ঢাকা পেপার্স ও সাংবাদিক জুয়েলকে হত্যার হুমকির তীব্র নিন্দা বাসদের

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১২:৪৩পরিবর্তন করতে ক্লিক করুন
ঢাকা পেপার্স ও সাংবাদিক জুয়েলকে হত্যার হুমকির তীব্র নিন্দা বাসদের
শেয়ার করুন:

​হুমকিদাতা ফেসবুক আইডিধারী মো. বাবু খান ও আইয়্যুব আহমাদসহ মূল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাসদ। একই সঙ্গে সাংবাদিক জুয়েল ও ঢাকা পেপার্সের সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ডিজিটাল গণমাধ্যম 'ঢাকা পেপার্স' ও গণমাধ্যমটির সাংবাদিক মো. রাজেকুজ্জামান জুয়েলকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ শনিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এই ক্ষোভ ও গভীর উদ্বেগ জানান।

​বিবৃতিতে বলা হয়, 'ঢাকা পেপার্স' সম্প্রতি তাদের ফেসবুক পেজে বিভিন্ন বিশ্লেষণমূলক কনটেন্ট (এক্সপ্লেনার) প্রকাশ করেছে। এর জেরে গণমাধ্যমটি এবং এর জুনিয়র প্রডিউসার মো. রাজেকুজ্জামান জুয়েলের ওপর একটি উগ্রবাদী গোষ্ঠী এই হুমকি দিয়েছে। সাংবাদিক জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।

​গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে বাসদ জানায়, গত ৩০ সেপ্টেম্বর ঢাকা পেপার্সের দুটি ভিডিওর কমেন্ট বক্সে একটি ফেসবুক আইডি থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এর ঠিক দুদিন পর গত শুক্রবার (২ অক্টোবর) সাংবাদিক জুয়েলের ব্যক্তিগত মেসেঞ্জারে ভয়েস মেসেজ আসে। সেখানে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেওয়া হয়।

​এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও মুক্তচিন্তার ওপর 'কাপুরুষোচিত আঘাত' বলে আখ্যা দিয়েছেন বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেন, 'উগ্রবাদ কেন এবং কীভাবে তৈরি হয়'—এমন বিশ্লেষণধর্মী কনটেন্ট প্রকাশের কারণে এই হুমকি দেওয়া হয়েছে। এটি আইনের শাসনের প্রতি নির্লজ্জ অবজ্ঞা ছাড়া আর কিছু নয়।

​বিবৃতিতে উদ্বেগ জানিয়ে আরও বলা হয়, একটি চিহ্নিত উগ্রবাদী গোষ্ঠী স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করতে দেশে ভয়ভীতির পরিবেশ কায়েম করতে চাইছে। এরাই অতীতে প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলা করেছিল।

আগের ঘটনাগুলোর কোনো বিচার না হওয়ায় এই দুর্বৃত্তরা এখন আরও বেপরোয়া।

​বাসদের দপ্তর ইনচার্জ মাঈন উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হত্যার হুমকির ঘটনায় ইতিমধ্যে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ঢাকা পেপার্স কর্তৃপক্ষ। আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে।

​হুমকিদাতা ফেসবুক আইডিধারী মো. বাবু খান ও আইয়্যুব আহমাদসহ মূল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাসদ। একই সঙ্গে সাংবাদিক জুয়েল ও ঢাকা পেপার্সের সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

​সবশেষে বিবৃতিতে বলা হয়, ভয় দেখিয়ে বা উগ্রতা ছড়িয়ে স্বাধীন সাংবাদিকতাকে স্তব্ধ করা যাবে না।

উগ্রবাদী অপশক্তির বিরুদ্ধে সব রাজনৈতিক দল, ছাত্র-শ্রমিক ও গণমাধ্যমকর্মীদের এক হয়ে গণপ্রতিরোধ গড়ারও ডাক দেয় দলটি।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: