ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুসের অনুমতি মেলেনি, লাঠি হাতে সড়কে কওমি শিক্ষার্থীরা


ব্রাহ্মণবাড়িয়া শহরে লাঠি হাতে কওমি শিক্ষার্থী
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসের অনুমতি দেয়নি প্রশাসন। প্রতিরোধে লাঠি হাতে কওমি শিক্ষার্থীদের সড়কে অবস্থান ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ।
পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরে আয়োজিত জশনে জুলুস প্রতিরোধে আজ বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই লাঠি হাতে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন একাধিক স্থানীয় সাংবাদিক। অন্যদিকে প্রশাসনের কাছে অনুমতি চেয়েও জশনে জুলুস আয়োজনের অনুমতি পায়নি সুন্নি মতাদর্শের অনুসারীরা।
আজ শহরের পার্শ্ববর্তী ভাদুঘর এলাকায় পুলিশের বাধা এড়িয়ে কোনোমতে ইদে মিলাদুন্নবী উদযাপন করা হলেও জশনে জুলুসের মিছিল শহরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পাশাপাশি প্রশাসনের নির্দেশে জেলার বিজয়নগর উপজেলায়ও দীর্ঘদিন ধরে চলে আসা ইদে মিলাদুন্নবীর আয়োজন বন্ধ হয়ে গেছে।
আজ পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের এই দিনটি ঐতিহ্যগতভাবেই উৎসব, প্রার্থনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করে আসছেন সুন্নি মুসলিমরা। তবে সম্প্রতি কওমি ও সালাফি মতাদর্শের প্রসারের ফলে এসব আয়োজনের বিরুদ্ধে নানা ধরনের বাধা, হামলা ও বিরোধিতার অভিযোগ পাওয়া যাচ্ছে।
জানা যায়, ১২ রবিউল আউয়ালকে কেন্দ্র করে আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়া শহরের ৬টি স্থানে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিল ‘কওমি ছাত্র ঐক্য পরিষদ’। এ বছর সুন্নিরা জেলা প্রশাসনের কাছে ইদে মিলাদুন্নবী ও জশনে জুলুস আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করলেও তা নাকচ করে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাইদ বলেন, ‘তারা যে অবস্থান নেবে, তা আমাদের আগে থেকে জানিয়েছে। তবে লাঠি হাতে অবস্থান নেওয়ার বিষয়ে আমরা অবগত নই।’
সুন্নি মুসলিমদের অনুষ্ঠান করার অনুমতি না দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে জন্য জেলার শান্তিশৃঙ্খলার স্বার্থে আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছি। বিভিন্ন পক্ষকে নিয়ে আমরা সভা করেছি, সুন্নিরা সেই সভার পরে অনুমতি চেয়েছে। পরে অনুমতি চাইলে তো আর দেওয়া সম্ভব নয়।’
প্রতিবছর ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকা থেকে জশনে জুলুসের বিশাল মিছিল বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করত। এ বছর মিছিলটি ভাদুঘর থেকে আশপাশের গ্রামের রাস্তাতেই শেষ হয়ে যায়। উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের আমলেও জশনে জুলুসের মিছিলে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের হামলার ঘটনা ঘটেছিল।
এদিকে বিজয়নগর উপজেলায় জশনে জুলুস করতে না দেওয়ার বিষয়ে জেলা প্রশাসক বলেন, "একই স্থানে কওমি এবং সুন্নিরা সমাবেশের ডাক দেওয়ায় উভয় পক্ষকেই ছোট পরিসরে অনুষ্ঠান করতে বলা হয়েছে।" অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গতকাল বিকেল থেকেই উপজেলা সদরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক এক সুন্নি ছাত্রনেতা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ ও প্রশাসন মূলত কওমিরা নিয়ন্ত্রণ করে। সংবিধানে কী আছে সেটি না দেখে কওমিদের ইচ্ছাকেই আইন হিসেবে বাস্তবায়ন করছে পুলিশ ও প্রশাসন।
নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্ত দিয়ে তিনি আরও বলেন, ‘ওরা লাঠি হাতে নিয়ে শহরে অবস্থান নিয়েছে এবং আমাদের কাউকে পেলেই হামলা করছে। অথচ দেখেন, নাসিরনগর উপজেলায় মিলাদুন্নবীর বিরুদ্ধে স্লোগান দিয়ে স্থানীয় রিকশাচালক ও দোকানদারদের ধাওয়া খেয়েছে তারা। আজকে প্রশাসন আইনশৃঙ্খলার দোহাই দিয়ে ওদের মাস্তানি মেনে নিয়ে আমাদের অনুষ্ঠান করতে দিচ্ছে না। যেসব এলাকায় আমরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে আমরা ওদের পাল্টা প্রতিরোধ শুরু করলে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির কী হবে আর কওমি মাদ্রাসাগুলোই বা কীভাবে চলবে?’
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



