‘ঢাকা পেপার্স’ ও সাংবাদিকদের হত্যার হুমকি, নারী অঙ্গনের নিন্দা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১১:৫৮পরিবর্তন করতে ক্লিক করুন
‘ঢাকা পেপার্স’ ও সাংবাদিকদের হত্যার হুমকি, নারী অঙ্গনের নিন্দা
শেয়ার করুন:

রাষ্ট্রের উদাসীনতার কারণেই দুর্বৃত্তরা একটি স্বনামধন্য গণমাধ্যমের কর্মীদের প্রাণনাশের হুমকির সাহস পাচ্ছে বলে মনে করে সংগঠনটি। দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তাসহ দেশের গণতন্ত্র ও বাকস্বাধীনতা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।

নতুন ডিজিটাল সংবাদমাধ্যম ‘ঢাকা পেপার্স’ ও এর সাংবাদিকদের ওপর উগ্রবাদীদের প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে নারী অধিকার রক্ষায় কাজ করা সংগঠন ‘নারী অঙ্গন’। উগ্রবাদীদের প্রকাশ্য এমন হুমকির বিষয়ে রাষ্ট্রের নীরবতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেছে সংগঠনটি। নারী অঙ্গনের কার্যকরী পরিষদের পক্ষ থেকে আজ ৪ অক্টোবর (রবিবার) নাদিরা ইয়াসমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর ঢাকা পেপার্সের ফেসবুক পেজে উগ্রবাদ তৈরির কারণ এবং আধ্যাত্মিক সাধক জালালুদ্দিন রুমির জীবনী সংক্রান্ত দুটি ভিডিও প্রকাশ করা হয়। এরপর ‘মো. বাবু খান’ ও ‘আইয়্যুব আহমাদ’ নামের দুটি ফেসবুক আইডি থেকে ভিডিওর কমেন্ট বক্সে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। এ ছাড়া ভিডিওতে অংশ নেওয়া বক্তাদের ইনবক্সেও ভয়েস মেসেজ পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা।

দেশে এ ধরনের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে বিবৃতিতে নারী অঙ্গন বলেছে, সাম্প্রতিক সময়ে অনলাইনে উগ্রবাদের বিস্তার মারাত্মক রূপ নিয়েছে। ফেক আইডির আড়ালে অনেকেই প্রকাশ্যে ভিন্ন মত ও ভিন্ন ধর্মাবলম্বীদের হত্যার ফতোয়া দিচ্ছে, হুমকি-ধমকি দিচ্ছে। এমনকি তাদের কাছে থাকা অবৈধ অস্ত্রের ছবি দিয়ে দম্ভোক্তি করছে। রাষ্ট্র চাইলে সহজেই আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তাদের ধরতে পারে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই।

আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকারের কেউ সমালোচনা করলে সে যত প্রত্যন্ত অঞ্চলেই থাকুক না কেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই তাকে খুঁজে বের করে। অথচ এত প্রকাশ্যে জঙ্গিবাদী আস্ফালন করা কাউকে তারা ধরতে পারছে না—এটি অক্ষমতা নাকি সচেতন নির্লিপ্ততা?’

রাষ্ট্রের উদাসীনতার কারণেই দুর্বৃত্তরা একটি স্বনামধন্য গণমাধ্যমের কর্মীদের প্রাণনাশের হুমকির সাহস পাচ্ছে বলে মনে করে সংগঠনটি। দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তাসহ দেশের গণতন্ত্র ও বাকস্বাধীনতা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সাম্প্রতিক জুলাই অভ্যুত্থান পর্যন্ত সাধারণ মানুষ উগ্রবাদীদের হাতে দেশকে তুলে দেওয়ার জন্য আন্দোলন করেনি। অনতিবিলম্বে ঢাকা পেপার্সকে হুমকিদাতা অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় নারী অঙ্গন। একই সঙ্গে অনলাইন ও অফলাইনে যারাই উগ্রবাদী মতাদর্শ প্রচার করছে, তাদের কঠোর হাতে দমনের জন্য রাষ্ট্রের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: