‘দিল্লি চলো’ রুখতে মরিয়া মোদি সরকার : ট্রেন-মেট্রো বন্ধে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ১৪:৫২পরিবর্তন করতে ক্লিক করুন
‘দিল্লি চলো’ রুখতে মরিয়া মোদি সরকার :  ট্রেন-মেট্রো বন্ধে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

ছবি উৎসঃ প্রতিদিনের বাংলাদেশ

শেয়ার করুন:

"সেদিন ব্রিটিশরা যা করেছিল, আজ মোদি-শাহের সরকার ছাত্র-জনতার আন্দোলন রুখতে সেই একই কায়দায় রাজনৈতিক কর্মীদের গৃহবন্দি করছে।"

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আগামীকালের (১০ অক্টোবর, শনিবার) 'দিল্লি চলো' কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের রাজধানীমুখী স্রোত রুখতে মরিয়া নরেন্দ্র মোদির সরকার নজিরবিহীন কড়াকড়ি শুরু করেছে। হরিয়ানা-দিল্লি সীমানা পুরোপুরি বন্ধ করে দেওয়ার পাশাপাশি ব্যাহত করা হচ্ছে ট্রেন ও মেট্রো পরিষেবা। রাজনৈতিক কর্মী ও সাধারণ যাত্রীদের বেছে বেছে আটকে দেওয়া ও গৃহবন্দি করার অভিযোগ উঠেছে দিল্লি প্রশাসনের বিরুদ্ধে। এদিকে আন্দোলন ঠেকাতে এভাবে গণপরিবহন বন্ধ করে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলায় ভারত সরকার ও দিল্লি প্রশাসনের কাছে কড়া ভাষায় জবাবদিহি চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।


আগামীকালের এই কর্মসূচিতে পঞ্জাব, হরিয়ানাসহ বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার কৃষক ও ছাত্র-জনতার দিল্লিতে যোগ দেওয়ার কথা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দিল্লিতে কড়া নিরাপত্তার চাদর বিছিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্ত রাজ্যগুলো থেকে অতিরিক্ত অন্তত ২৩ হাজার সিআরপিএফ ও বিএসএফ সদস্য আনা হয়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে কড়া চেকিং ও অস্থায়ী আটককেন্দ্র বসিয়েছে পুলিশ।


তবে কড়াকড়ির মধ্যেই প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়ের অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র পশ্চিমবঙ্গের কনভেনার দেদীপ্য গঙ্গোপাধ্যায় অভিযোগ করেছেন, ট্রেন ও প্লেনের বুকিং ট্রেস করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনকারীদের আটকে দিচ্ছে পুলিশ। দলটির রাজ্য নেতা বাঁকুড়ার আব্দুল এক ভিডিওবার্তায় জানান, তাকে টানা ১৩ ঘণ্টা আটকে রাখার পর ছাড়া হয়েছিল; কিন্তু শুক্রবার রাতে অন্ডাল বিমানবন্দরে তাকে দ্বিতীয়বারের মতো আটক করে পুলিশ।


‘ভারত ছাড়ো’ আন্দোলনের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে আইসা-র (AISA) সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা একটি ফেসবুক বার্তায় বলেছেন, "সেদিন ব্রিটিশরা যা করেছিল, আজ মোদি-শাহের সরকার ছাত্র-জনতার আন্দোলন রুখতে সেই একই কায়দায় রাজনৈতিক কর্মীদের গৃহবন্দি করছে।" এদিকে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে কটাক্ষ করে সিজেপি নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসরা এক ভিডিওবার্তায় বলেন, "ভয়ে তোমাদের রক্তচাপ বেড়ে গেছে, যা দেখে আমাদের হাসি পাচ্ছে।"


এরই মধ্যে এ আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নেমেছেন ডিজিটাল প্ল্যাটফর্মের জনপ্রিয় মুখ ধ্রুব রাঠি। বিদেশ থেকে ফিরেই গত বৃহস্পতিবার বেঙ্গালুরুতে জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবিতে বিক্ষোভে যোগ দিয়েছেন তিনি। শনিবার দিল্লিতেও তার উপস্থিত থাকার কথা রয়েছে।


মূলত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’-এ বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়া ও নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ নিরপেক্ষতা নিয়েই এই গণক্ষোভের সূত্রপাত। শনিবারের এই মহাসমাবেশে আইসা, এসএফআই, ডিওয়াইএফআই, সিজেপিসহ একাধিক বামপন্থী ও গণতান্ত্রিক ছাত্র-যুব সংগঠন একজোট হয়েছে। যোগেন্দ্র যাদবের মতো পরিচিত মুখ এবং বিরোধী কংগ্রেস দলও এই বিক্ষোভে পূর্ণ সমর্থন জানিয়েছে। ফলে শনিবারের ‘দিল্লি চলো’ কর্মসূচি শুধু আর ছাত্রদের বিক্ষোভে সীমাবদ্ধ নেই, এটি এখন ভারতের ভোটাধিকার ও নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা রক্ষার এক বড় রাজনৈতিক মঞ্চে রূপ নিয়েছে। মোদি সরকারের বিশাল পুলিশি বহর এই ক্ষুব্ধ জনতাকে কীভাবে মোকাবিলা করে, সেটাই এখন দেখার বিষয়।


____

*বিশেষ প্রতিনিধি

দিল্লি, ভারত

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: