‘ঢাকা পেপার্স’ ও জুনিয়র প্রডিউসার জুয়েলকে প্রাণনাশের হুমকির ঘটনায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নিন্দা: হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবি

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯পরিবর্তন করতে ক্লিক করুন
‘ঢাকা পেপার্স’ ও জুনিয়র প্রডিউসার জুয়েলকে প্রাণনাশের হুমকির ঘটনায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নিন্দা: হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবি
শেয়ার করুন:

গণমাধ্যমের কর্মীকে হুমকি দেওয়ার ঘটনায় নারী সংগঠন নারী অঙ্গন, প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্র জোট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিপ্লবী ছাত্র মৈত্রী তীব্র প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি উগ্রবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং সাংবাদিক ও সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক ব্যর্থতার সমালোচনা করে বিবৃতি দিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম গণতান্ত্রিক অধিকার কমিটি এবং প্রগতিশীল রাজনৈতিক দল বাসদ, বাসদ (মার্কসবাদী) ও বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন।

‘ঢাকা পেপার্স’ এবং এর জুনিয়র প্রডিউসার জুয়েলকে প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠন। স্বাধীন গণমাধ্যমের ওপর আক্রমণ এবং সাংবাদিককে হত্যার হুমকির এ জোড়া ঘটনার প্রতিবাদ জানিয়ে উগ্রবাদীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এদিকে, হত্যার হুমকির ঘটনায় ইতোমধ্যে রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ‘ঢাকা পেপার্স’-এর দুটি ভিডিওর কমেন্ট বক্সে একটি ফেসবুক আইডি থেকে প্রথম দফায় ওই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানটির জুনিয়র প্রডিউসার জুয়েলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এর দুদিন পর, গত ২ অক্টোবর (শুক্রবার) তাঁর ব্যক্তিগত মেসেঞ্জারে একটি ভয়েস মেসেজ আসে। ওই বার্তায় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজসহ পুনরায় হত্যার হুমকি দেওয়া হয়।

একটি গণমাধ্যমের কর্মীকে এমন হুমকি দেওয়ার ঘটনায় নারী সংগঠন নারী অঙ্গন, প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্র জোট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিপ্লবী ছাত্র মৈত্রী তীব্র প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি উগ্রবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং সাংবাদিক ও সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক ব্যর্থতার সমালোচনা করে বিবৃতি দিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম গণতান্ত্রিক অধিকার কমিটি এবং প্রগতিশীল রাজনৈতিক দল বাসদ, বাসদ (মার্কসবাদী) ও বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন।

গণতান্ত্রিক অধিকার কমিটি তাদের বিবৃতিতে জানায়, “বস্তুনিষ্ঠ ও বৈজ্ঞানিক তথ্য তুলে ধরার কারণে একজন তরুণ সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া কোনো সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না। এটি মূলত দেশের স্বাধীন গণমাধ্যম, মুক্তচিন্তা এবং সংবিধানস্বীকৃত মতপ্রকাশের অধিকারের ওপর কাপুরুষোচিত আঘাত।” একই সঙ্গে ভয় দেখিয়ে স্বাধীন সাংবাদিকতা ও মুক্তবুদ্ধির চর্চাকে স্তব্ধ করা যাবে না বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

এই জোড়া হুমকির ঘটনাকে মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী উল্লেখ করে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃবৃন্দ বলেন, “ভয়ভীতি দেখিয়ে কখনো স্বাধীন সাংবাদিকতাকে দমানো যায়নি।”

এদিকে প্রকাশ্য এমন হুমকির পরও রাষ্ট্রের নীরবতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছে নারী অধিকার নিয়ে সোচ্চার সংগঠন ‘নারী অঙ্গন’। বিবৃতিতে সংগঠনটি বলেছে, “সরকারের কেউ সমালোচনা করলে সে যত প্রত্যন্ত অঞ্চলেই থাকুক না কেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই তাকে খুঁজে বের করে। অথচ এত প্রকাশ্যে জঙ্গিবাদী আস্ফালন করা কাউকে তারা ধরতে পারছে না—এটি অক্ষমতা, নাকি সচেতন নির্লিপ্ততা?”

অবিলম্বে হুমকিদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা।

সুফি সাধক জালালউদ্দীন রুমিকে নিয়ে নির্মিত কনটেন্টের কারণে এমন উগ্র আচরণ করায় তীব্র নিন্দা জানিয়েছেন আধ্যাত্মিক নেতারাও। দরগা মাজার ঐক্য পরিষদের মুখপাত্র নাসির উদ্দিন চিশতী বলেন, “রুমির মতো একজন মহান সুফি সাধককে নিয়ে নির্মিত কনটেন্টে এই হুমকি দেশে ধারাবাহিক সুফি নিপীড়ন ও মব সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন কিছু নয়। একটি সংবাদমাধ্যমের ওপর এমন উগ্র ও হিংসাত্মক হুমকি মুক্তচিন্তা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত।”

লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী সাইফিয়া দরবার শরীফের অন্যতম দায়িত্বশীল ও আওলাদে মুর্শিদ রেজা-ই-রাব্বি সিদ্দিকী ঘটনাটিকে গভীর উদ্বেগের আখ্যা দিয়ে এক বিবৃতিতে বলেন, “গণমাধ্যমে সুফি সাধকদের আধ্যাত্মিক বাণী ও দর্শন প্রচারের বিপরীতে এমন উগ্র আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।”

বিবৃতিদাতা সবগুলো সংগঠনের পক্ষ থেকেই ঢাকা পেপার্সের কার্যালয় এবং সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।


পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: