশ্লেষণ।

বর্তমান বিশ্বে জ্বালানি প্রাপ্তি কেবল অর্থনীতির বিষয় নয়, এটি অন্যতম এক মৌলিক মানবাধিকারও বটে। খাদ্য-বস্ত্রের মতো প্রথম প্রজন্মের পাঁচটি মৌলিক অধিকারের ধারাবাহিকতায় দ্বিতীয় প্রজন্মের মৌলিক অধিকারের মধ্যে পানি ও জ্বালানি অন্যতম। জ্বালানি ছাড়া এখন অন্য মৌলিক মানবাধিকারগুলো নিশ্চিত করা যায় না। যে কারণে জ্বালানি অধিকারের ধারণাও বদলে গেছে, জোরেশোরে আলোচিত হচ্ছে ‘জ্বালানি সুবিচারে’র আলাপ। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ এখনও জ্বালানি সংকট মোকাবিলায় চরম অদক্ষতার পরিচয় দিচ্ছে। বিপুল বিনিয়োগ সত্ত্বেও জ্বালানি সংকটের কোনো টেকসই সমাধান আসেনি।

জ্বালানি অধিকার বা সুবিচারের প্রথম ধাপটি হচ্ছে সবার জন্য নিরবচ্ছিন্ন জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করা। কিন্তু জ্বালানি প্রাপ্যতার সংকট আমাদের লেগেই আছে। তবে জ্বালানি সংকটের বোঝা পুরুষ ও নারীরা সমানভাবে বহন করে না। রান্নার জ্বালানি সংগ্রহ থেকে শুরু করে জ্বালানিজনিত স্বাস্থ্যঝুঁকি, অতিরিক্ত গৃহস্থালি শ্রম, অর্থনৈতিক সুযোগ হারানো, পারিবারিক চাপ ও নিরাপত্তা সংকট—এসবকিছুর মূল অভিঘাত পড়ে নারীর ওপর। সে বিচারে জ্বালানি অধিকার প্রতিষ্ঠায় নারীর অগ্রাধিকার পাওয়ার কথা।

কিন্তু বাস্তবে জ্বালানি সংকটে নারীর সুরক্ষায় আলাদা কোনো ব্যবস্থাপনা নেই। এমনকি জ্বালানি নীতি প্রণয়ন বা এ খাতের প্রাতিষ্ঠানিক পরিচালনায় নারীদের কণ্ঠস্বর চরমভাবে উপেক্ষিত। তথ্য-উপাত্ত নির্দেশ করে, জ্বালানি খাত ব্যাপকভাবে পুরুষশাসিত। বৈশ্বিক ও জাতীয়, উভয় প্রেক্ষাপটেই জ্বালানি সংশ্লিষ্ট নীতি নির্ধারণী পর্যায়ে সমাজের বিপুল অংশ, নারীরা ব্যাপকভাবে অনুপস্থিত।

সংকটের বোঝা নারীর কাঁধে

বাংলাদেশে বিদ্যুতায়নের হার বৃদ্ধি পেলেও জ্বালানির মান, নিরবচ্ছিন্নতা ও সাশ্রয়ী মূল্য এখনও বড় চ্যালেঞ্জ। দেশের বিপুল জনগোষ্ঠী এখন অবধি রান্নার জন্য কাঠ, খড়, পাতা, গোবর বা অন্যান্য জৈবজ্বালানি (বায়োমাস) এবং ক্ষেত্রবিশেষে কয়লার ওপর নির্ভরশীল। এসব জ্বালানি সংগ্রহ ও ব্যবহার প্রধানত নারীদের দায়িত্ব। শহরে আধুনিক বসতি ও বস্তি এলাকায় পাইপলাইনের গ্যাস, এলপিজি ও বিদ্যুৎ সরবরাহই জ্বালানি প্রাপ্তির মূল উৎস। এক্ষেত্রেও প্রধানত ব্যবস্থাপনার দায়িত্বটা নারীদের ঘাড়ে। এই ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব নারীদের কোনো বিশেষ সুবিধা দেয় না, বরং নানাবিধ ক্ষতির কারণ হয়ে ওঠে।

  • শ্রমঘণ্টা বৃদ্ধি ও সময় দারিদ্র্য: গ্যাসের অভাব বা লোডশেডিংয়ের কারণে রান্নাবান্নার সময়সূচি এলোমেলো হয়ে যায়। ইউএন উইমেন রিপোর্ট অনুযায়ী, গ্রামাঞ্চলে নারীদের প্রতিদিন গড়ে ৩.৫ ঘণ্টা জ্বালানি সংগ্রহে ব্যয় করতে হয়। বনাঞ্চল হ্রাস ও জলবায়ু পরিবর্তনের কারণে এই সময় আরও বাড়ছে। শহরেও গ্যাস না থাকলে ভোররাতে উঠে রান্না করা বা এলপিজি, বৈদ্যুতিক চুলার মতো বিকল্প জ্বালানির ব্যবস্থা করতে হয়। এসব ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই বাড়তি ব্যয় ও সময়সাপেক্ষ। ফলে নারীদের শ্রমঘনত্ব ও দৈনিক শ্রমঘণ্টা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। জ্বালানির পেছনে এই অতিরিক্ত সময় ব্যয় তাকে 'সময় দারিদ্র্যে'র দিকে ঠেলে দেয়। যে কারণে অন্যান্য জরুরি প্রয়োজনীয় কাজে ও ব্যক্তিগত উন্নতিসাধনে নারীরা পর্যাপ্ত সময় পান না।

  • শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি: কাঠ, খড়, পাতা, গোবর বা অন্যান্য জৈবজ্বালানি (বায়োমাস) এবং ক্ষেত্রবিশেষে কয়লার ওপর নির্ভরশীলতা নারীদের ভয়ানক স্বাস্থ্যসংকটের দিকে ঠেলে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্যমতে, গৃহস্থালির বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে প্রায় ৩২ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে। মূলত রান্নার কাজে কাঠ-খড়-পাতার চুলা ও কেরোসিনের স্টোভ এই দূষণের মূল উৎস, আর নারীরাই এর প্রথম শিকার। নিম্নমানের জ্বালানিজনিত এই দূষণ নারীদের ফুসফুসের ক্যানসার, অ্যাজমা, হৃদরোগ এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে অকাল গর্ভপাতের ঝুঁকি তৈরি করে। এছাড়া বিদ্যুৎ-জ্বালানির চড়া দামের কারণে নারীদের জ্বালানি সাশ্রয়ের জন্য সবসময় তৎপর থাকতে হয়। এটা বাড়তি মানসিক চাপ ও উদ্বেগ তৈরি করে।

  • অর্থনৈতিক ক্ষতি ও পারিবারিক বৈষম্য: আগেই উল্লেখ করা হয়েছে, জ্বালানি ব্যবস্থাপনায় অতিরিক্ত সময় ব্যয়ের কারণে নারীরা সময় দারিদ্র্যের শিকার হয়। ফলে তাদের পড়াশোনা, প্রশিক্ষণ, বিশ্রাম, সামাজিক অংশগ্রহণ বা আয়বর্ধক কাজে যুক্ত হওয়ার সুযোগ কমে যায়। এছাড়া কুটির শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের মতো যেসব অর্থকরী কাজে নারীর সংশ্লিষ্টতা থাকে, জ্বালানি সংকটে তা ব্যাহত হয়। এছাড়া জ্বালানি ব্যয় বেড়ে গেলে পরিবারের যেসব ব্যয় প্রথম ছাঁটাই হয়, তা নারী ও শিশুদের সুযোগ-সুবিধাকেই সীমিত করে।

  • নিরাপত্তা সংকট: পুরুষশাসিত সমাজে লৈঙ্গিক আধিপত্যের ফলে দূর থেকে জ্বালানি সংগ্রহের সময়, রাতে অন্ধকারে চলাফেরার সময়, টয়লেট ব্যবহার বা পানি সংগ্রহের ক্ষেত্রে নারীরা বাড়তি নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প বা ঘনবসতিপূর্ণ বস্তি বা গ্রামীণ এলাকায় রাতের বিদ্যুৎ বিচ্ছিন্নতার ফলে নারীরা যৌন হয়রানি ও সহিংসতার ঝুঁকিতে পড়ে।

এসব উদাহরণ স্পষ্টভাবে নির্দেশ করে যে, জ্বালানি সংকটের বোঝা নারী ও পুরুষের জন্য সমান নয়। এটা দেখায় যে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি অধিকার ও জ্বালানি সুবিচার প্রতিষ্ঠায় নারীরা বিশেষ প্রণোদনার দাবিদার।

পুরুষশাসিত জ্বালানি খাত

বাংলাদেশের জ্বালানি খাতকে এখনও একটি “পুরুষশাসিত কারিগরি খাত” হিসেবে দেখা হয়। বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা, পিডিবি, ডিপিডিসি বা বিইআরসি—এসব প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের প্রশাসনিক, প্রকৌশল বা নীতিনির্ধারণী পদে নারীর উপস্থিতি অত্যন্ত সীমিত। সারা বিশ্বেও পরিস্থিতি একই রকম। জ্বালানি সংশ্লিষ্ট গবেষণা, শিক্ষাদান, খুচরা যন্ত্রপাতি সংযোজন ও বিক্রেতা সেবার বাইরে এ খাতের অন্যান্য কার্যক্রমে নারীর অবস্থান সারা বিশ্বেই সীমিত।

আন্তর্জাতিক শক্তি সংস্থা (IEA)-এর প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক শ্রমখাতে নারী কর্মীর গড় হার ৪৮ শতাংশ হলেও জ্বালানি খাতে নারীর অংশীদারত্ব ২২ শতাংশের নিচে। বিশ্বে নারীশ্রমিকের হার সবচেয়ে কম যে খাতে, তাও জ্বালানিসংশ্লিষ্ট, এটি হলো খনিজ সম্পদ আহরণ (মাইনিং)। বিশ্বের গুরুত্বপূর্ণ ও বৃহৎ কিছু প্রতিষ্ঠানের ওপর জরিপ করে দেখা গেছে, অর্থ ও যোগাযোগ বিভাগ (ফিনান্স, কমিউনিকেশন) পরিচালনায় বোর্ড পর্যায়ে নারীর উপস্থিতি ২১ শতাংশ হলেও জ্বালানি ও ইউটিলিটি পর্যায়ে এই হার ৪ শতাংশের মধ্যে।

বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), বিআইডিএস (BIDS) ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, বৈশ্বিক জ্বালানি খাতে নারী কর্মীর গড় হার প্রায় ২২ শতাংশ হলেও উন্নয়নশীল দেশগুলোতে নীতি-নির্ধারণী ও প্রকৌশল পর্যায়ে এই হার আরও ৮ শতাংশের কম। এশীয় উন্নয়ন ব্যাংকের সমীক্ষা (Gender Equality and Energy Sector in South Asia, নভেম্বর ২০১৮) অনুযায়ী, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি ইউটিলিটিগুলোতে (পিডিবি, ডেসকো, ডিপিডিসি, ইত্যাদি) মোট জনবলের মধ্যে প্রশাসনিক ও কারিগরি পদ মিলিয়ে নারী কর্মীর সার্বিক হার ৪ থেকে ৮ শতাংশের মধ্যে অবস্থান করে।

জ্বালানি খাতে নারীর সীমিত অংশীদারত্বের এই চিত্র নির্দেশ করে, এ খাতে নারীদের যে বিশেষ ভোগান্তি ও চাহিদা, নীতি নির্ধারণী পর্যায়ে তার প্রতিফলন ঘটা প্রায় দুঃসাধ্য।

জ্বালানি খাত পুরুষশাসিত হওয়ার কুফল

জ্বালানির ব্যবহার লিঙ্গনিরপেক্ষ নয়। একজন পুরুষ জ্বালানিকে কেবল প্রাপ্যতার নিরিখে বিচার করেন কিংবা ব্যবসা বা উৎপাদনের উপকরণ হিসেবে দেখেন। কিন্তু একজন নারীর কাছে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানির অর্থ হলো নিরাপদ মাতৃত্ব, শিশুদের খাবার সংরক্ষণ, ধোঁয়ামুক্ত রান্না, রাতের নিরাপত্তা, গৃহস্থালি কাজের সময় কমে যাওয়া। যখন নীতিনির্ধারণী টেবিলে নারী বা জেন্ডার বিশেষজ্ঞের উপস্থিতি থাকে না, তখন এসব বাস্তব চাহিদা নীতিতে প্রতিফলিত হয় না।

কিছু উদাহরণ দেওয়া যেতে পারে। দেশে বিভিন্ন এলাকা ও স্তরের মানুষের প্রয়োজন, ব্যবহারের উপযোগিতা, নিরাপদ ও অর্থনৈতিক বিচারে যথাযথ মানসম্মত উন্নত চুলা এখনও সহজলভ্য নয়। এ ধরনের চুলার উদ্যোগ যে নেওয়া হয়নি, তা নয়। তবে নারীদের মতামত ছাড়াই পরিকল্পনা ও নকশা করার কারণে বাস্তবে এগুলো জনপ্রিয় হয়নি, কাজে লাগেনি। এছাড়া নিরাপদ রান্নার জ্বালানি বা পরিচ্ছন্ন চুলার জন্য বিশেষ ভর্তুকি কিংবা সামাজিক সুরক্ষামূলক প্রণোদনা জাতীয় বাজেটে অনুপস্থিত।

আবার বাংলাদেশে জ্বালানি বরাদ্দের ক্ষেত্রে আবাসিক পর্যায়ে গ্যাসের সরবরাহকে সবার পেছনে রাখা হয়। রান্নার জ্বালানি সংস্থানে রাষ্ট্র এখনও ব্যাপকভাবে পিছিয়ে। জ্বালানি খাত সম্পূর্ণভাবে পুরুষশাসিত হওয়ায় এ পরিস্থিতি তৈরি হতে পেরেছে। অথচ বিশ্বে জ্বালানি খাতে নারীর অধিকারের বিষয়টি কিন্তু একেবারেই অনালোচিত নয়। কিন্তু আমাদের পুরুষশাসিত ব্যবস্থা সেখান থেকে শিখছে না।

বৈশ্বিক অভিজ্ঞতায় জ্বালানি ও নারী

গত এক দশকে আন্তর্জাতিক পরিসরে “জ্বালানি খাতে লৈঙ্গিক সমতা” একটি গুরুত্বপূর্ণ নীতিগত আলোচনায় পরিণত হয়েছে। বিশ্বজুড়ে স্বীকৃতি তৈরি হয়েছে যে, নারীদের বাদ দিয়ে টেকসই জ্বালানি রূপান্তর সম্ভব নয়। ENERGIA NETWORK (International Network on Gender and Sustainable Energy) দীর্ঘদিন ধরে নারী ও টেকসই জ্বালানি নিয়ে কাজ করছে। তাদের অভিজ্ঞতা দেখায়, জ্বালানি সরবরাহ ও বিতরণে নারী উদ্যোক্তাদের যুক্ত করা হলে শুধু জ্বালানি প্রবেশাধিকারই (Energy Access) বাড়ে না, স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়ে। কেনিয়া, সেনেগাল ও নেপালে হাজার হাজার নারী পরিচ্ছন্ন জ্বালানি উদ্যোক্তা হিসেবে কাজ করছেন।

UN Women ও Sustainable Energy for All যৌথভাবে সুপারিশ করেছে যে, প্রতিটি দেশের জাতীয় জ্বালানি নীতিতে একটি Gender Action Plan থাকা উচিত। তাদের পর্যবেক্ষণ বলছে, পরিচ্ছন্ন জ্বালানি নারীর অবৈতনিক শ্রম কমায়, স্বাস্থ্য সুরক্ষা বাড়ায় এবং অর্থনৈতিক ক্ষমতায়নে সহায়তা করে। পাশের দেশ ভারতে “প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা” (PMUY) প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের নারীদের নামে এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। বাস্তবায়নে সীমাবদ্ধতা থাকলেও এটি জ্বালানিকে নারীর স্বাস্থ্য ও মর্যাদার অধিকারের সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ।

বাংলাদেশেও রয়েছে বিপুল সম্ভাবনা

বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য ও সবুজ জ্বালানির দিকে যে রূপান্তর চলছে, তাকে বলা হয় Just Energy Transition বা ন্যায্য জ্বালানি রূপান্তর। বাংলাদেশেও সৌরবিদ্যুৎ, বায়োগ্যাস ও অন্যান্য নবায়নযোগ্য উদ্যোগ সম্প্রসারণের আলোচনা বাড়ছে। কিন্তু এই রূপান্তর প্রক্রিয়ায় নারীর অংশীদারিত্ব এখনও প্রান্তিক। ইতোপূর্বে বাংলাদেশের Solar Home System কর্মসূচি একসময় বিশ্বের অন্যতম বৃহৎ অফ-গ্রিড সৌর উদ্যোগ হিসেবে পরিচিতি পেয়েছিল। এই অভিজ্ঞতা দেখিয়েছে যে, গ্রামীণ নারীরা যদি সৌরপ্রযুক্তি রক্ষণাবেক্ষণ, ক্ষুদ্র সৌর ব্যবসা, সৌরচালিত সেচ বা খাদ্য প্রক্রিয়াজাতকরণে যুক্ত হতে পারেন, তাহলে তাদের সক্ষমতা বৃদ্ধি পায়।

এটা অনস্বীকার্য যে, যদি জ্বালানি রূপান্তরে নারীকে অন্তর্ভুক্ত করা না যায়, তবে সেই রূপান্তর কখনও ন্যায়ভিত্তিক বা টেকসই হবে না। আমরা যদি সামনের দিকে এগোতে চাই, তাহলে রান্নাঘরের ধোঁয়া থেকে শুরু করে নীতিনির্ধারণী টেবিল পর্যন্ত বৈষম্যের যে দীর্ঘ শৃঙ্খল তৈরি হয়েছে, তা ভেঙেই এগোতে হবে। এ লক্ষ্যে এখনই বেশ কিছু জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ১) গ্রামীণ ও শহুরে দরিদ্র নারীদের “জ্বালানি প্রবেশাধিকারকে মৌলিক সেবা” হিসেবে স্বীকৃতি দেওয়া, ২) পরিচ্ছন্ন রান্নার জ্বালানি ও নিরাপদ চুলা কর্মসূচিকে “সামাজিক সুরক্ষা ব্যবস্থার” সঙ্গে যুক্ত করা, ৩) জাতীয় জ্বালানি নীতিতে “জেন্ডার রোডম্যাপ” অন্তর্ভুক্ত করা, ৪) জ্বালানি খাতের সিদ্ধান্তগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোতে অন্তত ৩০ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ৫) জ্বালানি মন্ত্রণালয়ে অন্তত ৫০ শতাংশ নারী সদস্য সম্বলিত একটি ‘নারী ও জ্বালানি টাস্কফোর্স’ গঠন, ৬) নবায়নযোগ্য জ্বালানি খাতে নারী উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ তৈরির জন্য “প্রণোদনা কর্মসূচি” চালু করা।

জ্বালানি খাত উন্নয়ন ও ব্যবস্থাপনায় আমাদের ভাবতে হবে যে, কার জন্য জ্বালানি, কোথায় কারা কীভাবে জ্বালানি ব্যবহার করে, আর সংকটের সবচেয়ে ভারী বোঝা কে বহন করে? এই প্রশ্নগুলোর উত্তরের আলোকে জ্বালানি খাতকে পুনর্গঠন করা হলে এ খাত নারীবান্ধব তথা জনসংখ্যার অর্ধেকের জন্য ইতিবাচক হয়ে উঠবে। পুরুষশাসিত কাঠামো থেকে মুক্তি পাওয়াটা জ্বালানি খাতের অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) সংস্কারের অংশও বটে।

_________

*আনিস রায়হান: লেখক ও গবেষক 

ইমেইল: [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: