পশ্চিমবঙ্গের শারদোৎসবে কুনজর: বাগেশ্বর থেকে বিশ্বহিন্দু পরিষদ

বহিরাগত ধর্মগুরুদের মন্তব্য এবং উগ্র সংগঠনের নানাবিধ ফতোয়া ও হুমকি এই আনন্দঘন পরিবেশকে ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। উমার সার্বজনীন সাংস্কৃতিক আবেদনকে খাটো করার চক্রান্ত চলছে।
শাক্ত সংস্কৃতির ভিত্তিভূমি বঙ্গে উত্তর ও পশ্চিম ভারতীয় হিন্দুত্বের থাবা বসাতে মরিয়া হয়ে উঠেছে বহিরাগত হিন্দুত্বের ফেরিওয়ালারা। তাদের দ্বারা শুরু হয়েছে খণ্ডিত বঙ্গের পশ্চিমাংশ অর্থাৎ ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে উত্তর ও পশ্চিম ভারতের ‘নবরাত্রি’র আদলে বিনির্মাণের অপচেষ্টা। দেওয়া হচ্ছে ফতোয়া—পূজার ক’দিন নাকি আমিষ ভোজন বন্ধ রাখতে হবে!
সম্প্রতি ভারতের গো-বলয়ের অন্যতম রাজ্য মধ্যপ্রদেশের বাগেশ্বর ধাম নামক একটি ধর্মীয় পীঠস্থান থেকে ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা নামের এক ধর্মগুরু পশ্চিমবঙ্গের হাওড়া জেলার লিলুয়ায় একটি ধর্মীয় সভায় হাজির হয়ে দুর্গাপূজায় আমিষ খাওয়ার বিরুদ্ধে একপ্রকার বিষোদ্গার করেছেন। সেই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে বাগেশ্বর বাবা বলেন, “যারা দুর্গাপূজার সময় মাছ-মাংস খান, তাঁদের ধার্মিক বলা যায় না, তাঁরা ‘পাষণ্ডী’।” তিনি আরও বলেন, “ভারত আকবরের দেশ নয়, এই দেশ রঘুবরের (রাম)।” উল্লেখ্য, এই ‘পাষণ্ডী’ শব্দটির অর্থ যারা ধর্মীয়ভাবে ভণ্ড বা প্রতারক। অর্থাৎ শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে গোটা বাঙালি হিন্দু সম্প্রদায়কে বহিরাগত এক হিন্দুত্বের ফেরিওয়ালা ভণ্ড বা প্রতারক বললেন। আর তাঁর এসব মন্তব্যের প্রতিবাদ তো দূরের কথা, বরং বাগেশ্বর বাবার হাতে ফুল, মিষ্টি ও গদা উপহার তুলে দিয়েছেন শুভেন্দু।
কলকাতার উপকণ্ঠে মারোয়াড়ি, গুজরাটি, বিহারি ও হিন্দুস্তানি অধ্যুষিত লিলুয়ায় বাগেশ্বর বাবার এহেন বক্তব্যে করতালি দিতেও দেখা যায় উপস্থিত দর্শকদের। কারণ দর্শকাসনে থাকা বেশিরভাগ মানুষই ছিলেন প্রথমত হিন্দিভাষী ও অবাঙালি; দ্বিতীয়ত নিরামিষাশী; তৃতীয়ত দুর্গাপূজার সঙ্গে তাঁদের বিশেষ সম্পৃক্ততা নেই এবং তাঁরা মূলত বিজেপির কর্মী-সমর্থক। তো এহেন দর্শক তথা ‘ভক্ত’দের মাঝে হাজির হয়ে বাঙালির খাদ্যাভ্যাস ও সংস্কৃতি নিয়ে কুমন্তব্য করেছেন উত্তর ভারতীয় হিন্দুত্বের এই ধর্ম ব্যবসায়ী। আর সেখানে উপস্থিত শুভেন্দু অধিকারী এ ব্যাপারে নীরব থেকে বাগেশ্বরের বাঙালি-বিদ্বেষী বিষোদ্গারে কার্যত মৌন সমর্থন জুগিয়েছেন।
যার জেরে পশ্চিমবঙ্গের দুর্গাপূজার চিরাচরিত চেহারা মলিন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় বাগেশ্বরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাঁকে গ্রেফতারের দাবি উঠেছে। বাগেশ্বরকে ‘বালেশ্বর’ বলে সম্বোধন করেছেন সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষ। পরিস্থিতি বেগতিক দেখে বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক ডেকে বলতে বাধ্য হন, “ওটা বাবার ব্যক্তিগত মন্তব্য। বাঙালি সংস্কৃতির ওপর এমন কোনো নিয়ম চাপানো যাবে না। বাঙালি দুর্গাপূজার নবমীতে পাঁঠার মাংস খাবেই।” সজল ঘোষসহ অন্যান্য বেশ কিছু বিজেপি নেতাও বাগেশ্বরের মন্তব্যের বিরোধিতা করেছেন। যদিও শুভেন্দুর মুখে কুলুপ!
তবে শুধু বাগেশ্বর বাবাই নন, সম্প্রতি বিশ্বহিন্দু পরিষদের তরফেও পশ্চিমবঙ্গব্যাপী লিফলেট বিলি করে একইভাবে দুর্গাপূজা মণ্ডপের অদূরে আমিষ খাবারের স্টল রাখার বিরুদ্ধে প্রচার চালানো হয়েছে। শুধু প্রচারই নয়, রীতিমতো ফতোয়া দিয়ে তারা আমিষ খাবার বিক্রি বন্ধ করার দাবি তুলেছে। পাশাপাশি তাদের তরফে আরও ফতোয়া জারি হয়েছে—পূজামণ্ডপকে চারুকলার থিমেটিক সৃজনমাধ্যম হতে দেওয়া যাবে না; শারদোৎসবে রাস্তাঘাটে বামপন্থী সাহিত্যের স্টল বসানো চলবে না; এমনকি দেবীমূর্তিকে মানবীর আকার দেওয়ার বিরুদ্ধেও তারা সুর চড়িয়েছে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে পশ্চিমবঙ্গের গণমানুষের অংশগ্রহণে যেভাবে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ স্লোগানটি আক্ষরিক অর্থেই কার্যকরী হয়, তার বিরোধিতা করে হিন্দুত্ববাদী অতি-দক্ষিণপন্থীদের দাবি—শারদোৎসবকে সকলের উৎসব হতে দেওয়া চলবে না। আরএসএস বা সংঘ পরিবারের অংশ উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্বহিন্দু পরিষদের তরফে এই সকল ফতোয়া বা সামাজিক-সাংস্কৃতিক নিদান মধ্যপ্রদেশের বাগেশ্বর বাবার কুমন্তব্যের আগে থেকেই পশ্চিমবঙ্গে জারি রয়েছে। শুধু তা-ই নয়, সংগঠনের তরফে নানাভাবে হুমকিও দেওয়া হয়েছে যে তাদের নিদান না মানলে পূজার সময় বিশৃঙ্খলা তৈরি করা হবে। যার জেরে এবছর পশ্চিমবঙ্গে শারদোৎসবের আনন্দ কিছুটা হলেও বিঘ্নিত হতে বসেছে।
উমার বাপের বাড়ি ফেরা
বৃহৎ বঙ্গের ভাবান্দোলনের দৃষ্টিকোণ থেকেও দুর্গাপূজার এক গভীর তাৎপর্য বিদ্যমান। এখানে দুর্গা কেবল বৈদিক দেবী নন, বরং তিনি ঘরের মেয়ে—গিরিরাজ ও মেনকার কন্যা উমা, শিবের অর্ধাঙ্গিনী। সাংখ্য দর্শন থেকে যে পুরুষ ও প্রকৃতির দ্বৈতাদ্বৈত ভাব ছড়িয়ে পড়েছে বঙ্গের সামষ্টিক অবচেতনে (কালেকটিভ আনকনশাস), তারই পৌরাণিক প্রকাশ হরগৌরী বা হরপার্বতীর রূপকল্পনায়। এই পার্বতী বা গৌরী বা উমা হলেন শিবের পত্নী, যিনি শরতে পুত্রকন্যাদের নিয়ে বাপের বাড়ি ফেরেন। উমার এই পিতৃগৃহে আগমনের আখ্যানই শারদোৎসবকে আপামর মানুষের কাছে এতটা আপন ও আনন্দময় করে তুলেছে।
কিন্তু মধ্যপ্রদেশের বাগেশ্বর বাবা কিংবা বিশ্বহিন্দু পরিষদের হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে যেহেতু বাংলার সংস্কৃতির কোনো মেলবন্ধন নেই, তাই তারা বাংলার দুর্গাপূজাকে উত্তর ও পশ্চিম ভারতের নবরাত্রি উৎসবের ছাঁচে ফেলতে চায়। এটি বাংলার ভাবপরম্পরার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বারোয়ারি দুর্গাপূজায় দেবীমূর্তির মধ্যে মানবীরূপের প্রকাশ আসলে ঘরের মেয়ে উমাকে মাথায় রেখেই। আর পূজায় থিম ও নান্দনিকতাকে যুক্ত করার কারণ এটাই যে—মেয়ে ঘরে ফিরছে, তাই চারপাশটাকে শিল্পময় ও আনন্দমুখর করে তোলা। এই গভীর নন্দনতত্ত্ব আঞ্চলিক ভাবধারাহীন কোনো উগ্র মতাদর্শের পক্ষে উপলব্ধি করা অসম্ভব।
নবরাত্রি ও দুর্গাপূজা
বছরে মোট চারবার নবরাত্রি উদযাপিত হলেও শারদীয় নবরাত্রি ও চৈত্র মাসের নবরাত্রি উত্তর ও পশ্চিম ভারতে বিশেষভাবে পালিত হয়। নবরাত্রিতে দেবী দুর্গার মোট নয়টি রূপ—শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কূষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রীর পূজা হয়। নয় রাতব্যাপী পূজা হয় বলে এর নাম নবরাত্রি। নবরাত্রির মূল শাস্ত্রীয় বিধান শ্রীমদ্দেবীভাগবত পুরাণনির্ভর; ফলে এই সময় সেখানে যেকোনো প্রকার আমিষ গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে বঙ্গের চেয়ে পৃথক এই আর্য বলয় মূলত নিরামিষাশী হওয়ায় তাদের উৎসবেও স্বাভাবিকভাবেই আমিষ বর্জনের রীতি থাকে।
কিন্তু বঙ্গীয় সংস্কৃতির একটি বড় অংশজুড়ে রয়েছে তন্ত্রসাধনা। বৌদ্ধ ও বৈদিক ধারার পূর্ব থেকেই বঙ্গ তন্ত্রাশ্রয়ী এবং এর প্রাচীন ধর্মধারাগুলির অন্যতম শাক্ত মত। তন্ত্রাশ্রয়ী শাক্ত ধর্মে কারণবারি (মদ) ও মাংসকে ধর্মীয় উপচারের অংশ হিসেবেই গণ্য করা হয়েছে। সেই দৃষ্টিভঙ্গির পেছনে রয়েছে ষড়রিপুকে জয় করার দার্শনিক অভিপ্রায়। ফলে উত্তর বা পশ্চিম ভারতে নবরাত্রির সময় কঠোর উপবাস ও নিরামিষ আহারের নিয়ম থাকলেও বাংলা, আসাম, ওড়িশা বা ত্রিপুরায় দেবীকে ঘরের মেয়ে হিসেবে আপন করে নেওয়া হয়। তাই আনন্দ-উৎসবে মাছ-মাংস গ্রহণকে এখানে পাপ বা শাস্ত্রলঙ্ঘন নয়, বরং উৎসবেরই স্বাভাবিক অঙ্গ হিসেবে দেখা হয়।
বাংলার দুর্গাপূজার শাস্ত্রীয় ভিত্তি মূলত মার্কণ্ডেয় পুরাণের ‘শ্রীশ্রীচণ্ডী’ গ্রন্থনির্ভর। ‘শ্রীশ্রীচণ্ডী’ বা ‘দুর্গাসপ্তশতী’ তত্ত্বের ওপর ভিত্তি করেই মূল পূজার বিধান রচিত। তন্ত্রসার ও পুরোহিতদর্পণ অনুসারে দেবীকে মৎস্য ও বলিপ্রদত্ত মাংস (মহামাংস) নিবেদনের সুস্পষ্ট শাস্ত্রীয় বিধান রয়েছে। বৈদিক দেবীর শাক্তায়নের ফলে কালীর অনুসারী বঙ্গে দুর্গাও মহাশক্তিরূপে পূজিত হন। কালিকা পুরাণ ও কালীবিলাস তন্ত্র অনুযায়ী দেবী দুর্গা, কালী বা চামুণ্ডা হলেন পরম শক্তির প্রতীক। ‘কালিকা পুরাণ’-এ দেবীর উদ্দেশ্যে মৎস্য ও পশুবলি উৎসর্গের স্পষ্ট উল্লেখ রয়েছে।
সময়ের সাথে সাথে অষ্টমীতে পশুবলির প্রথা অনেকটাই বন্ধ হলেও মহাষ্টমীতে মাংস খাওয়ার রীতি রাঢ়বঙ্গের তন্ত্রাশ্রয়ী বাঙালি হিন্দুর সাংস্কৃতিক ঐতিহ্যেরই অংশ। আবার পূর্ববঙ্গের রীতি অনুযায়ী অনেক পরিবার বা পূজা প্রাঙ্গণে বিজয়া দশমীর দিন দেবীকে জোড়া ইলিশ নিবেদনের ঐতিহ্য রয়েছে। তবে বৈষ্ণব ও শৈব মতে দুর্গাপূজায় আমিষের স্থান নেই; যদিও বৃহৎ বঙ্গে এই দুই মতে পূজার প্রচলন হাতে গোনা কয়েকটি ক্ষেত্র (যেমন নবদ্বীপ বা কিছু পারিবারিক ঐতিহ্য) ছাড়া একেবারেই বিরল।
উৎসব যখন বিকেন্দ্রীভূত অর্থনীতি, গণপুষ্টি ও গণসন্তুষ্টির মাধ্যম
পশ্চিমবঙ্গসহ গোটা বৃহৎ বঙ্গে শারদোৎসব এক বিশাল গণকার্নিভালের রূপ নেয়। এই উৎসবকে কেন্দ্র করে মৃৎশিল্পী, মণ্ডপশিল্পী ও আলোকশিল্পীদের অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়। সৃষ্টি হয় চারুকলার এক স্বাস্থ্যকর প্রতিযোগিতা এবং সমাজে তৈরি হয় একটি প্রাণবন্ত বিকেন্দ্রীভূত অর্থনৈতিক প্রবাহ। মণ্ডপের বাইরে গড়ে ওঠে রকমারি খাবারের দোকান। পূজার আগে ও চলাকালীন পোশাক, জুতো, প্রসাধন সামগ্রী, পূজার অনুষঙ্গ থেকে শুরু করে ফলমূল ও মাছ-মাংসের কেনাবেচায় সব স্তরের মানুষের হাতে অর্থ পৌঁছায়। এই উৎসব ক্ষুধাতুরের ক্ষুধা মেটায় এবং এক সামাজিক তৃপ্তি তৈরি করে। ধর্মীয় গণ্ডি পেরিয়ে এই উৎসব পরিণত হয় মহামিলনমেলায়; তাই জনসংযোগের অংশ হিসেবে বামপন্থীরাও পূজামণ্ডপের অদূরে প্রগতিশীল সাহিত্যের স্টল নিয়ে হাজির হন। বিভিন্ন ধর্মবিশ্বাসের মানুষও এই উৎসবের সার্বজনীন আহ্বানে সানন্দে শামিল হন। উমার ঘরে ফেরার আগমনী গানে মুখরিত হয়ে ওঠে বঙ্গপ্রকৃতি।
কিন্তু বহিরাগত ধর্মগুরুদের মন্তব্য এবং উগ্র সংগঠনের নানাবিধ ফতোয়া ও হুমকি এই আনন্দঘন পরিবেশকে ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। উমার সার্বজনীন সাংস্কৃতিক আবেদনকে খাটো করার চক্রান্ত চলছে।
এখন দেখার বিষয়—আধিপত্যবাদী রাজনীতি মানুষের হাজার বছরের সংস্কৃতিকে গ্রাস করতে পারে, নাকি বাঙালির চিরায়ত স্বতঃস্ফূর্ততার কাছে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি পরাস্ত হয়। যদি এই আবহমান সংস্কৃতি পিছু হটে, তবে সত্যিই রবীন্দ্রনাথের সেই চরণের মতো ব্যথাতুর হতে হবে—
‘মা তোর বদনখানি মলিন হলে,
ও মা, আমি নয়নজলে ভাসি…’
-- --
লেখক: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক, কলকাতা, ভারত।
ইমেইল- [email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



