বিনিয়োগ মন্দায় রাজস্ব আদায়ে বড় সংকট

স্কেচ: এআই
বিশেষজ্ঞরা এই রাজস্ব ঘাটতি এবং বিনিয়োগের খরাকে দেশের সামগ্রিক অর্থনীতির জন্য একটি শক্তিশালী সতর্কসংকেত হিসেবে দেখছেন।
দেশের বিনিয়োগ খাতে স্থবিরতার জেরে প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়ছে সরকারের রাজস্ব আয়ের ওপর। ব্যবসা পরিচালনার অস্বাভাবিক ব্যয় বেড়ে যাওয়াই এই সংকটের মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্যবসায়ীরা বলছেন, বর্তমান ব্যয় কাঠামোতে দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন, না হলে এই মন্দা দীর্ঘস্থায়ী হতে পারে। বিশেষজ্ঞরা এই রাজস্ব ঘাটতি এবং বিনিয়োগের খরাকে দেশের সামগ্রিক অর্থনীতির জন্য একটি শক্তিশালী সতর্কসংকেত হিসেবে দেখছেন।
বিনিয়োগ আকর্ষণের জন্য বর্তমানে কেবল সস্তা শ্রম যথেষ্ট নয়। বরং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং স্থিতিশীল কর ব্যবস্থাপনা একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে। এসব সূচকে ভারত ও ভিয়েতনামের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। উচ্চ সুদের হারের পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীলতা ও ব্যাংকিং খাতের দুর্বলতা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে।
উদ্যোক্তারা বর্তমানে তীব্র প্রতিযোগিতার মুখে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন। বিএনও লুব্রিক্যান্টসের পরিচালক সালাউদ্দিন ইউসুফ এই সংকট তুলে ধরে বলেন, ‘ব্যাংকের ইন্টারেস্ট রেট হাই এবং অপর্যাপ্ত লজিস্টিক থাকায় খরচ বেড়ে যায়; এসব কিছু মিলে বাংলাদেশের এ ইন্ডাস্ট্রি প্রতিযোগিতা হারিয়ে ফেলছে।’
পরিসংখ্যান বলছে, গত এক বছরে পুঁজি বাজার থেকে বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় ২৭০ কোটি টাকা। এমনকি দেশের শীর্ষ দশটি বড় কোম্পানির মধ্যে ছয়টিতেই বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে কমে গেছে।
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডায় নিবন্ধন কমেছে ৫৮ শতাংশ, যা ভবিষ্যতের কর্মসংস্থানের বাজারের জন্য বড় হুমকি। গত এক বছরে প্রায় ১৮২টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এবং অন্যান্য খাতেও কারখানা বন্ধের হার উদ্বেগজনক। এই পরিস্থিতির প্রভাব সরাসরি পড়ছে রাজস্ব খাতে।
আইবিএফবির প্রেসিডেন্ট লুৎফুন্নেসা সৌদিয়া খান সরকারের কর নীতির বিষয়ে বলেন, ‘সরকারকেও ওই সুযোগ করে দিতে হবে, যাতে আমি ৪০ শতাংশ ট্যাক্স দিতে পারি।’ তিনি মনে করেন, উৎপাদন সক্ষমতা না বাড়লে লক্ষ্যমাত্রা অনুযায়ী কর দেওয়া ব্যবসায়ীদের জন্য অসম্ভব।
রাজস্ব ঘাটতি ও ব্যবসায়িক মন্দা নতুন সরকারের সামনে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আল-আমিন এর দীর্ঘমেয়াদি ঝুঁকি নিয়ে বলেন, ‘ব্যবসার খরচ বেড়ে গেলে স্বাভাবিকভাবেই তখন কর দেয়াটা ব্যবসায়ীদের জন্য কষ্টকর হয়ে যাবে। আর এটা হলে রাজস্ব আয়ের কালেকশন কমে আসবে। তখন ঋণ নির্ভরতা বাড়বে এবং ট্রেজারি সুদের হারও উপরের দিকে যাবে।’
পরিস্থিতি উত্তরণে কেবল রেমিটেন্স বা পোশাক খাতের ওপর নির্ভর না করে রফতানি পণ্যে বৈচিত্র্য আনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



