বাজেটে সংখ্যার আড়ালে প্রকৃত জেন্ডার সমতা কি অধরাই থেকে গেল?

মারজিয়া প্রভা
মারজিয়া প্রভা
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১২:২৫পরিবর্তন করতে ক্লিক করুন
বাজেটে সংখ্যার আড়ালে প্রকৃত জেন্ডার সমতা কি অধরাই থেকে গেল?

স্কেচ: এআই

শেয়ার করুন:

সামাজিক সুরক্ষা বা সোশ্যাল সেফটি নেট হচ্ছে এই বাজেটের সবচেয়ে বড় উপখাত। ফ্যামিলি কার্ডের মতো সুবিধার কারণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এই হার বাড়ানো হয়েছে। কিন্তু বর্তমান বাজারের চরম ঊর্ধ্বগতির দিনে একজন বিধবা, বয়স্ক বা প্রতিবন্ধীকে ভাতা হিসেবে যা দেওয়া হয়, তা দারিদ্র্যসীমার আয়ের চেয়ে অনেক নিচে। তাছাড়া নিয়ম অনুযায়ী একাধিক ঝুঁকিতে থাকলেও একজন নারী মাত্র একটি ভাতাই পাবেন।

জেন্ডার বাজেট হলো রাষ্ট্রের এমন একটি বিশ্লেষণ প্রক্রিয়া, যেখানে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় বাজেটের কতটুকু অংশ বরাদ্দ থাকছে তার হিসাব তুলে ধরা হয়। সম্প্রতি বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জেন্ডার সমতার জন্য ৩ লাখ ২৬ হাজার ৫৯ কোটি ৮০ লাখ টাকার একটি কাঠামো প্রস্তাব করা হয়েছে। এটি আমাদের মোট জাতীয় বাজেটের ৩৪ দশমিক ৮ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের বা জিডিপির ৪ দশমিক ৮ শতাংশ। ২০২৩ সালে এসডিজি সামিটে বাংলাদেশ সরকার জেন্ডার খাতে অন্তত ৩৫ শতাংশ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিল। এরই ধারাবাহিকতায় ২০০৯ সালে মাত্র চারটি মন্ত্রণালয় থেকে শুরু হয়ে বর্তমানে ৬১টি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয়ের হিসাব জেন্ডার রিলেভেন্ট অ্যালোকেশন বা জেন্ডার প্রাসঙ্গিক বরাদ্দ হিসেবে দেখানো হয়েছে।

জেন্ডার বাজেট ধারণার শেকড় খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে স্কটিশ ফেমিনিস্ট অ্যাঞ্জেলা ও’হেগানের বই ‘কনসেপচুয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল অরিজিনস অব জেন্ডার বাজেটিং’ এর দিকে। জেন্ডার বাজেটিংয়ের উৎপত্তি সত্তরের দশকে নারীবাদীদের অর্থনৈতিক মুক্তির আন্দোলন থেকে। তাঁদের অন্যতম যুক্তি ছিল যে, প্রচলিত অর্থনৈতিক হিসাব এবং বাজেট প্রক্রিয়া মোটেও জেন্ডার নিরপেক্ষ নয়, বরং এটি জেন্ডার প্রশ্নকেই উপেক্ষা করে। এই ধারাবাহিকতায় ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ায় প্রথম উইমেন বাজেট পাশ হয়। পরে নব্বইয়ের দশকে ব্রিটেন, কানাডা ও দক্ষিণ আফ্রিকায় শ্রমজীবী নারীরা নিজেদের অধিকার বুঝে নিতে রাষ্ট্রের বাজেট দাবি করেন। ব্রিটিশ ফেমিনিস্ট ডায়ান এলিসন ১৯৯০ সালে এর তাত্ত্বিক ভিত্তি প্রস্তুত করেন এবং ১৯৯৫ সালে জাতিসংঘের বেইজিং সম্মেলনে বিষয়টি আন্তর্জাতিক স্বীকৃতি পায়।

তবে চিন্তার বিষয় হলো, শতাব্দীর শুরুর দিকে যখন আর্থিক পরাশক্তি আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং ওইসিডি এই বিষয়ে আগ্রহী হয়ে ওঠে, তখন জেন্ডার বাজেট তার মূল রাজনৈতিক চরিত্রটি হারাতে শুরু করে। শ্রেণি সংগ্রাম বা বৈষম্য কমানোর হাতিয়ার হিসেবে দেখার বদলে এসব প্রতিষ্ঠান একে একটি প্রশাসনিক টুলে বা কলাকৌশলে পরিণত করে। এখানে মূল লক্ষ্য দাঁড়ায়, যেকোনো উপায়ে বাজেটে জেন্ডার হিসাব মিলিয়ে দেখানো। আমাদের অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবিত জেন্ডার বাজেট যেন এই পথ ধরেই হাঁটছে। শ্রেণি ও লিঙ্গ বৈষম্য দূর করার একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার এখন ক্রমশ নব্য উদারনীতির অর্থনৈতিক ব্যবস্থাপনার অংশ হয়ে উঠছে।

নতুন এই জেন্ডার বাজেটের নথিপত্রে শুধুমাত্র নারী ও পুরুষের মধ্যকার দ্বৈত বা বাইনারি কাঠামোটিকে বিবেচনায় নেওয়া হয়েছে। ফলে ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স বা আন্তঃলিঙ্গসহ অন্যান্য পরিচয়ের মানুষদের বাস্তব অভিজ্ঞতা ও বঞ্চনার চিত্র এখানে সম্পূর্ণ অনুপস্থিত। সমাজ কাঠামোয় ক্ষমতার যে চরম অসম সম্পর্ক বিদ্যমান, জেন্ডার বাজেটের মাধ্যমে সেটি বদলানোর কথা ছিল। কিন্তু একে শুধু নারীদের স্পেশাল ইন্টারেস্ট বা বিশেষ স্বার্থের জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি সামাজিক স্তরে নানাভাবে বহুমাত্রিক যে নিপীড়ন চলে, সেই ইন্টারসেকশনাল বা আন্তঃসংযোগী বাস্তবতাগুলো এই নথিতে এড়িয়ে যাওয়া হয়েছে।

বাজেটের অঙ্ক বড় হলেও গভীরে গেলে এর আসল রূপটি ধরা পড়ে। মোট ৩ লাখ ২৬ হাজার ৫৯ কোটি ৮০ লাখ টাকার মধ্যে শতকরা ৬১ ভাগ বা প্রায় ২ লাখ ৪০৫ কোটি টাকাই হলো কর্মকর্তা কর্মচারীদের বেতন, অফিস ভাড়া এবং বিদ্যুৎ, পানি ও গ্যাস বিলের মতো সাধারণ প্রশাসনিক খরচ। অথচ এই বিরাট অঙ্কটিকে জেন্ডার বাজেটের আওতায় দেখানো হয়েছে। যেমন, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের ৫ হাজার ১৯৬ কোটি টাকার ৯২ শতাংশই চলে যাবে বেতন ও প্রশাসন খাতে। উন্নয়নের জন্য রাখা মাত্র ৪২৮ কোটি টাকারও সামান্য কিছু অংশ সরাসরি নারীকেন্দ্রিক কর্মসূচিতে ব্যয় হবে।

উন্নয়ন খাতে যে ৩৮ শতাংশ বা প্রায় সোয়া লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় অংশ খরচ হবে শুধু নীতি ও কৌশলপত্র তৈরিতে। যার পরিমাণ প্রায় ১৬ হাজার কোটি টাকা। এটি আমাদের পেপার স্টেট বা কাগুজে রাষ্ট্র কাঠামোর একটি স্পষ্ট উদাহরণ। কাগজের নীতিমালায় কোটি কোটি টাকা ব্যয় হলেও বাস্তব প্রয়োগ একেবারেই কম।

উদাহরণস্বরূপ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নারী সংস্কার কমিশনের রিপোর্ট তৈরিতে একটি জরিপে বিপুল অর্থ ব্যয় হলেও, সেই রিপোর্ট বাস্তবায়নে কোনো নজর না দিয়ে এবারের বাজেটে নতুন নীতি তৈরির নামে আবার খরচের খাতা খোলা হয়েছে।

দ্বিতীয় থিম হিসেবে অর্থনৈতিক অংশগ্রহণ খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার কথা বলা হলেও এর হিসাব স্পষ্ট নয়। প্রশিক্ষণ কেন্দ্র ও কর্মসংস্থান প্রকল্পগুলো সবার জন্য উন্মুক্ত, তাই এগুলোকে ঠিক কী মানদণ্ডে জেন্ডার নির্দিষ্ট ব্যয় বলা হচ্ছে তার কোনো ব্যাখ্যা নেই। দেশের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ ৪৪ দশমিক ২ শতাংশ হওয়া সত্ত্বেও এই খাতে বরাদ্দ কমেছে ৭১ শতাংশ। শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দগুলোকে জেন্ডার সংশ্লিষ্ট বলা হলেও সেখানে স্বচ্ছ মানদণ্ড অনুপস্থিত। একইভাবে প্রাথমিক ও গণশিক্ষা, স্বাস্থ্য এবং আইসিটি খাতে জেন্ডার বরাদ্দ অতীতের তুলনায় অনেকটাই কমানো হয়েছে।

সামাজিক সুরক্ষা বা সোশ্যাল সেফটি নেট হচ্ছে এই বাজেটের সবচেয়ে বড় উপখাত। ফ্যামিলি কার্ডের মতো সুবিধার কারণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এই হার বাড়ানো হয়েছে। কিন্তু বর্তমান বাজারের চরম ঊর্ধ্বগতির দিনে একজন বিধবা, বয়স্ক বা প্রতিবন্ধীকে ভাতা হিসেবে যা দেওয়া হয়, তা দারিদ্র্যসীমার আয়ের চেয়ে অনেক নিচে। তাছাড়া নিয়ম অনুযায়ী একাধিক ঝুঁকিতে থাকলেও একজন নারী মাত্র একটি ভাতাই পাবেন।

জলবায়ু সক্ষমতা খাতে নারীদের জন্য যে সামান্য বরাদ্দ দেওয়া হয়েছে তা মোট বাজেটের মাত্র ২ দশমিক ১ শতাংশ। অথচ উপকূলের নারীদের জীবনে জলবায়ুর আঘাত সবচেয়ে বেশি। বাজেট পরিকল্পনায় জেন্ডার বান্ধব আশ্রয়কেন্দ্র, লবণাক্ততার কারণে সৃষ্ট প্রজনন স্বাস্থ্য সমস্যা বা হাওরের নারীদের ভূমিহীনতার মতো জরুরি সংকটগুলো বাদ পড়ে গেছে। একইভাবে হিজড়া ও বেদে সম্প্রদায়ের উন্নয়ন বা আদিবাসী নারীদের অধিকার রক্ষায় স্পষ্ট ও বিস্তারিত কোনো কর্মপরিকল্পনার দেখা মেলেনি।

মনে রাখা জরুরি যে জেন্ডার বাজেটের কার্যকারিতা শুধু টাকার অঙ্কের ওপর নির্ভর করে না। এটি পুরো অর্থনৈতিক কাঠামোর একটি বিষয়। সম্পদের মালিকানা যখন নির্দিষ্ট কিছু গোষ্ঠীর হাতে কুক্ষিগত থাকে এবং নারী ও পুরুষের মজুরি বৈষম্য প্রকট থাকে, তখন নথিতে জেন্ডার শব্দটি বসিয়ে দিলেই কাঠামোর বদল হয় না।

এজন্য রাষ্ট্রকে সবার আগে জেন্ডারের ধারণাটি স্পষ্ট করে নন বাইনারি এবং লিঙ্গ বৈচিত্র্যের মানুষকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। হিসাবের খাতা থেকে সাধারণ প্রশাসনিক খরচ সম্পূর্ণ বাদ দিয়ে জেন্ডার রিলেভেন্ট বা প্রাসঙ্গিক বরাদ্দ জনসমক্ষে আনতে হবে। বাজেটের এই অংশকে রিং ফেনসড বা সংরক্ষিত করে নির্দিষ্ট কর্মসূচিতে খরচ করা বাধ্যতামূলক করা উচিত। বিদেশি দাতা সংস্থার ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় অর্থনীতির নিজস্ব সক্ষমতায় নজর দেওয়া জরুরি।

নতুন বাজেটে ২০টি ডে কেয়ার সেন্টার এবং নারীদের জন্য পিংক বাস সার্ভিসের প্রস্তাব আছে। কিন্তু নারীদের জন্য সবকিছুর গায়ে গোলাপি রঙের প্রলেপ লাগিয়ে দেওয়াও এক ধরণের জেন্ডার স্টেরিওটাইপ বা প্রচলিত গণ্ডিতে বেঁধে ফেলা। প্রকৃত অর্থে সব লিঙ্গের মানুষের অধিকার নিশ্চিতে বেশ কিছু বাস্তবমুখী উদ্যোগ নেওয়া দরকার।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো জেন্ডারভিত্তিক সহিংসতা রোধে হটলাইন এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বাড়ানো, প্রতিটি বিভাগে ডিএনএ ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠা ও জেলা পর্যায়ে ট্রমা কাউন্সেলিং সেন্টারের ব্যবস্থা করা। পরিবার পরিকল্পনা সামগ্রীর সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি সরকারিভাবে পরিবেশবান্ধব মাসিক সুরক্ষা পণ্য উৎপাদন এবং বিতরণের পদক্ষেপ নেওয়া উচিত। ভবিষ্যতের জন্য একটি মাসিককালীন ছুটি নীতি থাকা অত্যন্ত প্রয়োজনীয়।

এছাড়া ট্রান্সজেন্ডার ও আন্তঃলিঙ্গ মানুষদের জন্য বিশেষ সুরক্ষা, কর্মসংস্থান ও অন্তর্বর্তীকালীন ভাতার ব্যবস্থা থাকতে হবে। যৌনকর্মীদের সামাজিক সুরক্ষা কর্মসূচির অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি। মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির কার্যকর জবাবদিহি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকেন্দ্রে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদান, এইচআইভি বা অন্যান্য সংক্রামক রোগ মোকাবেলায় বরাদ্দ বৃদ্ধি অপরিহার্য। কর্মক্ষেত্রে নারী শ্রমিক, কৃষক ও বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা বা চিংড়ি ঘেরের মতো ঝুঁকিপূর্ণ স্থানে কাজ করা মানুষদের জন্য অঞ্চলভিত্তিক বিশেষ স্বাস্থ্যসেবা থাকা উচিত। আদিবাসী নারী ও নারীপ্রধান পরিবারের জন্য সরকারি খাস জমি বরাদ্দের উদ্যোগ গ্রহণ করাটাও সমান জরুরি।

লৈঙ্গিক সমতার রাষ্ট্র তৈরি করতে হলে বিদেশি তহবিলের ওপর নির্ভরতা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রের উচিত নিজ পায়ে শক্ত হয়ে দাঁড়ানো। একটি আত্মনির্ভরশীল স্থানীয় অর্থনীতি যদি শক্তিশালীভাবে মাথা তুলে দাঁড়ায়, তবেই সমাজের প্রতিটি প্রান্তিকের কৃষক, জেলে এবং শ্রমিক নারী কিংবা অন্যান্য লিঙ্গ পরিচয়ের মানুষেরা সত্যিকারের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে সক্ষম হবেন।

--

লেখক: সদস্য, রেড ফেমিনিস্ট ব্লক

ইমেইল: [email protected]

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: