ডিজিটাল হলোগ্রামের ভেল্কিবাজি ও মোদি বাহিনীর ইলিউশন

অতনু সিংহ
অতনু সিংহ
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৩পরিবর্তন করতে ক্লিক করুন
ডিজিটাল হলোগ্রামের ভেল্কিবাজি ও মোদি বাহিনীর ইলিউশন

ছবিঃ সংগৃহীত

শেয়ার করুন:

ডিজিটাল পর্দার এই হলোবট কথন কেবলই প্রযুক্তির কেরামতি নয়, বরং গুরুর ছায়ায় রাজনৈতিক বৈধতা অর্জনের এক সুকৌশলী প্রয়াস। আলো-আঁধারির এই হলোগ্রাফিক ভেলকিবাজি যতই চোখ ধাঁধাক না কেন, সাধারণ মানুষের বাস্তব জীবনের কঠিন লড়াইগুলো কিন্তু কোনো কৃত্রিম অবতারের আশীর্বাদে বদলে যায় না।

প্রযুক্তির চাকা গড়িয়ে কোথায় গিয়ে ঠেকছে, তার সাম্প্রতিক এক অদ্ভুত নিদর্শন দেখল বিশ্ব। প্রয়াত হয়েছেন ৩৩ বছর আগে, অথচ আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল হলোগ্রাম ও হলোগ্রাফিক প্রযুক্তির জাদুতে তিনি যেন ফিরে এলেন চোখের পলকে! সম্প্রতি নয়াদিল্লির ‘ভারত মণ্ডপমে’ আয়োজিত ‘চিন্ময় অমৃত মহোৎসব গ্লোবাল সম্মেলনে’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখা করলেন তাঁর আধ্যাত্মিক গুরু স্বামী চিন্ময়ানন্দের হলোগ্রাফিক অবতার বা ‘হলোবট’-এর সঙ্গে। শুধু কথোপকথনই নয়, প্রযুক্তির তৈরি এই প্রক্ষেপণের সামনে মাথা নত করে আগামী দিনের কাজের জন্য গুরুর আশীর্বাদও চেয়ে নিলেন তিনি। ৩৩ বছর আগে মৃত সাধুর হলোবটের মুখ থেকে বলানো হলো, হিন্দুধর্ম ও ভারতের অগ্রগতির পক্ষে নিরলস কাজ করছেন মোদি। গোটা ভারত তাঁর সঙ্গে আছে। অর্থাৎ, এত দিন ছিল গোদি মিডিয়া তথা আরএসএস-বিজেপির প্রোপাগান্ডা মেশিনারি, আর এবার তার সঙ্গে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক প্রযুক্তি। যার জেরে মৃত মানুষকেও মঞ্চে জীবিত করে তুলে তাঁর মুখ থেকে প্রশংসা কুড়িয়ে নিলেন।

প্রযুক্তির মোড়কে ধর্মীয় জাতিবাদের সুড়সুড়ি

স্বামী চিন্ময় মিশন আয়োজিত এই অনুষ্ঠানে হলোবটের সঙ্গে মোদির কথোপকথন বেশ সাড়া ফেলেছে। ১৯৯৩ সালে শিকাগোর বিশ্ব ধর্ম সংসদের শতবর্ষ উদ্‌যাপনের আমন্ত্রণ জানাতে গুজরাটের ভদোদরায় চিন্ময়ানন্দের সঙ্গে মোদির সাক্ষাতের স্মৃতিচারণ করেছে ওই ডিজিটাল অবতারটি। অতীতে ঘটে যাওয়া ব্যক্তিগত স্মৃতির এই নিখুঁত পুনরুৎপাদন প্রযুক্তির উৎকর্ষকে নিঃসন্দেহে ফুটিয়ে তোলে।

কিন্তু প্রশ্ন হলো, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও হলোবট আজ মানুষের অতীত স্মৃতি এবং কণ্ঠস্বরকে নিখুঁতভাবে অনুকরণ করতে পারে, সেখানে আধ্যাত্মিকতার মতো গভীর বিষয়কে রাজনৈতিক মঞ্চে এভাবে ব্যবহার করা কি কেবলই শ্রদ্ধা নিবেদন, নাকি এর পেছনে রয়েছে ফ্যাসিবাদের প্রযুক্তিনির্ভর পুনরুজ্জীবন? নাৎসি শাসকদের ছিল গোয়েবলস ও নাৎসি প্রচারযন্ত্র—মিথ্যেকে সম্পূর্ণ সত্য হিসেবে তুলে ধরার কারসাজি এবং মানুষের মনে উগ্র জাতীয়তাবাদী ঘৃণা ও রাজনৈতিক অন্ধত্ব প্রতিষ্ঠা করা। আর ঠিক সেটাই করা হচ্ছে মোদি-শাহের শাসনামলে। কেবলমাত্র তার সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তি।

এই হলোগ্রাফিক অবতারকে সামনে রেখে এহেন অনুষ্ঠানের দৃশ্য গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সামনে আসার পরই ফ্যাক্ট-চেক ও কাউন্টার-প্রোপাগান্ডা অ্যাক্টিভিস্টদের একটা অংশ পুরোনো এমন একটি ভিডিও সামনে এনেছেন, যেখানে দেখা যাচ্ছে, ধর্মীয় জাতিবাদের বিরুদ্ধে বক্তব্য পেশ করছেন চিন্ময়ানন্দ।


ধর্মীয় জাতিবাদ বা ধর্মীয় ঘৃণার সঙ্গে আধ্যাত্মিকতার যে কোনো সম্পর্কই নেই, তা নিয়ে সোচ্চারে কথা বলছেন চিন্ময়ানন্দ। এই সাধুর জীবিত অবস্থায় ধারণ করা এই ভিডিও আর তাঁর মারা যাওয়ার ৩৩ বছর পর তাঁর হলোগ্রাফিক অবতারের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। ডিজিটাল হলোগ্রামের বট অবতারের মাধ্যমে চিন্ময়ানন্দের মুখ দিয়ে যেভাবে হিন্দুত্ববাদের জিকির করানো হয়েছে, তা আসলেই বাস্তবিক চিন্ময়ানন্দের চিন্তার সম্পূর্ণ বিপরীত। হিন্দুধর্ম আর হিন্দুত্ববাদ কখনোই এক নয়, কিন্তু দুটিকেই অভিন্ন বলে প্রচার করে আরএসএস-বিজেপি যেভাবে ধর্মীয় জাতিবাদের রাজনীতি করে, সেই রাজনীতির অংশীদার করে ফেলা হয়েছে প্রয়াত চিন্ময়ানন্দকে। অর্থাৎ, নাৎসি বাহিনীর মতোই সত্যের সম্পূর্ণ বিকৃতি ও মিথ্যাকে সত্যে রূপান্তরিত করছে মোদি বাহিনী।

হলোবট কথন বনাম বাস্তবতার জমিন

আধুনিক যুগে ক্ষমতা ও প্রযুক্তির মেলবন্ধন নতুন নয়। কিন্তু যখন একজন রাষ্ট্রপ্রধান ৩৩ বছর আগে প্রয়াত গুরুর ডিজিটাল সংস্করণের সামনে দাঁড়িয়ে ভবিষ্যতের কর্মপন্থা বা রাজনৈতিক সাফল্যের জন্য আশীর্বাদ চান, তখন তা সাধারণ মানুষের মনে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অতীতে গুরুর সান্নিধ্য পাওয়ার স্মৃতি এবং মৃত গুরুর ডিজিটাল অবতারের আশীর্বাদ—দুটোই রাজনৈতিক ময়দানে একধরনের আবেগঘন আবহ তৈরি করে। সাধারণ মানুষের আবেগ এবং ভক্তিকে রাজনৈতিক ভাবমূর্তির সঙ্গে জুড়ে দেওয়ার এ এক মোক্ষম চতুর কৌশল।

যখন দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, ভোটাধিকার হরণ ইত্যাদি নিয়ে সাধারণ মানুষ কোণঠাসা, তখন এমন অলৌকিক ও প্রযুক্তিগত ভেলকিবাজি মানুষের দৃষ্টিকে মূল সমস্যা থেকে দূরে সরিয়ে একধরনের মায়াবী ঘোরের মধ্যে রেখে দেয়।

আধুনিক গণতন্ত্রের মায়াভ্রম

প্রযুক্তি মানুষের সৃজনশীলতাকে বাড়াতে পারে, কিন্তু তাকে যদি রাজনৈতিক প্রোপাগান্ডা বা বিশ্বাসের আবেগকে পুঁজি করার হাতিয়ার বানানো হয়, তবে তা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়। স্বামী চিন্ময়ানন্দের মতো একজন প্রাজ্ঞ আধ্যাত্মিক গুরুকে ডিজিটাল পর্দায় ফিরিয়ে এনে তাঁর মুখ দিয়ে আশীর্বাদ দেওয়ানো হয়তো প্রযুক্তির জয়গান গায়, কিন্তু এটি রাজনীতির পারদ চড়ানোর এক নতুন মনস্তাত্ত্বিক মাধ্যমও বটে।

দিনশেষে এটা বলাই যায় যে ডিজিটাল পর্দার এই হলোবট কথন কেবলই প্রযুক্তির কেরামতি নয়, বরং গুরুর ছায়ায় রাজনৈতিক বৈধতা অর্জনের এক সুকৌশলী প্রয়াস। আলো-আঁধারির এই হলোগ্রাফিক ভেলকিবাজি যতই চোখ ধাঁধাক না কেন, সাধারণ মানুষের বাস্তব জীবনের কঠিন লড়াইগুলো কিন্তু কোনো কৃত্রিম অবতারের আশীর্বাদে বদলে যায় না। বরং এহেন কাজ যে আসলে ইলিউশন, তা মানুষের কাছে পরিষ্কার হয়ে যায়। মানুষ বুঝতে পারে, কেবলমাত্র নয়াদিল্লির কোনো একটি মঞ্চে ডিজিটাল হলোগ্রামের মাধ্যমে মোদি বাহিনী ইলিউশন তৈরি করছে না, বরং ধর্মীয় জাতিবাদের মাধ্যমে হিন্দি-হিন্দু-হিন্দুস্তানি আধিপত্যের রাজনীতিই সামগ্রিকভাবে বিগত এক যুগ ধরে ভারতীয় যুক্তরাষ্ট্রের জনমানসকে একধরনের বিভ্রমের মধ্যে রেখে দিয়েছে। এই বিভ্রম, এই জাদুটোনার জগতের অবসান হবেই। রাত পোহাবেই। রাত পোহাবার বেশি দেরি নাই, পাঞ্জেরি।


--

লেখক: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক,  কলকাতা, ভারত।

ইমেইল- [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: