নারীর শরীরকে অস্ত্র বানিয়ে আন্দোলন দমানো যাবে কি?


ছবিঃ বিবিসি
রাষ্ট্র যখন নারীদের ওপর এই ধরণের অবমাননাকর পদ্ধতি ব্যবহার করে, তখন আন্দোলনের মূল দাবির সাথে রাষ্ট্রীয় বর্বরতার বিরুদ্ধে লড়াই এবং নারীর মর্যাদা রক্ষার প্রশ্নটি যুক্ত হয়ে যায়। ফলে আন্দোলনটি আরও বড় রূপ নেয়
দিল্লির যন্তর মন্তর ও কনট প্লেস এলাকায় সম্প্রতি আন্দোলনকারী নারীদের ওপর যে পুলিশি বর্বরতা চলেছে, তা গণতান্ত্রিক অধিকারের ওপর এক বড় আঘাত। সংসদ ভবন অভিমুখী মিছিলে ব্যারিকেড দিয়ে যখন নারীদের আটক করা হচ্ছিল, তখন তাদের মারাত্মক শারীরিক, মানসিক ও যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। সমাজকর্মী ও ছাত্রসংগঠনগুলোর অভিযোগ, পর্যাপ্ত নারী পুলিশ না থাকায় পুরুষ পুলিশ সদস্যরা নারী আন্দোলনকারীদের টেনেহিঁচড়ে ভ্যানে তুলেছে । এই সময় তাদের শরীর স্পর্শ করা ও বলপ্রয়োগের মতো ঘটনা ঘটেছে, যা ভারতের প্রচলিত আইনের স্পষ্ট লঙ্ঘন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো দেখলে বোঝাই যায়, এটি ছিল এক ধরনের রাষ্ট্রীয় বর্বরতা। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন) এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই নির্মমতার পুরো চিত্রটি সামনে এসেছে।
আন্দোলনে নারীদের ওপর এই নির্যাতন কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক ও কাঠামোগত কৌশল। রাষ্ট্র যখন কোনো জনআন্দোলন দমন করতে ব্যর্থ হয়, তখন তারা আন্দোলনকারীদের মানসিকভাবে ভেঙে ফেলার পথ খোঁজে। সমাজ যেহেতু মূলত পিতৃতান্ত্রিক, তাই এখানে নারীর শরীরকে তার ‘সম্মান’ বা ‘লজ্জা’র প্রতীক হিসেবে দেখা হয়। রাষ্ট্রীয় শক্তি এই পিতৃতান্ত্রিক মানসিকতাকেই হাতিয়ার বানায়।
নারী অধিকার ও সমাজবিজ্ঞান বিষয়ক তত্ত্বে সিলভিয়া ফেডারিচি দেখিয়েছেন কীভাবে ইতিহাসজুড়ে নারীর শরীরের ওপর সহিংসতাকে একটি রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছে। এর উদ্দেশ্য শুধু একজন ব্যক্তিকে আঘাত করা নয়, বরং পুরো সমাজ বা প্রতিরোধ আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া। নারীদের মনে এমন এক ট্রমা বা সামাজিক ভীতি তৈরি করা হয়, যাতে তারা এবং তাদের পরিবার ভবিষ্যতে কোনো অধিকারের দাবিতে রাস্তায় নামতে ভয় পায়। সহজ কথায়, এটি নারীদের ঘরের বাইরে কাজ বা রাজনীতির চত্বর থেকে পুনরায় চার দেয়ালের ভেতর ফিরিয়ে দেওয়ার একটি প্রাতিষ্ঠানিক চেষ্টা।
অথচ ভারতের সংবিধান ও আইন অনুযায়ী নারীদের সুরক্ষায় অত্যন্ত কঠোর নিয়ম রয়েছে। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ প্রত্যেক নাগরিকের মর্যাদা ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার নিশ্চিত করে। কোনো নারীর যৌন হয়বানি বা হেফাজতে নির্যাতন এই মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। ভারতের ফৌজদারি কার্যবিধি পরিষ্কার বলছে, কোনো নারীকে আটক বা গ্রেপ্তার করতে হলে অবশ্যই নারী পুলিশ কর্মকর্তা থাকতে হবে। কোনো পুরুষ পুলিশ কর্মকর্তা কোনো নারীকে স্পর্শ করতে বা বলপ্রয়োগ করতে পারেন না। অথচ দিল্লির আন্দোলনে নেহা বোরাসহ অন্যদের গ্রেপ্তারের সময় এই নিয়মগুলো বুড়ো আঙুল দেখানো হয়েছে। এমনকি আইনগত জরুরি কারণ ছাড়া কোনো নারীকে সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে গ্রেপ্তার বা থানায় আটকে রাখাও নিষিদ্ধ।
ইতিহাস সাক্ষী, সাময়িকভাবে ভয় দেখানো গেলেও দীর্ঘমেয়াদে দমন-পীড়ন চালিয়ে কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলনকে থামানো যায় না। বর্তমান প্রজন্মের তরুণরা অনেক বেশি অধিকারসচেতন। তারা পুরোনো দিনের ভয় কাটিয়ে উঠেছেন। টাইমস অব ইন্ডিয়া ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারের পর মুক্তি পেয়ে নেহা বোরা ডয়চে ভেলেসহ বিভিন্ন মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন যে, পুলিশি নির্যাতন চালিয়ে তাদের থামানো যাবে না। তিনি ইতিমধ্যেই এক্স ও অন্যান্য সামাজিক মাধ্যমে নতুন করে আন্দোলনের ডাক দিয়েছেন।
রাষ্ট্র যখন নারীদের ওপর এই ধরণের অবমাননাকর পদ্ধতি ব্যবহার করে, তখন আন্দোলনের মূল দাবির সাথে রাষ্ট্রীয় বর্বরতার বিরুদ্ধে লড়াই এবং নারীর মর্যাদা রক্ষার প্রশ্নটি যুক্ত হয়ে যায়। ফলে আন্দোলনটি আরও বড় রূপ নেয়। দিল্লির এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকারীরা ইতিমধ্যেই ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, যা এই লড়াইকে আরও শক্তিশালী করেছে।
দিল্লির এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, গণতান্ত্রিক অধিকারের লড়াইয়ে নারীদের অংশগ্রহণকে দমাতে রাষ্ট্র এখনো পিতৃতান্ত্রিক ও সহিংস মানসিকতা আঁকড়ে ধরে আছে। তবে তরুণ নেতৃত্বের অনমনীয় মনোভাব এবং আইনি প্রতিরোধের পথ বেছে নেওয়া একটি স্পষ্ট বার্তা দেয়—শারীরিক, মানসিক বা যৌন নির্যাতন চালিয়ে বর্তমান প্রজন্মের কণ্ঠরোধ করা আর সম্ভব নয়। অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই চলবেই।
---
*লেখক: জেন্ডার বিশ্লেষক এবং মানবসম্পদ বিভাগ প্রধান, ঢাকা পেপার্স।
ইমেইল: [email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



