লক্ষ্য ফ্যাসিবাদমুক্ত ভারত, সিপিএম-তৃণমূল-কংগ্রেসের নজিরবিহীন ঐক্য নয়াদিল্লিতে

অতনু সিংহ
অতনু সিংহ
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৬:১০পরিবর্তন করতে ক্লিক করুন
লক্ষ্য ফ্যাসিবাদমুক্ত ভারত, সিপিএম-তৃণমূল-কংগ্রেসের নজিরবিহীন ঐক্য নয়াদিল্লিতে

ছবিঃ এআই

শেয়ার করুন:

একেই বলে পরিবর্তিত পরিস্থিতি। লক্ষ্য, ফ্যাসিবাদমুক্ত ভারত। লক্ষ্য, আরএসএস-বিজেপির তল্পিবাহক ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফা। আর তাই এবার কংগ্রেসের পাশাপাশি তৃণমূলের সঙ্গেও শক্তপোক্ত আন্দোলনমুখী জোটে শামিল সিপিএম।

একেই বলে পরিবর্তিত পরিস্থিতি। লক্ষ্য, ফ্যাসিবাদমুক্ত ভারত। লক্ষ্য, আরএসএস-বিজেপির তল্পিবাহক ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফা। আর তাই এবার কংগ্রেসের পাশাপাশি তৃণমূলের সঙ্গেও শক্তপোক্ত আন্দোলনমুখী জোটে শামিল সিপিএম। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, নেতা রাহুল গান্ধী ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গেই একজোটে শামিল মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি। যদিও বিজেপি বিরোধীদের ‘ইন্ডিয়া জোট’ নতুন কিছু নয়।

কিন্তু এই জোটকে সম্পূর্ণভাবে কার্যকরী করতে প্রতিজ্ঞাবদ্ধ তৃণমূল-কংগ্রেস-সিপিএমসহ সকল বিরোধীরা। ফলত, যে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের সাপে-নেউলে সম্পর্ক দেখে মানুষ অভ্যস্ত ছিল, সেই সিপিএম ও মমতার তৃণমূল এখন পরস্পরের সহযোদ্ধা। যেভাবে সত্তর দশকে কংগ্রেস ও সিপিএমের মধ্যে রাজনৈতিক লড়াইয়ে রক্তক্ষরণ দেখার স্মৃতি নিয়েই সিপিএম ও কংগ্রেসের জোট দেখেছিল পশ্চিমবঙ্গ, ঠিক সেভাবেই আপাতত ফ্যাসিবাদ বিরোধিতার তাগিদে সিপিএমও হাত ধরেছে মমতার। নয়াদিল্লিতে আবার নতুন করে বিজেপি বিরোধীরা এক ছাতার তলায়।

মূলত বিজেপি-আরএসএস শাসনের ভারতব্যাপী চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমের লক্ষ্যে ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে কোটি কোটি নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে অভিযোগ উঠেছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, সেই পরিপ্রেক্ষিতেই এই জোট। ইতিমধ্যে নয়াদিল্লিতে বিজেপি বিরোধী বেশিরভাগ রাজনৈতিক দল ‘ইন্ডিয়া’ জোটে একত্রিত হয়ে এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবি তুলেছে। পাশাপাশি ২০২৩ সালে একটি বিশেষ আইনের মাধ্যমে যেভাবে ভারতের নির্বাচন কমিশনকে সমস্ত প্রকার মামলার আওতা থেকে মুক্ত করা হয়েছিল, সমস্ত প্রকার অভিযোগের ঊর্ধ্বে ঠাঁই দেওয়া হয়েছিল মুখ্য নির্বাচন কমিশনারকে, সেই আইনটিও বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তোলার ব্যাপারে সম্মত হয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি।

২০১১ সালে পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট জমানার অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ২০১১–১৬ অবধি রাজ্যে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট প্রধান বিরোধী হিসেবে থাকলেও ক্রমে তারা গোটা ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়। ২০২১ সালে প্রধান বিরোধী হয়ে ওঠে বিজেপি। আর এই মুহূর্তে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষমতাও বিজেপির নিয়ন্ত্রণে।

আর একদা দাপুটে শাসক দল তৃণমূল কংগ্রেস এখন দ্বিখণ্ডিত। কিন্তু গোটা ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ফ্যাসিবাদী শাসন কায়েম করার অভিযোগ উঠেছে। ভারতীয় যুক্তরাষ্ট্রের স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির দলীয়করণের মাধ্যমে এবং রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে হিন্দ-হিন্দু-হিন্দুস্তানি ফ্যাসিবাদী শাসন একভাবে কায়েম করেই ফেলেছে বিজেপি। যার জেরে রাজনৈতিক, গণতান্ত্রিক ও মানবাধিকার বিপন্ন বলে উঠছে অভিযোগ। মার খাচ্ছে খেটে খাওয়া প্রান্তিক ও শ্রমজীবী মানুষ। আর তাই এহেন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের ৩৪ বছরের শাসক দল সিপিএম এবং তাদের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষ মমতা ও তাঁর খণ্ডিত দল তৃণমূল কংগ্রেস এখন নয়াদিল্লিতে পরস্পর মিত্রশক্তি।

যদিও পশ্চিমবঙ্গে অনেক সিপিএম নেতার অভিযোগ, মমতার দলের হাতে বামেদের রক্ত লেগে আছে। একই অভিযোগ মমতা শিবিরের অনেক নেতারও। তাঁদের বক্তব্য, তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকেই সিপিএমের হার্মাদ বাহিনীর রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছে। কিন্তু একে অন্যের বিরুদ্ধে থাকা রাজনৈতিক প্রতিহিংসার অতীত ভুলে ফ্যাসিবাদ বিরোধিতার স্লোগানকে সামনে রেখে অন্তত আজ তারা দিল্লিতে একজোট। এক্ষেত্রে বামপন্থীদের সত্যিই মনে রাখা উচিত জর্জ দিমিত্রভের ফ্যাসিবাদ বিরোধিতার মডেলটিকে। ফ্যাসিবাদ বিরোধী গণফ্রন্ট গঠনে তথাকথিত বুর্জোয়া সমাজতন্ত্রী ও গণতন্ত্রী রাজনৈতিক শক্তির সঙ্গে কমিউনিস্টদের জোটবদ্ধ হওয়ার কথা বলেছিলেন তিনি।

সম্প্রতি, ভারতের ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’–এর সাংবাদিক ঋত্বিকা চোপড়ার অন্তর্তদন্তমূলক প্রতিবেদনে পরিষ্কার হয়ে যায়, কীভাবে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিজেপিকে ক্ষমতায় বসিয়ে রাখতে ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের নামে কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। আর এরপরেই নির্বাচন কমিশনের ইস্তফার দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সিপিআইএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম এ বেবি বিজেপি বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়ে চিঠি লেখেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেই চিঠি পাঠান তিনি। সেই চিঠিকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করে বেবিকে ফোন করেন মমতা। দুই দলের সর্বোচ্চ নেতা-নেত্রীর আলোচনাতেই একপ্রকার সিপিএম ও তৃণমূলের আন্দোলনকেন্দ্রিক জোট চূড়ান্ত হয়ে যায়।

বুধবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত হয় ইন্ডিয়া জোটের বৈঠক। ওই বৈঠকে কংগ্রেস, মমতা-তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, সিপিআইএমএল (লিবারেশন), সমাজবাদী পার্টি, এনসিপি (এস), শিবসেনা (উদ্ধব), আরজেডি, আম আদমি পার্টি, পিডিপির মতো বিরোধী রাজনৈতিক দলের নেতৃবর্গ উপস্থিত ছিলেন। ওই বৈঠকে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির পাশাপাশি দেশব্যাপী নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আন্দোলন গড়ে তোলার প্রস্তাব দেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ঠিক হয়, অক্টোবর মাসব্যাপী ভারতের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত দলগুলি মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালনের পাশাপাশি সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভা অভিযান করবে।

১ নভেম্বর কলকাতা, হায়দরাবাদ ও বেঙ্গালুরুসহ ভারতের পাঁচটি শহরে জনসভা করবে ইন্ডিয়া জোট। অর্থাৎ কলকাতায় অনুষ্ঠিত ওই জনসভায় প্রথমবার এক মঞ্চে দেখা যাবে সিপিএম ও মমতা-তৃণমূলকে।

এদিকে নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে নয়াদিল্লির যন্তরমন্তরে ফের চালু হয়েছে ছাত্র-জনতার অবস্থান-বিক্ষোভ। গান্ধী জয়ন্তীতে মুম্বই ও দিল্লির যন্তরমন্তরে ছাত্র-জনতার বিক্ষোভ এক্ষেত্রে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এহেন আন্দোলনের জেরে অনেকটাই ব্যাকফুটে বিজেপি ও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: