নেকাব বিতর্কে লাইভে এলেন ঢাবি শিক্ষক, হুমকি পাওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৬:০০পরিবর্তন করতে ক্লিক করুন
নেকাব বিতর্কে লাইভে এলেন ঢাবি শিক্ষক, হুমকি পাওয়ার অভিযোগ
শেয়ার করুন:

ইংরেজি বিভাগের পদক্ষেপের বিষয়ে তাসনিম সিরাজ বলেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁর বক্তব্য না শুনেই তাঁর সব কোর্স অন্য শিক্ষকদের মধ্যে বণ্টন করা হয়েছে। নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ পাওয়ার আগেই এ সিদ্ধান্ত নেওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন বলে জানান।

নেকাব পরা এক ছাত্রীকে নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্যের ঘটনায় নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে তিনি বলেছেন, এ ঘটনাকে কেন্দ্র করে তিনি হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন।


শনিবার (১০ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে পাঠ করা এক লিখিত বিবৃতিতে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি সব পক্ষের বক্তব্য ও প্রাসঙ্গিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।


বিবৃতিতে তাসনিম সিরাজ বলেন, গত ৭ অক্টোবর মাস্টার্সের শেষ সেমিস্টারের একটি ক্লাসে পুরো মুখ, এমনকি চোখও ঢাকা থাকায় একজন ছাত্রীকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে তাঁর অসুবিধা হচ্ছিল। চোখ ঢাকা থাকায় শিক্ষার্থী তাঁর বক্তব্য কীভাবে গ্রহণ করছেন এবং শ্রেণিকক্ষের কার্যক্রমে কীভাবে অংশ নিচ্ছেন, তা বোঝা কঠিন হচ্ছিল বলে দাবি করেন তিনি। এ পরিস্থিতিতে ক্লাস নেওয়ায় অস্বস্তি বোধ করায় তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করেন বলে জানান।


প্রায় ৩৪ বছরের শিক্ষকতা জীবনে ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন মেনে চলেছেন উল্লেখ করে তাসনিম বলেন, কোনো শিক্ষার্থীর ধর্মীয় বিশ্বাস বা পোশাককে অপমান করার উদ্দেশ্য তাঁর ছিল না।


বিবৃতিতে তিনি পর্দা সম্পর্কে নিজের ধর্মীয় ব্যাখ্যাও তুলে ধরেন। তাঁর দাবি, কোরআনের অনুবাদ পড়ার ভিত্তিতে তাঁর ধারণা, নারীরা শরীরের আকৃতি প্রকাশ না করে শালীন পোশাক পরতে পারেন এবং মুখ খোলা রাখতে পারেন। হজ্বের ইহরাম অবস্থায় নারীদের নেকাব পরা নিয়ে একটি হাদিসেরও উল্লেখ করেন তিনি।


তাসনিম সিরাজের দাবি, তিনি ওই ছাত্রীকে পোশাক পরিবর্তন করতে, নেকাব খুলতে কিংবা শ্রেণিকক্ষ ছেড়ে যেতে বলেননি। ধর্মীয় পোশাক পরার কারণে ওই ছাত্রীকে শাস্তি দেওয়া হয়নি বা ভবিষ্যতে ক্লাসে অংশগ্রহণ থেকেও বিরত রাখা হয়নি বলে জানান তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, মন্তব্যের মূল বিষয় ছিল চোখ ঢাকা থাকায় শিক্ষার্থীকে শনাক্ত করতে অসুবিধা হওয়া।

তিনি আরও বলেন, ছাত্রীটি শ্রেণিকক্ষ ছেড়ে যাওয়ার পর সহপাঠীদের কাছ থেকে জানতে পারেন, তাঁর মন্তব্যে ওই শিক্ষার্থী কষ্ট পেয়েছেন। এরপর সহপাঠীদের মাধ্যমে তিনবার খবর পাঠিয়ে উক্ত শিক্ষার্থীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন তিনি এবং প্রায় ১০ মিনিট করিডরে অপেক্ষা করেন। তবে ওই শিক্ষার্থীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ না পাওয়ায় আর কথা বলার সুযোগ হয়নি।


ঘটনার দিন পরিবারের একজন গুরুতর অসুস্থ সদস্যের অস্ত্রোপচার চলায় তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হয়েছিল বলেও জানান তাসনিম সিরাজ। সে সময় তাঁর মন্তব্য বিকৃতভাবে প্রচার করা হচ্ছিল বলে তিনি জানতে পারেন বলে বিবৃতিতে উল্লেখ করেন।


ইংরেজি বিভাগের পদক্ষেপের বিষয়ে তাসনিম সিরাজ বলেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁর বক্তব্য না শুনেই তাঁর সব কোর্স অন্য শিক্ষকদের মধ্যে বণ্টন করা হয়েছে। নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ পাওয়ার আগেই এ সিদ্ধান্ত নেওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন বলে জানান।


তিনি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবার বক্তব্য ও প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং তদন্তপ্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত বলে উল্লেখ করেন।


এদিকে, ঘটনার পর থেকে বেনামি ফোনকল, ই-মেইল, আপত্তিকর বার্তা ও হুমকি পাওয়ার অভিযোগ করেছেন তাসনিম। সংশ্লিষ্ট ছাত্রীসহ ঘটনার সঙ্গে জড়িত সবার মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকি ও হয়রানি বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তা চান তিনি।


এর আগে বৃহস্পতিবার ইংরেজি বিভাগের একদল ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপ-উপাচার্য (প্রশাসন) কাছে এ ঘটনায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে তাঁরা নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে তাসনিমকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান। সংশ্লিষ্ট ব্যাচের শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং তাঁদের পাঠদান ও মূল্যায়নের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ারও দাবি তোলেন তাঁরা।


পাশাপাশি কোনো শিক্ষার্থী যাতে একাডেমিক ক্ষতি, হয়রানি কিংবা প্রতিশোধমূলক আচরণের শিকার না হন, তা নিশ্চিত করার আহ্বান জানান অভিযোগকারীরা।


এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন। এ সময় তাঁরা ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. তাজিন আজিজ চৌধুরী জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগের জরুরি একাডেমিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, তাসনিমের কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে বণ্টন করা হয়েছে এবং আপাতত তাঁকে কোনো কোর্সের ক্লাস নিতে দেওয়া হবে না।


বিবৃতির শেষাংশে তাসনিম সিরাজ বলেন, শ্রেণিকক্ষ শিক্ষক ও শিক্ষার্থী—উভয়ের জন্যই সম্মানজনক ও নিরাপদ পরিবেশ হওয়া প্রয়োজন। পরিচয় যাচাইয়ের প্রয়োজন হলে ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রেখে সুস্পষ্ট প্রাতিষ্ঠানিক নীতিমালার মাধ্যমে তা করা উচিত।


পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: