পোশাক শ্রমিকদের দারিদ্র্য সীমায় রাখার পরামর্শ সিপিডির


সরকারি সর্বনিম্ন বেতন যেখানে ৩৩ হাজার টাকার বেশি, সেখানে সিপিডি পোশাক শ্রমিকের মজুরি ১৮ থেকে ২৪ হাজারে বাঁধতে চায় কেন? কেন তারা প্রস্তাব করেছে যে, শ্রমিকদেরকে রাখতে হবে দারিদ্র্যসীমায়? ঢাকা পেপার্সের যুগ্ন সম্পাদক মনজুরুল আহসানের বিশ্লেষণ।
বাংলাদেশের ৮০ ভাগ রপ্তানিতে যে লক্ষ লক্ষ শ্রমিকেরা কাজ করেন, তাঁদেরকে দারিদ্র্যসীমায় রাখতে চায় দেশের অন্যতম ‘শীর্ষ থিঙ্ক ট্যাঙ্ক’ সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। শুধু তাই নয়, শ্রমিকদের ট্রেড ইউনিয়নের মৌলিক ভূমিকা যে মালিক পক্ষের সাথে ‘দর-কষাকষি’, সংস্থাটি সেই শব্দটিও ব্যবহার করতে চায় না।
বুধবার সকালে সিপিডি আয়োজিত ‘পোশাক খাতের ন্যায্য মজুরি: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে সংস্থার নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ তাঁদের এই মনোবাঞ্ছা প্রকাশ করেন।
সিপিডির দাবি, ‘দারিদ্র্যসীমা বিবেচনায় একজন শ্রমিকের জন্য প্রয়োজনীয় মজুরি হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ টাকা। আর জীবন ধারণের উপযোগী মজুরির (লিভিং ওয়েজ) পরিমাণ ২৪ হাজার ২০৪ টাকা। আমাদের মূল বক্তব্য হলো, মজুরি নিয়ে আলোচনা হওয়া উচিত এই দুটি অঙ্কের মধ্যবর্তী সীমার মধ্যে।’
সিপিডির নির্বাহী পরিচালক বলেছেন, যে তারা মনে করেন, সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য হওয়া উচিত শ্রমিকদের জীবন ধারণের উপযোগী মজুরির দিকে নিয়ে যাওয়া। অর্থাৎ, পুষ্টিমান বজায় রেখে মানবিক ও মর্যাদাপূর্ণ জীবন যাপনের মুলো আরও কয়েক বছর তৈরি পোশাক খাতের শ্রমিকদের সামনে ঝুলিয়ে রাখা। ওটা ধীরে ধীরে পূরণ করা হবে।
সিপিডি এখানেই ক্ষান্ত হয়নি। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেছেন, ‘আমরা “দর-কষাকষি” শব্দটি ব্যবহার করতে চাই না; বরং দুই পক্ষের পর্যালোচনা ও আলোচনার ভিত্তিতে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে একটি গ্রহণযোগ্য মজুরি নির্ধারণের কথা বলছি।’
এই বক্তব্যের মধ্যে রয়েছে একটি ভয়ঙ্কর ইঙ্গিত। আর তা হলো- শ্রমিকদের ট্রেড ইউনিয়নের যে মৌলিক ভূমিকা, মালিক পক্ষের সাথে তাদের অধিকার আদায়ের দর-কষাকষি করা, সেটিকে গুরুত্বহীন করে তোলা।
অর্থাৎ, সিপিডি তার দুটি গুরুত্বপূর্ণ অবস্থান ঘোষণা করেছে। তৈরি পোশাক খাতের শ্রমিকদের একদিকে আরও বেশ কিছু বছর মানবেতর জীবন যাপন করতে হবে এবং অন্যদিকে ট্রেড ইউনিয়নগুলো মালিক পক্ষের সাথে এখনই দর-কষাকষি থেকে বিরত থাকবে।
দেখা দরকার, বাংলাদেশে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ন্যূনতম চাহিদা পূরণ করতে চার সদস্যের একটি পরিবারের মাসে কত টাকা প্রয়োজন হয়?
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫ সালে এক সমীক্ষায় দেখায়, চার সদস্যের একটি পরিবার চাহিদা পূরণের জন্য গড়ে মাসে ব্যয় করে ৩৫ হাজার ৩১১ টাকা। বিপরীতে পরিবারের মাসে গড় আয় ৩৩ হাজার ৫১৩ টাকা।
সেই বিবেচনায়ই সরকার প্রজাতন্ত্রের সব থেকে নিচের কর্মচারী অর্থাৎ ২০তম গ্রেডের একজন কর্মচারীর জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সর্বনিম্ন মোট বেতন নির্ধারণ করে ৩৩ হাজার ২৫০ টাকা এবং ঢাকায় তা প্রায় ৩৬ হাজার ২৫০ টাকা।
অথচ দেশের অর্থনীতির চাকা ঘোরানো শ্রমিকের দাবিই মাসে ৩০ থেকে ৩২ হাজার টাকা। অর্থাৎ, এক বছর আগের বাজার দর বিবেচনায় যে টাকা দরকার ছিল তার থেকেও তিন থেকে পাঁচ হাজার টাকা কম চাচ্ছে বাংলাদেশের শ্রমিকেরা।
আর দেশের একটি থিঙ্ক ট্যাঙ্ক ন্যূনতম মজুরির আলোচনার সীমাই বেঁধে দিচ্ছে মাসে ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকা। গড়ে আট শতাংশ হারে মূল্যস্ফীতির বাজারে ওই মজুরিতে একজন শ্রমিক দ্রুত কর্মক্ষমতা হারিয়ে কাজ হারাবে। অবশ্য সিপিডির মতো গবেষণা প্রতিষ্ঠানের কর্তারা জানেন, পাঁচ-সাত বছরের মধ্যে কোনো শ্রমিক কর্মক্ষমতা হারালেও কোনো ‘সমস্যা’ হবে না। কারণ, দেশের শ্রম বাজারে প্রতিদিন যুক্ত হচ্ছে কৈশোর পার করা হাজার হাজার দরিদ্র তরুণ-তরুণী।
সিপিডি তার শ্রমিক বিরোধী অবস্থান এমন এক সময় প্রকাশ করলো, যখন তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা এবং তাঁরা দিনের উপার্জন ত্যাগ করে রাজপথে নেমেছে। তাঁদের ওপর চড়াও হচ্ছে রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো, সাথে যোগ দিয়েছে ক্ষমতাসীন দলের পান্ডারা। তাদের ধারণা, বিক্ষুব্ধ শ্রমিকদের পিটিয়ে কারখানায় পাঠাতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।
কেউ ভাবছে না, একজন প্রাপ্ত বয়স্ক পরিশ্রমী মানুষের দিনে ন্যূনতম যে খাবার দরকার, তার বাজার দর কত? একজন শ্রমিক বস্তিতে যে ঘরে ঘুমাবে তার ভাড়া কত? অসুস্থ হলে চিকিৎসা কিংবা সন্তানের প্রাথমিক বা মাধ্যমিক পর্যায় পর্যন্ত লেখাপড়ার খরচ কত?
প্রায় চার দশক ধরে নানা ধরনের প্রণোদনা ও রেয়াত সুবিধা নিয়ে বিকশিত দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাত তার শ্রমিকদের বেঁচে থাকার ন্যূনতম মজুরি নিশ্চিত করতে পারছে না। শুধু তাই নয়, এই খাতের ওয়াশ প্লান্টগুলো ঢাকা ও এর আশপাশের জেলাগুলোর পানির স্তর দ্রুত অবনমনের জন্য দায়ী।
প্রশ্ন হচ্ছে, এতকিছুর পরেও উন্নত বিশ্বের জনগণকে সস্তায় পোশাক পরানোর দায় কেন শ্রমিকদের একার ঘাড়ে চাপানো হচ্ছে?
তৈরি পোশাক খাতে শ্রমিকেরা যে মূল্য সংযোজন করেন, তার কত শতাংশ শ্রমিকেরা মজুরি হিসেবে পান, কত শতাংশ দেশের গার্মেন্ট মালিকেরা তাদের হোয়াইট কলার কর্মকর্তাদের সাথে ভাগাভাগি করে নেন, আর কত শতাংশ নামি-দামি ব্র্যান্ডগুলো লুট করে? গ্যাস, বিদ্যুৎ, ভূগর্ভস্থ পানি ও পরিবেশের ক্ষতি বাবদ বছরে তৈরি পোশাক খাত দেশের কত টাকার ক্ষতি করছে? কিংবা, আমদানি খরচ ও বিদেশে তথাকথিত ‘অফিস খরচ’ বাদ দিলে তৈরি পোশাক খাত বছরে কত ডলার দেশের অর্থনীতিতে যুক্ত করছে? এসব প্রশ্নের সঠিক কোনো উত্তর সিপিডির মতো গবেষণা প্রতিষ্ঠানে মিলবে না।
তবে যত তেতোই হোক না কেন, আমাদের প্রশ্ন করে যেতেই হবে- একই দেশে অনুৎপাদন খাতে চাকরিজীবীদের ন্যূনতম বেতন নির্ধারণে ৩৫ হাজার টাকা মানদণ্ড ধরা হলেও কেন উৎপাদনশীল খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ থেকে ২৪ হাজারের মধ্যে রাখতে হবে?
-- --
লেখক: ঢাকা পেপার্সের যুগ্ম সম্পাদক
[email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



