ঢাকা পেপার্সে সংবাদ প্রকাশ হওয়ায় উগ্রবাদীদের মবের মুখে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইশমাম জামান এ ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছ থেকেও সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ওই প্রতিবেদকের ওপর সংঘবদ্ধ ‘অনলাইন মব’ বা সাইবার আক্রমণের অভিযোগ উঠেছে। ইশমাম জামান নামে ওই শিক্ষার্থী ও সংবাদকর্মীকে লক্ষ্য করে ফেসবুকে বিভিন্ন বিভ্রান্তিকর তকমা বা ট্যাগ দিয়ে অপপ্রচার এবং চরিত্রহনন করা হচ্ছে বলে ভুক্তভোগী জানিয়েছেন।
ইশমাম জামান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পেপার্স’-এ সাংবাদিকতা করেন। গত ২১ সেপ্টেম্বর ওই পোর্টালে তাঁর একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল— ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি রিভিউ গ্রুপটি কি বহিরাগত শিবিরের দখলে?’। প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন ফেসবুক গ্রুপে তাঁকে কেন্দ্র করে বিতর্ক ও উস্কানি শুরু হয়।
ইশমামের অভিযোগ, প্রতিবেদনটি প্রকাশের মাত্র আধা ঘণ্টার মাথায় ‘শামসুল দোহা’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁকে ছাত্রদলের কর্মী আখ্যা দিয়ে গালিগালাজ করে পোস্ট দেওয়া হয়। এর কিছু সময় পর প্রতিবেদনে যাদের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছিল, তারা এবং ধর্মীয় কট্টরপন্থী একটি গোষ্ঠী সম্মিলিতভাবে কমেন্ট সেকশনে বিদ্বেষ ছড়াতে শুরু করে।
একপর্যায়ে ইশমামের ব্যক্তিগত প্রোফাইল থেকে ছবি সংগ্রহ করে তা বিকৃতভাবে উপস্থাপন করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন গ্রুপে প্রচার করা হয়। এমনকি ‘ফ্যাকাল্টি রিভিউ’ গ্রুপে বেনামে (অ্যানোনিমাস) পোস্ট করে তাঁকে ‘পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে তকমা দেওয়া হয়। পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করায় তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাষ্ট্রবিরোধী ও বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে ইশমাম জানান।
উস্কানিমূলক ওই পোস্টগুলোতে ইশমামকে আক্রমণাত্মক ও অকথ্য ভাষায় সমকামী, ট্রান্সজেন্ডার ও উভকামী হিসেবে উল্লেখ করে তাঁর ব্যক্তিগত চরিত্রহনন করা হয়েছে। একজন সংবাদকর্মীকে তাঁর পেশাগত কাজের জন্য এভাবে প্রান্তিক জাতিগোষ্ঠী বা বিশেষ লৈঙ্গিক পরিচয়ের অপব্যবহার করে ব্যক্তিগত আক্রমণ করাকে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ বিষয়ে ইশমাম জামান বলেন, ‘আমার কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা নেই। অথচ আমাকে ছাত্রদল সাজানো হয়েছে। পাশাপাশি আমার ছবি দিয়ে নোংরা সব তকমা লাগানো হয়েছে। এসব তকমা ব্যবহার করে এর আগে অনেকের ওপরই হামলা বা ‘মব’ করার নজির আছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এদিকে প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানানোর উদ্দেশ্যে ইশমাম যখন ফ্যাকাল্টি রিভিউ গ্রুপে শেয়ার করেন, তখন অ্যাডমিনরা সেটি মুছে দেয় এবং তাঁকে ওই গ্রুপ থেকে সাময়িকভাবে নিষিদ্ধ (ব্যান) করা হয়। এর ফলে একাডেমিক আলোচনায় অংশ নিতে তিনি বাধার সম্মুখীন হচ্ছেন।
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইশমাম জামান এ ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকেও সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



