ঢাকা পেপার্সের সাংবাদিককে হত্যার হুমকির তীব্র নিন্দা গণতান্ত্রিক অধিকার কমিটির

তাঁদের দাবিগুলো হলো—হুমকিদাতা ‘মো. বাবু খান’ ও ‘আইয়্যুব আহমাদ’ আইডি দুটির পেছনে লুকিয়ে থাকা ব্যক্তি এবং উগ্রবাদী চক্রটিকে দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সাংবাদিক মো. রাজেকুজ্জামান জুয়েল ও ‘ঢাকা পেপার্স’ পরিবারের সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
নতুন ধারার ডিজিটাল সংবাদমাধ্যম ‘ঢাকা পেপার্স’ ও এর একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ‘গণতান্ত্রিক অধিকার কমিটি’। প্রগতিশীল, অনুসন্ধানী ও বুদ্ধিবৃত্তিক সাংবাদিকতার মুখ বন্ধ করতেই দেশে একটি উগ্রবাদী গোষ্ঠী ভীতির সংস্কৃতি তৈরি করছে বলে মনে করে তারা।
শনিবার (৩ অক্টোবর) সংগঠনটির পক্ষে মারজিয়া প্রভার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঢাকা পেপার্সের ফেসবুক পেজে 'উগ্রবাদ কীভাবে ও কেন তৈরি হয়' বিষয় নিয়ে দুটি গবেষণাধর্মী এক্সপ্লেনার ভিডিও প্রকাশ করা হয়। এরপর গত ৩০ সেপ্টেম্বর পেজের কমেন্ট বক্সে ‘মো. বাবু খান’ নামের একটি ফেসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ ভাষায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এর ঠিক দুদিন পর, গত ২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ঢাকা পেপার্সের জুনিয়র প্রডিউসার মো. রাজেকুজ্জামান জুয়েলের ব্যক্তিগত মেসেঞ্জারে ‘আইয়্যুব আহমাদ’ নামের আরেকটি আইডি থেকে অডিও বার্তা আসে। সেখানে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়।
এর বাইরে গণমাধ্যমটির ল্যান্ডফোনেও হুমকি আসছে।
গণতান্ত্রিক অধিকার কমিটি বলছে, ঢাকা পেপার্সের কোনো কনটেন্ট বা প্রতিবেদন নিয়ে কারও ভিন্নমত বা প্রশ্ন থাকলে, তাঁরা তা লিখিতভাবে জানাতে পারেন। সেই জবাব প্রকাশের দায় সংবাদমাধ্যমটির আছে। কিন্তু এর বদলে বস্তুনিষ্ঠ ও বৈজ্ঞানিক তথ্য তুলে ধরার কারণে একজন তরুণ সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া কোনো সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না। এটি মূলত দেশের স্বাধীন গণমাধ্যম, মুক্তচিন্তা এবং সংবিধানস্বীকৃত মতপ্রকাশের অধিকারের ওপর কাপুরুষোচিত আঘাত।
তবে ভয় দেখিয়ে স্বাধীন সাংবাদিকতা ও মুক্তবুদ্ধির চর্চাকে কখনো স্তব্ধ করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে দৃঢ়ভাবে জানানো হয়।
হত্যার হুমকির ঘটনায় গুলশান থানায় ইতিমধ্যে সাধারণ ডায়েরি (জিডি) ও আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা পেপার্স কর্তৃপক্ষ। গণতান্ত্রিক অধিকার কমিটি এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছে।
তাঁদের দাবিগুলো হলো—হুমকিদাতা ‘মো. বাবু খান’ ও ‘আইয়্যুব আহমাদ’ আইডি দুটির পেছনে লুকিয়ে থাকা ব্যক্তি এবং উগ্রবাদী চক্রটিকে দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সাংবাদিক মো. রাজেকুজ্জামান জুয়েল ও ‘ঢাকা পেপার্স’ পরিবারের সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



