চলমান শ্রমিক আন্দোলনের পক্ষে পোস্টারিং করায় চট্টগ্রামে তিন বামপন্থী নেতা আটক

ঢাকা পেপার্স
চট্টগ্রামের ইপিজেড এলাকায় গার্মেন্টস শ্রমিক আন্দোলনের পক্ষে হাতে লেখা পোস্টার লাগাতে গিয়ে বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের তিন সংগঠককে আটকের অভিযোগ উঠেছে। তাঁদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে সংগঠনটি।
সারাদেশে চলমান গার্মেন্টস শ্রমিক আন্দোলনের পক্ষে চট্টগ্রামের ইপিজেড এলাকায় পোস্টার লাগাতে গিয়ে বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের তিন সংগঠক পুলিশ কর্তৃক আটক হয়েছে জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটি। আটক ব্যক্তিরা হলেন বিপ্লবী শ্রমিক আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি রাকিব উদ্দিন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সহসভাপতি জাহিদ এবং সংগঠনটির সদস্য শান্ত।
বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের জাতীয় কমিটির সহসভাপতি নাঈম উদ্দিনের পাঠানো বিবৃতিতে বলা হয়, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য আন্দোলনের পক্ষে প্রচারের অংশ হিসেবে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠন বিপ্লবী শ্রমিক আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার নেতাকর্মীরা ইপিজেড এলাকায় বুধবার হাতে লেখা পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় (বিকেল ৫টার দিকে) একজন পুলিশ সদস্য তাঁদের একজনের হাত চেপে ধরেন। পরে তিনজনকে জিজ্ঞাসাবাদের কথা বলে কাছের একটি পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের থানায় নেওয়ার জন্য ইপিজেড পুলিশের ভ্যান আসে এবং পরে থানায় নিয়ে আটক রাখা হয় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
বিবৃতিতে আটক তিন সংগঠকের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, গার্মেন্টস শ্রমিক আন্দোলনে আটক সব ব্যক্তির মুক্তি এবং শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া মেনে নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে ঢাকা পেপার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন থানায় নেই, আমার জানা নেই।’ এছাড়া ডিউটি অফিসারের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে তাকে ফোনে পাওইয়া যায়নি।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



