‘ঢাকা পেপার্স’কে হুমকির ঘটনায় বিপ্লবী মৈত্রীর ক্ষোভ ও প্রতিবাদ

লোগোঃ বিপ্লবী ছাত্র মৈত্রী
অবিলম্বে এসব হুমকির সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে ছাত্র মৈত্রী। একই সঙ্গে সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, সরকার ও প্রশাসন যদি সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এবং এই সন্ত্রাসী চক্রকে প্রশ্রয় দেয়, তবে গণমাধ্যমের স্বাধীনতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় নিয়ে বর্তমান সরকারকে জনতার কাঠগড়ায় জবাবদিহি করতে হবে।
অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা পেপার্স’ ও গণমাধ্যমটির সাংবাদিককে একের পর এক প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী। সংগঠনটির মতে, এটি কেবল গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত নয়; দেশে নতুন করে ভয়ের সংস্কৃতি ও ফ্যাসিবাদী নিপীড়ন ফিরিয়ে আনার একটি ঘৃণ্য চক্রান্ত।
শনিবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়। বিপ্লবী ছাত্র মৈত্রীর দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি শাহরিয়ার খন্দকার আলিফ ও সাধারণ সম্পাদক তৈয়ব ইসলাম একটি যৌথ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ছিল রাষ্ট্রের অন্যতম প্রধান অঙ্গীকার। অথচ জঙ্গি অনুপ্রবেশ, উসকানিমূলক কাজ কিংবা সরকারি নির্লিপ্ততার মতো বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করলেই ‘ঢাকা পেপার্স’, ‘ঢাকা স্ট্রিম’-এর মতো গণমাধ্যমের সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আইডি ও পেজ থেকে প্রকাশ্যে এ ধরনের প্রাণসংহারের হুমকি স্বাধীন ও গণতান্ত্রিক সমাজের লক্ষণ হতে পারে না।
নেতৃবৃন্দ আরও বলেন, ভীতি প্রদর্শন করে গণমুখী ও অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধের এই অপচেষ্টা মূলত অপরাধীদের আড়ালে রাখার এক জঘন্য পরিকল্পনা।
অবিলম্বে এসব হুমকির সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে ছাত্র মৈত্রী। একই সঙ্গে সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, সরকার ও প্রশাসন যদি সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এবং এই সন্ত্রাসী চক্রকে প্রশ্রয় দেয়, তবে গণমাধ্যমের স্বাধীনতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় নিয়ে বর্তমান সরকারকে জনতার কাঠগড়ায় জবাবদিহি করতে হবে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



