দিনেশ ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিপ্লবী পরিষদের ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ে পুলিশের বাধা

হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে ভারতীয় হাইকমিশন ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। দাবি পূরণ না হলে ১৭ ডিসেম্বর থেকে ‘ভারত খেদাও’ আন্দোলন ও ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে ঢাকার ভারতীয় হাইকমিশন ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের নেতা-কর্মীরা। এরপর দলটি সরকারকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে। এর মধ্যে দাবি পূরণ না হলে ১৭ ডিসেম্বর থেকে সারা দেশে ‘ভারত খেদাও’ আন্দোলন শুরু হবে বলে ঘোষণা দিয়েছে তারা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর শাহজাদপুরের বাঁশতলায় প্রগতি সরণিতে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে দলটির মিছিল আটকে দেয় পুলিশ।
এর আগে সকাল থেকেই শাহজাদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কনফিডেন্স সেন্টারের সামনে জড়ো হতে থাকেন পরিষদের নেতা-কর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে তারা মিছিল নিয়ে গুলশানে ভারতীয় হাইকমিশনের দিকে রওনা দেন। পথে বাঁশতলায় পুলিশ ব্যারিকেড দিলে তারা প্রধান সড়কে অবস্থান নিয়ে ‘ভারতের আধিপত্য, রুখে দাও জনগণ’, ‘ফেলানীর বাংলায় ত্রিবেদীর ঠাঁই নাই’, ‘ত্রিবেদীকে বহিষ্কার করতে হবে’, ‘ঘেরাও ঘেরাও হবে, হাইকমিশন ঘেরাও হবে’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন।
একপর্যায়ে নেতা-কর্মীরা ব্যারিকেড সরিয়ে হাইকমিশনের সংযোগ সড়কের দিকে এগোনোর চেষ্টা করলেও পুলিশের বাধায় আর এগোতে পারেননি। পরে সড়কের একপাশ দিয়ে যান চলাচলের সুযোগ রেখে সেখানেই সমাবেশ করেন তারা।
সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা, তিস্তাসহ অভিন্ন নদীর পানি প্রত্যাহার, অসম ও অধীনতামূলক চুক্তির মাধ্যমে শোষণ এবং জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার প্রতিবাদে তারা হাইকমিশন ঘেরাও করতে এসেছিলেন। কিন্তু পুলিশ তাদের হাইকমিশনের সামনে যেতে দেয়নি।
তিনি জানান, আল্টিমেটামের মধ্যে হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে বহিষ্কার, শেখ হাসিনাকে ফেরত দেওয়া, সীমান্ত হত্যা বন্ধ, অসম চুক্তি বাতিল এবং পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। তা না হলে ১৭ ডিসেম্বর থেকে ‘ভারত খেদাও’ আন্দোলনের অংশ হিসেবে সারা দেশে ভারতীয় পণ্য বর্জন করা হবে।
খোমেনী ইহসান অভিযোগ করেন, সীমান্ত হত্যা ও নদীর পানি প্রত্যাহারের পাশাপাশি ভারত আধিপত্যবাদবিরোধীদের নিয়মিত হত্যা করছে এবং দেশটি ‘বাংলাদেশের দেশপ্রেমিকদের খুনিদের আশ্রয়কেন্দ্রে’ পরিণত হয়েছে। এ প্রসঙ্গে তিনি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত মেজর মোজাফফর, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় অভিযুক্ত বাপ্যাদিত্য বসু এবং ওসমান হাদী হত্যায় অভিযুক্তদের ভারতে অবস্থানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, শেখ হাসিনাও ভারতে বসে হুমকি দিচ্ছেন, আর দেশে জুলাই যোদ্ধাদের লাশ পড়ছে।
তিনি দাবি করেন, ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার ভিডিও ধারণকারী বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির লাশ বুধবার তুরাগ নদীতে পাওয়া গেছে এবং আরও অনেককে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
খোমেনী ইহসান বলেন, ৫ আগস্টের পর ভারতের আচরণে পরিবর্তন আসবে বলে সবাই আশা করেছিল। কিন্তু ভারত এখনো বাংলাদেশের জনগণের কাছে বা জুলাই শহীদদের কবরে গিয়ে দুঃখ প্রকাশ করেনি। উল্টো বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী হাইকমিশনার হিসেবে এসে ‘ভাইসরয়ের মতো’ আচরণ করছেন বলে অভিযোগ করেন তিনি।
বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, জুলাই বিপ্লবের পর ভারতীয় আধিপত্যবাদের অবসান হবে বলে প্রত্যাশা থাকলেও পরিস্থিতির উল্টো অবনতি হয়েছে। তার অভিযোগ, সরকার জাপানের মাধ্যমে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ব্যবহার করে ভারতকে ট্রানজিট দিচ্ছে, জাইকার মাধ্যমে মেট্রোরেলের খরচ দ্বিগুণ বাড়িয়ে ভারতীয় কোম্পানিকে কাজ দেওয়া হচ্ছে এবং ‘বিগ-বি’ পরিকল্পনার নামে জাপান বাংলাদেশকে চীনবিরোধী লড়াইয়ে ভারতের সঙ্গে জড়িয়ে ফেলছে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশকে ভারতের করদরাজ্য ও পরাশক্তির খেলার মাঠ বানানো বন্ধ করুন।” একই সঙ্গে বিনিয়োগ ও অনুদানের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন ও মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডা. ফরিদ উদ্দিন, জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব ডা. নাবিল আহমদ, সহকারী সদস্য সচিব আবদুস সালাম ও গালীব ইহসান, কেন্দ্রীয় সদস্য সাকিব সামিন, সাইদুল ইসলাম ও জয়নুল আবেদিন, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ এবং সহকারী সদস্য সচিব আরিফুল ইসলাম প্রমুখ।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



