ঢাকা পেপার্স ও সাংবাদিককে হত্যার হুমকির নিন্দা গণতান্ত্রিক ছাত্র জোটের

এ ঘটনা মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। সংবাদ বা প্রতিবেদন নিয়ে ভিন্নমত থাকলে তা নিয়ে আলোচনা বা সমালোচনা হতে পারে; কিন্তু এভাবে প্রাণনাশের হুমকি দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক চর্চা হতে পারে না। ইতিহাস সাক্ষী, ভয়ভীতি দেখিয়ে কখনো স্বাধীন সাংবাদিকতাকে দমানো যায়নি।
ডিজিটাল সংবাদমাধ্যম ‘ঢাকা পেপার্স’ ও এর একজন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা জানিয়েছে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর মোর্চা ‘গণতান্ত্রিক ছাত্র জোট’। দোষী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবিলম্বে ওই সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন জোটের নেতারা। শনিবার (৩ অক্টোবর) গণতান্ত্রিক ছাত্র জোটের শীর্ষ নেতাদের সই করা এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ ও দাবি জানানো হয়।
যৌথ বিবৃতিতে নেতারা জানান, সম্প্রতি ‘ঢাকা পেপার্স’ দুটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে। এর জেরে একটি উগ্রবাদী গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে খবরের কমেন্ট বক্সে এবং কার্যালয়ে ফোন করে প্রাণনাশের হুমকি দেয়। সবশেষ গত শুক্রবার (২ অক্টোবর) সংবাদমাধ্যমটির জুনিয়র প্রডিউসার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজেকুজ্জামান জুয়েলের ব্যক্তিগত মেসেঞ্জারে ভয়েস মেসেজ পাঠিয়ে তাঁকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়।
নেতৃবৃন্দ বলেন, এ ঘটনা মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। সংবাদ বা প্রতিবেদন নিয়ে ভিন্নমত থাকলে তা নিয়ে আলোচনা বা সমালোচনা হতে পারে; কিন্তু এভাবে প্রাণনাশের হুমকি দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক চর্চা হতে পারে না। ইতিহাস সাক্ষী, ভয়ভীতি দেখিয়ে কখনো স্বাধীন সাংবাদিকতাকে দমানো যায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, এর আগেও খবর প্রচার করায় ‘ঢাকা স্ট্রিম’ নামের আরেকটি সংবাদমাধ্যমের সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। উপযুক্ত ব্যবস্থা নিতে ও সাংবাদিকদের নিরাপত্তা দিতে সরকারের ধারাবাহিক ব্যর্থতার কারণেই উগ্রবাদীরা বারবার এসব ঘটনা ঘটাচ্ছে। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা এবং গণমাধ্যমগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানায় সংগঠনটি।
বিবৃতিতে সই করেন গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাহরিয়ার আলিফ, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সমর চাকমা এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি তাওফিকা প্রিয়া। জোটের পক্ষে সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



