এনসিটি ইজারা বাতিলের দাবিতে ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪পরিবর্তন করতে ক্লিক করুন
এনসিটি ইজারা বাতিলের দাবিতে ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর
শেয়ার করুন:

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রোববার সকাল থেকে অচল হয়ে পড়েছে দেশের প্রধান এই সমুদ্রবন্দর।

এ দিন সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে বন্দরের জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবন এবং বহির্নোঙরসহ সব জায়গায় পণ্য খালাস ও পরিচালনা কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

 

সরেজমিনে দেখা গেছে, কর্মবিরতি শুরু হওয়ার পর থেকেই বন্দরে সব ধরনের অপারেশনাল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আউটার লাইটারেজ বা বহির্নোঙরে পণ্য খালাসও বন্ধ রয়েছে। বন্দরের ভেতরে যানবাহনের চলাচল নেই বললেই চলে। নিরাপত্তার স্বার্থে বন্দরের ৪ নম্বর গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

 

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বন্দর কর্তৃপক্ষ রোববার সকাল সাড়ে ৯টায় সাধারণ শ্রমিক ও কর্মচারীদের নিয়ে এক জরুরি সভার আয়োজন করে। তবে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা কর্তৃপক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

 

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খোকন সাংবাদিকদের জানান, এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। এর আগে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা এই কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।

 

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে বাতিল করা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার করা, আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া সব ধরনের শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করা এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও আইনি হয়রানি বন্ধ করা।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম জানিয়েছেন, বন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। কর্মবিরতি দীর্ঘায়িত হলে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় ধরনের ধস নামার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট অংশীজনরা।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: