ডিপি ওয়ার্ল্ডের বন্দর আর কৃষকের কান্না: ‘কালচারাল ওয়ারে’ চাপা পড়া আসল লড়াই

কার্টুনঃ এআই
যেখানে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ চাপ সৃষ্টির কথা, সেখানে বাস্তব রাজনীতিতে মূল শ্রেণি সংগ্রামকে ধূর্ততার সাথে প্রতিস্থাপন করা হয়েছে পরিচয়বাদী সংস্কৃতি দিয়ে।
শিল্পকলা একাডেমির দেয়ালে কার প্রতিকৃতি আঁকা থাকবে আর কার ছবি মোছা হবে—এ নিয়ে যখন রাজপথে মব, সামাজিক মাধ্যমে তুমুল বাহাস আর তথাকথিত সাংস্কৃতিক যোদ্ধাদের আস্ফালন তুঙ্গে, তখন আড়ালে ঘটে যাচ্ছে এক নীরব মহাপ্রলয়। শিল্পকলার দেয়ালে দশ বাঙালির ছবি কিংবা রবীন্দ্রনাথকে নিয়ে যে ‘কালচারাল ওয়ার’ বা সাংস্কৃতিক যুদ্ধ উসকে দেওয়া হয়েছে, তা কি কেবলই রুচি ও আদর্শের লড়াই, নাকি কোনো পরিকল্পিত রাজনৈতিক চাল? রাজনৈতিক অর্থনীতির বিশ্লেষণে একে বলা হয় নিখুঁত নজর ঘোরানোর খেলা বা ‘ফলস ফ্ল্যাগ’। এটি কোনো আকস্মিক উত্তেজনা নয়, বরং জনগুরুত্বপূর্ণ সংকট থেকে চোখ ফিরিয়ে নেওয়ার এক পরীক্ষিত মনস্তাত্ত্বিক কৌশল। যখন রাষ্ট্রযন্ত্র জনস্বার্থবিরোধী চুক্তি সই করছে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা তলানিতে গিয়ে ঠেকছে, তখন জনমনোযোগ বিপথে চালানোর জন্য এর চেয়ে মোক্ষম অস্ত্র আর কী হতে পারে!
বাস্তবতার জমিনে চোখ রাখলে দেখা যায় প্রান্তিক কৃষকের বুকভাঙা কান্না। গত ১২ বছরে অন্তত ৭ বার আলু উৎপাদন করে কৃষককে লোকসানের মুখে পড়তে হয়েছে। প্রতি কেজিতে ২৫ টাকা খরচ করে ফলানো আলু চোখের জলে কৃষককে বিক্রি করতে হচ্ছে মাত্র ১২ টাকায়। একই বঞ্চনার শিকার ধানচাষিরাও। এবার এক কেজি ধান উৎপাদনে কৃষকের খরচ দাঁড়িয়েছে প্রায় ৩৮ টাকা; অথচ মৌসুমে ধান বিক্রি হয় ২২ থেকে ২৫ হাজার টাকা কেজি। অর্থাৎ প্রতি কেজিতে কৃষকের নিশ্চিত লোকসান ৫ টাকা। এর ওপর ডিজেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং সারের তীব্র সংকট কৃষকের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। যেখানে ফসলের দাম ন্যূনতম ৪৫ টাকা নির্ধারণের দাবিতে রাষ্ট্রকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করানোর কথা, সেখানে আলোচনার টেবিলে জায়গা করে দেওয়া হয়েছে সস্তা বিতর্ককে।
কৃষির এই রক্তক্ষরণের সাথে যুক্ত হয়েছে শিল্প ও সাধারণ শ্রমজীবীদের অস্তিত্বের সংকট। রাজনৈতিক পটপরিবর্তন ও অন্তর্বর্তীকালীন সময়ে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো সচল করার কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। এর মাঝে নতুন করে ২১ লাখ মানুষ নেমে গেছে চরম দারিদ্র্যের নিচে। আরও প্রায় ৬ কোটি মানুষ রয়েছে এমন এক ভঙ্গুর অবস্থায়, যেকোনো অর্থনৈতিক ধাক্কায় যারা নেমে যেতে পারে অতিদরিদ্রের কাতারে। এর সাথে যোগ হয়েছে স্বাস্থ্য বিপর্যয়—ডেঙ্গু মহামারির রূপ নিয়েছে এবং হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১১০০। অন্যদিকে বিএনপি যেখানে ১৮ মাসে ১ কোটি নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, সেখানে নতুন কাজের সুযোগ সৃষ্টি তো দূরের কথা, বিকল্প পুনর্বাসন ছাড়াই নির্মমভাবে হকার উচ্ছেদ করে গরিবের পেটে লাথি মারা হচ্ছে।
এই বহুমুখী সংকটের মধ্যেই বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম শীর্ষ ঋণগ্রস্ত দেশ। অথচ এই বিপুল ঋণের বোঝা বাড়িয়ে কার স্বার্থ হাসিল করা হচ্ছে? ওয়াশিংটনকে খুশি রাখতে চড়া দামে কেনা হচ্ছে মার্কিন গম, ঋণ করে বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বরাদ্দ হচ্ছে ৭৫ হাজার কোটি টাকা।
ইউরোপ যাতে ক্ষুব্ধ না হয়, সেজন্য ফ্রান্স থেকে কেনা হচ্ছে এয়ারবাস। আবার বেইজিংকে শান্ত রাখতে প্রায় ৩০ হাজার কোটি টাকার চীনা যুদ্ধবিমান কেনার আয়োজন চলছে। সবশেষে সক্ষমতার অজুহাত তুলে দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত তুলে দেওয়া হয়েছে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের হাতে। জাতীয় নিরাপত্তার সাথে জড়িত এমন একটি কৌশলগত স্থাপনা বিদেশি সংস্থার হাতে ছেড়ে দেওয়া আত্মঘাতী। এমনকি আইএমএফের বিকল্প খোঁজার নামে মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি-র কাছ থেকে কঠিন শর্তে ঋণ নিয়ে পিপিপি মডেলে জাতীয় সম্পদ তুলে দেওয়ার পথ তৈরি হচ্ছে। বাংলাদেশ যেন পরিণত হয়েছে ভূ-রাজনৈতিক শক্তির পণ্য বিক্রির ভাগাড়ে।
কথা ছিল, এসব সাম্রাজ্যবাদী তোষণ, বেহিসাবি সামরিক কেনাকাটা ও বন্দর ইজারার মতো আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নাগরিক প্রতিরোধ গড়ে উঠবে। যেখানে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ চাপ সৃষ্টির কথা, সেখানে বাস্তব রাজনীতিতে মূল শ্রেণি সংগ্রামকে ধূর্ততার সাথে প্রতিস্থাপন করা হয়েছে পরিচয়বাদী সংস্কৃতি দিয়ে। পোস্ট-কলোনিয়াল তত্ত্বের ভুল ব্যাখ্যায় বুঁদ হয়ে একদল লোক নব্য ওহাবি আবেগে মব উসকে দিচ্ছে। তথাকথিত বুদ্ধিজীবীরা মুখে শ্রেণি সংগ্রামের কথা বললেও দিনশেষে নিজেরাও এই সাংস্কৃতিক যুদ্ধের পাঁকেই হাবুডুবু খাচ্ছেন। ফলে ডিপি ওয়ার্ল্ডের জাতীয় স্বার্থবিরোধী চুক্তি কিংবা মিল-কারখানার তালা খোলার মতো জ্বলন্ত প্রশ্নগুলো অনায়াসে চাপা পড়ে যাচ্ছে শিল্পকলার দেয়ালচিত্রের অগভীর চিৎকারের নিচে।
সাংস্কৃতিক আত্মমর্যাদার লড়াই কখনো গুরুত্বহীন নয়, তবে সার্বভৌমত্ব বিলিয়ে দেওয়ার ঢাকনা হিসেবে যখন সংস্কৃতিকে ব্যবহার করা হয়, তখন সজাগ হওয়া জরুরি। সাম্রাজ্যবাদী কেনাকাটা ও করপোরেট দখলদারিত্বের মুখে উটের মতো বালুতে মুখ গুঁজে রেখে শুধু দেয়ালচিত্র নিয়ে লাফালাফি করা কোনো দেশপ্রেম নয়। সচেতন নাগরিকদের মূল নিশানা ঠিক রাখতে হবে। ডিপি ওয়ার্ল্ডের চুক্তি বাতিল, কৃষকের ধানের দাম ন্যূনতম ৪৫ টাকা নির্ধারণ, হকারদের পুনর্বাসন এবং বেকারত্ব দূর করাই বর্তমান সময়ের আসল লড়াই। কৃত্রিম ‘কালচারাল ওয়ার’-এর ধোঁয়াশা সরিয়ে রেখে লড়াইয়ের চোখ ফেরাতে হবে ধলেশ্বরীর তীরের নিঃস্ব কৃষক আর রাজপথের অধিকারবঞ্চিত মেহনতি মানুষের দিকে।
____
*লেখক: সম্পাদক, ঢাকা পেপারস।
ইমেইল: [email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



