পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি: কেন বারবার ভেঙে পড়ে?

নূজিয়া হাসিন রাশা
নূজিয়া হাসিন রাশা
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১১:৩১পরিবর্তন করতে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি: কেন বারবার ভেঙে পড়ে?

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

পার্বত্য চট্টগ্রামের শান্তি একইসাথে রাষ্ট্রের চরিত্র, ভূমির মালিকানা, জাতিগত নিপীড়ন এবং শ্রেণিশোষণের অবসানের সাথে সম্পৃক্ত। রাষ্ট্রের নীতি ও ক্ষমতার কাঠামো অক্ষুণ্ণ রেখে শান্তিচুক্তির কয়েকটি ধারা বাস্তবায়ন করলেও সংঘাতের মূল কারণগুলো থেকে যাবে। ফলে চুক্তি বারবার ভেঙে পড়বে, আর পাহাড়ের মানুষের ওপর নিপীড়নের চক্রও চলতে থাকবে। চক্রের সাথে সাথে পাহড়ে করা কাগজের শান্তি চুক্তি বারবার ভেংগে পড়বে।

পাহাড়ে যা ঘটেছে, তাকে বলা যায় সেটলার কলোনিয়ালিজম। জমি আছে, সেখানে মানুষ আছে। রাষ্ট্র চেয়েছে জমিটা, মানুষগুলোকে নয়। মানুষগুলোকে স্বীকৃতি না দেওয়ার এই রাজনীতি বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকেই দেখা যায়। একাত্তরের পর স্বাধীন দেশে পাহাড়ের মানুষ ভেবেছিল, তাদের স্বীকৃতি মিলবে। মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে একটি দল শেখ মুজিবের সঙ্গে দেখা করতে গেল। মুজিব বললেন, নিজেদের জাতিগত পরিচয় ছেড়ে দাও, বাড়ি যাও, বাঙালি হয়ে যাও।


তারপর রাজনৈতিক ধারাবাহিকতায় সেনা মোতায়েন বাড়ল, সেটলার পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হলো। অ্যামনেস্টির রিপোর্ট অনুযায়ী, ওই সাক্ষাতের পর সেনা, পুলিশ আর বিমানবাহিনী জুম্ম গ্রামে হামলা চালায়। একাত্তরের পরপরই ‘রাজাকার খোঁজার’ নামে সামরিক অভিযান হয়েছিল। ডকুমেন্টের ভাষ্যমতে, এতে বহু জুম্ম নিহত হন, ঘরবাড়ি লুট হয়, নারীরা ধর্ষিত হন। স্বাধীন বাংলার মাটিতে যখন পাকবাহিনীর হাতে ধর্ষিত নারীদের তালিকাও চূড়ন্ত হয়নি তাঁর আগেই স্বাধীন রাষ্ট্রের ভিন্ন জাতিসত্তার নারীরা ধর্ষণের শিকার হতে শুরু করে।


ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ভারতের অন্যান্য অঞ্চলের মতো পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলের পাহাড়ি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা তীব্র অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছিলেন। ব্রিটিশদের মূল নীতি ছিল সম্পদ শোষণ ও নিজেদের শাসন পাকাপোক্ত করা, যার কারণে পাহাড়ের আদিবাসীদের প্রথাবদ্ধ জীবনযাত্রা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। ব্রিটিশরা বনাঞ্চলকে 'সংরক্ষিত' ঘোষণা করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এর ফলে পাহাড়ের মানুষেরা নিজেদের জ্বালানি, ওষুধ ও জীবিকার জন্য বনের ওপর যে নির্ভরতা ছিল, তা থেকে বঞ্চিত হয়। পাহাড়িদের ঐতিহ্যবাহী জুম চাষকে পরিবেশের জন্য ক্ষতিকর আখ্যা দিয়ে ব্রিটিশরা এর ওপর নানা বিধিনিষেধ আরোপ করে, যা তাদের খাদ্যের প্রধান উৎসে আঘাত হানে। পাহাড়ের অভ্যন্তরে নিয়ন্ত্রণ বজায় রাখতে তারা কঠোর প্রশাসনিক ও সীমান্ত পুলিশ রেগুলেশন (যেমন ১৮৮১ ও ১৯০০ সালের রেগুলেশন) জারি করে সামরিক কায়দায় অঞ্চলটি শাসন করতে শুরু করে)


অপরদিকে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর ১৯৫৭ থেকে ১৯৬৩ সালের মধ্যে তদানীন্তন পাকিস্তান সরকারের আমলে নির্মিত কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প এবং এর ফলে সৃষ্ট কাপ্তাই লেক পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি আদিবাসীদের জীবনকে সম্পূর্ণ বিপর্যস্ত করে তোলে, যা পাহাড়কে দীর্ঘমেয়াদে অশান্ত করার মূল অনুঘটক হিসেবে কাজ করেছিল। পাহাড়িদের কাছে কাপ্তাই বাঁধের কারণে সৃষ্ট এই মহাবিপর্যয় ঐতিহাসিকভাবে ‘বড় পরং’ বা ‘মহাপ্রস্থান’ নামে পরিচিত। কাপ্তাই বাঁধের ফলে প্রায় ৬৫৫ বর্গকিলোমিটার এলাকা পানির নিচে তলিয়ে যায়। এর ফলে প্রায় ১ লক্ষ পাহাড়ি মানুষ (যার মধ্যে ৭০% ছিল চাকমা সম্প্রদায়ের) রাতারাতি তাদের পৈতৃক ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত হয়ে পড়ে। পুনর্বাসনের সঠিক ব্যবস্থা না থাকায় প্রায় ৪০,০০০ চাকমা বাধ্য হয়ে দেশ ছেড়ে ভারতের অরুণাচল প্রদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেয় এবং আরও ২০,০০০ পাহাড়ি মানুষ মিয়ানমারে পালিয়ে যায়। নিজের ভূমিতেই পরবাসী হয়ে যাওয়ার এই নির্মম আঘাত পাহাড়ের মানুষের মধ্যে পাকিস্তান সরকারের প্রতি চরম ক্ষোভ ও অবিশ্বাস তৈরি করে। অধিকাংশ মানুষ কোনো ক্ষতিপূরণ বা বিকল্প চাষের জমি পাননি। সরকারি এই চরম অবহেলা ও প্রতিশ্রুতি ভঙ্গ পাহাড়ি জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে সোচ্চার হতে বাধ্য করে। এই অন্যায়ের বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র সোচ্চার হলো না। উলটো অন্যায় নিপীড়ন বৈষম্যের ধাবাহিকতা বজায় রাখা হলো আর তা শুরু হলো ভিন্ন জাতিসত্তার মানুষকে ‘বাঙালি হয়ে যাও’ বচনের মধ্য দিয়ে। নানা প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়েও আদিবাসীদের তাঁদের ভূমির অধিকার অস্বীকার করে চলছে বাংলাদেশ রাষ্ট্র।

জিয়ার আমল: ‘জমি চাই, মানুষ চাই না’

জিয়ার সময় নীতিটা আরও খোলাখুলি হলো। সেনাবাহিনী পোড়ামাটি নীতি নিল। ১৯৭৯ সালে এক জনসভায় ব্রিগেডিয়ার হান্নান ও লে. কর্নেল সালাম বললেন, তারা পার্বত্য চট্টগ্রামের জমি চান, মানুষ চান না। এই এক বাক্যেই পুরো প্রকল্পটা ধরা পড়ে। কোনো রাখঢাকও প্রয়োজন পড়েনি। জিয়ার সময়ে তিনটি বিষয় একসঙ্গে চলল। সমতল থেকে বাঙালি সেটলার এনে বসানো হলো। জুম্মদের গুচ্ছগ্রামে আটকে রাখা হলো, যা সরকার বাইরে ‘মডেল গ্রাম’ বলে প্রচার করত। একই সঙ্গে চলল জমি দখল।

কলমপতি গণহত্যা (১৯৮০) এই সময়ের ঘটনা। সেনারা ব্রাশ ফায়ার করল, আর শতাধিক সেটলার ছুরি-বর্শা নিয়ে ঝাঁপিয়ে পড়ল। বেঁচে যাওয়া মানুষ ভারতে পালালেন, তাঁদের জমি গেল সেটলারদের হাতে। জিয়া সরকার একটি তদন্ত কমিটি করেছিল, কিন্তু রিপোর্ট কখনো প্রকাশ হয়নি। পরের বছর বানরাইবারী-বেলতলী-বেলছড়িতেও একই ছক দেখা গেল। সেনার মদদে সেটলাররা হামলা করল, গ্রাম ও কৃষিজমি দখল হলো। আজ সেখানে সেটলার বসতি আর সেনা ক্যাম্প।

সাত্তার ও এরশাদের আমল: একই নীতি

সরকার বদলাল, নীতি বদলাল না। সাত্তারও জুম্মবিরোধী নীতি চালিয়ে গেলেন, এরশাদের সময়ও তা চলল। এই সময়ের ঘটনাগুলোতে একটি প্যাটার্ন স্পষ্ট। ১৯৮৩ সালে পানছড়িতে সশস্ত্র বাহিনী ও সেটলারদের যৌথ হামলা হয়। হামলার পর সরকার সেখানে বাঙালি বসতি বসায়। ১৯৮৪ সালে বরকলে ডকুমেন্টের তথ্য অনুযায়ী, সাত হাজার জুম্ম মিজোরামে শরণার্থী হন। এক গ্রামবাসী অ্যামনেস্টিকে বলেছেন, সৈন্যরা চিৎকার করে বলছিল, ‘কোনো চাকমা বাংলাদেশে জন্মাবে না।’

১৯৮৬ সালে মাটিরাঙ্গা ও কুমিল্লাটিলা-তাইন্দংয়ে পালিয়ে যাওয়া মানুষদের পথে আটকে গুলি করা হয়। ত্রিপুরাদের একজন বেঁচে যাওয়া ব্যক্তি বলেছেন, অফিসার তাঁদের বলেছিল, ‘তোমাদের হিন্দুদের বাংলাদেশে কোনো জায়গা নেই।’

১৯৮৯ সালে লংগদুতে সেনা ও ভিডিপির সহায়তায় সেটলাররা পরিকল্পিত হামলা চালায়। এর পরই পাহাড়ি ছাত্র পরিষদের জন্ম হয়। ১৯৯২ সালে লোগাংয়ে গুচ্ছগ্রামে জোর করে আনা জুম্মদের ওপর হামলা হয়। সরকার বলল, ১২ জন মারা গেছে। বেঁচে যাওয়া মানুষেরা বলছেন, লাশ ছিল দেড়শর বেশি। লক্ষ্য করার মতো একটি বিষয় হলো, লোগাংয়ে প্রথমে জোর করে জুম্মদের গুচ্ছগ্রামে আনা হলো, তাঁদের ফেলে আসা জমিতে সেটলার বসানো হলো, তারপর সেই গুচ্ছগ্রামেই হামলা হলো। জমি দখলের পুরো চক্রটা এখানে একসঙ্গে দেখা যায়।

ডকুমেন্টগুলো মিলিয়ে পড়লে একটি কাঠামো ধরা পড়ে। সেনারা সেটলারদের ব্যবহার করে, সেটলাররা সেনার ছায়ায় জমি পায়। প্রায় প্রতিটি ঘটনায় সেনা আর সেটলার একসঙ্গে। কোথাও সেনা গুলি চালিয়েছে, সেটলার দা-বর্শা নিয়ে এসেছে। কোথাও সেনা চেয়ে দেখেছে, কিছু করেনি।

নানিয়াচরে (১৯৯৩) চেকপোস্টের সেনারা সেটলারদের অস্ত্র কেড়ে নেয়নি। হামলার সময় তারা ‘নির্বিকারভাবে তাকিয়ে ছিল’ বলে ডকুমেন্টে আছে।

এতে সেনাবাহিনীর দুটি স্বার্থ সিদ্ধ হয়। এক, পাহাড়ে সামরিক উপস্থিতির যুক্তি টিকে থাকে। দুই, একটি সামাজিক ঘাঁটি তৈরি হয়, যারা সেনার পক্ষে থাকে। আরেকটি ব্যাপার হলো নিজেদের পক্ষে গল্প বানানো। মাল্যের ঘটনায় ডকুমেন্ট বলছে, বোমা বিস্ফোরণ সেনারাই ঘটিয়েছিল হামলার অজুহাত তৈরি করতে, অথচ মিডিয়ায় প্রচার হলো শান্তিবাহিনী করেছে। সেখানে হতাহত সবাই পাহাড়ি, একজন সেটলারও না। এটি ডকুমেন্টের দাবি, প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে।

১৯৯৭ সালের চুক্তি: যেখানে ফাঁক ছিল, সেখানেই রাষ্ট্র ঢুকল


আজ থেকে সাতাশ বছর আগে বুকভরা আশা নিয়ে শান্তিচুক্তির দিনে, অর্থাৎ ২ ডিসেম্বর ১৯৯৭ উৎসবে মেতে উঠেছিলেন পাহাড়ের মানুষ। দুই দশকের বেশি সময়ের রক্তক্ষয়ী সংঘাতের অবসান হয়েছিল তখন। এক নতুন জীবনের হাতছানি ওদের স্বপ্নের অনেক উচ্চে নিয়ে গিয়েছিল। শরণার্থী জীবন ছেড়ে হাজার হাজার মানুষ দেশে ফিরে এসেছিলেন।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কো শান্তি পুরস্কার পেয়েছিলেন এবং প্যারিসে গিয়ে দলবলসহ পুরস্কার গ্রহণ করেছিলেন। তখন শান্তিচুক্তি নিয়ে পত্র-পত্রিকায় লেখালেখির ছড়াছড়ি। টেলিভিশন চ্যানেলগুলোতে কত অনুষ্ঠান দেখেছি তখন। মনে আছে এবং নিশ্চয় রেকর্ড আছে, টিভিতে দেখেছি, পাহাড়ের বুকে, হ্রদের জলের ধারে নাচছে একদল তরুণ-তরুণী, ওদের মনে কত আনন্দ। বাঙালি শিল্পী ও পাহাড়ি শিল্পী মিলে দ্বৈতকণ্ঠের গানও অনেকবার প্রচারিত হয়েছে তখন টিভিতে।

আমরা সবাই জানি, চুক্তির পঁচিশ বছর পার হলেও মূল বিষয়গুলো এখনও বাস্তবায়িত হয়নি। যেমন, পার্বত্য চট্টগ্রামে ‘উপজাতীয় অধ্যুষিত অঞ্চলের’ সাংস্কৃতিক বৈশিষ্ট্য সংরক্ষণে বিশেষ পদক্ষেপ গ্রহণের কথা ছিল, তা হয়নি। আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদসমূহের শাসনতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ লাভ করার কথা ছিল, হয়নি। পাহাড়ের স্থায়ী অধিবাসীদের প্রত্যক্ষ ভোটে আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদসমূহের নির্বাচন পঁচিশ বছরেও হয়নি।

তিন পার্বত্য জেলার সাধারণ প্রশাসন, আইনশৃঙ্খলা, পুলিশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, বন ও পরিবেশ, পর্যটন, মাধ্যমিক শিক্ষা, উন্নয়ন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও জেলা পরিষদে পূর্ণাঙ্গরূপে হস্তান্তরিত হয়নি। আঞ্চলিক পরিষদ অকার্যকর, ক্ষমতাহীন এবং এই পরিষদের বিধিমালাও তৈরি হয়নি। বাইরে থেকে এসে বড় বড় পর্যটন প্রকল্প চলে গেছে পাহাড়ে, সাজেক পেরিয়ে, যেখানে পাহাড়ি অধিবাসীদের নিয়ন্ত্রণ নেই বললেই চলে। ভারত থেকে ফিরে আসা পাহাড়ি শরণার্থীদের নিজ ভূমিতে পুনর্বাসনের কথা ছিল, হয়নি। ভূমি কমিশন দৃশ্যমান কাজ শুরুই করতে পারেনি।

এই রকম অনেক ‘না হওয়ার’ ভেতর দিয়ে যেতে যেতে অনেক উপসর্গ তৈরি হয়েছে পাহাড়ে, যার একটি মর্মান্তিক পরিণতি হলো আটজন বম সম্প্রদায়ের মানুষ নিহত হওয়ার ঘটনা। এর আগেও অনেক রক্তপাত হয়েছে পাহাড়ে। সাম্প্রদায়িক হামলা হয়েছে, লংগদু পুড়ে গেছে, কোনোটারই সুষ্ঠু বিচার হয়নি।
অন্যদিকে আমরা দেখছি, বিগত প্রায় একযুগের বেশি সময় ধরে সরকার বলছে, চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি ধারা বাস্তবায়িত হচ্ছে। বিভিন্ন আমলে সরকারদের এই হিসাবটা খুব ইন্টারেস্টিং। এর আগে এভাবে আমরা কেউ হিসাব বা তালিকা করতে দেখিনি। ‘চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি’ বাস্তবায়ন হয়েছে—এই হিসাব দেখলে যে কেউ বলবেন, অগ্রগতি তো ভালোই।

সরকারের এই হিসাবের চালাকি এখন দেখুন। যার কাছে পার্বত্য চুক্তির মূল কপি আছে, তিনি একটু মিলিয়ে দেখবেন। যেমন, চুক্তির ‘গ’ অনুচ্ছেদ দেখুন। এই অনুচ্ছেদের ধারা ১-এ বলা হয়েছে, একটি আঞ্চলিক পরিষদ গঠিত হবে। ধারা ২ বলছে, এই পরিষদে একজন চেয়ারম্যান থাকবেন। ধারা ৩-এ আছে, পরিষদে চেয়ারম্যানসহ ২২ জন সদস্য থাকবেন। ধারা ৪ বলছে, পরিষদে মহিলাদের জন্য ৩টি আসন সংরক্ষিত থাকবে। ধারা ৫ হলো সদস্যদের যোগ্যতা নিয়ে। ধারা ৬ বলছে, পরিষদের মেয়াদ হবে ৫ বছর। ধারা ৭-এ আছে, পরিষদে সরকারের যুগ্ম-সচিবতুল্য একজন মুখ্য নির্বাহী কর্মকর্তা থাকবেন। ধারা ৮ হলো চেয়ারম্যানের পদ শূন্য হলে করণীয় নিয়ে। ধারা ৯ হলো পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড সমন্বয় নিয়ে।

এখন যাঁদের কাছে চুক্তির কপি আছে, তাঁরা সহজেই বুঝতে পারবেন, এই ৯টি ধারা মিলে আসলে একটি মাত্র অনুচ্ছেদ। সরকার এখানে দেখাচ্ছে ৯টি ধারা পূর্ণ হয়েছে। এইভাবে হিসাব দেখিয়ে সরকার বলছে, ৪৮টি ধারা বাস্তবায়িত হয়েছে। যেন ঐ কুমির ছানার গল্প। এরকম আরও উদাহরণ দেওয়া যাবে।

অভ্যুত্থানের পর সরকার পরিবর্তন হলেও কোনো সরকারই আদিবাসীদের ভূমির অধিকার, পরিচয়ের অধিকার নিশ্চিত করছে না। মর্যাদাহীন রেফুজি হিসেবে রেখে দিচ্ছে। পাহাড়ের মানুষ মনে করছে, সরকার আর চুক্তি বাস্তবায়নে আন্তরিক নয়, চুক্তি বাস্তবায়ন তাদের অগ্রাধিকার তালিকা থেকে বহু আগেই হারিয়ে গেছে।

চুক্তির অসম বাস্তবায়ন ও রাষ্ট্রের দায়মুক্তি

জনসংহতি সমিতি অস্ত্র জমা দিল ৪৫ দিনের মধ্যে। কিন্তু সরকারের কাজের কোনো সময়সীমা ছিল না। ক্যাম্প সরানো, ভূমি কমিশন গঠন, জেলা পরিষদ আইন সংশোধন—কোনোটিরই নির্দিষ্ট সময়সীমা ছিল না। ফলে অস্থায়ী ক্যাম্প আজও আছে। ভূমি কমিশনের আইনই হতে লেগেছে চার বছর, সংশোধনে আরও প্রায় পনেরো বছর। আর কমিশন কোন ‘প্রচলিত আইন ও রীতি’ দেখে বিরোধ মেটাবে, তার সংজ্ঞাই নেই।

আইনের ফাঁকটাও এখানে স্পষ্ট। শান্তিচুক্তি আছে, কিন্তু চুক্তিতে যে শান্তির কথা বলা হয়েছে, তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিধিমালা ও প্রবিধান আজও পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি। চুক্তির ফলশ্রুতিতে তিন পার্বত্য জেলায় পরিষদ করা হয়েছে ঠিকই, কিন্তু ক্ষমতাহীন এই পরিষদগুলো যেন জম্মু-কাশ্মীরে দিল্লি আর আজাদ কাশ্মীরে পিণ্ডির জিঞ্জিরের আরেক উদাহরণ। আর এই পাশাখেলার পণ যেন পাহাড়ের লাখো লাখো ভূমিপুত্র-কন্যা।

এই ফাঁকের মধ্যেই সেটলার বেড়েছে। হিসাব বলছে, খাগড়াছড়ি ও রাঙামাটি শহরে এখন বাঙালি-পাহাড়ি অনুপাত ৩:১, অথচ ১৯৯৭ সালে বাঙালিরা সেখানে সংখ্যালঘু ছিল। আরেকটি বিষয় হলো, চুক্তিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত, বিচার বা ক্ষতিপূরণের কিছু নেই। পাহাড়ি কমিশন নিজেই এটাকে ‘গুরুত্বপূর্ণ বিচ্যুতি’ বলেছে। তাই যে হত্যাকাণ্ডগুলোর কথা ওপরে বললাম, তার কোনোটার বিচার হয়নি। কলমপতির রিপোর্ট প্রকাশ হয়নি, নানিয়াচরের তদন্তও আলোর মুখ দেখেনি, লোগাংয়ের কমিশন রিপোর্টকে ডকুমেন্ট ‘প্রহসন’ বলেছে। দায়মুক্তি মানে ভবিষ্যতেও একই কাজ করা যায়।


‘দুই নৌকায় পা’: চুক্তি কি কোনো দলের?

চুক্তি নিয়ে রাষ্ট্র চলছে ‘দুই নৌকায় পা’ দিয়ে চলার নীতিতে। একদিকে রাষ্ট্র চুক্তি করে, অন্যদিকে উচ্চ আদালত বলে, চুক্তির ধারা-অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। ২০১০ সালে হাইকোর্ট পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। আবার বাংলাদেশ সরকারের ড্রাইভিং সিটে রাজনৈতিক দলের পালাবদল হলেই দেখা যায়, চুক্তির বিরোধিতাকারী পাহাড়ের আঞ্চলিক সংগঠন আর চুক্তির সময় রাষ্ট্রক্ষমতায় না থাকা দলগুলো যেন একই সুরে কথা বলছে। অথচ রাষ্ট্রের সঙ্গে একটি সংগঠনের যে চুক্তি হয়েছে, তা কোনোভাবেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের একার হতে পারে না। চুক্তিটা হয়েছিল রাষ্ট্রের পক্ষে, কোনো দলের পক্ষে নয়। তাই শান্তিরক্ষা হোক বা শান্তিভঙ্গ, এই দুইয়ের দায় রাষ্ট্রের কাঁধেই বর্তায়।

‘আদিবাসী’ না বলার রাজনীতি


চুক্তিতে পাহাড়ের মানুষকে ‘উপজাতি’ বলা হয়েছে। এরপর পঞ্চদশ সংশোধনীতে সংবিধানেও তাদের আদিবাসী হিসেবে অস্বীকার করা হয়েছে। জাতিসংঘের স্থায়ী ফোরামে বাংলাদেশ জবাব দিয়েছে, ‘বাংলাদেশে কোনো আদিবাসী নেই।’

কেন এত জেদ? কারণ আদিবাসী মানে এই জমির ওপর আগে থেকে অধিকার আছে, আত্মনিয়ন্ত্রণের প্রশ্ন আছে। ‘উপজাতি’ বললে তাদের শুধু ‘উন্নয়ন’ দেওয়া যায়, অধিকার দিতে হয় না। আর জমিটা যদি তাদের ঐতিহাসিক অধিকারের জমি না হয়, তাহলে সেটলার বসানো আর দখলকে অবৈধ বলার কোনো ভিত্তি থাকে না। তাই পরিচয় অস্বীকার করা শুধু শব্দের খেলা নয়। এটা দখল আর নিপীড়ন বহাল রাখার আইনি ঢাল। একটা তুলনাও চোখে পড়ে। ডকুমেন্ট বলছে, বাংলাদেশ রাষ্ট্র একাত্তরের গণহত্যা আর রোহিঙ্গা গণহত্যা স্বীকার করে, কিন্তু পাহাড়ের গণহত্যা স্বীকার করে না। যে রাষ্ট্র নিজে গণহত্যার শিকার হয়েছে, সে আরেকটি জনগোষ্ঠীর ক্ষেত্রে সেটা অস্বীকার করে। তাহলে চুক্তি বারবার কেন ভেঙে পড়ে? চুক্তি বারবার ভেঙে পড়ার পেছনে একাধিক কারণ রয়েছে। চুক্তিতে রাষ্ট্রের কাজের কোনো সময়সীমা ছিল না, কিন্তু অস্ত্র জমা দেওয়ার সময়সীমা ছিল। চুক্তি বাস্তবায়নের জন্য কোনো স্বাধীন ব্যবস্থা নেই। সেনাবাহিনী ও সেটলার কাঠামোর স্বার্থ চুক্তির উল্টোদিকে। ক্যাম্প সরালে, জমি ফেরত দিলে তাদের ক্ষমতা কমে। জেলা পরিষদের হাতে আসল ক্ষমতা নেই। পুলিশি, আইনি বা নির্বাহী ক্ষমতা জেলা প্রশাসকের কাছে। পঞ্চমত, রয়েছে দায়মুক্তি। কোনো হত্যার বিচার নেই, তাই রাষ্ট্রের ভয় নেই। ষষ্ঠত, পরিচয়ের অস্বীকৃতি, যা জমির দাবিকে দুর্বল করে। এর সঙ্গে যুক্ত হয়েছে পাহাড়ি নেতৃত্বের ভাঙন। জনসংহতি সমিতি দুই ভাগ, আন্দোলনের জোর কমেছে।

সমস্যাটা কিছু ধারার ত্রুটি নয়। রাষ্ট্র গত ৫০ বছর ধরে একটা নীতি চালিয়েছে: সেনা পাঠাও, সেটলার বসাও, জমি নাও, পরিচয় মুছে দাও। সরকার বদলেছে, নীতি বদলায়নি। চুক্তি হয়েছিল এই কাঠামো ভাঙার সুযোগ হিসেবে, কিন্তু ফাঁকগুলোর কারণে কাঠামোটা টিকে গেছে।

পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ রাষ্ট্র যে নীতি অনুসরণ করেছে, তা বিচ্ছিন্ন কিছু মানবাধিকার লঙ্ঘন বা সামরিক অভিযানের সমষ্টি নয়; বরং একটি জনগোষ্ঠীর অস্তিত্ব, ভূমির অধিকার ও জীবনযাত্রার ভিত্তি ধ্বংস করার ধারাবাহিক প্রক্রিয়া। পুরো অঞ্চলকে সামরিকীকরণ, সমতল থেকে বাঙালি অভিবাসী এনে বসতি স্থাপন, জুম্মদের সামরিক নজরদারির অধীনে গুচ্ছগ্রামে আটকে রাখা, জীবিকা ও জীবনধারণের জন্য প্রয়োজনীয় বন ও সাধারণ সম্পদে প্রবেশাধিকার বন্ধ করা, গুম, ধর্ষণ, ধর্মীয় উপাসনালয় ও বৌদ্ধ তীর্থস্থানে হামলা, গ্রাম ও সম্পত্তি ধ্বংস, শারীরিক ও মানসিক নির্যাতন, পরিকল্পিত হত্যাকাণ্ড এবং ১৯৮০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত অন্তত ১৩টি বড় গণহত্যা—সব মিলিয়ে এই কর্মকাণ্ড ১৯৪৮ সালের গণহত্যা সনদের সংজ্ঞার আওতায় পড়ে বলে সংশ্লিষ্ট বিশ্লেষণে দাবি করা হয়েছে।

তবে এই সংকটের সমাধান শুধু রাষ্ট্রের নীতিগত পরিবর্তনের ওপর নির্ভর করছে না, পাহাড়ের আন্দোলনের অভ্যন্তরীণ সীমাবদ্ধতাগুলোও এখানে বিবেচ্য। জনসংহতি সমিতির আন্দোলন ভারতনির্ভরতা, আদর্শিক দুর্বলতা, চাকমা জনগোষ্ঠীর আধিপত্য এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর স্বতন্ত্র পরিচয়ের প্রশ্ন যথাযথভাবে ধারণ করতে না পারার কারণে সীমাবদ্ধ হয়েছে। অন্যদিকে, ‘উপজাতি’ পরিচয়ের আড়ালে পাহাড়ের মানুষকে আদিম, অনগ্রসর ও সভ্যতার পথে বাধা হিসেবে উপস্থাপনের যে ঔপনিবেশিক ও বুর্জোয়া দৃষ্টিভঙ্গি, বাংলাদেশ রাষ্ট্রও তারই প্রতিফলন ঘটিয়েছে। জুমচাষকে অনুন্নত অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে দেখিয়ে পাহাড়ের মানুষের ঐতিহ্যগত জীবনযাত্রা ধ্বংস করাকে উন্নয়ন ও আধুনিকায়নের নামে বৈধতা দেওয়া হয়েছে। অথচ পুঁজিবাদ বাংলাদেশের কোনো জনগোষ্ঠীরই মৌলিক সমস্যার সমাধান করতে পারেনি; বরং বৈষম্য ও বঞ্চনাকে আরও গভীর করেছে।

পার্বত্য চট্টগ্রাম সমস্যার কোনো টেকসই সমাধান তাই সামরিকীকরণ, সেটলার পুনর্বাসন কিংবা কিছু প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। এর জন্য প্রয়োজন পাহাড়ের মানুষের জাতিগত পরিচয়, ভূমির ঐতিহাসিক অধিকার, আত্মনিয়ন্ত্রণ এবং নিজস্ব জীবনযাত্রার স্বীকৃতি। একই সঙ্গে জনসংহতি সমিতিসহ পাহাড়ের রাজনৈতিক নেতৃত্বের আদর্শিক ও সাংগঠনিক সীমাবদ্ধতা অতিক্রম করে বৃহত্তর নিপীড়িত জনগোষ্ঠীর সঙ্গে ঐক্য গড়ে তোলাও জরুরি। কারণ পার্বত্য চট্টগ্রামের মানুষ একা এই কাঠামোগত নিপীড়নের অবসান ঘটাতে পারবে না। বাংলাদেশের শ্রমজীবী, কৃষক ও নিপীড়িত জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়।


পাহাড়ের ভূমিপুত্র-কন্যা আর সমতলের ভূমিপুত্র-কন্যাদের মধ্যে শান্তি-অশান্তির এই পাশাখেলার দান যেন একবিংশ শতাব্দীতেও টিকে থাকা ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতিরই প্রমাণ। চুক্তি নিয়ে এই পাশাখেলা দেখে মনে হয়, পাহাড় আর সমতলের ভূমিপুত্র-কন্যাদের একই বাজির দানে হারিয়ে দেওয়ার জন্যই তা খেলা হচ্ছে। বাংলাদেশ রাষ্ট্র আর রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যদি সংবিধানের মৌলিক ধারাগুলোর রক্ষক হয়, তাহলে পাহাড় আর সমতলে এই ‘শান্তি-অশান্তির চলমান চক্র’ থেকে বের না হয়ে উপায় নেই। পাহাড়ের ভূমিপুত্র-কন্যাদের সন্তানেরা আর সমতলের ভূমিপুত্র-কন্যাদের সন্তানেরা বেড়ে উঠবেন সমান অধিকার, সমান সম্ভাবনা আর সমান সুযোগ-সুবিধা নিয়ে। সংবিধানে বিশেষ জনগোষ্ঠীর জন্য যে বিশেষ সুবিধার কথা বলা আছে, পাহাড়ের ভূমিপুত্র-কন্যাদের জন্য তার সবকিছুই নিশ্চিত করতে হবে, আর সমান অধিকার নিশ্চিত করতে হবে সবার জন্য।

একটি সামরিকীকৃত, সাম্রাজ্যবাদনির্ভর, আধা-সামন্ততান্ত্রিক ও আধা-পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থার পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন এমন এক সমাজব্যবস্থা, যেখানে ভূমি, সম্পদ ও উন্নয়নের ওপর মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং কোনো জনগোষ্ঠীর অস্তিত্ব অন্য কোনো জনগোষ্ঠীর আধিপত্যের অধীন থাকবে না। পার্বত্য চট্টগ্রামের শান্তি শুধুমাত্র একটি চুক্তির পূর্ণ বাস্তবায়নের বিষয় নয়। এটি একইসাথে রাষ্ট্রের চরিত্র, ভূমির মালিকানা, জাতিগত নিপীড়ন এবং শ্রেণিশোষণের অবসানের প্রশ্নও। রাষ্ট্রের নীতি ও ক্ষমতার কাঠামো অক্ষুণ্ণ রেখে শান্তিচুক্তির কয়েকটি ধারা বাস্তবায়ন করলেও সংঘাতের মূল কারণগুলো থেকে যাবে। ফলে চুক্তি বারবার ভেঙে পড়বে, আর পাহাড়ের মানুষের ওপর নিপীড়নের চক্রও চলতে থাকবে। চক্রের সাথে সাথে পাহড়ে করা কাগজের শান্তি চুক্তি বারবার ভেংগে পড়বে


____

*লেখক: নূজিয়া হাসিন রাশা
গবেষক ও সাংবাদিক


পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: