দিল্লির গণআন্দোলন, ‘গোদী মিডিয়া’ ও দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের সংকট

রোকন-উজ-জামান
রোকন-উজ-জামান
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৮:৫৬পরিবর্তন করতে ক্লিক করুন
দিল্লির গণআন্দোলন, ‘গোদী মিডিয়া’ ও দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের সংকট

ছবিঃ সংগৃহীত

শেয়ার করুন:

বাংলাদেশেও আমরা দেখেছি কীভাবে গণমাধ্যমের একটি বড় অংশ করপোরেট মালিকানা ও রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে নিরপেক্ষতা হারিয়ে ক্ষমতার অনুগত সংস্থায় পরিণত হয়েছিল। জনগণ ও সত্যের পক্ষে না দাঁড়িয়ে সরকারের তোষামোদ করার এই প্রবণতা সমগ্র দক্ষিণ এশিয়ার সাংবাদিকতাকেই চরম সংকটে ফেলেছে

ভারতের রাজধানী দিল্লিতে শনিবার শুরু হওয়া আন্দোলন ভারতের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের ধারাবাহিকতা। এই বিক্ষোভ ভারতের গণতান্ত্রিক কাঠামো এবং প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে এক বড় প্রশ্নের জন্ম দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়া, নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটাধিকার সুরক্ষার দাবিতে রাজনৈতিক দল ও সাধারণ জনতার এই অভাবনীয় ঐক্য ভারত রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রে এক গভীর আলোড়ন সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে—এই নজিরবিহীন ঐক্য ও গণদাবি কি দিল্লির বর্তমান ক্ষমতার মসনদকে টলাতে পারবে?


ইতিহাস বলে, জনদাবির মুখে কেবল প্রশাসনিক বলপ্রয়োগ করে শেষ রক্ষা করা কঠিন। ক্ষমতার পতন রাতারাতি না হলেও, এই আন্দোলনের গুরুত্ব এখানেই যে, এটি ভারতের আপামর জনগণের মধ্যে দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষকে একটি একক রাজনৈতিক মঞ্চে রূপ দিতে পেরেছে। আরব বসন্ত কিংবা দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট মাথায় রাখলে বলা যায়, দিল্লির এই গণজাগরণ ভারতীয় গণতন্ত্রের জন্য এক নতুন ‘শরৎকালীন পুনর্জাগরণ’ বা পরিবর্তনের সংকেত বহন করছে।


এই পুরো ঘটনাপ্রবাহে সবচেয়ে কদর্যভাবে উন্মোচিত হয়েছে ভারতের মূলধারার গণমাধ্যম বা তথাকথিত ‘গোদী মিডিয়া’র ভূমিকা। ক্ষমতার তোষামোদি এবং অতি-আনুগত্যের দরুন গোদী মিডিয়ার নিরপেক্ষতার আর কোনো অবশেষ অবশিষ্ট নেই। রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী, প্রাক্তন জী নিউজ ও বর্তমানে আজকের সুধীর চৌধুরী কিংবা ইন্ডিয়া টিভির রজত শর্মার মতো সিনিয়র সাংবাদিকদের উপস্থাপনাসৈলী এখন আর সাংবাদিকতার নীতিমালার মধ্যে পড়ে না। ইন্ডিয়া টুডে গ্রুপের 'আজ তক', 'টাইমস নাউ' কিংবা আদানি গ্রুপ কর্তৃক অধিগৃহীত হওয়ার পর নীতি পরিবর্তন করা 'এনডিটিভি হিন্দি' ও রিলায়েন্সের 'নিউজ১৮'—সবকটি প্রতিষ্ঠানই আন্দোলনকারীদের দাবি ও পুলিশি নির্যাতনের খবরের বদলে ক্ষমতাসীন দলের রাজনৈতিক এজেন্ডা প্রচারে ব্যস্ত।


এই চরম আনুগত্য ও জনবিরোধী অবস্থানের মূল কারণ করপোরেট পুঁজিপতিদের স্বার্থ এবং ক্ষমতার সরাসরি পৃষ্ঠপোষকতা। গণমাধ্যমগুলো এখন জনস্বার্থের প্রতিনিধি না হয়ে কেবল ক্ষমতাসীন ব্যবস্থার মুখপাত্রে পরিণত হয়েছে। এই গোদী মিডিয়া কেবল ভারতের অভ্যন্তরীণ গণতন্ত্র দমন বা দিল্লির আন্দোলনকে বিভ্রান্ত করতেই সক্রিয় নয়, বরং তারা সমগ্র অঞ্চলে একটি অস্থির রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সহায়তা করে। বিশেষ করে বাংলাদেশ প্রশ্নে এই মিডিয়াগুলোর অবস্থান প্রায়শই উসকানিমূলক, সাম্প্রদায়িক ও বিভ্রান্তিকর। ক্ষমতাসীনদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তারা দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে অনবরত ভুয়া তথ্য ও বিদ্বেষ প্রচার করে চলেছে, যা আঞ্চলিক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি।


ভারতে যখন গোদী মিডিয়ার এই রূপ দেখা যায়, তখন বাংলাদেশের মূলধারার গণমাধ্যমের চরিত্রও এর চেয়ে খুব একটা বিচ্ছিন্ন মনে হয় না। বাংলাদেশেও আমরা দেখেছি কীভাবে গণমাধ্যমের একটি বড় অংশ করপোরেট মালিকানা ও রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে নিরপেক্ষতা হারিয়ে ক্ষমতার অনুগত সংস্থায় পরিণত হয়েছিল। জনগণ ও সত্যের পক্ষে না দাঁড়িয়ে সরকারের তোষামোদ করার এই প্রবণতা সমগ্র দক্ষিণ এশিয়ার সাংবাদিকতাকেই চরম সংকটে ফেলেছে।


বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত ভারতে আজ গণতন্ত্রের মূল স্তম্ভগুলো—গণমাধ্যম, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী—আইন ও জনগণের সেবার বদলে ক্ষমতার সেবায় নিয়োজিত। যখন কোনো দেশে ক্ষমতার ভারসাম্য রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়ে এবং মূলধারার মিডিয়া সত্য গোপনের হাতিয়ার হয়, তখন রাজপথই হয়ে ওঠে সমাধানের শেষ ঠিকানা। দিল্লির আন্দোলন প্রমাণ করে যে, মিডিয়ার নজরদারি ও সরকারি দমনপীড়ন সত্ত্বেও সাধারণ মানুষ তাদের সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারে প্রস্তুত। এই সংগ্রাম কেবল একটি সরকারের বিরুদ্ধে নয়, বরং এটি একটি তোষামোদকারী ব্যবস্থার বিরুদ্ধে স্বাধীন চেতনার লড়াই।


-- --
লেখকঃ রোকন-উজ-জামান

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: