চট্টগ্রাম বন্দরের ইজারা চুক্তি হচ্ছে না: বিডা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৭পরিবর্তন করতে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের ইজারা চুক্তি হচ্ছে না: বিডা
শেয়ার করুন:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বহুল আলোচিত ইজারা চুক্তিটি বর্তমান সরকারের মেয়াদে আর হচ্ছে না।

রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

 

বিডার চেয়ারম্যান জানান, চুক্তিটি সম্পন্ন করার জন্য ডিপি ওয়ার্ল্ড আরও সময় চেয়েছে। তিনি বলেন, ‘তারা আমাদের কাছে একটু সময় চেয়েছেন। কিন্তু বর্তমান সরকারের হাতে মাত্র দুটি কার্যদিবস বাকি আছে। এই স্বল্প সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ করে চুক্তি সই করা সম্ভব নয়।’

 

আশিক চৌধুরী আরও জানান, ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তারা চলমান নেগোসিয়েশন বা আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে এবং আশা প্রকাশ করেছে যে ভবিষ্যতে এটি সঠিক দিকে এগোবে।

 

তবে খসড়া কনসেশন অ্যাগ্রিমেন্ট পর্যালোচনার জন্য তারা বাড়তি সময় প্রয়োজন বলে উল্লেখ করেছে।

 

প্রকল্পটির পটভূমি উল্লেখ করে তিনি বলেন, ২০১৯ সালে এই প্রক্রিয়া শুরু হলেও গত এক মাসে চূড়ান্ত বোঝাপড়ার ধাপগুলো নিয়ে নিবিড় কাজ হয়েছে। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলছেন এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। তবে সরকারের নিজস্ব কিছু প্রশাসনিক ধাপ ও ক্যাবিনেট অনুমোদনের বিষয় থাকায় এই দুই দিনে তা সম্পন্ন করা অত্যন্ত কঠিন।

 

এদিকে, এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রোববার থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’।  ধর্মঘটের ফলে বন্দরে কনটেইনার খালাস ও ডেলিভারি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সকালে জেটিতে সীমিত পরিসরে কাজ চললেও পরে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বহির্নোঙরে পণ্য খালাসও বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: