একই যুদ্ধে দুই পক্ষের দুই সর্বোচ্চ বীর কীভাবে সম্ভব?

আরিফ রহমান
আরিফ রহমান
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:০১পরিবর্তন করতে ক্লিক করুন
একই যুদ্ধে দুই পক্ষের দুই সর্বোচ্চ বীর কীভাবে সম্ভব?

আর্ট- ঢাকা পেপার্স

শেয়ার করুন:

আজ বাংলাদেশের সর্বোচ্চ বীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন। ১৯৪১ সালের আজকের দিনে তাঁর জন্ম। আর পাকিস্তানের সর্বোচ্চ বীর রশিদ মিনহাজের সঙ্গে তাঁর মৃত্যু একই ঘটনায় ঘটে। এই ঘটনা পৃথিবীর ইতিহাসের গভীর এক হেঁয়ালির জন্ম দেয়। একই ঘটনায় নিহত দুই পক্ষের দুজন মানুষ দুটি দেশের সর্বোচ্চ বীরের খেতাব পেয়েছেন।

আজ বাংলাদেশের সর্বোচ্চ বীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন। ১৯৪১ সালের আজকের দিনে তাঁর জন্ম। আর পাকিস্তানের সর্বোচ্চ বীর রশিদ মিনহাজের সঙ্গে তাঁর মৃত্যু একই ঘটনায় ঘটে। এই ঘটনা পৃথিবীর ইতিহাসের গভীর এক হেঁয়ালির জন্ম দেয়। একই ঘটনায় নিহত দুই পক্ষের দুজন মানুষ দুটি দেশের সর্বোচ্চ বীরের খেতাব পেয়েছেন।

বীরদের যেই বীর, বাংলার ঈগল মতিউর রহমানের বিমান নিয়ে পালিয়ে আসার রোম খাড়া করা গল্প আমাদের সবার জানা। মতিউর রহমানকে নিয়ে কিছু অজানা তথ্যের কথা বলব আজ।

একাত্তরের জানুয়ারির শেষ সপ্তাহে মতিউর সপরিবারে দুই মাসের ছুটিতে ঢাকায় আসেন। ২৫ মার্চের ভয়াবহতা দেখে পাকিস্তান বিমানবাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট হয়েও অসীম ঝুঁকি ও সাহসিকতার সাথে ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খোলেন মতিউর। বাঙালি যুবকদের প্রশিক্ষণ দিতে থাকেন। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা অস্ত্র দিয়ে গড়ে তোলেন একটি প্রতিরোধ বাহিনী। ১৯৭১ সালের ১৪ এপ্রিল পাকিস্তানি বিমানবাহিনী এফ-৮৬ স্যাবর জেট থেকে তাঁদের ঘাঁটির ওপর বোমাবর্ষণ করে। মতিউর রহমান আগেই আশঙ্কা করেছিলেন। তাই ঘাঁটি পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান তিনি ও তাঁর বাহিনী।

এরপর ১৯৭১ সালের ২৩ এপ্রিল ঢাকায় আসেন ও ৯ মে সপরিবারে করাচি ফিরে যান। সিদ্ধান্ত নেন, বিমান নিয়ে ভারতে এসে স্বাধীনতা সংগ্রামকে বেগবান করবেন। প্ল্যান মোতাবেক ফিরে যান।

২০ আগস্ট শুক্রবার ফ্লাইট শিডিউল অনুযায়ী রশিদ মিনহাজের উড্ডয়নের দিন ছিল। মতিউর পূর্বপরিকল্পনা মতো অফিসে এসে শিডিউল টাইমে গাড়ি নিয়ে রানওয়ের পূর্ব পাশে চলে যান। সামনে-পেছনে দুই সিটের প্রশিক্ষণ বিমান টি-৩৩। শিক্ষানবিশ রশিদ মিনহাজ বিমানের সামনের সিটে বসে স্টার্ট দিয়ে এগিয়ে নিয়ে আসতেই তাঁকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে মতিউর বিমানের পেছনের সিটে লাফিয়ে উঠে বসেন।

জ্ঞান হারানোর আগে মিনহাজ রেডিওতে বলে ফেলেন, তিনিসহ বিমানটি হাইজ্যাক হয়েছে।

ছোট পাহাড়ের আড়ালে থাকায় কেউ তাদের দেখতে না পেলেও কন্ট্রোল টাওয়ার তা শুনতে পায়। বিমানের নিয়ন্ত্রণ নিয়ে মতিউর ছুটে চলেন। রাডারকে ফাঁকি দেওয়ার জন্য নির্ধারিত উচ্চতার চেয়ে অনেক নিচ দিয়ে বিমান চালাতে থাকেন তিনি। রেডিও বার্তা শুনে চারটি জঙ্গি বিমান মতিউরের বিমানকে ধাওয়া করে। এ সময় রশিদের সাথে মতিউরের ধস্তাধস্তি চলতে থাকে এবং এক পর্যায়ে রশিদ ইজেক্ট সুইচ চাপলে মতিউর বিমান থেকে ছিটকে পড়েন। বিমান উড্ডয়নের উচ্চতা কম থাকায় রশিদসহ বিমানটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র ৩৫ মাইল দূরে থাট্টা এলাকায় বিধ্বস্ত হয়।

মতিউরের সাথে প্যারাশুট না থাকায় তিনি নিহত হন। তাঁর মৃতদেহ ঘটনাস্থল থেকে প্রায় আধ মাইল দূরে পাওয়া যায়। রশিদ মিনহাজকে পাকিস্তান সরকার সর্বোচ্চ সম্মানসূচক খেতাব ‘নিশান-ই-হায়দার’ প্রদান করে।

জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রাম মিনহাজের মৃত্যুতে গর্ব প্রকাশ করে ১৯৭১ সালের ৩০ আগস্ট ‘আমরা গর্বিত’ শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশ করে মতিউর রহমান নিজামীর বয়ানে। পরে ১ সেপ্টেম্বর ‘শহীদ মিনহাজের জীবনের শেষ কয়েকটি মুহূর্ত’ শিরোনামে পরিবেশিত সংবাদে মতিউর রহমানকে বিশ্বাসঘাতক ও রশিদ মিনহাজকে শহীদ বলে আখ্যায়িত করে।

১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর তৎকালীন ছাত্রসংঘের প্রধান নিজামী মিনহাজের পিতার কাছে একটি শোকবার্তা পাঠান। সেই শোকবার্তায় নিজামী বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে ভারতীয় এজেন্ট বলে উল্লেখ করে। সেখানে নিজামী আরও বলেছিল যে পাকিস্তানি ছাত্রসমাজ তার পুত্রের মহান আত্মত্যাগে গর্বিত। ভারতীয় হানাদার ও এজেন্টদের মোকাবেলায় মহান মিনহাজের গৌরবোজ্জ্বল ভূমিকা অক্ষুণ্ন রাখতে তারা বদ্ধপরিকর।

পাকিস্তান সরকার রশিদ মিনহাজকে শহীদের মর্যাদা দেয়। তাকে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক খেতাব ‘নিশান-ই-হায়দার’-এ ভূষিত করা হয়। তার নামে পাকিস্তান বিমানবাহিনীর একটা ঘাঁটির নামকরণ হয়, করাচির একাধিক রাস্তার নামকরণ হয়। ২০০৫ সালে তার ছবিসংবলিত দুই টাকার একটি স্ট্যাম্পও বের হয়।

এটা পৃথিবীর এক বিরলতম ঘটনা—যেখানে একই ঘটনার দুই পক্ষের দুজন মানুষ দুটি রাষ্ট্রের সর্বোচ্চ খেতাব প্রাপ্ত হয়েছিল।


আলোচনাটা এখানেই শেষ করে দেওয়া যেত। কিন্তু না, আজ এখানে শেষ হবে না—বলব আরও কিছু কথা...

অনেকের মনে প্রশ্ন আসতে পারে, মতিউর যেমন দেশের জন্য, সত্যের জন্য জীবন দিয়েছেন, একইভাবে রশিদও তার দেশ পাকিস্তানের জন্য জীবন দিয়েছে। দুটো ঘটনাকে ব্যালেন্স করার চিন্তা মাথায় আসার আগেই একটা শব্দ চিন্তায় আনা কর্তব্য মনে করি। শব্দটা হচ্ছে “কনসাসনেস” বা “সচেতনতা”।

যুক্তির বিচারে আসুন দেখি, দুইজনই একসাথে সঠিক হওয়া সম্ভব কি না?

আজ যদি কেউ বলেন, ১৯৭১ সালে পাকিস্তানের কোনো ব্যক্তি জানতেন না যে বাংলাদেশের সাথে তাদের সেনাবাহিনী যুদ্ধ করছে, এমন কথা পাগলেও বিশ্বাস করবে না। এখন সেই যুদ্ধটার কথা জানার পর একজন সাধারণ মানুষের অবস্থান কী হওয়া উচিত? রাষ্ট্র যেটা করে সেটাকেই অন্ধ সমর্থন দেওয়া?

নিশ্চয়ই না। একজন মানুষ হিসেবে তার উচিত যুদ্ধের যৌক্তিকতা যাচাই করা। আসলে কার ভুল, কার ঠিক, সেটা চিন্তা করা।

ধরেন, এই যে চব্বিশের জুলাইয়ে হাসিনার নির্দেশে বিনা কারণে, বিনা উসকানিতে পুলিশ ছাত্রদের পাখির মতো হত্যা করল—আমার করণীয় কি পুলিশকে বাহবা দেওয়া? ‘বাহ, তুমি ডিউটি করেছ!’

নিশ্চয়ই সেটা যৌক্তিক না। একজন পুলিশ হিসেবে আমার তো উচিত ছিল নিজের আপামর জনতার পক্ষে দাঁড়ানো। সেটা না করে আমি যদি সেই গণহত্যার অংশ হই, তাহলে আমাকে বীর বলা কি বীরদের অপমান করা নয়?

জুলাইয়ে ঘটনাটা যেমন, একাত্তরেও তা-ই।

একই প্রসঙ্গক্রমে বলা যায় একজন পাকিস্তানি সাংবাদিকের কথা।

একাত্তরের প্রথম দিকে পূর্ব পাকিস্তানে আসলে কী ঘটছিল, সেটা পৃথিবীর মানুষ খুব একটা জানত না। টুকটাক নিউজে হয়তো খানিক গণ্ডগোলের কথা দেখা যেত, কিন্তু পুরো চিত্রটা মানুষের কাছে পরিষ্কার ছিল না।

পরিষ্কার করেছিলেন যে মানুষটি, বিস্ময়কর হলেও সত্য, তিনি ছিলেন একজন পাকিস্তানি। পাকিস্তানি সাংবাদিক অ্যান্থনি ম্যাসকারেনহাস ছিলেন প্রথম মানুষ যিনি সারা বিশ্বের কাছে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বিস্তারিত বর্ণনা তুলে ধরেছিলেন।

৭১-এর এপ্রিলে যখন সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষদের ওপর নির্বিচারে নিপীড়ন চালাচ্ছিল, হত্যা করছিল, ঠিক তখনই পাকিস্তানি সরকার সাংবাদিক অ্যান্থনি ম্যাসকারেনহাসসহ সাত পাকিস্তানি সাংবাদিককে যুদ্ধাবস্থার প্রতিবেদন তৈরির জন্য সেখানে আমন্ত্রণ জানায়।

শাসকশ্রেণি ধারণা করেছিল, বাকি ছয়জনের মতো ম্যাসকারেনহাসও তাদের মিথ্যা প্রচারণায় সায় দেবে। চব্বিশের সময় কিংবা একাত্তর টিভির মতো।

কিন্তু তারপরের ঘটনা ইতিহাস। অ্যান্থনি ম্যাসকারেনহাস সেই কাজটাই করেন, যেটা একজন বিবেকবান মানুষের করা উচিত—

১৯৭১ সালের ১৮ মে মঙ্গলবার ম্যাসকারেনহাস অপ্রত্যাশিতভাবে এসে হাজির হন লন্ডনস্থ দ্য সানডে টাইমসের কার্যালয়ে। জানান, পূর্ব বাংলা ছেড়ে ৫০ লক্ষ লোককে কেন চলে যেতে হয়েছে, তার পেছনের কাহিনি তিনি জানেন। এবং এ-ও বলেন, এই কাহিনি লেখার পর তার পক্ষে আর করাচি ফিরে যাওয়া সম্ভব হবে না।

তিনি জানান, তিনি পাকিস্তানে আর ফিরে না যাওয়ার ব্যাপারে মনস্থির করেছেন; এজন্য তাকে তার বাড়ি, তার সম্পত্তি এবং পাকিস্তানের সবচেয়ে সম্মানীয় একজন সাংবাদিকের মর্যাদার মায়া ত্যাগ করতে হবে।

তার মাত্র একটি শর্ত ছিল: পাকিস্তানে গিয়ে তার স্ত্রী এবং পাঁচ সন্তানকে নিয়ে ফিরে না আসা পর্যন্ত যেন তার রিপোর্ট প্রকাশ না করা হয়।

সানডে টাইমস রাজি হয় এবং তিনি পাকিস্তানে ফিরে যান। দশ দিন অপেক্ষা করার পর সানডে টাইমসের এক নির্বাহীর ব্যক্তিগত ঠিকানায় একটি বৈদেশিক তারবার্তা আসে। তাতে লেখা ছিল, ‘আসার প্রস্তুতি সম্পন্ন, সোমবার জাহাজ ছাড়বে।’

দেশত্যাগ করার ব্যাপারে স্ত্রী ও সন্তানদের অনুমতি পেতে ম্যাসকারেনহাস সফল হন। তার দেশত্যাগের ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। তবে তিনি কোনোরকমে একটা রাস্তা পেয়ে যান। পাকিস্তানের ভেতরে যাত্রার শেষ পর্যায়ে তিনি প্লেনে তথ্যমন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে দেখতে পান, যাকে তিনি ভালোমতোই চিনতেন। এয়ারপোর্ট থেকে একটি ফোনকল তাকে গ্রেপ্তার করার জন্য যথেষ্ট ছিল। তবে কোনো ফোনকল হয়নি এবং তিনি লন্ডনে এসে পৌঁছান।


এরপর ছাপা হয় ম্যাসকারেনহাসের কালজয়ী রিপোর্ট ‘জেনোসাইড’। বিশ্ববিবেকের দৃষ্টি ঘুরে যায় বাংলাদেশের দিকে। জুলাইয়ে নিজের জীবন বাজি রেখে যেমনটা করেছে চ্যানেল ২৪।

তো সাংবাদিক ম্যাসকারেনহাসের পাশে রশিদ মিনহাজকে দাঁড় করানো হলেই বোঝা যাবে ‘বীর’ কিংবা ‘শহীদ’-এর মতো সম্মানের শব্দের ওজন কাকে বলে।

একবার আমাদের মতিউর রহমান যেই রিস্কটা নিয়েছিলেন, সেটা ভাবেন। পাকিস্তান থেকে বিমান নিয়ে পালিয়ে সেটা বাংলাদেশে ইউজ করবেন। উনি যেমন পাকিস্তানে ধরা পড়তে পারতেন, তেমনি ভারতে ঢুকেও পাকিস্তানি বিমান হিসেবে আইডেন্টিফাইড হয়ে আক্রান্ত হতে পারতেন।


মতিউরের পুরো প্ল্যানে সারভাইভের চান্স ছিল ১ শতাংশ। কিন্তু দেশের জন্য সেই ১ শতাংশ চান্সকেই পুঁজি করে সাহস করেছিলেন। বিপরীতে মিনহাজের সাহসিকতাকে বলতে পারেন ট্রাফিক আইন মানার সাহস, আইনের বইয়ে লেখা আইন মানা গুড সিটিজেনের সাহস।

সেটা মানা ভালো। কিন্তু গুড সিটিজেন আর বিপ্লবী খুব ভিন্ন বিষয়।

হায় মতিউর... তুমি মিনহাজকে মারতে চাওনি। তুমি চেয়েছিলে মুক্ত আকাশের নিচে এক টুকরো স্বাধীন ভূমি, যেখানে তোমার দেশের মানুষ নির্ভয়ে দাঁড়াতে পারবে, যেখানে আগুনের ফুলকি নয়—উঠবে শান্তির সুবাতাস। তুমি চেয়েছিলে শুধু স্বাধীনতার এক ঝলক, যেখানে বন্দুকের নল আর রাজনীতির মায়াজালে মানুষ হারিয়ে যাবে না।

মিনহাজ ছিল পাকিস্তানের ‘গুড সিটিজেন’—রাষ্ট্রের আদর্শ সৈনিক। কিন্তু একবারও কি ভেবেছিল সে, যে দেশের পক্ষে সে ‘ডিউটি’ করছে, সেই দেশটা কার বুকে আগুন লাগাচ্ছে? কেড়ে নিচ্ছে কত লক্ষ প্রাণের স্বপ্ন?

যেমন ভাবেনি জুলাইয়ের হত্যাযজ্ঞে যারা গুলি চালিয়েছিল, তারাও। তাদের ‘ডিউটি’ও তো ছিল মানুষের প্রতি, তাই না?

কিন্তু প্রতিটা ডিউটির পেছনে থাকা লাগে বিবেক। সেই বিবেক যখন প্রশ্ন করে, “তুমি কার পক্ষে দাঁড়াবে?” তখন শুধুই রাষ্ট্র নয়, মানুষের পক্ষে দাঁড়ানোটা সবচেয়ে বড় ‘ডিউটি’ হয়ে ওঠে।


মিনহাজ হয়তো জানত না, বা বুঝতে চায়নি। কিন্তু মতিউর জানতেন এবং বুঝতেন—আর তার সেই বোঝাপড়াই তো মতিউরকে বীর বানায়।

রাষ্ট্রের আইন মানাই সাহস নয়; সাহস হলো, যখন আইন মানুষের বিরুদ্ধে দাঁড়ায়, তখন সেটার মুখোমুখি হওয়া।

হায় মতিউর... তুমি মিনহাজকে মারতে চাওনি...

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: